আজ দুজনার দুটি পথ গেছে
আমার স্বপ্নেদেখা রাজকন্যা থাকে
এ শুধু গানের দিন
এই পথ যদি না শেষ হয়
এই মধু রাত
এই যমুনারই তীরে
এই রাত তোমার আমার
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
কে তুমি আমারে ডাকো
গানে মোর কোন ইন্দ্রধনু
ঘুম ঘুম চাঁদ
জানি না ফুরাবে কবে
তুমি যে আমার
তুমি না হয় রহিতে কাছে
নীড় ছোটো ক্ষতি নেই
বড়োবেলায় সুচিত্রাকে দেখে বুঝেছি, ছোটোবেলায় কেনো মা বাবাকে এইসব গান শোনাতেন৷ ছোট্টো আমি সামনে গেলে গান বদলে গিয়ে গুনগুন হয়ে যেতো৷ হাহাহা.......
এইরকম অনেক গানকে আমার খুব কাছের মনে হয়৷ মায়ের প্রিয় গান কার না আপন মনে হয়! মানুষ যখন থেকে শুনতে শেখে, তখন যে গানগুলি সে বারবার শোনে, সেগুলি সারাজীবনই তার প্রিয় হয়ে থাকে। আর মা-বাবা বা কাছের কেউ ছোট শিশুর সামনে যে গানগুলি গুনগুন করে গায়, সেগুলি তার চেতনার সাথে মিশে যায়, সেই গানগুলির কথা ও সুর সে অনুভব করতে পারে। আমার বাবা মায়ের যে গুণটার কথা বলতেন (এবং এখনও বলেন) তা হলো: ব্যক্তিত্বসম্পন্না অথচ রোমান্টিক৷ ভাবি, সুচিত্রাও কি ওরকম নন? তবে কি বাবা মায়ের মধ্যে সুচিত্রা বা এমন অন্য কাউকে কল্পনা করে আনন্দ পেতেন?
সপ্তাহশেষের সারাটা সন্ধে ইউটিউবে সুচিত্রার সাথে কাটালাম৷ সুচিত্রার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই ভীষণভাবে ছুঁয়ে যায়!
হ্যাপিনেজ ইজ ........ রমার ঠোঁটে যখন সুচিত্রার চোখের যাদু খেলা করে৷
সুচিত্রা যখন রমা ছিলেন, কিংবা সবেমাত্র সুচিত্রা হয়েছেন, তখন তাঁর উচ্চারণে পূর্ববাংলার একটু টিপিক্যাল টান ছিলো৷ তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সাত নম্বর কয়েদী’র পরিচালক সুকুমার দাশগুপ্ত মহানায়িকাকে শরৎচন্দ্রের ‘বিন্দুর ছেলে’ নাটকটা পড়তে বলেছিলেন নিজেকে শুধরে নিতে৷ তাঁকে বলা হয়েছিলো, উচ্চারণে পাবনার আঞ্চলিক টানের সমস্যা আছে, প্রমিত উচ্চারণে কথা বলা না শিখলে আর অভিনয় করার সুযোগ পাবেন না।........... বিশ্বাস হয়? একজন সুচিত্রাকেও অমন কথা শুনতে হয়েছিলো!
কেনো বললাম এটা? আমরা যারা নিজেদের অনেক ত্রুটি শুধরে নেবো ভাবছি, একটুও ভুল ভাবছি না৷ নিজের স্বপ্নের জীবনটাতে বাঁচার জন্য নিশ্চয়ই নিজেকে বদলে নেয়ার দরকার আছে। কেন? কারণ, আমরা যে জীবনটার স্বপ্ন দেখছি, সে জীবনটা এমনকিছু, যা এই মুহূর্তে আমাদের নয়। তাই, সে জীবনে বাঁচতে হলে আমাদের এমনকিছুই হতে হবে, যা এই মুহূর্তে আমরা নই। ওরকম হওয়ার ব্যাপারটা কারো ক্ষেত্রে আগে ঘটে, কারো ক্ষেত্রে পরে। তাই বলে কেউ যে কারো চাইতে পিছিয়ে আছে, এমন কিন্তু নয়। সুচিত্রা সেনের পারফেকশনে যাদের আস্থা আছে, নিজেদের ইমপারফেকশনে রাগটাগ না হয় এইবেলা ঝেড়ে ফেলি৷ হতে পারে, আমি এখন কিছুই না। তাই বলে কি কখনওই কিছু হবো না? সুচিত্রা যে বয়সে শুদ্ধ প্রমিত উচ্চারণে কথাবলা শিখেছেন, সে বয়সের অনেক মেয়েই রীতিমতো নিপুণ আবৃত্তিশিল্পী হয়ে উঠেছিল, কথার যাদুতে সবাইকে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু, কেউ কি সুচিত্রার ধারেকাছেও যেতে পেরেছে? কোনো কাজে আপনার চাইতে যারা অনেক বেশি এগিয়ে, সেই কাজটা আপনি শুরু করলে আর ঠিকভাবে সাধনা করে গেলে, হয়তো এতোটাই এগিয়ে যাবেন যে, ওরা আপনাকে ছোঁয়ার স্বপ্নও দেখতে পারবে না কোনোদিনই। শুরুটা করেই দেখুন না, কী হয়!
কৈলাস খের তাঁর প্রথম জীবনে একটা বিয়ের অনুষ্ঠানে গান গাইতে চেয়ে অপমানিত আর প্রত্যাখ্যাত হয়ে মনখারাপ করে ফিরে এসেছিলেন। সেদিন অনেক অনুরোধ করার পরও উনাকে একটিবারের জন্যও স্টেজেই উঠতে দেয়া হয়নি। তাই বলে কি উনি হারিয়ে গেছেন? এখন তাঁকে হাতেপায়ে ধরেও নেয়া যাবে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইবার জন্য?
জীবনটা এমনই। একদিন আসবে, যেদিন ফেলে-আসা পেছনের দিনগুলির দিকে তাকিয়ে হেসে বলবেন, এই আমিও ওখানটাতে ছিলাম!
আজ দুজনার দুটি পথ গেছে
লেখাটি শেয়ার করুন