ভাবিনি কখনও,
একদিন তোমার জন্য
এ বুকের পাঁজরে বাঁধবে বাসা রিক্ততা।
এ হৃদয় হাতড়ে তোমায় ছোঁবো না---ভাবিনি।
একদিন তোমার জন্য নিঃশ্বাস নিতেই কষ্ট হবে,
মনে হবে, মরে যাই, চলে যাই.........
ছুটে যাই চোখের জলরেখায় আঁকা পথে---তোমার কাছে!
কী এক বিষণ্ণতায় বন্দী আমি,
শেকল বাঁধা পায়ে, রক্ত ঝরে,
তার প্লাবনে আগুন পোহাই,
তবু কখনও বলিনি ভুলেও---ভালোবাসি!
আমি নির্বাক---কথার ভারে।
ভাবতেই পারো বোবা কিংবা বধির আমি,
কত-কত বার পথের ভিখিরি দৃষ্টি ছুঁড়ে বলে গেছে.........
থাক না সে কথা!
নিজেকে নিয়ে আর কত!
নাহয় এবার তুমিই বলো......
কেমন আছ?
আমি কান পেতে ছিলেম
তৃষিত হাওয়ায়,
সুর তুলেছিলেম
বিভোর লয়ে,
গত-হওয়া ওই বিস্মৃতিরা
ফিরে আসে আজ গন্ধে তোমার,
সেই পুরনো চোখের মায়ায় লজ্জাটুকু---আবারও দেখি.........কী অকস্মাৎ!
দিনগুলি হায়, উদাসি হাওয়ায় ঘুরে ফিরত সুতোর মত,
ভুলে মনে হত একেকবারে, দিই না ছুঁয়ে!
আনমনে বলে ফেলি, ভালোবাসি!
ভালো তো আমি বেসেই ছিলেম,
তবু কেন বলতেই হয়......ভালোবাসি!
এত বোঝো তবু অবোধ্য ওই ভালোবাসাটাই?
কেন যে চাই অধিকারটা---
ওই হাতের, ওই ঠোঁটের,
উর্বর মৃত্তিকায় তোমার চাষের,
অথবা অন্য কিছুর........এ জীবনে আর বুঝলে না!
তবে ভালোবাসা---সে কি কেবল নগ্নতার মত উষ্ণতাটুক?
উষ্ণতার মোহে খোঁজো
অষ্টাদশী প্রিয়তমা,
চোখে যার নেশা, ঠোঁটে জাগে তৃষা,
বুকে ওঠে মাতালকরা ঢেউ,
শরীরে ডুবে মনকে ডুবাও,
কে জানে ওতে কখন কী পাও!
অনেক ছিল কথা,
দু-একটি গান, কত ভালোবাসা,
একটু অভিমান।
নির্বাকতার গল্পে ঝরে কষ্ট ভীষণ,
সে কষ্টে বিধাতা আমায় গড়েন, ভাঙেন।
চালিয়ে শাবল এ বুকেতে যতই খোঁড়,
পাথর বাদে পাবে না কিছুই!
বারবার কেন প্রেমে পড়ি!
বড় সাধে কেন স্বস্তি ঠেলি, যন্ত্রণাতে পুড়ি, মরি!
ভালোবাসি, তোমায় ভাসি, আমায় হারাই।
কোথায় আছি, কোথায় বাঁচি---
জানি না কিছুই।
তোমার মাঝে এভাবেই যদি রাখবে আড়াল,
তবে বারেবারে কেন হাতটা ছাড়ো? কোন ভাবনায়?
সব পাওয়া কি দলিলে থাকে, বলো?
যা লেখা নেই, তা-ই তো আসল! এটা বোঝো না?
আমি নাহয় অন্য কারও হয়েই যাবো,
তোমার সাথে যা কিছু হয়, অনুভবে থাক,
সব শিহরণ গোপনে মিলাক, আর বেজে যাক সবটুকু সুর।
বড্ড তুমি নাছোড়বান্দা, ছেড়েও ধর টেনে!
সব বুঝেও ঘাপটি মেরে থাক,
দূরে সরেও নাটাই ধরে রাখ।
আমি কেমন বোকা--ভাবি,
তোমার সবকিছুতেই দেখে ফেলি প্রেমের দাবি!
মৌনী প্রেম
লেখাটি শেয়ার করুন