আমি রাখি তারে
যত্ন করে,
ভালোবাসাঘেরা ছায়াতলায়.......
সে রেখেছে আমায়
মনের পৃথিবীর
ছায়াপথের বহিঃসীমায়.......
দিন কেটে যায় এমনি করেই।
কখনওই আর
ভালোবাসার
অজস্র অশ্রুর
এক ফোঁটার
হিসেব চাইব না তার কাছে।
প্রতি ফোঁটা লোনাজল গিলে
তার বদলে প্রতি ফোঁটা রক্তে দেবো---হৃদয় নিংড়ে।
একটা সময়ে
নিজেই নিজের শোধ নেবো
চিরতরে, নীরবে।
আমার অশ্রুসাগরে যখন
বেঁচে গেছ তুমি,
সাঁতারটুকু আর শিখো না,
ভয় নেই।
জলের গভীরতা আর বিস্তৃতি
হোক যতই,
ঠিক বেঁচে যাবে।
আকাশ তারা আকাশ মাঝে
থাকে প্রকাশে, কিংবা লুকিয়ে,
মনের তারা মন আকাশে
লুকিয়ে থাকে চুপটি করে---
খোঁজ নাওনি, তাই জানো না।
বলতে পার,
দুজনাতে হয় দেখা
কীসের ছোঁয়ায়?
পানি কঠিন হয়ে পাথরের মত শক্ত বরফ হয়ে যায়। তবু, বরফ ভাঙে, বরফ গলে; কিন্তু পাথর---শুধুই ভাঙে---জীবন, সময়, মানুষ! হায়! হয় তো এমন, হয় না?
আমায় যেভাবে দেখ---মেসেজ টোনে ফোনটা বেজে উঠে, কিংবা নীরবে একটা ছোট্ট নীল বাতি মিটমিট করে জ্বলতে থাকে, হয়তোবা একটু ভাইব্রেশন। ব্যস্ততার মাঝে একটু সুযোগে আগ্রহ নিয়ে মেসেজটা চেক করা হয়---মন বলে, হয়তো কোন প্রিয় মানুষ বা এমন কেউ, যার মেসেজের অপেক্ষাই মন করে ছিল। কিন্তু হায়! মেসেজটা যে আমার! মন আর মেজাজ দুটোই খারাপ হয়ে যায়! ফোনটা টেবিলের স্পর্শ পায় আচমকাই, একটু বেশিই স্বশব্দে! হয় এমন, তাই না?
মরতে যে চায়, সে তো আসলে মরেই যায়। মরতে চাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে যে বেঁচে যায়, সে তো আগের সে নয়, সে অন্য কেউ। জীবিত ও মৃত্যুফেরত জীবিত---কখনওই এক মানুষ নয়। তপ্ত বালিতে পানি দিয়ে সে পানি খুঁজতে যাওয়া---বড্ড বোকামি। বালি যে পানি শুষে নিবেই নিবে! তবু কিছু মানুষ সে পানিরই খোঁজে জীবনটা কাটিয়ে দেয়। এক সময় নিজেই হারিয়ে যায়।
ইসসস্ কী সুন্দর শুকনো, ঝরঝরে, ঝরা পাতাগুলো গাছের নিচটায় বিছিয়ে আছে! কেমন যেন একটা মায়া-মায়া আবেশ। ইচ্ছে হচ্ছে, দুহাতে দুমুঠো নিয়ে এক দৌড়ে তোমার কাছে চলে যাই!
একটা নূপুর, আরেকটা নেই---হারিয়ে গেছে।
বাবার চিঠির একটা অংশ---তাও ছেঁড়া।
দুহাতে জমানো বৃষ্টি জল---কয়েক ফোঁটা আঙুল গলে পড়ে গেছে।
নানান রঙের স্বপ্ন---ফিকে হয়ে গেছে আজকে এসে।
তবু---
অনেক চুমু,
গভীর আলিঙ্গন,
চায়ের গন্ধ,
ঠোঙায় বাদাম।
যদিও---
শুকনো ফুল,
লোনা টিস্যু,
আর ছাই---যে লেখা পুড়ে গেছে, তার।
হারিয়ে যায়নি, লুকিয়ে আছে---
বোতল ভর্তি কান্নাজল,
একটা কাপড়ের পুতুল,
কাগজের পুরনো নৌকো,
একটা বুকের নদী,
একটা আনকোরা তুলি,
এক হৃদয় কষ্ট।
কত কী যে দিতে ইচ্ছে করে!
দেয়া হয় না কোনোকিছুই।
কখনও চাইনি, ইচ্ছের বিরুদ্ধে, কেবল ফিরিয়ে দেয়া যাবে না বলে, কেউ কিছু নিক---তাই।
আমি রাখি তারে
লেখাটি শেয়ার করুন