এখনও অপেক্ষায় থাকি,
আরেকটিবার তোমায় ছোঁবো---
বুকের পাঁজর দিয়ে,
নিঃশ্বাসের রঙিন স্রোতে, উষ্ণতায় মেতে,
কিংবা ক্লান্তিতে দৃষ্টি মেলে অঝোর বর্ষায়!
দ্বিধাহীন বাসনায় তোমার ওষ্ঠের অমৃত তৃষা
উপকূল থেকে ধেয়ে-আসা এক সাইক্লোন যেন......
যেন অগ্নিগিরির স্ফুলিঙ্গ ছোটে! করে গ্রাস এ শরীর আমার!
তবু শুধোতে বাধে---আসবে নাকি? নাকি, আসব?
তুমি যে প্রিয় আমার নও!
তবু তোমাকে চাই—আর জন্মেও,
মনে পড়ে, মনে পড়ে যায়---
কেবলই তোমায়--- তাই ভুল করে ভালোবেসে যাই!
যত বলি, না, না.........
মানে না মানা
বেহায়া চিত্ত, ওঠে জেগে কামনা নিত্য---কী অবিরাম, অবিশ্রান্ত!
ফিরে আসো, ফিরে আসো,
বিধ্বংসের পর---রক্তে, মাংসে, হৃদয়ে মিশে---আমার কঙ্কালে!
দংশনে ঢালো বিষ,
চুম্বনের মায়া ভুলিয়ে দিয়ো গো,
অমৃতে আজ গরল হানো---এই মিনতি!
আমি তো নক্ষত্র নই---
লক্ষ বরষ পুড়িয়ে হৃদয় অমরত্বের কাহিনি হবো!
নাহয় অসীমে তরঙ্গে মিলে আকাশ হয়ে ফিরে আসো,
ফিরে আসো হৃদয়ের চিলেকোঠায়,
গ্রহণের আঁধারে, নিঃসঙ্গ নিশীথে আমার।
ফিরে আসো কোনও এক অচেনা প্রহরে,
হিমের বারতা হানো বিফল যৌবনে,
মুছে যাক শেষ ব্যথা বিমর্ষ অভিমানে।
আমি এখনও জাগি রাত্রি,
ঘুমহীন চোখে তোমায় ভাবি---ওই ধ্রুবতারা,
আমি তোমাকে পেতে আবারও রাজি,
হতে যদি হয় সর্বহারা!
ওরা ভালোবাসা বাসা বলে,
চিত্তের অসুখে ভোগে,
স্নায়ুর তাড়নে প্রেমের উৎসবে কঠিন বিষের উক্লা ঝরায়।
প্রাণ থেকে প্রাণে,
বাহু থেকে বুকে,
ভালোবাসা এক কী দারুণ নিম্নচাপ---
নাভি তার উপকূল,
তীরের ওপাশে ভীষণ উচ্ছ্বাস,
ব্যাকুল বাসনার সীমাহীন উত্তাপে।
আর আমি---সেই গৃহহারা যাযাবর---পড়ে মনে?
সবুজ পেরিয়ে মরুতে এসেছি হয়তো ভুলে হৃদয় পাবো---এই আশাতে,
শুধু হৃদয় ছোঁবো---এই নেশাতে।
আমি কখনও, হৃদয় কারও পারিনি ছুঁতে,
ওদের হৃদয়......ছুঁতে হয় যে শরীর দিয়ে---হৃদয় সেখানে বেমামান বড়!
এতটা বেশি চাইনি আমি,
চাইনি কেউ এসে তবু আগুন ধরাক,
অকূল প্লাবনে বর্ষা ঝরাক।
শুধু চেয়েছি, কেউ তো এসে আমার চুলের ঘ্রাণটা জড়াক নিজের চোখে,
আমার হাতের পিঠে আলতো করে চুমু খেয়ে বলুক জোরে---
ওগো প্রিয়া, অনন্তকাল আঙুলে তোমার জড়াবো আঙুল---বিশ্বাস রেখো!
পাঁজরে আমার কী হাহাকার---শৃগালের ভিড়ে
মানুষ হবার যন্ত্রণা আর কম কিছু নয়!
স্বার্থ যখন বলায় তবু নিশ্চুপ থাকার কষ্ট বোঝো?
আমার চোখেতে ওঠে জমে---অতৃপ্তি কিংবা বাসনা নয়,
অনেক ঘৃণা!
ক্ষমা করি তবু, বুকে টেনে নিই---
তাই ক্লান্ত!
পাঁজর দিয়েছি, রক্ত দিয়েছি, অনেকটা জীবনও করেছি দান---
তবু পাইনি হৃদয় কখনও কারও!
ওদের হৃদয়, হৃদয় দিয়ে তো যায় না ছোঁয়া---বুঝিনি আগে।
তাই নিঃশব্দেই লেখা হয়ে যায় কত কবিতা, আর কত গান---অভিমানে নয়, শুধুই ঘৃণায়!
সেই ক্ষুব্ধ পঙক্তিতে আমায় পাবে—নিয়ো খুঁজে।
নীরবে আমি শুধু কেঁদে যাই,
এ অসীম কষ্টে ওরা হেসে ওঠে খিলখিলিয়ে!
ওদের তৃপ্তি দেখি, আর পাঁজরে---যন্ত্রণা হয়!
স্বানুরক্ত গাথা
লেখাটি শেয়ার করুন