সত্য কি প্রিয়ার তীব্র চাহনি যা শরীর থেকে রক্ত ডাকে?
যখন ওই ঘন চুল উড়তে থাকে মাতাল হাওয়ায়,
চোখের তারার কাঁপন দেখি---নাচন ওঠে এ হৃদয়ে!
কত অসহায় মরে বেঁচেছে প্রেম না পেয়ে, খোঁজ বলো তার, কে-ইবা রাখে!
আমি শুন্য হাতে ঘুরি বিদেশে জীবন খুঁজে মরণফাঁদে,
প্রিয়া যখন হেসে গড়ায় অন্যঘরে, আমি তখন হই বিদেশি নিজেরই ঘরে!
বেদনা কি বিষাদ, দুইই খেলে যায় এ হৃদয়ে আমৃত্যুই! সত্য এটাই!
সত্য---তুমি বড়ো সুন্দর, অবিনশ্বর, শাশ্বত আলো!
কী নামে ডাকবো তোমায়---সম্ভাবনা কি সময়ের দাবি?
নাকি প্রাচীন স্বর্গ, যা এনেছে জগতে আধুনিক সভ্যতা?
নাকি সেই পবিত্রতম সত্তা, যা ঈশ্বর হয়ে আছেন আমাদের মনে?
তুমি কি আত্মা নাকি শাণিত বুদ্ধির দাপুটে শাসন?
নাকি গূঢ় প্রচ্ছন্নতা যা স্ফুট বলেই মানে সকলে?
সত্য, তুমি সত্যের চেয়ে নির্মম, বাস্তবের চেয়ে প্রকট!
তুমি কি তবে সেই জুয়াড়ি, যে জলসা বসায় ঘটনার কি-বা অঘটনের?
দেখেছি, তুমি আকাশের গায়ে ধুলোর তখ্ত, যেন চিরম্লান নন্দনসুধা!
তুমি কি মানুষের দেহে আহার-ভাগাড়, রোগের বসত?
তুমি যদি হও মন্দির কি মসজিদ কি গির্জা আর প্যাগোডা কি-বা,
তবে ত্রিপিটক কোরআন গীতা বাইবেল, যা বল, সত্য সবই!
তাবিজ কি কবজ, বাহুর কি-বা কটির বন্ধ,
যা কিছুই বদ্ধ থাকে বিশ্বাস কি ভাল’র জোরে,
সত্য এসবই! দুর্যোগ বলো, কি-বা দুর্বিপাক, সত্য সে কি নয়?
মেঘ বলো আর বজ্রপাত কি ঝড়ই বলো,
এ পৃথিবীর বুকে দমকা হাওয়ার, বৃষ্টিরোদের ঝাপটা লাগে,
কখনোবা নরক জাগে, সে নরকে আঁধার নাচে, আলো ফুরোয়,
ফেরেশতা আর দেবতা যত, সুযোগ বুঝে সামনে আসে,
আমাদের মনে ঈর্ষা কি-বা কুৎসা লাগে, সুন্দর তা-সবও!
হোক জ্ঞান কিংবা অজ্ঞানতা, অ্যাডাম আদম কিংবা মনু,
নূহের প্লাবন, তাণ্ডব-শ্রাবণ, পয়গম্বর কিংবা সাধক,
ঈশ্বরের ছেলে, রূপের জেলে, জেগে ওঠে যে আলোর পথে,
সত্য তো সে-ই! এই অস্তিত্বের সুন্দর যেটুক, সত্য সেটুকই!
গাছের শাখায় কিংবা পাতায়, সুরে কি সুরায়, তালে কি লেখায়,
সৃজনে বিনাশে, ফুলের সুবাসে, রঙের ছটায়, মেধার জটায়,
প্রেমময় লাজুক দৃষ্টিতে, সত্য দেখেছি বিধি কুবিধির সৃষ্টিতে।
ক্ষমতার রঙে, হিসেবের ঢঙে, উল্লাসে আর ঝোঁকের খেয়ালে
সত্য কি নেই?
মাতলামি কি ধীরতাই বলো, চমকে কি-বা চমকিতে চলো,
কি আবাদে কি সুবাদে, রহস্যে বলো, আর জ্ঞাততেই বলো,
সত্য আছে। হোক নির্বিকার কি-বা নার্সিসিস্ট, সত্য তো দুইই!
যে গাছ পাতা হারালো, যে মাথা ছাতা হারালো, যে ফুল লোকে মাড়ালো,
যে শান্তি কাঁপে খঞ্জরে, যে গোষ্ঠী বাঁচে বুলেটে, যে তীরের ফলা অভিশাপ আনে,
তোমরা ওদের মিথ্যে বলো কেমন করে?
রঙ যতটা সত্য, নেই-রঙ সত্য ঠিক ততটাই!
আকার যতটা সত্য, নেই-আকার সত্য ঠিক ততটাই!
প্রাচুর্য যতটা সত্য, ক্ষুধা সত্য ঠিক ততটাই!
পুণ্য যদি সত্য হয়, পাপ কীকরে মিথ্যে হয়?
যা-ই বলি, তা কম হয়ে যায়!
একজন্ম কাঁদলে তবু কম মনে হয়!
সত্য কোনো চিহ্ন মানে না, অর্থ জানে না।
যে সত্য লুকিয়ে রাখি, সে সত্যে আরো বেশি যেন বাঁচি!
সত্য যেমন
লেখাটি শেয়ার করুন