তোমার উপর বড্ড অভিমান হয়েছিল। তখন তোমায় লেখা বন্ধ করেছি। এখন দেখছি, বেশ ঝামেলায় পড়ে গেছি। আবার সেই শুরু থেকে শুরু করতে হবে! শুরু থেকে শুরু করা…কী এক যন্ত্রণা! এখন আমি কী করি! মাথায় কিচ্ছু আসছে না। সব দোষ তোমার! দিলে কেন ছুটি? ফাঁকিবাজকে ছুটি দিতে আছে? বকে দিতে পারলে না কেন? বলে দিলেই হতো, ওসব ছুটিফুটি চলবে না!...প্রতিদিন লেগে থাকতে হবে, না হলে ভালোবাসায় টান পড়ে যাবে। আমি আসলেই একটা যাচ্ছেতাই! আমাকে প্রশ্রয় দিয়ো না, আমি মাথায় চড়ে বসব। সোজা বলে দেবে, চিঠি না-দিলে ভালোবাসাটাসা বন্ধ! নাহয় একটু বকেই দিয়ো! কী হয় একটু বকলে? এত ভালোবাস, একটু বকলে ওতে যদি আমার ভালো হয়, তা হলে বকেই দিয়ো নাহয়! তুমি তো জানো, এমনিতেই তোমার চাপে আমি তাড়াহুড়োয় থাকি। চিঠিলেখা আমার একটা রুটিন হয়ে গিয়েছিল, যেই ছুটি পেলাম, মন অমনিই আরাম করতে চাইল, আর তারপর থেকেই শুরু হলো ফাঁকিবাজি! আমি কী করব? তুমি কথা না-বললে আমার বুকে রক্ত জমাট বেঁধে যায়! কী এক চাপাকষ্ট যে হয়…আমি তখন কিছুই বলতে পারি না, রাগটাও ঠিকঠাক করতে পারি না। আমি আসলেই কেমন জানি! সারাদিন আমার কাজটা কী? ঘুম থেকে উঠি, খাবার বানাই, তার পর তো সারাদিন বসেই কাটাই! অলস মানুষের বসে থাকাই অনেক বড় কাজ!
আচ্ছা, মুখস্থ করা আর চিন্তা করে কিছু লেখা, দুটো কি একই ধাঁচে পড়ে? কোনও কিছু মুখস্থ করতে গেলে তো সময় অনেক কম খরচা হয়, কেননা সেটা তো আগে থেকেই তৈরি, আমাকে সেটা শুধু মস্তিষ্কে ধরে রাখতে হচ্ছে, কিংবা আত্মস্থ করতে হচ্ছে। আর চিন্তা করে কোনও কিছু লিখতে গেলে তো তার সাথে আরও অনেক কিছু চলে আসে। কী লিখছি, কেন লিখছি, এটার কতটা গভীরে যাওয়া যায়, প্রায় সময়ই অনেক অনেক অনেক কিছুই বাদ পড়ে যায়। বাদ পড়েই…লিখতে গেলে ওটা হবেই হবে! তুমি যেমনটি বল…তাড়াহুড়ো না করতে, আসলেই তাড়াহুড়ো করলে অনেক কিছু বাদ পড়ে যায়। কিন্তু যদি একটা লেখাতেই এতটা সময় লাগে, তা হলে অন্য কিছু কখন লিখব? কত লেখাই তো বাকি! যদিও তুমি বল অল্পঅল্প করে আংশিক লিখতে, কিন্তু ওরকম করে লিখলে…একবারে লিখলে যে ধারাবাহিকতা থাকে, সেটা তো হারিয়ে যায়। তবে কী করা উচিত? কীভাবে লেখা উচিত? প্রতিদিন যদি ১ ঘণ্টা করে নিয়মিত লিখতে থাকি, তা হলে কি হবে? আচ্ছা, মুখস্থ করে লেখা আর চিন্তা করে লেখার মধ্যে পার্থক্য কী? কোনটা করলে কী হয়? অনেক বিষয়ে তো লেখালেখি হয়েই গেছে, তা হলে ওগুলি নিয়ে আবার লিখে কী হবে? বলো তো তুমি আমাকে কেন লিখতে বল? আমি কেন লিখব? তুমি তা হলে ছুটিই-বা দিলে কেন? যা আসত মনে, তাই লিখে যেতাম। তুমি তো আর আমাকে খেয়ে ফেলতে না, তাই না? দেখো, এখন কেমন ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, আর আমি কিছু লিখতে পারছি না। কই ছিলাম, কী কী লিখেছি, কী কী নিয়ে লেখা হয়নি, কী কী বলা হয়নি, সেগুলি আবার আমাকে দেখতে হবে। আগের অবস্থায় আসতে তো আরও সময় লাগবে এখন। আসলে আমি তোমায় এই কয়দিন লিখিনি, কিন্তু তোমার সাথে সারাক্ষণই কথা হয় আমার! অথচ লিখতে গেলেই রাজ্যের যত ভয় এসে মনে ঢুকে বসে থাকে…তখন কী লিখি কী না লিখি আবার সেই ভয়!
তুমি আমাকে প্রতিদিন একটা বিষয় ঠিক করে দেবে? আমার তা হলে সুবিধা হতো কী লিখব বুঝতে। আচ্ছা, তোমার কি আমাকে খুব অলস আর ফাঁকিবাজ টাইপের প্রাণী মনে হয়? তোমায় এই কয়দিন কবিতা লিখিনি, কিন্তু তাই বলে যে তোমায় ভাবিনি, তা তো নয়! কারণ তুমি আমার সব কাজেরই একটা অংশ হয়ে গেছ। তোমায় কখনও আমার মাঝে ডেকে আনতে হয় না। তুমি আপনাআপনিই এসে যাও। আগে যখন তোমায় আমি লিখতাম না, তখনও তোমায় লিখেছি। তোমায় নিয়ে লেখা প্রতিটি মুহূর্তের অনুভূতিগুলি হঠাৎই যখন চোখে পড়ে পুরনো ডায়েরির পাতায়, তখন খুব হাসি পায়। আমার এতএত অভিযোগ! আমি যে সব সময় বাচ্চাদের মতো শুধু অভিযোগ করেই গেছি…তুমি ফোন কর না, নিয়মিত কেন কথা বল না, কতদিন দেখি না…অ্যাত্তো অ্যাত্তো অভিযোগ আমার! আচ্ছা, তখন যদি তোমার কাছেই অভিযোগগুলি করতাম, তা হলে কি তুমি শুনতে, এখন যেমন শোন? তুমি আমাকে এখন এত কেন ভালোবাসো? এত প্রশ্রয় দাও কেন? এত বেশি দেখে একেক সময় ভয় পেয়ে যাই! আগে কখনও বলিনি, কারণ আমার যে সেই সাহসই ছিল না! কী বলি, কীভাবে বলি, কী করে বোঝাই, বোঝালে কী হবে…অ্যাত্তো অ্যাত্তো প্রশ্ন জাগত মনে! এখনও অতটা সাহস নেই, কিন্তু কিছুটা তো বলতে পারি এখন! দেখো, আমার অনেক শাস্তি হয়ে গেছে, আর চাই না ছুটি…চাই না! ছুটি মানেই বিপদ! আবার সেই প্রথম থেকে শুরু!
আমি তোমার প্রতি কী পরিমাণ আচ্ছন্ন হয়ে থাকি, একটা ঘটনা শুনলে বুঝতে পারবে। অনেক দিন আগে, প্রায় বছর দুই হবে, আমার দুলাভাই আপুকে ফোনে না-পেয়ে আমাকে কল করে বলেছে, তোর দাদার নাম বল, তোর আপুর অফিসের কাজে লাগবে। আমি তখন গরগর করে তোমার নামটা বলে দিলাম! তখনও বুঝিনি কী করেছি, কিছুক্ষণ বাদে ভাইয়া জিজ্ঞেস করল, এটা তোর কোন দাদার নাম? আমি ততক্ষণে বোকা হয়ে গেছি…কী করছি এসব! এমন অজস্র ঘটনা আছে, যেগুলি শুনলে তুমি হাসবে। তবু কোনও আফসোস নেই, এভাবেই সারাজীবন থেকো আমার মাঝে…
জানো, আজকাল যখন একাএকা কথা বলি তোমার সাথে, তখন মাঝেমাঝে আশেপাশে তাকিয়ে দেখি কেউ দেখছে কি না, দেখে ফেললে নির্ঘাত পাগলটাগল ভেবে বসবে! আচ্ছা, আমার নিজেরও কিন্তু ভয় হয়…আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? এসব করি কেন আমি? এটা কি স্বাভাবিক? যদি অস্বাভাবিক হয়, তা হলে কী করব আমি? না, আমি স্বাভাবিকই আছি। আমি পাগল হইনি। কেননা এর পেছনের কারণ তার চেয়েও অনেক বড়, আমি ভুলে যাইনি। আমি আমার নতুন জীবনের শেকড় ভুলে যাইনি। খুব মনে আছে আমার! আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। আমি কী করি, কী নিয়ে নিজেকে ব্যস্ত রাখি…কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। চারপাশটা শূন্য মনে হচ্ছিল শুধু। একলা ঘরে বন্দি থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠছিলাম! স্মৃতিগুলি আমাকে তাড়া করে ফিরত। ডিভোর্সের পর টানা ২ বছর আমি বাসা থেকে বের হতেই পারিনি। সম্পূর্ণ একাএকা কাটিয়েছি। সেই দিনগুলি ভূতের মতো কেটেছে। শুধু ভাবতাম কী করব, সামনে কী করে এগুব! কেউ ছিল না পাশে! কেউ না মানে কেউই না! সবাইকে যখন দিনশেষে দেখতাম যে যার যার মতো আছে, তখন আমারও ইচ্ছে হতো একটা জীবন ছুঁয়ে দেখার। কেউ কেয়ার করত না আমি ভালো আছি কি মন্দ আছি। তার পর অন্যের হাজার রকমের কথা শোনার ভয় আমাকে চারপাশ থেকে জাপটে ধরছিল। অথচ দেখো, আজ ওসব কত সহজ হয়ে গেছে! সময় আগের মত নেই আজ। আমি নিজেকে সামলে নিতে শিখেছি, একা থাকতে শিখেছি, একাএকা ভালো থাকতে শিখেছি, বাঁচতে শিখেছি। আমি ভুলিনি, সবই মনে আছে আমার। প্রচণ্ড ঝড়ের রাতে আমি তোমার দ্বারে এসেছিলাম একটুকরো ভালোবাসার আশ্রয় খুঁজতে। তুমি তো পারতেই মুখের উপর দরজা বন্ধ করে দিতে, কিন্তু দাওনি তো! তুমি আশ্রয় দিয়েছিলে। আমার তোমায় দেবার মতো তখনও কিছু ছিল না, আজও নেই! তুমি গ্রহণ করেছিলে ভালোবাসা যায় না এমন একটা মেয়েকে। হয়তো তুমি বুঝেইছিলে তোমায় আমার প্রয়োজন, ঠিক আজও যেমনটি বোঝ।
তুমি প্রায়ই বল, আমি নাকি স্বেচ্ছায় পরাজয় মেনে নেই। আমি যে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় পরাজিত হতে ভালো লাগে। যার কাছে হারতে ভালো লাগে, সে-ই তো মনের মানুষ! তুমি তো সেই কবে থেকে জিতেই আছ, এবার আমাকে একটু সুযোগ দাও! আমি একটু হেরেই দেখি, একটুখানি পরাজয়ের জয় গায়ে মাখি, একটু ক্ষয়ে দেখিই না…তোমার কেমন লাগে, আমার কেমন লাগে! এসবের সুখ যে বারেবারে আসে না, সবার কাছে আসে না। আমি কি নির্মোহভাবে তোমায় শুধু চেয়েই গেছি? না, আমি শুধুই তোমায় চাইনি। আমি একটা শক্ত হাত খুঁজেছি…এই পৃথিবীটাকে আবার যদি একটু ভালোবাসা যায়, সে লোভে! আমাকে বাঁচতে হবে! চাইলেই মরে যাওয়া যে সম্ভব না! ওরকম হলে চারিদিক দুঃখী মানুষের লাশের স্তূপে ভর্তি হয়ে যেত। আমার মনে হয়েছিল, এই পৃথিবীটা ভালোবাসাহীন হয়ে পড়েছে। এখানে কোথাও ভালোবাসা নেই। এখানে ভালোবাসার যোগ্য কেউ নেই। আমার চোখে, আজও, ভালোবাসা যাকেতাকে বিলিয়ে বিকিয়ে দেওয়ার জিনিস নয়। সে বড় দামি জিনিস! ভালোবাসার মানুষের খুব অভাব ছিল আমার। আমি সেই ছোট্টটি থেকেই হিসেব দেখেছি, বিনিময় দেখেছি, আমি একই জায়গায় সাদা আর কালোর বিশাল ব্যবধান দেখেছি। আমি দেখেছি, কিছু মানুষ না-চাইতেই পেয়ে যায়, আবার কিছু মানুষকে একই জিনিস অর্জন করে নিতে হয়! কেউ অনেক চেষ্টা করেও ভালো থাকতে পারে না, কেউ কোনও চেষ্টা ছাড়াই অনেক ভালো থাকে। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে আর্থিক কষ্টে দিন কাটায়, কোনও যোগ্যতা ছাড়াই অনেকে অবিশ্বাস্য রকমের সচ্ছল জীবনযাপন করে। এত হরেকরকম মানুষের ভিড়ে ভালোবাসার একটা মানুষ ছিল না আমার। এত কিছুর পর আমার মনে আসত…
যে-দিকে যাই, যেখানে তাকাই, সে-দিকেই সবাই পর!
কোথায় আমি যাই? কোথায় আমার ঘর?
না, আমি তোমায় কোনও দেবতা মনে করে বসিনি--তখনও না, আজও না। দেবতাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে হয় মানুষকে। আমি সে-দিন একজন মানুষকে দেখেছি। মানুষের যেমন হওয়া উচিত, ঠিক তেমন একজন মানুষ পেয়েছিলাম সে-দিন। সে-মানুষটার দোষ আছে যা সে লুকানোর চেষ্টা করে না, অস্বীকার করে না। সৎ একজন মানুষ সে! যেমন মানুষ খুঁজে-খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তেমনই একজন! আমি হাত পাতিনি, কিন্তু আমি সবটা পেয়েছি। আজ বুঝতে পারি, আমার শরীরের সেই নোংরা অনুভূতিগুলি ধোওয়া কতটা জরুরি ছিল! আমার মনে আছে, যেদিন প্রথম তোমায় ছোঁওয়ার অধিকার বা সুযোগ, যা-ই বল না কেন, পেয়েছিলাম, সে-দিনই জেনেছি, সেটা আমার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার প্রয়োজন আগে বুঝিনি। যখনই তোমার স্মৃতি আমার সারা শরীরে ছেয়ে গেল, আমি নির্ভার হলাম; জানলাম, আমার সব অতীত ধুয়ে গেল। আমি নতুন করে বাঁচতে শিখলাম। আজকাল যখন তুমি আমাকে একটু আদর করে কথা বল, আমি ভীষণ অপ্রস্তুত হয়ে যাই। জীবনে এতটা কখনও পাইনি যে! চাইওনি! চাইতে যে সাহস লাগে! সে সাহসই-বা আমার ছিল কই! এখন না-চাইতেই পেয়েছি এতটাই যে সেটা ধারণ করতেও সময় লাগে! তোমার দেওয়া কষ্ট আমাকে যতটা না পোড়ায়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি পোড়ায় তোমার ভালোবাসা। কষ্ট গিলে ফেলার অভ্যেস আমার আছে, কিন্তু ভালোবাসার দায়টা কাঁধে নেওয়ার সাহসটাই যে আমার নেই! আমি জানি, সব কিছুই কিছুক্ষণ বা কিছুদিন বাদে ঠিক হয়ে যায়, ক্ষত সেরে যায় কিংবা একসময় গা-সওয়া হয়ে যায়। কিন্তু ভালোবাসা…তাকে কই রাখি? এ যে আমার অভ্যেসেই নেই! অগত্যা, আমি তখন পালিয়ে বাঁচি! মনে হয়, জীবনে ভালোবাসা যখন ছিল না, তখনই কি ভালো ছিলাম না বরং?
হ্যাঁ, আমি ভয় পাই। ভীষণ ভয় পাই! তোমায় হারালে কী নিয়ে বাঁচব, সে-ভয় আমাকে তাড়া করে ফেরে। পেয়ে হারানোর চেয়ে না-পাওয়া ঢের ভালো! অবশ্য, তোমার ভালোবাসা রাখতে যে বিশাল আকারের একটা মন দরকার, তাই-বা আমার আছে কই! হারাবার ভয় করি, কারণ তুমি ছেড়ে গেলে আমি মরে যাব না, বেঁচে থাকব, জীবনও চলে যাবে কোনও একভাবে, কিন্তু তুমি যে আমার কাছে আমার সব কিছুর ঊর্ধ্বে। তুমি থাকবে না, তখনও আমি বেঁচে থাকতে পারব, সে-কথা আমার কল্পনাতেও আসে না! তুমি যে আমার মাঝে মিশে আছ, তোমায় অস্বীকার করি কী করে? সৃষ্টিকর্তা যখন কাউকে সাহায্য করতে চান, তখন অন্য কারও হাত দিয়ে তাকে সাহায্য করেন। তুমি কি আমার জীবনে সৃষ্টিকর্তা প্রদত্ত সেই হাতটি নও? না হলে কী তুমি? কেন তবে ওই সময়ই এসেছিলে? পরেও তো আসতে পারতে। এই ধরো, এখনও পারতে! আমি যুক্তি খুঁজছি? আচ্ছা, যুক্তির বাইরে গিয়ে দেখি তো! আমি কি তোমায় ভালোবাসি না? ভালোবাসার চেয়ে বড় অজুহাত আর কী হতে পারে?
আমি অজস্রবার নিজেকে প্রশ্ন করেছি। আমি প্রশ্ন করেছি, সত্যিই তোমায় ভালোবাসি কি না। নাকি শুধুই শরীরের টানে বা প্রয়োজনে আমাকে আমার হরমোন তোমার পেছনপেছন ছুটতে আমাকে বাধ্য করছে? আমি অজস্রবার নিজেকে ধিক্কার জানিয়েছি এই বলে, আমি ভালোবাসি না তোমায়, একে ভালোবাসা বলে না, এ নিছকই মোহাচ্ছন্নতা, নিছকই প্রয়োজন, আর কিছু নয়, চাহিদার তাগিদেই আমি তোমার পিছু ছুটছি। আমি এতটাই নির্লজ্জ, এতটা বেহায়া, যে কিনা নিজের প্রয়োজনে এতটা এগুতে পারে! আমি বারেবার নিজের কাছে লজ্জিত হয়েছি, নিজেকে ধিক্কার দিয়েছি। আমার বিবেক আমাকে হাজারো প্রশ্ন ছুড়েছে…আসলে আমি কী চাই তোমার কাছে? এ যে প্রয়োজনেরই অন্য একটা রূপ মাত্র। প্রয়োজন ফুরিয়ে গেলে ঠিকই হয়তো নিজেকে গুটিয়ে নেব, মুখ ফেরাব, আজকের এত ভালোবাসার গর্ব হয়তো থাকবে না সে-দিন! তবু…না, আমার ভেতরে শুধু একটাই উত্তর এসেছে বারেবার, আমি ভালোবাসি…এমন একজন মানুষকে, যাকে আমি ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, যার ওপর ভরসা করতে পারি, যাকে বিশ্বাস করা যায়…না, এ কোনও অন্ধবিশ্বাস বা মোহ নয়! আমার কাছে ভালোবাসার মানে তোমার উপর অধিকার-খাটানো নয়, আমার পছন্দ বা ইচ্ছে তোমার উপর চাপিয়ে বাঁচা নয়, তোমার পায়ে শেকল পরিয়ে দিয়ে তোমায় অসহায় করে দেওয়া নয়, তোমায় সারাক্ষণই চোখেচোখে রেখে নিজেকে ও তোমাকে ক্লান্ত করে ফেলা নয়, ভালোবাসার দোহাই দিয়ে তোমায় সব কিছু থেকে লুকিয়ে স্বার্থপরের মতো নিজের মধ্যেই রেখে দেওয়া নয়।
আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম, আমার মন কতটা সত্য বলছে, আমি বুঝে দেখব! আমার ভেতরটা কি সত্যিই এমন? আমি দেখতে চাই, আমি কতটা নিঃস্বার্থ হতে পারি! তুমি যখন একদিন কোনও টেক্সট না কর অথবা আগে যখন অনেক দিন কোনও খোঁজই রাখতে না, তখন আমার সাময়িক কষ্ট হতো, কিন্তু তার মানে এই না, তুমি রেসপন্স না-করলে আমি আর ভালোবাসবো না, কিংবা আমিও আমার সবটা গুটিয়ে নিয়ে অন্য পথ বেছে নেব। জানো, এমন করলে সব হারিয়ে যায়! খুব খুঁজলেও তাকে আর পাওয়া যায় না। একে ভালোবাসা বলা উচিত না। ভালোবাসা এমন হতে পারে না। আমি ভালোবাসি, এর মানে আমি নিজের কাছে স্বচ্ছ থাকব। আমার ভালোবাসাকে আমি তোমার ভালোবাসা-নির্ভর হয়ে উঠতে দিইনি, কখনও দেবও না। আমি ভালোবাসি, সুতরাং আমি এখানে আমার নিজের কাছে নিজে সৎ থাকব। সেখানে তুমিও সৎ থাকবেই, সে আশা আমি রাখি না, সে আশা মনে বেঁধে-রাখাটা এক অদৃশ্য চাপ। এ শুধু কষ্টই বাড়ায়! অবশ্য, প্রতারিত হওয়াটা ভিন্ন বিষয়। ওরকম কিছু হলেও আমি মেনে নেব। আমি তোমাকে ভালোবাসি বলেই আমার ভালোবাসাটা জিইয়ে রেখেছি, তুমি ভালো না-বাসলেও আমি আমার ভালোবাসাকে খুন করে ফেলব না। ভালোবাসার বদলে ভালোবাসা প্রত্যাশা করা...এ তো সেই লেনদেনই হয়ে গেল, আমি ভালোবাসি, সুতরাং তোমায়ও বাসতে হবে! অথবা আমার মতো করেই ভালোবাসতে হবে। তুমি ভালোবাসো না, অথচ বল ভালোবাসো--এটাই হচ্ছে প্রতারণা, অন্তত তোমার নিজের সাথে তো বটেই! আমার কাছে তোমার ভালোবাসার চাইতে তোমার সততা দামি।
প্রায়ই যখন তুমি সাথেসাথে টেক্সটের রিপ্লাই না কর, অথবা না-ই যদি কর কখনওই, তখনও আমি মনে করি না যে তোমার উচিত ছিল আমাকে টেক্সট করা, কিংবা তোমারও উচিত আমাকে আমার মতো করেই যত্ন করা, আদরে রাখা। সে কখনও হয় না গো! যদি তুমি রিপ্লাই কর, তা হলে আমি নিশ্চিত হই তুমি টেক্সট পেয়েছ, কিছুটা খুশিও অবশ্য হই…কিছুটা নয়, অনেক অনেকটা! কিন্তু বাধ্য হয়ে, দায়ে পড়ে বা সংকোচ থেকে যে ভালোবাসা, তা তোমার কাছ থেকে কণামাত্রও চাই না আমি। আমি আশা করি না, তুমি আমার ক্লান্ত বিকেলের ধোঁয়া-ওঠা এক কাপ চা হয়ে যাও বা হয়ে ওঠো আমার মন ভালো করার এক আশ্চর্য মেশিন! হ্যাঁ, তুমি পাশে থাকলে নিঃসন্দেহে আমি ভালো থাকি, সুখে থাকি, শান্তি পাই, আনন্দে ডুবে থাকি, কিন্তু তার অর্থ এই না যে আমি তোমায় তোমার অনুপস্থিতিতে অনুভব করি না, তোমায় ভালোবাসতে আমার তোমাকে লাগেই, অথবা হাজার কাজের চাপে আমি তোমায় বেমালুম ভুলে যাই! আচ্ছা, ধরো, আজ যদি তোমার শারীরিক সক্ষমতা ফুরিয়েও যায়, অথবা আমার এই দেহজ অনুভূতি নষ্ট হয়ে যায়, আমাদের দুজনেরই যখন আর শারীরিক কোনও চাহিদাই থাকবে না, সব ফুরিয়ে যাবে…সে-দিন? আমি কি তোমায় সে-দিনও এতটা ভালোবাসতে পারব? সে-দিনও কি তোমার উপস্থিতি অথবা অনুপস্থিতি আমার মাঝে ঝড় তুলবে না? সে-দিন তুমি পাশে এসে বসলে কি আমার সব গল্প ফুরিয়ে যাবে?
...না, যাবে না। আমি জানি, আমি সে-দিনও ঠিক আজকেরই মতোই পাগল হয়ে থাকব তোমার প্রতি। সে-দিনও তোমার বুকে একটুকরো জায়গা পেতে ব্যাকুল হয়ে উঠব, সে-দিনও তোমার শরীরের ঘ্রাণ আমাকে আজকেরই মতো আচ্ছন্ন করে রাখবে। আমি সে-দিনও তোমার ভালোবাসার জন্য এতটাই কাঙাল হয়ে থাকব। আমি স্পষ্ট করেই বলছি, আমি এক দেখাতে তোমায় ভালোবাসিনি, তোমার ওই স্পর্শটুকুই আমাকে পাগল করেনি, আমি তোমায় একটুএকটু করে ভালোবেসেছি তোমায় জেনে, তোমায় বুঝে, তোমায় অনুভব করে। আমি নিজের মাঝে ভেঙে গেছি, নিজেকে প্রশ্ন করেছি, ক্লান্ত হয়েছি, আমি একাএকাই পাগল হয়েছি, বোকা হয়েছি, বোবা হয়েছি, তবুও আমি জানতে চেয়েছি, তোমায় আমি আদৌ ভালোবাসি কি না! আজও তোমার কণ্ঠস্বর আমাকে তোমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য করে, আমি নির্বাক হয়ে যাই, একটু কথা শুনলে মনে হয় আরও একটু শুনি, আরও কিছুক্ষণ চেয়ে থাকি। তুমি যখন ‘ভালোবাসি’ বল, ইচ্ছে হয় বলি, আর কিছু বোলো না, আমাকে তোমার কথাটা একটু অনুভব করে নিতে দাও। আমি তোমার শব্দ ভালোবাসি, তোমার স্পর্শ পেলে পাগল হই, তোমার দৃষ্টি যেদিকে যায়, সে-দিকে আমি শুধু তোমাতেই হারাই। আমার যখনই মন ভীষণ খারাপ থাকে, তোমায় ভীষণ মনে পড়ে। যখন খুব আনন্দে থাকি, তখন ইচ্ছে হয়, ইস, যদি তুমি এই মুহূর্তে একটু আমার পাশে থাকতে! যখন কঠিন কোনও মুহূর্ত পার করি, তখন নিজেকে জিজ্ঞেস করি, এখানে আমার জায়গায় তুমি হলে কী করতে। ভাবতেই থাকি, একসময় উত্তর আসে, তখন আমি সেটাই করার চেষ্টা করি।
আমি আসলে কখনও চেষ্টাই করিনি আমার প্রতি তোমার ভালোবাসাটা কেমন, তা জানার। বুঝতেও যাইনি…সে ভালোবাসা কম কি বেশি, যা-ই হোক, যেমনই হোক! আমি যখনই তোমার ওপর অভিমান করি, অভিযোগ আনি, আমি জানি, তুমি আমার মান ভাঙাবে। হয়তো সময় লাগবে, তবু ভাঙাবে। সেই প্রতীক্ষায় থাকি। আমি জানি, ভালোবাসায় প্রকাশভঙ্গি সবার একরকম হয় না। কেউ বলে বোঝায় তো কেউ করে বোঝায়। হয়তো তুমি না-বলেও আমাকে আমার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসো কিংবা বাসোই না। তোমার ভালোবাসা কিংবা অ-ভালোবাসা দেখে আমি তোমায় ভালোবাসি না, তোমায় ভালোবাসি বলেই ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি বলেই আমার যতটা দেওয়া যায়, ততটাই দিতে চাই, অন্তত চেষ্টা করি। তাই বলে কি সবটা তোমার মনের মত হয়? আমার সব আচরণ কি তোমার পছন্দের? কিছুতেই না! আমি জানি, এমনটা হয় না। কিন্তু তুমি ঠিকই সহ্য কর, প্রশ্রয় দাও, অভিযোগগুলি শিকেয় তুলে রাখ। অথচ এই আমিই ভালোবাসি বলি, আর রাজ্যের অভিযোগ করতেই থাকি। আমি তোমায় এত জ্বালাই, তবু তুমি চুপ করে থাক। বলো তো, এই নীরব প্রশ্রয়কেও কি ভালোবাসা বলে না?
পুনশ্চ। তুমি মানুষটা অনেক খারাপ। অনেক অনেক এবং অনেক! গতকাল আমার খুব তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আমি মুখ ফুটে তোমায় বলেওছিলাম, তাও তুমি ফোন করোনি। দুমিনিটের জন্যেও না। এমনকি, তুমি অন্য সময়ও ফোন কর না যদিও তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার ফোনের অপেক্ষায় থাকি। অনেক খারাপ একটা মানুষ তুমি! এতটা খারাপ না-হলেও চলে কিন্তু, ভেবে দেখো! তোমার উপর রাগ করব না কখনও। এটা আমার সিদ্ধান্ত। একটু খারাপ লাগে, পরে আবার ঠিক হয়ে যায়। আমি যে এসব কী করি, বুঝতেও পারছি না। কিছুকিছু লিখি, তোমার সাথে প্রতিদিন একাএকা যে-সব কথা বলি, সে-সব কথা লিখে ফেলি, কিন্তু তোমায় ওসব দেওয়া হয় না। ওগুলি না হয় কবিতা, না হয় আদৌ কোনও লেখা! আমার যা বলতে ইচ্ছে হয় তোমায়, কিন্তু বলতে পারি না, ওগুলি লিখি। এই মুহূর্তে এটাই আমার জীবন!
হলো যখন রোদ্দুরের সাথে মেঘের দেখা
লেখাটি শেয়ার করুন