মন প্রচণ্ড রকমের ভার হয়ে আছে, কারণটা অবশ্যই তুমি।
বুঝতে পারছি না, কী করব।
কী হয়েছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না,
তাই তোমাকেও বুঝিয়ে বলা সম্ভব না।
তবে কিছু একটা অনিয়ম হচ্ছে
আমার স্বাভাবিকতার সাথে। এবং, বিষয়টা ঝুঁকছে তোমার দিকে।
তুমি আমার সাথে কঠিন করে কথা না বললে
আমি এতটা অস্বাভাবিক হতাম না।
একটা তীব্র কষ্টবোধ তাড়া করছে, আমি পালানোর চেষ্টা করছি খুব,
কিন্তু কেমন করে জানি আবদ্ধ হয়ে আছি।
আমার কোনও কাজ হচ্ছে না,
আমার মাথায় শুধুই তুমি ঘুরপাক খাচ্ছ।
আমার এলোমেলো লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি।
আমাকে স্বাভাবিক করে দাও, প্লিজ!
তুমি দেখেছ, আমি কথা বলছি।
তুমি দেখেছ, আমি অস্থির হয়ে আছি।
তারপরও তুমি চলে গেছ! এর মানে কী?
ফোনটা নিশ্চয়ই রেখে দিয়েছ বিছানার পাশে।
কেন, কেন এবং কেন?
তুমি একটা গাধা, তুমি একটা ইডিয়েট!
যাও, আমি তোমাকে আর কখনও ফোন করব না,
যোগাযোগ করব না…এমনকি কাঁদতে ইচ্ছে হলেও…না!
বুঝে, না বুঝে তোমাকে যা যা বলেছি, সব কিছুর জন্য সরি।
আর তোমার অবাক হওয়ার কিচ্ছু নেই, কেমন?
তোমাকে আর কখনও…কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে
…এই জাতীয় কিচ্ছু বলব না!
তীব্র অভিমান আমাকে ছিঁড়ে ছিন্নভিন্ন করে ফেললেও
তোমাকে বকা দিয়ে একটি শব্দও আর বলব না, লিখব না।
আমাকে তোমার জানতে হবে না। তুমি ভালো থেকো।
তোমার উপর রেগে আছি অনেক,
তবুও কেন জানি সারাক্ষণই তোমাকে ভাবছি!
এর নাম প্রেম নাকি? না কি গাধামি?
আমি তো আমাকে এতটা নির্লজ্জ হতে কখনও দেখিনি!
তবে কি নির্লজ্জ হয়ে যাওয়ার নামই প্রেমে-পড়া? না কি গাধা হয়ে যাওয়া?
নিজেকে নির্লজ্জ ভাবতে ভাবতে রাগটা বেড়ে যাবার বদলে
কমে গেছে অনেকখানি। আমি রাগতে চাইছি, কিন্তু পারছি না।
নিজেকে খুব অসহায় লাগছে। এই মুহূর্তে, আমি আমার রাগকে মিস করছি।
নিজেকে রুমের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিতে ইচ্ছে করছে!
তোমার ছোট ছোট কথা মনে এনে এনে মন খারাপ হচ্ছে, আবার মন ভালোও হচ্ছে।
এইসব কী? আমিও এমন হয়ে গেলাম! এটা ভেবে আমি সত্যিই অবাক হচ্ছি!
আমি খুব করে অনুভব করছি তোমায়।
একই সাথে তোমার উপর রেগেও আছি!
আমি এত ফালতু কেন? কী আজব! কী আজব!
আমার তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে।
সেখানে গিয়ে তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে।
তোমাকে কোনও কিছু খেতে না দিয়ে বসিয়ে রাখতে ইচ্ছে করছে।
কিংবা, তোমার সাথে কোথাও বসে কফি খেতে ইচ্ছে করছে।
কফি খেতে খেতে তোমাকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছে করছে।
এরপর রুমাল বের করে তোমার শার্টে লেগে-যাওয়া কফির দাগ মুছতে ইচ্ছে করছে।
আমার আরও কী কী ইচ্ছে করছে, আমি জানি না।
আমি এমন কেন করছি? আমি কি মানসিক রোগী? না কি প্রেমিকা?
আপাতত কোনওটাই তো নই আমি!
তবে আমি এসব কেন ভাবছি? আমি আসলেই একটা ঘোড়ার ডিম!
অ্যাই ছেলে, তুমি এখন থেকে আমার সাথে সহজ করে কথা বলবে।
আর একটা কথা, কঠিন করে কখনওই কিছু আমাকে বলবে না।
আরও একটা কথা…না, কিছু না!
তোমার সাথে আমার অনেক কথা আছে,
কিন্তু তোমার সাথে আমার কোনও কথাই নেই!
আয় ঘোড়া, পাড়্ ডিম
লেখাটি শেয়ার করুন