দূরত্ব আজ অনেক বেশি!
তোমার বিশালতায় ছাড়িয়ে সীমা আমি মিশে যাই,
পথ হারিয়েছে প্রান্তরে হায় সেই কবেই......
তোমার প্রাচীর আমার কাছে দুর্ভেদ্য করেই রাখ---এই-ই জানি!
জন্ম নেয় হঠাৎ করেই যে বন্ধুতা---ছড়ায় না রঙ, জাগায় না লোভ জীবন তোমার জাগায় যেমন।
স্তব্ধতা আর নির্জনতায় সে সম্পর্ক লুকিয়ে বাঁচে,
এলো হাওয়ায় দূরে চলে যায় মনোশরীরের শীতল ঘরে.........
বিনিময় নেই, হয়তোবা তাই---
দুজনের দেখা যেদিন কোনও এক অচেনা ট্রেনে ২৩ শৈত্য পেরিয়ে গেলে,
অপরাহ্ণের ছায়ায় মিলে দুইজোড়া চোখ।
এই শ্রাবণ্য, এখানে তুমি?
কে আপনি? ওঃ হ্যাঁ, তুমি! ভাল আছ?
হায় সোনামণি, কোথায় ছিলে? কত খুঁজেছি এই এতকাল!
সোনামণি কে? নারীত্বের এই মধ্যবেলায় পুরনো ওই ভোরবেলাকে আর ডেকো না।
কোথায় ছিলে? বলো, কোথায় ছিলে? কত খুঁজেছি.........সেই যে কবে দেখা হবে বলেছিলে, মনে পড়ে? ফোনটা তুমি আর দিলে না......জিততে চেয়ে অভিমানে গিয়েছ সরে.........
খুঁজেছ আমায়? বাহ্ অরণ্য! পারো বটে! থিয়েটারকেই জীবনে নামাও---আজো কেন? আমি হারিয়েছিই বা কবে, বলো? হারাতে হলে থাকতে হয় যে! সংলাপে নেই, তাই জানো না?
ক্ষমা চাইছি, থাক না সে সব! সব অনুযোগ ঘুমিয়ে পড়ুক মুহূর্তের এ ইন্দ্রজালে! যেতে দেবো না, হাতটা ধরো......
কাঁদছ কেন? হেসেছ কি কাঁদার আগে? হাতটা ছাড়ো! ঘুমিয়ে ছিলে, ভালই ছিলে! জাগলে কেন এ অবেলায়?
সব বুঝেও বোঝো না কিছুই!
বুঝি সবই? ঠিক ধরেছ! আমি নাহয় বুঝে মরেছি, তবে তুমি মরলে কেন---না বুঝেও?
কে মরে যায়, কে বেঁচে রয়---সময় হলে সময়ই কয়!
কেউবা মরে ভালোবাসার পরম সুখে, কেউবা তাতে দুঃখ শুকোয়!
হঠাৎ জেগে
লেখাটি শেয়ার করুন