কী ভীষণ খারাপ আছি
এ ক’টা দিন.......
মন কেবলই বলে যায়,
‘প্রিয়’কে বলো,
ও তোমায় রাখবে ভাল।
হায় মন! কেউ না জানুক, আমি তো জানি,
কতটা ভ্রম সে আশায়!
ভালোথাকাটা---কখনো-কখনো, সত্যিই এসে, কেবল---স্রেফ বেঁচেথাকায় ঠেকে। মানুষ ভাল থাকে কার জন্য? অন্যের জন্য? সবচাইতে প্রিয় মানুষটির জন্য? কোনো স্বপ্নের জন্য? নাকি, খারাপ থেকে কী লাভ?--এই ভেবে। আচ্ছা, নিজে ভাল না থেকে অন্যকে কতটুকু ভাল রাখা যায়? কতদিন পর্যন্ত? অনন্তকাল? ওই অনন্তের সীমা কতদূর? একেবারেই চলতে পারছে না, সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে পারে শুধু, এমন অসুখ হয়ে পড়ে থাকলেও, সবাইকে ভাল রাখা যায়? অসুস্থ মানুষের প্রতি অন্য মানুষের মায়ার আয়ু কতকাল? অসুস্থ মানুষ নিজেই তো সবার বোঝা হয়ে যায়, অন্যকে ভালোবাসার বোঝা সে আবার টানে কীভাবে? ভালোবাসার প্রকাশ না থাকলে প্রচ্ছন্নতায় ভালোবাসা কতটা ভাল থাকে? কিংবা, ভাল থাকতে দেয়, নিজেকে, ভালোবাসার মানুষটিকে? কয়টা মানুষ ভালোবাসার মানুষটিকে সেই মানুষটির মনের, মেজাজের এবং শরীরের মতো করে মেনে নিয়ে ভালোবাসতে শেখে? 'শরীর' কথাটিতে ধাক্কা খাই না এখন আর, বড় হয়ে গেছি---ভালোবাসায় শরীর আসবেই! যারা অন্যকথা বলে, ওরা বেশিরভাগই ভণ্ড। অতো গভীরে যদি নাও যাই, চোখে দেখে যতটুকু মাথায় আসে, সেখান থেকে ভাবলেও, একটা সহজ সাদামাটা ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য ভালোথাকা আর ভালোরাখা--দুটোই লাগে। ভালো-নেই'র ভালোবাসা ভাল থাকে না। থাকলেও, কতদিন? প্রতিদিনের জীবনটা নানান জায়গায় এসে-এসে ধাক্কা খায়। প্রায়প্রায়ই হুট করে মনে হতে থাকে, ধ্যত্! আর কিচ্ছু ভাল্লাগে না, চলে যাবো যেদিকে দুচোখ যায়! কিন্তু মানুষ কই যাবে? নিজের ভেতরটাকে, সবচাইতে ধ্রুব সত্যটাকে---যা হয়েছে, যা হয়, যা আছে---এসবকে পেছনে ফেলে পালানো যায়? অতো সহজ বেঁচে যাওয়া? জীবনেই তো থেকে যেতে হয় এই এক জীবনে, জীবনেও জীবন থেকে বেরিয়ে যাওয়া যায় না---এটাই ট্র্যাজেডি বেঁচেথাকার। জন্মেছি, তাই বাঁচতে হবে, এই শাস্তি নিয়ে বেঁচে থাকাই জীবন। নিজের জন্মকে গালি দিতে-দিতে ভাবার প্র্যাকটিস করা---বেঁচে আছি, বেশ আছি---এর নামই জীবন! এর জন্য যা আয়োজন, তা নিয়েই পথ চলতে-চলতে একসময় থেমে যাবো। এর আগ পর্যন্ত--যে যা-ই বলুক, যার যাকিছু হোক, আমাকে শেষ করে দেয়ার যত রকমের চেষ্টা, বোঝার আগেই ভুল বোঝাবুঝি এবং সেটাকে সত্য ধরে নিয়ে আমাকে বোঝা, শুধু মন নয়, সত্যি-সত্যিই শরীরকে ভেঙেদেয়া---এ সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁচার নামই ভালোথাকা। পুরো জীবনটাই তো একটা ঠাট্টা! ইয়ার্কিতে যতদিন বাঁচা যায়, ততদিনই লাভ---একেবারে নগদে! কাউকে ‘বেঁচে থাকতে’ দেখলে ‘কেমন আছেন?’ বলার তীব্রতম বিদ্রূপটি ছুঁড়ে দিয়ে এবং গ্রহণ করে পথ চলছি.........জলজ্যান্ত মানুষকে ‘ভাল আছেন তো?’ জিজ্ঞেস করে উত্তরের আশায় হাঁ করে তাকিয়ে থাকতে হয় না। ওতে ঈশ্বরের রহস্যময় নিষ্ঠুরতার প্রতি সংশয় দেখানো হয়। অমন আস্পর্ধা! হাতের আর হৃদয়ের অস্ত্র আঘাত করেই যায় নিপুণ কায়দায়। সে আঘাত ভুলে থেকে---চিবুকে লেপটেথাকা বিশ্বস্ত বিষণ্ণতা আড়াল করে বাঁচাই ভালোথাকা, অতএব, জীবন!
কী ভীষণ খারাপ আছি
লেখাটি শেয়ার করুন