পত্রসাহিত্য

টান



পৌনে তিনটা। রাত ঘুমোয়, তাই, আমরা জেগে........
নৈঃশব্দ্য, ঘোর, মায়া----সবকিছুর সাথে পাল্লা দিয়ে, হিমরাত্রির শৈত্যপ্রবাহ চলছে.........

অ্যাই! ঘুমিয়ে পড়েছ?
আরে না.....বলো.......
আমার না ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ গোসল করতে ইচ্ছে করছে.......খুব ইচ্ছে করছে! করি একটু?
পাগল! একশো চার জ্বরে তোমার শরীর পুড়ছে---আমার শরীরই হয়তো একশো দুইয়ে পৌঁছে গেছে এতক্ষণে......
(খুব আদর করে বুকের ভেতর জড়িয়ে ধরে রেখেছিল কিনা!)
জানি তো..........কিন্তু, আমার যে ইচ্ছে করছে! আমি কী করব?
আমি গোসল করছি.......ঝর্ণা ঝরছে.......কলকল ছলছল ঝপঝপ........রাত ভেঙে যাচ্ছে........ওই দূরে হাওয়ায় মিলছে.......মিলিয়ে যাচ্ছে.......
ঠিক আছে, তুমি চুপটি করে শুয়ে থাকো, লক্ষ্মীটি........আমি দেখছি..........
বলেই, ও বাথরুমে গেল.........

ঝর্ণার পানির বিকট কলকল শব্দে, তীব্র শীতের রাতের শুনশান নীরবতা মুহুর্মুহু খানখান হয়ে আছড়ে পড়ছে চারিদিকে.........
রাত ঘুমোয়, তাই, ভালবাসা জেগে........

আহা! এ কল্পনা যদি জীবন হত!
সত্যিই যদি থাকত এমন কেউ, ‘যাকে’ আমি, অতোটাই 'আমি' ভেবে অনুভব করতে পারতাম!
আর সেটা, সে খুব নিবিড়ভাবে বুঝতে পারত, তবে.........
বলতাম ওকে, একটু প্রেমে, মিষ্টি হেসে........
যতই আমায়--- ‘মানুষ না’ ‘মানুষ না’ বলো না তুমি..........
আমি তো জানি---হোক আনমনে, কিংবা চেতনে--- এই তুমিই বলো.......
এই মেয়ে! একমাথা চুলভর্তি অ্যাত্তোগুলা বোকা তুমি!

ওহে বালক, বলছি শোনো!
এ বোকামি নয়কো--- এ ভালোবাসার নিঃস্বার্থ টান গো........
ভালোবাসার ভালোবাসা........ভালোবাসায় ভালোবাসা!
টানে, জড়ায়, বাঁধে.........
তুমিই বলো, এমনিএমনিই কি.........সাধে?
এই দেখো না, তোমার জন্য---ঘরেও আছি, উঠোনেও----এবং, থাকবো এমন।
বুঝলে মশাই, বোকার হদ্দ?

রাত ঘুমোয়, তাই, অনুভূতি জেগে........
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *