পত্রসাহিত্য

প্রথম মানুষ, দ্বিতীয় প্রেম



ওকে বড় ভাল লাগত, তাই.........
কখনও মনে হত, ভালোও বুঝি বাসতাম......
হুমম্‌.........বাসতামই তো, না? নইলে ওর চোখ আমার বুকে ঝড় আনবে কেন? কেন ওরই কথা মনে আসতেই হারিয়ে যেতাম কোথায় যেন?
আমি চাইনি, ও কখনও অন্য কারও চোখে বাঁধা পড়ুক, কিংবা অন্য কেউ ওর চোখে.........একে প্রেম বলে নাকি?
কী এক প্রবল আশায় ও চাইত আমায়.........আর আমি?
আমি কখনও চাইনি ওকে তেমন করে!
শুধু চেয়েছিলেম, ওর দৃষ্টি সারাটি জীবন ধরে আমার ওপরেই থাকুক! ব্যস্‌ এইটুকুই!

মানুষ তো আর সাগর নয় যে সারাজীবন ধরে বুকের ওপর আকাশকেই ধরে রাখবে।
আমি কি জড়, তবে? নাকি, অন্য কোনও গ্রহ থেকে ছুঁড়েফেলা এক অন্য রকম প্রাণী?
যা-ই হোক, ফিরে আসি আগের কথায়।
আমি ওর কথা বলছিলাম, ও এ পৃথিবীর একজন মানুষ, অনন্য---মানে, অন্য সবার মতনই; এবং তাদের অন্যতম, যাদের বুকে আগুন থাকে, তাইতো ওরা কেবল আগুন নির্বাপণের যন্ত্র খুঁজে মরে!
এই এক অগ্নি নির্বাপক যন্ত্রের খোঁজেই জীবন গেল! কেন যে অতো আগুন লাগে!
অথচ......আমি তো আর যন্ত্রও নই যে লোভনীয় কিছু হবো! যন্ত্র বড় কাঙ্ক্ষিত! যন্ত্র বড় মিথ্যে বলায়!

আমি শুনেছিলাম, ভেবেও নিয়েছিলাম---ও আমায় ভালোবাসে---ভীষণভাবে!
বুঝিনি কখনও, লোকে কেন ভালোবাসে? লোকে কেন ‘ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি’ চেঁচায়!
কী করে জানব, বলো, ভালোবাসতেও কারণ লাগে! সময় পেতে কিংবা সময় দিতে---হৃদয় শুধু? নাহ্! বড্ড কম হয়ে যায়!
সরল চিত্তে কেবল চিত্তের ভালোবাসার বিত্ত---আমায় রিক্ত করে দিল!
আরে বাবা, শরীর ছাড়া আত্মাই তো অদৃশ্য! আর এ যে স্রেফ ঠুনকো ভালোবাসা!
কারও ভালোবাসা শরীর ছাড়া বাঁচে না, কারও শরীর ভালোবাসা ছাড়া টিকে না।
চলে গেল.......ও চলে গেল সবকিছুকে পেছন ফেলে---ভালোবাসা নয়, শরীরের খোঁজে!

আমি সেই জীর্ণ রিক্ত কাকতাড়ুয়া। কী বিষণ্ণ বীভৎস রাতের পর রাত পার করে দিলাম দিব্যি---একাএকা!
ওই একজোড়া ঠোঁট---
নিচ্ছে শুষে শহরের সব রঙ!
ওই একটা পাঁজর---
দিচ্ছে ঢেকে সব তৃণভূমি!
নেই দৃষ্টি, অনুভূতি ভোঁতা!
তবু বেঁচে আছি।
মানুষ বেঁচে থাকে।
আমিও.........রইলাম বেঁচে, রইলাম টিকে---এমন হয়তো অনেকেই রয়!
তবু পারি না ভুলতে---সেই যে আমার প্রথম পাঠ---কষ্টগেলার সরল পাঠ!

তারপর......
এক তুড়িতেই কেটে গেল অনেক অনেকদিন।
ও ফিরে আসার আগে, আমি ভালোবাসলাম---আবারও।
মানুষ ভালোবাসে, কষ্ট পায়, আবারও ভালোবাসে......অভিনব কিছু নয়, সেই কষ্টই পায়---তাই সে মানুষ!
আমিও বাসলাম---সব দিয়ে, সবটুকু বিলিয়ে........
আমি চাইলাম, সে আমার সর্বস্ব নিয়ে নিক, নিয়ে যাক যতো অহংকার.........
উজাড় করে ঢেলে দিলাম সব ভালোবাসা, বিনিময়ে চাইলাম, সে আমায় ভীষণ ভালোবাসুক! আর কিছুই নয়!
আমি তাকে মনপ্রাণ দেহআত্মা সবকিছু দিয়ে চাইতাম.........
হায়, বিধির কী পরিহাস! ও আমায় নিতান্তই এক শিশু ধরে নিয়েছিল---যাকে ভালোবাসা যায়, আদর করা যায়, কখনওবা ছুঁড়ে ফেলেও দেয়া যায়!
ও ফিরে এল, সে চলে গেল। ও ফিরে এল ওর কেউ নেই বলে, সে চলে গেল আমার কেউ আছে ভেবে!

প্রথম মানুষ, দ্বিতীয় প্রেম।
প্রথম রাস্তা, দ্বিতীয় যাত্রা।
প্রথম অস্তিত্ব, দ্বিতীয় স্বপ্ন।
এও হয়? হলই তো!
প্রথম মানুষ দিল দ্বিতীয় জন্ম!
আমার সত্য, আমার আলো, আমার চেতনা, আমার বোধ, আমার মনুষ্যত্ব!
কে বলে প্রথমই সেরা? আমি তো বলি, যেখানে আত্মতৃপ্তি আর ভালথাকা---সেটাই সেরা!
দ্বিতীয় প্রেমের জন্ম একই মানুষের জন্য---করেছে আমায় অন্য, উদ্ভিন্ন, বন্য!

তোমায় প্রিয় কত কতবার বলে ফেললে পরে---‘ভালোবাসি’......তৃপ্তি এসে ছোঁবে---জানি না।
দোহাই তোমার, ওইভাবে চেয়ো না তুমি!
তোমার জ্বলন্ত দৃষ্টি আমায় পুড়িয়ে দেয়!
তোমার তীব্র নেশা আমায় মাতাল করে রাখে!
প্রিয়, এতটা এসো না কাছে,
তোমার নিঃশ্বাসের প্রবল নিম্নচাপ---
যদি হানে ঝড়,
ডুবে যায় প্রেমোষ্ণ তট,
যদি তুমি ভেসে যাও কোনও এক আগন্তুক পূর্নতায়---আর বাঁচব না আমি!
দ্বিতীয় প্রেমে মত্ত মানুষটিকে দ্বিতীয় মৃত্যু স্বাদ দিয়ো না, প্রিয়---ওতে বড় পাপ হয়!
বরং দূরেই থাকো,
পিপাসাটুকু অপূর্নই থাক,
তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্নেই নাহয় থাকি বেঁচে!
স্বপ্ন ভাঙেই প্রাপ্তি যেচে---দেখেছি, কত মানুষ মরে জন্ম বেচে!
পেয়ে গেলে সব, সবই পালায়!.........সব চাওয়া তাই ভুল যে মানি!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *