বাংলা কবিতা

গাঢ় আলতার রঙ



গাঢ় আলতার রঙ
ধুয়ে যায় বৃষ্টিতে।
বৃষ্টির কী দোষ তাতে?
এই মনটা যার বুঝার
সে-ই বুঝে না---
বৃষ্টির কী দায় এতে?
“অ্যাতো একা-একা থাকা যায়?” যায় হয়তো বা! কিন্তু তা-ই বলে অ্যাতো?
একা থাকতে ভুলে যাচ্ছি ইদানীং---একা থাকতে-থাকতে। অনেকদিন ধরে। সবাই-ই কি ভুলে যায়? এভাবে? আমার মতই?
পোকা প্রজাপতি পাখি ফুল ঘাস পাতা গাছ বৃষ্টি মেঘ। কিংবা, বই মুভি মিউজিক। একাকি কফির মগ আর ক্র্যাকার্স। এবং, এইরকম অথবা অন্যরকম অথবা কোনও রকমেরই না, এমন আরও অনেক-অনেক কিছু। ওদের হাসি পর্যন্ত হিম হয়ে গেছে বোধ হয়। এই সময়ে। অন্তত আমার কাছে।
এতটা মসৃণভাবে প্রতারিত হতে ভাল লাগছে না আর---এত দিন যা হয়ে এসেছি, এবং এখনও হচ্ছি। আর কত?
“একটা চড়ুই পাখি জীবনকে পাল্টে দিতে পারে।” পারে? সত্যি-সত্যি? তা-ই যদি হয়, তবে শুধু কাজ করে যাওয়া ছাড়াও অন্য কাজও খুঁজে নেবো। ওই প্রতিশ্রুতিতে। হোক মিথ্যে কিংবা সত্যি। আস্তে-আস্তে। মিথ্যের সাথে সহবাসে আর বসবাসে অভ্যস্ত হতে হবে দেখছি। উপায় কী?
ইদানীং মাঝে-মাঝে এমনও হয়, কফির মগ হাতে নিয়ে লো ভলিউমে ইনস্ট্রুমেন্টাল শুনতে-শুনতে বৃষ্টির সুর আর ততোটা যেনো সাড়া জাগায় না আগের মতো। বৃষ্টির সুরে ছন্দপতন ঘটে, ভেজা হাওয়াটা মনকে আর ভেজায় না। বিশেষ মুহূর্তে বিশেষ কোনো খাবার---এই ব্যাপারটাকেই ভেবে বসি হ্যাকনিড্‌! ভুনা খিচুড়ি, ইলিশমাছ ভাজা---এই মেন্যু পর্যন্ত ফেল মারবে, একথা ভেবেছিলো কেউ কোনো দিন? কফির ধোঁয়াটা উষ্ণতা হারায়; কফি ভালো হয়নি, এমন নয়। নেসক্যাফে। সাথে কফিমেট। আগেও কি খারাপ লাগতো নাকি? মনে তো পড়ে না! যে গানটার ইনস্ট্রুমেন্টাল বাজছে, সেটা ‘মন্দ নয়, চলে’-টাইপেরও না, খুব-খুব প্রিয় সুরগুলির একটি। এমন করে রবিবাবুও ফেল মেরে বসে থাকবেন, একথা কি কেউ কখনো ভেবেছিলো? নতুন কোনো রেসিপিতে তো ইলিশ-খিচুড়ি রান্নার এক্সপেরিমেন্ট করা হয়নি। গড-গিফটেড শেফও বদলায়নি। হ্যাঁ, মা-ই তো রেঁধেছে। বদলির চাকরি করেও মায়ের হাতের রান্না খাওয়া---কয়জনের ভাগ্যে জোটে, বলো? তবুও কেন.....!? এ কী তবে? বিষণ্ণতা-বিলাস? নাকি, বেদনার স্বেচ্ছাবরণ? নাকি, সুখের সঙ্কাশে দুঃখের সাযুজ্য? শোঁ শোঁ হাওয়ার তোড়ে বৃষ্টির মায়াবী সুর হারিয়েই গেলো নাকি হঠাৎ করে? এমন করে কি হারিয়েছিল আগেও? সেটাই বা হবে কীভাবে? ঈশ্বর নিজেই তো পিয়ানো বাজাচ্ছেন। এটাও কি হারায়? নাকি, আমি-ই হারিয়েছি? অনুষঙ্গের অভাব নয়তো আবার?
বাইরে তো না আমি। এমন তো নয়, এক হাঁটু জলকাদা সাঁতরে চলতে-চলতে বৃষ্টির অবিশ্রান্ত ধারা নির্দয়ভাবে ধুয়ে দিচ্ছে সকল রোমান্টিকতা! বাসায়ই আছি। এইরকম বৃষ্টিতে বারান্দায় বসে কফির মগের যে ধোঁয়াটুকু ভেজা ঠোঁটযুগলে কী এক ভীষণ শিহরণ জাগিয়েছে পরম বিশ্বস্ততায় এতোদিন ধরে, সেই পুরোনো ধোঁয়ার আন্তরিক উষ্ণতা কি তবে হারিয়েই গেলো? কেন হারাল? নাকি, আমি-ই হারিয়েছি ওকে? কফির সাথে শুধু কফিমেট হলেই হয় না, আরো কিছু লাগে বোধ হয়! কী জানি! মেট শুধু কফিরই হলে আর চলছে না ইদানীং!
শৈশবে ফিরে যাব প্রয়োজনে। মোহ বড়ো বেশি নিরাপদ। যেমন আছি, ঠিক তেমন থাকাটাকে সহজভাবে মেনে নেয়া ততটা সহজ নয় কেন? সমুদ্রের ধারে অথবা পাহাড়ের ছায়ায় দুদিন বসে থাকতে আর ইচ্ছে হয় না কেন? চুপচাপ? ভুলে গিয়ে আশপাশ? শুধু মুগ্ধতার শক্তিতে? খানিকক্ষণ বেঁচে থাকব বলে---এইটুকুই চাওয়ায়? ব্যস্ . . . . . . . “বেঁচে থাকার চেষ্টা করতে হয় না। এ কথার পেছনে আজ একটা জিজ্ঞাসার চিহ্ন জুড়ে দেওয়ার সময় এসেছে।”
পাদটীকা। উদ্ধরণ চিহ্নের ভেতরের কথাগুলি আমার প্রিয় কবি ভাস্কর চক্রবর্তীর।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *