বাংলা কবিতা

স্বাদিত মুখোশ



জীবন চলে কৌশলে---মানছি তাও!
অতি কৌশলে মৃত্যু চলে---জানতে সেটা?
আমার আমি---আমারই আছে,
তোমার তুমি---তোমারই আছে,
আমায় তুমি নাওনি যেমন,
আমিও তোমায় নিইনি তেমন,
তোমায় নেবো, আমায় দেবো---তা হবে না, এও জানি!
কেন তবু হায়
যখন তুমি অন্য কারো,
তখন আমি কষ্ট গিলি?
শরীর যদি অঙ্গ হারায়,
টুকরো হয়ে মন ভেঙে যায়,
বাঁচতে হয় তবুও যদি,
মৃত্যুটা আর ভিন্ন কীসে?

যে ‘তুমি’কে কাড়াই নিয়ম,
সে ‘তুমি’ও ভোলায় যখন,
তখন জেনো, এমন ‘তুমি’ হারবে এক্ষণ।
অনেক চোখের তারায় নেচে,
অনেক ঘুমের স্বপ্নে বেঁচে,
অমন ‘তুমি’ উধাও হবে!
হবেই হবে---বাঁধতে তারে পারবে নাকো!

নীরব ‘তুমি’র খোঁজটা নিয়ো,
নিভৃতে রেখো হৃদয়মাঝে,
জানবে না কেউ কোন অদেখায় কেমন করে মজলে এমন।
সেই তো ভাল!
লড়বে না কেউ ছিনিয়ে নিতে সেই ‘তুমি’কে,
অদৃশ্যটা আসলে পরে, সে অনুভব সামলে নিয়ো,
আপন করে মিশিয়ে দেখো,
দুহাত বাড়াও, মুক্ত করো তোমার ‘তুমি’।
নতুন ‘তুমি’ আসবে যখন, নির্ভরতায় বেঁধো তখন,
জীবন তোমার সাজিয়ে নিয়ো বরণ করে সেই ‘তুমি’কে।

আমার ‘আমি’ আমার রবে,
নৈঃশব্দ্যের শব্দ যবে,
ছায়ার আলোয় ছড়িয়ে মায়া,
সারাজীবন থাকবে পাশে। মিলিয়ে নিয়ো!
হোক না ফিকে, সস্তা বড় তোমার কাছে,
কেউ না জানুক, আমি তো জানি,
বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার
কতোখানি সে শক্তি ধরে,
ভালোবাসার উপেক্ষা-ঝড়
অনুভবের শিখায় পোড়ে।
টিকে থাকার কষ্ট দারুণ,
অপ্রয়োজন সামনে আসে দ্বিধার বাঁধে,
এই ‘আমি’ যে আটকে পড়ে সময়ফাঁদে!
ভালোবাসাটা যার সয় না,
তার কাছেতে থাকলে পরে, প্রেমহীনতা
ডুবিয়ে মারে ওই ‘আমি’কে।

নৈকট্যের স্বাদটা নড়ে,
আমার শরীর রক্তে ঝরে,
অস্তিত্বের সমস্তটা যখন আমায় পিষিয়ে চলে,
চেঁচায় শরীর, মনকে বলে,
তীব্র স্বরে বুঝিয়ে দিয়ো হিসেব করে
দূরত্বের ওই দূরত্বটা ঠিক কতটা
তোমার কাছে।

ভালোবাসাটা জরুরি যখন,
ডাকলে কাছে প্রেম এসে যায়,
শরীর কাঁপে, মনটা পালায়,
মাংস এসে মাংসে মাতে, মাংসে মাতায়,
ঢেউও কাঁপে, সাগর ফোঁসে তীব্র রোষে।
শব্দবেগে শরীর আসে,
স্বার্থশেষে---
আলোর বেগে দৌড়ে বাঁচে।
বেশ তো আছে! বেশ তো রাখে!
রাগ কষ্ট অভিমান নেই, প্রেম তো আছে!---আর কত চাই?
কেউ থাকে না? সবাই ছোটে? পালিয়ে বাঁচে?
সবুজ টিয়ায় হলুদ লুকায়,
গোলাপ লুকায় কষ্ট-কাঁটায়,
কখন কে তার খোঁজটা রাখে?

অনর্থের ওই সুতোয় ঘোরে জীবন দারুণ,
ভোঁতা তনুমন, চোখা আয়োজন---
বাঁচার ছুতোয় মরার শপথ।
স্বপ্নসুখের মুখোশ স্বাদন অহর্নিশি.......
এমনি করেই এগোয় জীবন।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *