বিসিএস ও আইবিএ

৩৫-এর জন্য ৩৫



প্রিয় সহকর্মীবৃন্দ,
আজকে যারা সিভিল সার্ভিসে জয়েন করলেন, তাদেরকে আমাদের পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।
আপনাদের যে যাত্রা আজ শুরু হল, একই যাত্রাটি একই ধরনের আবেগ নিয়ে আমরা (৩০তম বিসিএস-এর কর্মচারীরা) শুরু করেছি আজ থেকে প্রায় ৫ বছর আগে ০৩/০৬/২০১২ তারিখ। তাই আপনাদের আনন্দ ও উত্তেজনা কিছুটা হলেও আমরা অনুভব করতে পারছি। আপনি চাকরিটা কীভাবে করবেন, কীভাবে করবেন না, সেটা সম্পূর্ণই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবুও অভিজ্ঞতার জ্যেষ্ঠতার সুযোগটা গ্রহণ করে আপনাদের জন্য আমি আমার নিজের মতো করে ৩৫টা পরামর্শ দিচ্ছি:

এক। গোগোলের ‘ওভারকোট’, বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ আর শেক্সপিয়ারের ‘মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং’ পড়া না থাকলে বুঝে-বুঝে পড়ে ফেলুন; প্রয়োজনে একাধিকবার। আমার ক্ষমতা থাকলে আমি এই তিনটি লিটারেরি পিস আমলাদের জন্য পাঠ্য করে দিতাম।
দুই। সবসময়ই এটা মাথায় রাখুন, ছোটলোক ছোটকাজে বড় ভাব নেয়। আমরা সরকারি কর্মচারীরা এমন আহামরি কিছু করি না, যেটা আমাদের জায়গায় অন্যকেউ থাকলে করতে পারতেন না। আমার প্রায়ই মনে হয়, সরকারি চাকরি করার জন্য এইচএসসি লেভেল পর্যন্ত পড়াশোনার সম্যক ধারণা আর কমনসেন্স থাকলেই যথেষ্ট।
তিন। সহজ কাজকে কঠিন করবেন না। সহজ কাজকে কঠিন করার অর্থই হল, আপনি কাজটি কম বুঝেছেন। যেকোনো জিনিসকেই সহজ করে ভাবতে শিখুন। আমাদের অভিজ্ঞতা বলে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সবচাইতে ভাল শিক্ষকদের পড়ানোর ধরন সবচাইতে সহজ ছিল, তাই না?
চার। কখনোই নিজেকে সিভিল সার্ভিসের জন্য অপরিহার্য ভাববেন না। আপনি আসার আগেও সিভিল সার্ভিস ভালোই চলছিলো, এবং আপনি না এলেও ভালোই চলত। হ্যাঁ, আপনি না থাকলেও সিভিল সার্ভিসের কিছু এসে যায় না। আপনি এখানে বিশেষ কেউই নন! আপনার অর্জিত সার্টিফিকেটসমূহের গরিমা আপনার অফিসের প্রধান ফটকের বাইরে রেখে অফিসে ঢুকবেন।
পাঁচ। অধস্তনকে শাস্তি দিতে হয়, মুখে দিন, কলমে নয়। আপনার কলমের খোঁচায় যেন কিছুতেই অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি না হয়। অফিসে কখনোই আপনার কোনো জুনিয়রকে উনার জুনিয়রের সামনে বকবেন না।
ছয়। আপনি সিস্টেমে তেমন কোনো পরিবর্তন আনতে পারবেন না, তার চাইতে বরং নিজের মধ্যেই পরিবর্তন আনুন। এতে সেবাগ্রহীতারা এমনিতেই উপকৃত হবে। In civil service, what is, is the rule; not what should be. আমরা বিপ্লবী নই, আমরা চাকর। আমরা সবাই স্বেচ্ছায় দাসত্ব বরণ করার কন্ট্রাক্টপেপারে সাইন করে এখানে এসেছি।
সাত। আমাদের সার্ভিসে ভাল অফিসার হওয়ার চাইতে ভাল মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
আট। কাউকে সেবা দেয়ার সময় সবসময়ই ভাবুন, উনার জায়গায় থাকলে আপনি কী ধরণের সেবা প্রত্যাশা করতেন। উনার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। আপনি মূলত উনারই চাকরি করেন। যাদের টাকায় আমাদের সংসার চলে, তাদের প্রতি আমাদের সকল ধরনের আচরণ ন্যায্য হওয়াই কাম্য।
নয়। আপনি সরকারের বড় অফিসার, এতে কারোরই কিচ্ছু এসে যায় না। সবসময়ই মাথায় রাখবেন, সাধারণ জনগণ নেহায়েত বাধ্য না হলে আসলেই আমাদেরকে অতো পাত্তাটাত্তা দেয় না।
দশ। কেউই আপনাকে ‘স্যার’ বলে না, আপনার চেয়ারটাকে ‘স্যার’ বলে। আপনার চাইতে আপনার চেয়ার বড়, এটা সবসময়ই মাথায় রাখবেন। আপনাকে নিয়ে যে যা ইচ্ছে বলুক, কিন্তু কখনোই আপনার চেয়ারটি নিয়ে কাউকে কিছু বলতে দেবেন না। আমলা আসে আমলা যায়, চেয়ার কিন্তু ঠিকই থেকে যায়। আপনার চেয়ারটির সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার।
এগার। সর্বকালে, সর্বদেশেই আমলাতন্ত্রে হিপোক্রিটদের সংখ্যা বেশি। লোকে এই ধরণের অফিসারদের আড়ালে গালি দেয়। ভণ্ড নয়, কৌশলী হোন। এমন কিছু করে দেয়ার আশ্বাস দেবেন না যা আপনি করতে পারবেন না।
বার। কারো কাছ থেকে দোয়া চাওয়ার দরকার নেই, বরং এমন কাজ করার চেষ্টা করুন, যাতে দোয়াটা লোকের মন থেকেই আসে।
তের। আপনার নাম ভাঙিয়ে কেউ কাউকে হেনস্তা করছে কিনা, সেদিকে কড়া নজর রাখুন। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করুন।
চৌদ্দ। সরকারি চাকরিতে আর্থিক সততার চাইতে বিবেকের সততার প্রয়োজন অনেক-অনেক বেশি। আমাদের সার্ভিসে ৪ ধরনের অফিসার আছে। এক। পয়সা খায় না, কাজ করে দেয়। (HE= Honest and Efficient) দুই। পয়সা খায়, কাজও করে দেয়। (DE= Dishonest but Efficient) তিন। পয়সা খায় না, কাজও করে দেয় না। (HI= Honest but Inefficient) চার। পয়সা খায়, কাজ করে দেয় না। (DI= Dishonest and Inefficient) আপনিই ঠিক করুন, আপনি কোন ধরনের অফিসার হবেন।
পনের। চাকরিতে একটা ভাল পোস্টিংয়ের চাইতে একজন ভাল বস অনেকবেশি শান্তি দেয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আর চাকরি শান্তির হয় বসের গুণে। বসভাগ্য, বউভাগ্য/ বরভাগ্য, বন্ধুভাগ্য---এই ৩ ব-ভাগ্য জীবনে স্বস্তি আর শান্তি এনে দেয়।
ষোল। সবসময়ই, চাকরির চাইতে জীবন সুন্দর। চাকরির জন্য জীবনের ছোট-ছোট সুখকে বিসর্জন দেয়ার কোনো মানেই হয় না। জীবনটাকে নিজের সুযোগসুবিধা মতো কারো কোনো ক্ষতি না করে উপভোগ করুন। এতে জাগতিক প্রাপ্তি কিছু কম হয় তো হোক না!
সতের। চাকরি নিয়ে কখনোই অন্য কারোর কাছে অহংকার করবেন না; কেউই আপনার খায়ও না, পরেও না। কোনো চাকরিই বেস্ট না। It's all about our choice, opportunity and capability.
আঠার। আপনাকে আপনার শতকরা ৯৫ ভাগ কলিগই ঈর্ষা করবেন। এটা মেনে নিন। পরিবারের সদস্যদের বাইরে আমাদের জীবনের সবচাইতে দীর্ঘ সময়টি আমরা কাটাই আমাদের কলিগদের সাথে। কলিগদের সাথে সুসম্পর্ক রাখতে পারুন না পারুন, দুঃসম্পর্ক রাখবেন না। যদি কখনো কলিগের কোনো কাজে আসতে পারেন, তবে সেটাকে সৌভাগ্য বিবেচনা করবেন। কলিগ মানে কিন্তু আপনি যে ক্যাডারের সদস্য, শুধু সে ক্যাডারের সদস্যদের কথা বলছি না, সকল ক্যাডারের সদস্যদের কথাই বলছি।
উনিশ। চাকরির শুরু থেকেই যতটা পারেন, একেবারেই লো প্রোফাইল মেইনটেইন করে চলুন। চুটিয়ে নয়, গুটিয়ে চাকরি করুন---শান্তিতে থাকবেন। সিভিল সার্ভিসের একটা বড় সত্য হল: আপনা মাংসে হরিণা বৈরি। এখানে বসরা মুখে সিংহের প্রশংসা করলেও, মনে-মনে পছন্দ করেন ভেড়াকে।
বিশ। আপনি ভবিষ্যতে কী হবেন, কী হবেন না, সেসব নিয়ে কম ভাবুন। আপনি অতোদিন বেঁচে নাও থাকতে পারেন। বর্তমানকে উপভোগ করুন। কাজের ফাঁকে গীবত কিংবা অন্যের অনিষ্টচিন্তা না করে বই পড়ুন, মুভি দেখুন, গান শুনুন, টুকটাক লেখালেখি করুন। আপনার যোগ্যতার বিচারে আপনার মূল্যায়ন হবে না, আপনার অযোগ্যতার বিচারে আপনার অবমূল্যায়ন হবে না---এই দুই সত্য মেনে নিন। আপনার ভুল কাজের শাস্তি পাবেন বসের কাছ থেকে, ঠিক কাজের পুরস্কার (হয়তো) পাবেন ঈশ্বরের কাছ থেকে। এর নামই চাকরি।
একুশ। আপনাকে আপনার চাকরির জন্য লোকে ঠিক ততটুকুই মূল্যায়ন করে, যতটুকু আপনার কলিগকে করে। বাড়তি কোনো মূল্যায়ন পেতে চাইলে আপনার বাড়তি কোনো যোগ্যতা থাকতেই হবে।
বাইশ। যতটুকু সম্ভব অতিদ্রুত কাজ করার চেষ্টা করবেন। এতে করে বেঁচেযাওয়া সময়ে একটা ভাল বই পড়তে পারবেন, একটা ভাল মুভি দেখতে পারবেন, একটা ভাল গান শুনতে পারবেন। যে কাজ আপনার কলিগ ২ ঘণ্টায় করে, যদি সে কাজ আপনি ৪০ মিনিটে করে ফেলতে পারেন, তবে বাকি ১ ঘণ্টা ২০ মিনিট আপনি আপনার পছন্দের কোনো একটা কাজ করতে পারবেন। এতে সেবাগ্রহীতাদেরও লাভ, তারা আপনার কাছ থেকে সেবাটা দ্রুত পেলেন। (তবে, সমস্যাটা অন্য জায়গায়। আপনি কাজটা আগে শেষ করার মানেই হল, আপনার দক্ষতার পুরস্কার স্বরূপ আরেকটি কাজ আপনাকে ‘ধরিয়ে দেয়া’ হবে। সে কাজটি ঠিকভাবে করতে না পারলে কপালে জুটবে তিরস্কার, যদিও আপনার কলিগ, যে সময়ে আপনি দুইটা কাজ করলেন, সে একই সময়ে একটা কাজ ঠিকভাবে করে আপনার চাইতে ‘প্রিয়ভাজন’ হয়ে যাবেন। কলিগের শেষকরা কাজটি আপনিও যে ঠিকভাবে করতে পেরেছেন, সেকথা মনে রাখবেন একমাত্র পরমেশ্বর।)
তেইশ। এমনভাবে আচরণ করবেন যেন আপনার অধস্তনরা ভয় থেকে নয়, ভালোবাসা থেকে কাজগুলি ঠিকঠাকভাবে করে। মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মধ্যে আত্মসম্মানবোধ আর সংকোচ জাগিয়ে বেশি কাজ করানো যায়।
চব্বিশ। শরীরের আর মনের সুস্থতা দেশ উদ্ধারের চাইতে অনেকবেশি গুরুত্বপূর্ণ। আপনার মৃত্যুতে শোকের আয়ু বড়োজোর একটা স্মরণসভা পর্যন্তই। সিভিল সার্ভিসে প্রাতঃস্মরণীয় হওয়ার কোনো সুযোগ নেই। ফাইলে আপনার কোনো নোট কিংবা অফিসিয়াল ড্রাফট ‘প্যারাডাইজ লস্ট’এর মতো ক্লাসিক টেক্সট হয়ে বেঁচে থাকবে না, আপনার তেমন কোনো কাজই অজর অক্ষয় অবিনাশী হয়ে থাকবে না। আমরা অমর হতে সিভিল সার্ভিসে আসিনি, আমরা সিভিল সার্ভিসে এসেছি বেঁচে থাকতে।
পঁচিশ। অন্যের কাছ থেকে আপনি ঠিক ততটুকুই সম্মান পাবেন, যতটুকু সম্মান আপনি অন্যকে দিচ্ছেন। কারো কাজ করে দিতে পারুন আর না-ই পারুন, অবশ্যই তার সাথে ভাল ব্যবহার করবেন।
ছাব্বিশ। সব কাজের ভার নিজে নেবেন না। কাজ ভাগ করে দিন, নিবিড়ভাবে তদারকি করুন। এতে করে আপনার অধস্তনরা নিজেদের গুরুত্বপূর্ণ ভাববে, কাজটি করা সহজ হবে, কাজে ভুলের পরিমাণ কমবে, কাজটি দ্রুত হবে, আপনি কিছুটা হলেও চাপমুক্ত থাকতে পারবেন। আপনি তো আর দশভুজা দুর্গা নন, তাই না? নিখুঁত নয়, গ্রহণযোগ্য হোন। খুঁতখুঁতে স্বভাবের অফিসাররা পৃথিবীর সবচাইতে অসুখী ও স্বল্পায়ু প্রাণী।
সাতাশ। ফাইলমুক্ত টেবিল-----এই নীতিতে কাজ করুন। নিজেও শান্তিতে থাকবেন, অন্যরাও শান্তিতে থাকবে।
আটাশ। অন্যদের ছোটোখাটো অন্যায় ক্ষমা করে দিতে শিখুন। আপনি নিজেও পুরোপুরি শুদ্ধ মানুষ নন। আপনার ভুল কাজগুলির জন্য আপনিও সৃষ্টিকর্তার কাছে ক্ষমাপ্রার্থনা করেন। অন্যকে ক্ষমা করতে না পারলে নিজে ক্ষমা আশা করেন কীভাবে?
উনত্রিশ। ক্ষমতার আসল সৌন্দর্য ততক্ষণই থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি সেটার অপব্যবহার না করছেন। চাকরিসূত্রে আপনি যেসব ক্ষমতাপ্রাপ্ত হন, সেসব মূলত আপনার উপর অর্পিত দায়িত্ব বা এক্তিয়ার। সেটার যথেচ্ছ ব্যবহার করার কোনো অধিকারই আপনার নেই।
ত্রিশ। মুখে যা-ই বলি না কেন, আমরা চাকরি করি মূলত আমাদের নিজেদের আর পরিবারের জন্য। তবে মানসিকতার উপর নির্ভর করে একেকজন অফিসার তার কাজের মাধ্যমে দেশ ও জাতিকে একেকভাবে সেবা দিতে পারেন। মেধাবী মানুষের চাইতে ভাল মানুষ দেশকে বেশি সেবা দিতে পারেন বলে আমার ধারণা।
একত্রিশ। সকল ধরনের কানকথা শুনবেন মগজ দিয়ে, কান দিয়ে নয়। মগজের চাইতে কান যার যতো বড়, সে ততো বেশি কানকথা গ্রহণ করে।
বত্রিশ। আপনি আইবিএ, ডিএমসি, বুয়েট কিংবা সেরা কোনো প্রতিষ্ঠানে পড়েছেন, নাকি প্রত্যন্ত অঞ্চলের কোনো কলেজে পড়েছেন, সেটা কেউই দুই পয়সারও কেয়ার করে না। বিসিএস পরীক্ষায় আপনার মেরিট পজিশনের জন্য আপনি কোনো বাড়তি পুরস্কার কিংবা তিরস্কার, কোনটাই পাবেন না। বরং বিসিএস পরীক্ষায় ভাল রেজাল্ট করলে চাকরি পরবর্তী কিছু মানসিক অত্যাচার বোনাস পাবেন। বিশেষ করে, বিভিন্ন ক্যাডারে যারা প্রথম হয়েছেন, তাদের কপালে জুটবে পুরস্কারবিহীন অসীম প্রত্যাশা। চাকরিতে কাজের একমাত্র পুরস্কার আরো বেশি কাজ! Work is always rewarded by more work.
তেত্রিশ। অধস্তনদের শুধু খারাপ কাজের জন্যই তিরস্কার করবেন না, ভাল কাজের জন্যও পুরস্কৃত করুন। নিদেনপক্ষে একটা ধন্যবাদ দিন, সবার সামনে উনার ভালকাজের প্রশংসা করুন। আপনি কাজপাগলও হতে পারেন, আবার ফাঁকিবাজও হতে পারেন; তাই বলে আপনার অধস্তনদেরও আপনার মতনই হতে হবে, এটা কিছুতেই আশা করবেন না। আপনি আপনার মতো, ওরা ওদের মতো। আমরা কেউই রোবট নই। একটা ভাল রোবট হয়তো ১০ জন সাধারণ কর্মীর কাজ করে দিতে পারে, কিন্তু ১০০ সেরা রোবট মিলেও কখনোই একজন মেধাবী কর্মীর কাজ করতে পারবে না।
চৌত্রিশ। কখনোই ভাববেন না, আপনি আপনার যোগ্যতার তুলনায় ছোট চাকরি করছেন। যোগ্যতা বেশি থাকলে এই চাকরিটা ছেড়ে দিয়ে পছন্দের চাকরিতে চলে যান। আপনাকে আটকে রেখেছে কে?
পঁয়ত্রিশ। সবসময়ই আপনার ব্যক্তিসত্তা দিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করবেন, কখনোই বিসিএস ক্যাডারসত্তা দিয়ে নয়। যারা আপনাকে আপনার চাকরি দিয়ে মূল্যায়ন করে, তাদেরকে সবসময়ই আপনার ব্যক্তিজীবনের বাইরে রাখবেন।

একটা কথা দিয়ে শেষ করছি: No one will ever remember you after your retirement. এই কথাটি মাথায় রেখে চাকরি করলে একটু হলেও বাড়তি শান্তিতে থাকবেন।
আমার কথাগুলি পড়ে বিরক্ত হলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রত্যেকটি কথাই পুরোপুরি অগ্রাহ্য করার মতো।
নিজে ভাল থাকুন, অন্যকে ভাল থাকতে দিন।
শুভকামনা নিরন্তর।

আপনাদেরই সহকর্মী
সুশান্ত পাল
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *