পত্রসাহিত্য

তবু ভালোবাসা থেকে যায়



ভালোবাসার কী অদ্ভুত সব রং!
চেতনে কি অবচেতনে, সে রংগুলি দেখে আমি বিস্মিত হই ভীষণইভাবে!
ভালোবাসা কখনও নিজে বদলায়,
কখনওবা বদলে ফেলে ভালোবাসার মানুষ কিংবা মানুষের ভাবনাগুলি।
ভালোবাসা…বাড়ে, আবার কমেও যায়।
মরে যায়, কিংবা বেঁচেই থাকে অনন্তকাল।
এই সমস্ত কিছুই সহজ ও স্বাভাবিক…এমনি করেই মন মেনে নেয়,
একই সাথে আমায় নাড়া দিয়ে যায় দারুণভাবে!
দ্বৈত বলে, এটাও ভাল, ওটাও ভাল…এটাকেও নাও, ওটাকেও নাও।
দুই সত্তা দুই দিকে যায়, দ্বৈত বলে, দুটোই ভাল…একটা পেলে, মন তখন খোঁজে অন্যটাকেও।

এমনও দেখি, যাকে ভীষণ ভাল লাগে, তাকেই আবার মন্দও লাগে!
ভালোবাসি যা, ঘৃণা করি তা-ই! বিপরীতের দুই অনুভব…তীব্র দুটোই!
যা দেখলে মনে এসে যায়…এর দরকার অনেক বেশি! পরমুহূর্তেই মনে হয় খুব…এর তো কোনও দরকারই নেই!
জীবনে যা ঘটল বলে আজকে হাসি প্রাণটা খুলে, কালকে দেখি, তা ঘটল বলেই একই রকম কান্না আসে!
জীবনে অসীম কষ্ট এলে…খুব মনে হয়, একটু সুখেই ভাসব কেমন দারুণ বেশি!
সুখের সময়…অল্প সুখে মন ভরে না…খুঁজতে থাকি সেইটুকু সুখ, যা সবসময়ই একটু বেশি!
এ কী দ্বৈরথে জীবন চলে! আজকে যা কম মনে হয়, কালকে দেখি, সেটাই বেশি!

ব্রত আজ ভালোবাসে ব্রততীকে, আজকের ফুরোয় দিন…কাল আসে…ব্রতী আসে ভালোবাসা-মঞ্চতে।
ব্রততীকে ব্রত ভালোবেসেছিল…সে ভালোবাসা সব দিকে ঠিকই ছিল!
ব্রতীকে যে ভালোবাসে ব্রত আজ…সেখানেও মিথ্যের নেই ভাঁজ!
ব্রততীকে ব্রত যতই চাক না, ভালোবাসা দিক না…সময়টা তবু বলে…এইসব ঠিক না, ঠিক না!
ব্রতী আর ব্রততী…দুইজন…বাঁচতে যে পারে না…ব্রত কেন দুইজন হয় না…ব্রত যদি না থাকে, জীবনটাই হয় না, হয় না!
ভালোবাসা…এ কী নেশা…দুইয়ে মেশা! এমনি করে ছড়িয়ে যত সত্যি আছে…হয় তা মিথ্যে সবই…বাঁচার কাছে!

ভালোবাসা বদলায়…সে বদলেতে বেহিসেবে, বেখেয়ালে…কেউ বাঁচে, কেউ-বা হারায়…
ক্ষতি হয় খুব বেশি…ওরা দেখি খুব কাঁদে…এমনই সব কান্নায়…কষ্টেই দিন যায়!
যদি কিছু ভালোবাসি…সে সত্তাটা ধরে রাখি…ভালোবেসে নিই যাকে…আমৃত্যুই রাখি তাকে!
ভালোবেসে পাই কিবা না-ই পাই, তবু তাকে রেখে যাই…হৃদয়ের মাঝেতে…
তারে রাখি…গোপনেতে…পেলে রাখি, না পেলেও…একবার ঢুকে গেলে…বের হবে…পথ নাই।

সময়ের দাবিতে, জীবনের খাবিতে…ভালোবাসা না বুঝে যদি কেউ চলে যায়…
আর না-ই যদি কথা হয়, জীবনটা কেটে যায়…দেখা যদি না-ই পাই…যদি দূরে সরে যাই…
ভুল করেও যদি সে…কাঁপে যদি সব পাপে…সব কিছু জেনেবুঝে মন যাকে পেতে চায়…প্রতিদিন ঠিকই পায়!
ভালোবাসার মানুষটা…যদি খুন করে দশটা…শেকড়টা উপড়ে, তার ছুঁড়ে ফেলো সব রে…লোকে বলে এমনই!
রাগে আর কষ্টে, ঘৃণা কিবা অভিমান যদি তাকে রেখে দেয়…এক কোণে ফেলে দেয়…
তবু আমি পারি কই…ভালোবাসা কমাতে…ঘৃণাটাকে জাগাতে…বিস্মৃতি মাখাতে…
ভালোবেসে যাকে ভুলে ঠাঁই দিই…হাসিমুখে শাস্তিটা মেনে নিই…তবু তাকে ভালোবাসি…ব্যথা পেয়ে তবু হাসি!

কী এক মানুষকে…ঘৃণাবাসি, ভালোবাসি…এমনটা কেন হয়…ভালোবাসাই টিকে রয়…অনুভবে আসে ভয়!
হাসিমুখে মরে যেতে সত্যি পারি যাকে ভেবে…যদি হাঁটে কখনও সে ভুল পথে…অমনটা পড়ে চোখে…
ফেলতে পারি মেরেই তাকে পলকেতে…কোনও দ্বৈরথ সমরেতে!
ভেতরের এক আমি জিজ্ঞেস করে বসে…ভালোবাসা নিয়ে তোর এত বেশি কথা কীসে?
একচোট হেসে নিই…এরপর বলি তাকে…এই তোকে বলি, শোন, পৃথিবীটা বেঁচে আছে দুইভাবে…
মানুষ মানুষকে ভালোবাসে, তাই…মানুষ মানুষকে ভালোবাসে না, তাই…
যদি তা না হত, পৃথিবীতে বেঁচে-থাকা, সে কি আর হত রে?
রাতদিন যন্ত্রণা ঢোকে আর রয় মনে…ভালোবাসা রাখি কী লালনে…ভালোবাসি যাকে সে বুঝবে-বা কেমনে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *