গল্প ও গদ্য

জ্যোৎস্নায় আলো নেই



ভাবছি, নিবিড় রাত্রি হবো,
খুব নিশিতে যখন তুমি একপৃথিবী ক্লান্ত হবে,
চুপটি করে গভীর মায়ায়
তোমার পাশেই জেগে রবো।

কিংবা ধরো, রৌদ্র হলাম,
ভূতের মত যখন তুমি
ক্লান্ত পায়ে দৌড়ে যাবে,
একটু হেসে পরম মায়ায়,
তোমায় নিবিড় পরশ দেবো।

ভাবছি, শিশিরবিন্দু হবো,
ঘন কুয়াশার চাদর গায়ে
যখন তুমি চলবে পথে,
স্নিগ্ধ হাওয়ায় শিরশিরিয়ে,
আলতো তোমায় ছুঁয়ে দেবো।

ভাবছো কেন?
শূন্য হাতে শূন্য বুকে
যখন তুমি দাঁড়িয়ে রবে,
বৃষ্টি হয়ে ঝরঝরিয়ে
ক্লান্তি যত, মুছে দেবো।

আপনার লেখা পড়ে ওপরের লাইনগুলি লিখতে ইচ্ছে করল। কৃতজ্ঞতা জানবেন।
কাল সকালে উঠে খুঁজে বের করব, লতার সাথে আমার মিল কোথায়। এরপর আপনাকে তা লিখে জানাব। এখন আসি, কেমন? রাত শুভ হোক।
মেয়েটার নাম লতা না হলে ভাল হত। সকালসকাল লিখতে বসে এ কথাটাই প্রথম মাথায় এলো। আমার বউদির নাম আশালতা, সবাই ডাকে লতা নামে। নামটা বীথি হলে কেমন হত? আমি বীথি। নিজেকে আপনার গল্পে পেতে ইচ্ছে করে। না পেলেও কিছু এসে যায় না, তবুও.......লেখকের নায়িকা হতে কে না চায়, বলুন!
জানেন, আপনি যখন কথা বলেন, তখন ভয়ে কথা বলতে পারি না। আর যখন চুপ করে থাকেন, তখন মনে হয়, আপনি বুঝি আমায় ইগ্নোর করছেন! অবশ্য, আপনার কাছ থেকে অবহেলা পাওয়াটাও আমার কাছে অনেককিছু। সুবীর নন্দী কত দারুণ করে গান.........তবু একটা কিছু হয়েছি যে/তাতেই আমি ধন্য হলাম.........
লতার গল্পটা তিনবার পড়লাম এ নিয়ে। খুব মুগ্ধ হচ্ছি কমেন্টগুলি দেখে। গল্পটা এত ভাল লেগেছে সবার! আপনাকে আমি আমার সব গল্প বলবো। পরিবারের গল্প, প্রেমের গল্প, স্বপ্নের গল্প। সব কথা আজকেই বলে শেষ করবো। কাল থেকে পড়তেই হবে। সামনে পরীক্ষা যে! জানেন, বাড়িতে মা নেই। একার হাতে সব কাজ করতে হচ্ছে। কিছুতেই চুপচাপ বসে থাকতে পারছি না। মেয়ে হলে হাত গুটিয়ে বসে থাকা যায় না। মেয়েদের কাছে এ সমাজের প্রত্যাশা অনেক। বাসায় একটা মেয়ে থাকলে বাকিরা হাত গুটিয়ে বসে থাকে। ঘোড়া দেখে খোঁড়া হয়, এমন লোকই বেশি! আমি তো ভাবছি, এত কিছু মায়েরা কীভাবে যে সামলায়, কে জানে!
গল্প শুরু করি......
লতার সাথে আমার পুরোটাই মিল। লতার মনে এক ধরনের তীব্র কষ্ট আছে---সুন্দরী না হওয়ার কষ্ট, যেটা আমার মনেও আছে। তবে এটা নিয়ে আমার খুব বেশি আফসোস নেই। আমার কষ্টের জায়গাগুলি আসলে কোথায়, আমি ঠিক খুঁজে পাই না। অনেক ভাবনা আসে নিজেকে নিয়ে। বলব?.........থাক, ওসব তো বাজে ভাবনা! আমি যেমন, আমি তেমনই। দেখানেপনা নেই আমার মধ্যে। যেদিন আমার প্রোফাইলটা ঠিকঠাক করবো, সেদিন অ্যাবাউট মি’তে লিখে দেবো, ‘দুঃখবিলাসী’। আর রবি ঠাকুরের একটা লাইন---আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী......
উঠতে হচ্ছে। একটু পর ফিরছি।
লতার বাবা চলে গেছে। এটা ওর সবচে বড় কষ্টের একটা জায়গা। এখানেও মিল আছে। আমার বাবা আমার কাছেই আছে। বাবার বয়স এখন সত্তর ছুঁইছুঁই। আমি যখন ফোরে, তখন বাবার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা। বাবা ড্রাইভ করছিল, পেছনে তার বন্ধু ছিল। বাবার বন্ধু মারা যান, আর বাবা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েও বেঁচে যায়। সে কারণেই হোক, আর বয়সের কারণেই হোক, বাবা এখন কিছু মনে রাখতে পারে না। কেমন যেন ছোট মানুষের মত হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। যে বাবার কোলে বসে আমি সপ্তর্ষিমণ্ডল চিনতে শিখেছি, যার পাশে শুয়ে গোটা মহাভারত, রামায়ণের গল্প শুনেছি, আমি কাঁদলে যে বাবা আমার দুঃখ ভুলিয়ে দিত, আজ কেন তাকেই আমার ভুলিয়েভালিয়ে রাখতে হয়! তার এ অসহায়ত্ব, হেরেযাওয়া আমি মেনে নিতে পারি না। বাবার খুব ইচ্ছে, আমি বড় কিছু হই। আমি বড় কিছু হতে পারলে বাবাকে জিতিয়ে দিতে পারতাম। আমি বাবার জন্য স্বপ্ন দেখি.........আজও। আমার নিজের জন্য নয়, বাবার জন্য জিততে খুব ইচ্ছে করে।
থাক এসব। ফ্যামিলির কথা বলি। লতার বাবা-মায়ের মত আমার বাবা-মায়ের এত মিল নেই। বাবা উত্তর মেরুর মানুষ তো মা দক্ষিণ মেরুর, এরকম।
আমার ছোটবেলার একটা কমন দৃশ্য: বাবার সারাদিন শুয়েশুয়ে বইপড়া, আর মা’র সারাদিন চড়ামেজাজ আর বকুনি। আমার মা খুব রাগী। আমরা তিনবোন এখনও মায়ের ভয়ে তটস্থ হয়ে থাকি। মা আমাদের খুব ভালোবাসে, কিন্তু একটু এদিকওদিক হলেই বকুনি থেকে আর বাঁচা যায় না। বাবা রবীন্দ্রসংগীত পছন্দ করে বলে মা তা পছন্দ করে না। আমরা যখন ‘আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে’ গাইতাম, মা তখন গাইতো ‘সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভাল’। মা জোর করে হলেও উল্টো হাওয়ায় চলে! বাবা-মায়ের মিল আমি খুব কমই দেখেছি, অথচ মায়ের যখন গলব্লাডার অপারেশন হয়, যতক্ষণ অপারেশন হয়েছে, ততক্ষণ বাবা ধ্যানে বসে ছিল।
আচ্ছা, আপনি আবার ভাবছেন নাতো, মেয়েটা এত কথা বলছে কেন!? একটু ধৈর্য আমার জন্য রাখলেন নাহয়! শুরু করেছি যখন, তখন শেষ করবো। আর বলতেও ভাল লাগছে।
আর একটু বলে ফ্যামিলির গল্প শেষ। আমার পরিবার খুব সাধারণ মধ্যবিত্ত একটা পরিবার। বাবার জগতটা ছিল তার স্কুল, তিন মেয়ে, আর বই নিয়ে। বাবার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে বইগুলো ছাড়া। বাবাকে যদি একটা লাইব্রেরি করে দিতে পারতাম! বাবা কিছু পুরস্কার পেয়েছে। যেমন, সাদা মনের মানুষ হিসেবে, দুদক থেকে, নানান সামাজিক কর্মকাণ্ডের জন্য পুরস্কার বাবার ঝুলিতে, এটা আমার গর্ব। নীতিবান মানুষ হিসেবে সবাই তাকে দেবতার মত দেখে। আমার মায়ের জগত কাজের লোকজন আর তার সংসার নিয়ে। আমি ছিলাম দিদিদের কোলঘেঁষা। বড়দি এখন কলেজে পড়ায়, আর ছোড়দি প্রাইমারি স্কুলের টিচার। পরিবারের গল্প শেষ।
প্রেমের গল্প রাতে বলবো। কষ্ট হচ্ছে, তাও বলবো। বলতে ভাল লাগছে। আপনি বিরক্ত হচ্ছেন নাতো?
আমার লেখাগুলো পড়ে হাসছেন, তাই না? হাসেন। হাস্যকর কাহিনিই তো করছি!
শুরু করেছি যখন, শেষ করি। বীথির প্রেমের গল্পগুলো খুব সাধারণ। খুব লাজুক আর ভীতু হওয়ায় ওর প্রেম এসেছে নীরবে, আবার চলেও গেছে নীরবেই। আজ বীথির স্বপ্নের কথা বলি। প্রতিটি মানুষেরই বুঝি ভাললাগার একটা একান্ত ছবি মনের মধ্যে খুব যত্নে আঁকা থাকে। সে ছবি আঁকা না থাকলে বেঁচেথাকা সহজ নয়। বীথির ছবিটা কেমন ছিল, সে নিজেই ঠিক বুঝতো না। সে কেবল জানত, একটা ছবি আছে......মনের নিভৃত কোণে। বাবার পাশে শুয়ে গল্প শুনতে-শুনতে কর্ণের জন্য কিংবা কোনও দুঃখী রাজপুত্রের জন্য ও ভালোবাসা অনুভব করতো।
এরপর.........এরপর ভগবান একদিন বীথিকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিল, যে লোকটাকে প্রথম দেখেই বীথি অবাক হয়ে গিয়েছিল। সেই ক্লাসেই বীথি অসুস্থ হয়ে পড়ায় ক্লাস শেষের আগেই তাকে রুমে ফিরতে হয়েছিল। সেদিন রুমে ফিরে সে খুব কেঁদেছিল......
থাক, এসব বললে অনেক বলা হয়ে যাবে।.........এভাবেই গেল কয়েকদিন। এরপর বীথি একদিন ওর ভাললাগাটাকে সহ্য করতে না পেরে লোকটার ফোনে একটা মেসেজ পাঠিয়ে বসে। ধীরেধীরে বীথি বুঝতে পারে, এই লোকটা অদ্ভুতভাবে তার স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। যে কল্পনার জগতটাতে সে একাএকা বাস করতো, সেখানে এই বাস্তব লোকটা ঢুকে গিয়ে তার সমস্ত জগতটাই ওলটপালট করে দিল। বীথির ভাললাগা আর ভালোবাসার অনুভূতিগুলো যেন স্বর্গকেও ছাড়িয়ে গেল! কিন্তু বীথি এটাও বুঝতে পারলো, এই লোকটার তুলনায় সে খুব তুচ্ছ। একটা ছোট্ট ভালোবাসায় তাকে বন্দী করা যায় না। তার জন্য একআকাশ চারসমুদ্র ভালোবাসা অপেক্ষা করছে। এটুকু মেনে নিতে গিয়ে বীথির সমস্ত অনুভূতি, ইচ্ছে, স্বপ্ন সব মরে গেছে। সে লোকটা জানেই না, বীথি এখন কেমন আছে! আরও অনেক কিছুই সে জানে না। তার জন্য কারো বেঁচেথাকার ইচ্ছেটুকু নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে এমন লোক যারা, তারা কোনও কিছুকে স্পর্শ না করেই বেঁচে থাকতে পারে। তবে ওরা যে পথ দিয়ে যায়, সে পথের সমস্ত কিছুই ওদের স্পর্শে এলোমেলো হয়ে যায়। ওরা ডোবায়, ডোবে না। ওরা ভোলায়, ভোলে না। ওরা বাঁধে, বাঁধা পড়ে না। রাজহাঁস যেমনি করে ডানা না ভিজিয়ে পানি বিক্ষিপ্ত করে সাঁতরে চলে, ঠিক তেমনি ওরা সাঁতরে বেড়ায় এদিকওদিক।
বীথির বিয়ের কথাবার্তা হচ্ছে। অনুভূতিহীনভাবে সে সব মেনে নেয়। শুধু সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় কৃষ্ণের সামনে গিয়ে তার বোবা অশ্রুগুলো ঝরে পরে। তুমি এত নিষ্ঠুর, গোপালঠাকুর........
তুমি এত নিষ্ঠুর কেন, ঠাকুর? পারো না তাকে খুব সাধারণ একজন মানুষ করে দিতে? তাকে কেউ না চিনুক, কেউ না জানুক! তার কোনও প্রতিভা না থাক! তার সাফল্যটুকুও নাহয় তুমি কেড়ে নাও! সে নেমে আসুক আমার সমতলে! আমার মতই অসুন্দর হয়ে যাক সে! তার সঙ্গ কেউ কামনা না করুক! আমার মতই তার ভিতরে কিছু কষ্ট থাক! তার হাতটা খুব সহজ মানুষের হাত হোক, যাতে আমি তা ধরতে পারি। তার চোখদুটোয় যে সমুদ্র আছে, সেখানে আমার সন্তরণ অবাধ ও সহজ হোক। খুব সহজ আনন্দে সরল মনে হেসে উঠুক সে আমারই মত করে! ছোট্টছোট্ট সুখের প্রাপ্তিতে সে খুশি থাকুক! তার কোনও উচ্চাকাঙ্ক্ষা না থাক! আমার জন্য সে এতটাই কাছের হোক, যাকে আমি হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারি!
বীথি নিজের জন্য এমনভাবে চাইতে ইচ্ছে হলেও চাইতে পারে না। ঋদ্ধিকে ভালোবেসে বীথির উপলব্ধিগুলো বদলে গেছে। ভেতরের চাপল্যটুকুও শান্ত হয়ে গেছে। ভালোবাসায় এক ধরনের অব্যক্ত কষ্ট আছে। সে কষ্ট কাউকে দেখানো যায় না, আবার সে কষ্ট নিয়ে নিঃস্পৃহ হয়ে থাকার অভিনয় করে যাওয়াও সহজ নয়। বীথির এই কষ্টটা কখনো যেন ঋদ্ধিকে স্পর্শ না করে। ঋদ্ধি নিজেই ভালোবাসার স্রোতে ভেসে যাক। ঋদ্ধির প্রতি বীথির কোনও অভিযোগ নেই। আসলে এতটা সাহসই বীথির নেই। যখন একান্তই সইতে না পেরে বীথি ঋদ্ধিকে মেসেজ পাঠাতো, সে কোনও রিপ্লাই পেত না। একটাসময় তার মনে হল, আমার এই আবেগ ঋদ্ধিকে অস্বস্তি দিচ্ছে নাতো? তাকে আমি এই অস্বস্তির কষ্টটুকুও দিতে চাই না। ঋদ্ধি শুধুই ভাল থাক!
বীথি এখন খুব চেষ্টা করছে তার স্বপ্নগুলো ঘুরিয়ে দিতে। মজার ব্যাপার হল, বেঁচে থাকতে হলে একটা না একটা স্বপ্ন থাকতেই হয়। লোকে বুঝি যে স্বপ্ন দেখতে নেই, সে স্বপ্নই বেশি দেখে! কী ক্লান্তিকর এই টেনেটেনে স্বপ্ন দেখা! বেঁচেথাকাটা যতই অর্থহীন হোক না কেন, চারপাশের মানুষগুলোর জন্যও হলেও বাঁচতে হয়। ঋদ্ধি একটা দিনও আফসোস নিয়ে বাঁচতে চায় না। আর বীথি বুঝতেই পারে না, কোনটা আফসোস নিয়ে বাঁচা, কোনটা সুখে বাঁচা। বেঁচে থাকতে হবে, এটাই একমাত্র সত্যি। এর চেয়ে বেশি কিছু বীথি ভাবতে পারে না। বেঁচেথাকার অতো ধরন নিয়ে ওকে কখনও ভাবতে হয়নি।
না ঠাকুর! আমি তোমার সাথে আর কারও পুজো করতে চাই না। তুমি আমার চোখে জলই দিয়ো। বরং কখনো যদি প্রবল জ্যোৎস্নায় কোনও শুভ্র পথে কারো সাথে হেঁটে যাই, তার চোখেও এরকম জল দিয়ো.........আমি নাহয় দুঃখী হয়ে দুঃখী কারও সাথে বেঁচে জীবন কাটিয়ে দেবো। ওতেই আমার সব সুখ!
বীথির একমাত্র প্রার্থনা, সে যেন সাধারণ কেউ হয়ে সাধারণ কারও হাত ধরে শান্তিতে বাঁচতে পারে।
হ্যালো, পড়ছেন তো?
আপনি কি মানুষ, না আর কিছু? ভূত নিয়ে এসব কী লিখেছেন? সারাদিন নিজেকে বোঝালাম, মনের মধ্যে যত প্রশ্নই ঘুরঘুর করুক, ভেতর থেকে যত জোরেই ধাক্কা আসুক, এই ভয়ংকর লোকটার সাথে আর কথা বোলো না! আমার এই সিরিয়াস প্রশ্নগুলোর উত্তর তো মনে হয় দিতে পারবেন না। থাক্‌! কী দরকার এত সিরিয়াস হওয়ার! ভূতের লেখা পড়ে সবকিছু ভুলে ভূত হয়ে গেলাম। থ্যাঙ্কু, ভূতের লেখক। ভূতের নাম জপ করতে-করতে ঘুমাতে যাই। ভয়ংকর রাত্রি.........
Don’t know whether I should tell these or not......but till I can’t ask you some questions, I can’t do anything or find any peace. For that, I beg your pardon.
You said that you can never trust anyone again. Why! What happened to you? How dared you tell me FAKE? Without knowing anything? How strangely you thought that to me, you were a random guy of love for time-passing! How could you think that? You said, “If you express your love for me, I’ll get self-satisfaction and laugh at you!” What a wrong idea about me! Really ridiculous! Do you know after reading your words what happened to me? Again, my world was destroyed. My thinking was that I disturb you but when I come to know, I never disturbed u, rather you were always waiting for my text, I couldn’t believe this.....and I got totally smashed! You again destroyed everything of mine! When you said, “I never had the courage to ask you if you ever felt anything for me!” I just thought, “Oh God! These are my words. How could be his!” Still, I’m confused whether you’ve told these to me or anyone else! I can’t tell you any more about my feelings, just I can tell you one thing that I can’t live a single day without knowing how you are, every moment I visit FB only for you. You totally damaged me! I’ll never forgive you! Never! I’ve not such courage that I can dream of being your beloved, even continue a simple conversation or a talk on a cellphone. I can only write to you. Please don’t stop my writing. Please......
আবার গল্প লিখতে শুরু করেছেন! পায়ে পড়ি আপনার, অন্তত আপনাকে বলা আমার এ একান্ত কথাগুলো থেকে গল্পের কোনও আইডিয়া নেবেন না। আপনাকে রাধার মত অভিশাপ দিতে ইচ্ছে করছে........জানেন, ভোরবেলা স্বপ্নে আপনাকে দেখে কী যে খুশি হয়েছিলাম! আর ঘুমভেঙেই ভাবলাম, স্বপ্নের পুরোটুকুই আপনাকে বলবো.........কিন্তু থাক! আমাকে কষ্ট দিয়ে কী সুখ পান, বলেন তো!
কতটা কষ্ট নিয়ে সবাইকে বলেছি, অন্তত প্রিলি পর্যন্ত বিয়ে শব্দটা উচ্চারণ কোরো না! কে শোনে আমার কথা! আপনি তো সুখেই থাকবেন......আর আমি? End of emotion, end of my fantasy-world, end of everything! মেয়েদের বিয়ে মানে জানেন তো? বাঁধো, রাঁধো, কাঁদো! এ-ই তো মেয়েদের জীবন!
যখন আপনার সাথে খুব সাবলীলভাবে গল্প করতাম, তখন পর্যন্ত আপনার লেখাগুলোর একটাও পুরো পড়িনি। আপনার লেখা পড়ে সত্যি চুপ করে থাকা যায় না। ছিন্নপত্র-এর লেখাটা কি পুরোটাই আপনার কল্পনা? আপনার কল্পনার সাথে আমার বাস্তব এত মিলে কীভাবে! যদিও ওই মেয়েটার বাড়ির ছিটেফোঁটা সুন্দরও আমার বাড়ি নয়, তবু ওর ভাবনার সাথে আমার ভাবনা মিলে যায়! আমার ফোনের গানগুলোই ওর ফোনে বাজে! ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল........পরে বলবো। আমায় খেতে ডাকতে-ডাকতে মা খুব রেগে গেছে। খেয়ে আসি.....
আমি যে কখন কী ভাবি! ভাবনায় কোন স্থিরতা নেই। কিছু মনে করবেন না।
নিজের চারপাশে শনিগ্রহের মত বলয় তৈরি করে রেখেছেন জন্যই তো soliloquy করছেন! আচ্ছা, আমরা কি সত্যিই স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে থাকি? এমন হয় না যে কেউ কেবলই দুঃস্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝখানটাতেই স্থির হয়ে আছে অনন্তকাল ধরে?
একাদশীর দিন চেষ্টা করেও রাত জাগতে পারিনি। প্রতিদিন রাত বারোটা বাজতে না বাজতেই ঘুম। আজ এ পর্যন্ত ঘুম এলো না। পাশের বাড়ির বুড়িপিসি ঢংঢং করে মন্দিরে কার্তিক মাসের ব্রত শুরু করলো। আমাদের কবুতরগুলোও একটুএকটু শব্দ করছে। পুবের আকাশ ফুঁড়ে আলো ফুটছে। ভোর হয়ে যাচ্ছে.........তবু আমার চোখে আলো নেই, ঘুম নেই......... What a painful reality! Good Morning! Bye.
A few minutes ago I switched off my mobile phone and tried to feel free and sleep, but.........I’d to come back again!
After reading some of your lines my impression is: Once, but never again!
Your ‘no full stop please’ series makes me realize that I should stop right now! Yours is a wrong idea of getting back your love! Your idea about girls makes me feel that “This person has some sort of abnormalities in his thinking. No, Bithi, he can’t be your Ajit. Ajit loves you, but this man will only spoil you. So, please stop......Another time I thought, “If I ever have the chance, I would punish him by giving a breath-taking deep lip kiss with all my strength!”
Can you understand how madly I love you? You can’t stop me from loving you. I’ll love you in silence. For God’s sake, hold your writing and let me live, let me live, let me live.......Lastly, I love you very much!
.......tomorrow a new sun will rise for me.
Blissful virtues sometimes stop working. Perhaps that’s the time for a transition to better!
আমার যখন খুব মনখারাপ হয়, একটা ছোট্ট ঘাসফুল দেখেও আমি ভাল থাকতে পারি। আমি ভাল আছি। সামনে কিছু নেই, তবু মনেমনেই একটা ছোট্ট নীলফুলের ছোঁয়া ভেবে বেশ আছি! অনেক কাজ করার বাকি, কাঁদবার সময় কোথায়? আপনার প্রতিটি ভাবনা আমাকে নানান নতুন উপলব্ধি দেয়, যে উপলব্ধিগুলো আমি অনুভব করি, আমি পেতে চাই। যে মানুষটা সবাইকে অনুভব করতে শেখায়, তার কাছে আমার সব ভালোবাসা তুলে রাখলাম। সাথে একফোঁটা চোখের জল---কষ্টের না, আনন্দের জল।
আর........অন্যদের কথা ভাবতে গিয়ে নিজের যত্ন নেয়ার কথা ভুলে যাবেন না। নিজের আর নিজের ভাবনাগুলোর যত্ন নিবেন। খুব ভাল থাকবেন।
উফফ্‌! আপনার soliloquy পড়ে আমি শেষই করতে পারি না। একটা মানুষ এত ভাবতে পারে! এত ভাববেন না, প্লিজ। আপনার ভাবনার অতো যত্ন নেয়ার কোনও দরকার নেই। আপনি পাগল হয়ে যাবেন!
একটা কথা বলতে ইচ্ছে করছে। (কিছু মনে করবেন না আবার!) আপনার ছোটভাই, ঋষি, তার সম্পর্কে আমি কিছু জানি না, অথচ তার চেহারা দেখেই মনে হয়, উদারতার দিক থেকে সে আপনার থেকেও একধাপ এগিয়ে। আপনাকে তো রেসপেক্ট করা যায়, ওর দিকে মনে হয়, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়! কেন এরকম মনে হয়, জানি না। নামে কী এসে যায়? আমার তো মনে হয়, নামে অনেককিছুই এসে যায়!
জানেন, আমি সারাদিন যে কী কী সব ভাবি! ভাবনাগুলোও এই চারদেয়ালের ভেতর বন্দী হয়ে যাচ্ছে। এত ভাবলে পড়ালেখা করা যায়! আজ থেকে আর কিচ্ছু ভাববো না। আপনার soliloquyও পড়বো না।
আশ্চর্য, অনেক চেষ্টা করেও কোনও গানের কথা মনে পড়ছে না! মুভি তো আরও না.......! এই মুহূর্তে অবশ্য মুভিই দেখছি। জলসা মুভিজে ‘বিন্দাস’ চলছে। (দেব, শ্রাবন্তী, সায়ন্তিকার।) একটা গান মনে পড়ল, কাল অনেকবার শুনেছি তো, তাই---চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে.........
মাঝেমাঝে বিষণ্ণতা চলে আসে। আমি ভুলে যাই অনেক কিছুই। কী করছি, কী করবো, কী করতে হবে, সব এলোমেলো হয়ে যায়। আমি সত্যিসত্যি উদ্দেশ্যহীনভাবে কোথাও ভেসে চলেছি, যার কোন কূলকিনারা নেই। এই যে এখন আমি এসব ভাবছি, একটু পরেই হয়তো ভাবনাগুলো অন্যরকম হয়ে যাবে.........কী অদ্ভুত, না? আমার মনের মধ্যে কোনও দৃঢ়তা নেই। আমি কী করবো?
‘নামরাখা’ পড়ে নিজের কথা মনে পড়ে গেল। জানেন, আমার বাবা আমার নাম রেখেছিল ‘অবাঞ্ছিতা’, দুই বোনের পর আবার মেয়ে হয়েছি বলে! সেই বৈশাখের (চব্বিশে বৈশাখ) গরমেও বাবা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছিল! তার ওপর আটমাসে জন্মেছিলাম, নরোম তুলোর ভেতরে নাকি দুইদিন ছিলাম। চামড়ার ভিতর দিয়ে নাকি নাড়িভুঁড়ি দেখা যাচ্ছিল, মা বলে। (বাবা মাকে এসব বলতে দেয় না।) পরে মা নাম রেখেছে স্নেহা। (দুনিয়ার খারাপ একটা নাম।) দিদিরা ডাকে বীথি। এক দিদি আবার নিঝু বলে ডাকে। দিদিমা বলতো ‘ফুলবুড়ি’। কত্ত নাম.......প্রায়ই ভাবি, বাবার দেয়া নামটাই ঠিক ছিল।
কাল কখন ঘুমিয়ে পড়েছি, জানি না। আড়াইটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেছে। অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম। সাড়ে তিনটা থেকে টিভি দেখছি। হঠাৎ আপনার একটা একটা কথা মনে পড়ে গেল---নিজেকে নিজে ভালোবাসতে না পারলে, অন্য কেউ তা পারবে না। মনে হল, আমি পারবো। আমি জানি, চেষ্টা করলে আমি পারবো, সব কাজ ঠিকঠাক করতে পারবো। প্রতিদিন সন্ধ্যায় ভগবানের কাছে প্রার্থনা করি। উনি আমাকে নিরাশ করতে পারেন না। আমাকে শুধু শুরু করতে হবে........আমি শুরু না করলে ভগবানও কষ্ট পাবেন। কথাগুলো আপনাকে কেন বললাম, জানেন? কারণ, এই মুহূর্তে আপনার থেকে বড় বন্ধু আমার আর কেউ নেই। আমি আপনার মত মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবো।
No words.......No feelings.........No thinking........Not anything......Nothing.......Nothing...........Only emptiness...........
Can I tell you one thing, please? “Without your existence, I’ll just die!”
একটা কথা বলি? বাবা, মা, ভাইবোন, আপনজন.........এদেরও কি বলতে হয়, ভালোবাসি? ওরা তো এমনিই বোঝে! আচ্ছা, আপনার কেন হঠাৎ মনে হয়েছে, “যদি আর বাড়ি ফিরতে না পারি!” এসব চিন্তা করতে হয়? আমারও তো মনে হচ্ছে, যদি কাল অ্যাক্সিডেন্ট করে মারা যাই, যদি আর ফিরতে না পারি? এটা শুনলে আমাকে যারা ভালোবাসে, ওরা কী ভাববে, বলুন তো! ওরা খুব কষ্ট পাবে তো! আমি নাহয় কষ্টে থাকি, তাই বলে কি সবাইকে কষ্টে রাখতে হবে? এ কেমন বিশ্রী প্রতিশোধ? কষ্ট নিয়ে বাঁচা ভাল, কষ্ট দিয়ে নয়! সব বাজে ভাবনা মাথায় আনতে হয় না, কেমন?
মনটা ভাল নেই। কোনও কাজেই কোনও শক্তি পাচ্ছি না।
সকালবেলা হালকা কুয়াশায় বাসের জানালা দিয়ে ধোঁয়াটে সূর্যটাকে দেখতে-দেখতে মনে হল, আমার কিছু স্বপ্নের কথা আপনাকে বলি। পরে আর বলা হলো না.........ইদানিং আপনার পোস্টের কমেন্টগুলো পড়লে আমার মনটা খারাপ হয়ে যায়। আপনার বিয়ে নিয়ে সবাই এত উঠেপড়ে লেগেছে.........একটা সুইট, কিউট মেয়ে দেখে বিয়েটা করলেই তো পারেন!
জানেন, যতবার আপনার প্রিয় নোটের শিরোনাম দেখছি, ততবারই মনে পড়ছে হুমায়ূন আহমেদের দুটো লাইন---সখি, ভালোবাসা কারে কয়......নদীর জলে ভালোবাসা খোঁজার কোনও অর্থ কি হয়? রবিঠাকুরের চেয়েও টুটুলের কণ্ঠে এই দুই লাইন অনেক অনেক অনেক বেশি সুন্দর.....
এতো পরে ঘুমিয়ে এতো সকালে ওঠেন কীকরে? এতো কম ঘুমিয়ে ফিট থাকেন কীকরে?
‘সাঁতারু ও জলকন্যা’ নামটা মনে থাকলে বইটা আজকে কিনতাম। ‘জাগরী’ বইটা নীলক্ষেতে কয়েকটা দোকানে খুঁজলাম, ওরা কেউ দিতে পারলো না। আমি তিথিডোর’ও পড়িনি। শুধু এটা কিনলাম। আপনি যেসব বই আর মুভির নাম বলেন, তার ওয়ান পার্সেন্টও আমি পড়িনি। তবে লিখে রেখেছি। কবে যে এসব পড়বো, দেখবো! সবই পড়বো, দেখবো.........ধীরেধীরে। আমি তো আপনার কাছ থেকে শিখছি! শেখার সময় তাড়াহুড়ো করতে নেই।
জানেন, আমি এখন কতটা টায়ার্ড! সারাদিন কোথায়-কোথায় ঘুরলাম, আড্ডা মারলাম। আর জেগে থাকার সাধ্য আমার নেই। তিথিডোর’ও আর দেখতে পারবো না। আপনি কেমন আছেন? ভাল থাকবেন। খুব খুব খুব ভাল থাকবেন। শুভ রাত্রি! কেন যে রাতজাগার অভ্যাসটা করতে পারছি না! আমি কতটা ক্ষ্যাত! এত তাড়াতাড়ি কেউ ঘুমায়! এ অভ্যাসটাও করে নেবো একসময়। শুভরাত্রি......
আপনাকে মানুষ এইভাবে লেখে কেন! লিখলেই বা আপনি চেঞ্জ হয়ে যাবেন কেন! জগতে কতকত মানুষের কতকত ব্যক্তিগত মতামত রয়েছে! সবাইকে আমার মত হতে হবে কেন? অন্যমতে, অন্যপথে, অন্যস্রোতে বাঁচে যারা, তারা কি সবাই ভুল? কোন অধিকারে, কোন যুক্তিতে আমার এমন বিশ্বাস আসে? ভিন্ন পথ মানেই তো আর ভুল পথ নয়!
জানেন, আমার মনখারাপ এখনো ভাল হয়নি। কাল খুব ব্যস্ত একটা দিন কাটিয়ে রাতের গাড়িতে বাড়ি ফিরেছি। ব্যস্ত একটা দিনের অভিজ্ঞতা হলো এ-ই...........সবার মন রক্ষা করা সম্ভব না, কেউ না কেউ ভুল বুঝবেই! নিজের করা ছোটছোট ভুলগুলো আমাকে খুব কষ্ট দেয়। যাক্‌! বাড়িতে এসে খুব শান্তি পাচ্ছি। এখানে আমার ছোট্ট জগতটাতে শুধু পড়ালেখা ছাড়া আর কিচ্ছু থাকবে না। আর দুজন বন্ধু, একজন আমার শ্রীকৃষ্ণ আর একজন আপনি। দুজনের একটা মিল আছে, বলতে পারবেন কোথায়? (যা ভাবছেন, তা নয়, মশাই!) আর আপনি কখনও বদলে যাবেন না। মনে থাকবে?
মনটা খুব বেশি খারাপ। গর্দভের মত একটা কাজ করেছি। এর জন্য আমি নিজেই নিজেকে শাস্তি দেবো.......আমি আর আপনার কোনও লেখাটেখা পড়ছি না। ওসব পড়লেই মাইন্ড চেন্জ হয়ে যায়। আমার মনটা কতটা ভাল ছিল, জানেন! আজ ঘুম থেকে উঠেই গান গাইতে ইচ্ছে করছিল---কী মিষ্টি, দেখ মিষ্টি, কী মিষ্টি এ সকাল........আকাশ ফুঁড়ে সোনা ঝরছে, আলো নাচছে কী মিষ্টি এ সকাল!
মন কেন ভাল হয়ে ছিল, সেটা আপনাকে আরেক দিন বলবো। খুব ভাল থাকবেন, দিনটা সুন্দর হোক.........
এতদিন এত বকবক করলাম, আর এখন একটা দরকারি কথা বলতে চাচ্ছি, সাহসই হচ্ছে না। কী অদ্ভুত! সত্যি নিজের উপর আমি খুব বিরক্ত! সিরিয়াসলি আমি আর বেশিদিন বাঁচবো না।
সেদিন আপনাকে বলেছিলাম না যে, গর্দভের মত একটা কাজ করেছি, এর জন্য নিজেকে শাস্তি দেবো! সেদিন দিনশেষে এমনিতেই আমার মনটা অনেক খারাপ ছিল। (আমার এক ছোটবোন আমার কাছ থেকে কষ্ট পেয়েছিল। ওকে একটা বড় কথা শুনিয়ে দিয়েছি। পরে নিজেরই খুব কষ্ট হয়েছে।) রাতে গাড়িতে বসে ফেসবুকে এসে দেখি আপনি আপনার ভাইয়ের একটা কবিতা শেয়ার করেছেন। সেটা পড়েই হুট করে আমি ঋষিকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। পাঠানোর পরপরই খারাপ লাগতে থাকে, যদি অ্যাক্সেপ্ট না করে তো আমার খুব অপমান লাগবে। সেটা ভেবে একটা মেসেজও পাঠাই যে আমি ওর বন্ধু হতে চাই। (সত্যি বলতে, আমি এটা করতে চাইনি, কিন্তু করে ফেলেছি। আমি যা করে ফেলি, তার বেশিরভাগ কাজই আমি আসলে করতে চাই না। আমি কত্ত খারাপ, তাই না?) সবকিছুর জন্যই সেদিন মনটা খুব খারাপ ছিল। তারপর সেট অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঋষির রিপ্লাই পাই। তারপর ওর সাথে একটা সুন্দর কনভার্সেশন হয়, আর ইনফরমালি একটা ফ্রেন্ডশিপও হয়। (ঋষি সত্যিই অনেক ভাল!) পরেরদিন সকালে আবারও ঋষির একটা মেসেজ দেখে আমার সকালটাই মিষ্টি হয়ে যায়। আপনাকে বলেছিলাম, আমার মন এত ভাল কেন, সেটা আরেকদিন বলবো.........বলে ফেললাম। আপনাকে যে কথাই আমি পরে বলতে চাই, পরে তা আর বলা হয় না।
তারপর কতকিছু ভেবে ঠিক করলাম......এটাও ভাবলাম, প্রতিদিন আপনার কাছে অন্তত পঞ্চাশ শব্দ ইংরেজি লিখব প্র্যাকটিসের জন্য......আমি মাঝেমাঝে নিজেই অবাক হয়ে যাই, আমার চিন্তাভাবনা কতটা ছেলেমানুষিতে ভরা! আপনি আমাকে ক্ষমা করবেন। যা-ই হোক সেদিনই সন্ধ্যায় আপনার একটা নোট ‘প্রেমপত্র নয়, ঢংপত্র’ পড়ে আমার সব ইচ্ছেই মরে গেল। মনে হলো, আমিও তো আপনাকে অনেক কিছু লিখি। না জানি নিজের অজান্তে আপনাকে কতটা বিরক্ত করেছি, এটা ভেবে আমার মনটাই খারাপ হয়ে গেল। আপনার জন্য ঋষিকেও আর সুন্দর কিছু কথা লেখা হলো না, বন্ধুত্বও থেমে গেল।
আমার মনে হলো, কথাগুলো আপনাকে বলা দরকার, তাই বললাম। আপনার জার্নিটা সুন্দর হোক। সাবধানে আসবেন। শুভরাত্রি।
আমি না জীবনমরণ পণ করছিলাম যে আপনাকে আর কোনওদিন বিরক্ত করবো না! কিন্তু আমি এতটাই খুশি যে না লিখে পারছি না। আপনাকে কতটা সুন্দর লাগছে, জানেন! আমি তো সবাইকে পেপারটা দেখালাম। মা তো পেপার দেখেই না, সে মা’ও আপনাকে অনেকক্ষণ দেখলো। বাবাকে আপনার কিছু নোট পড়ালাম। বাবা কেন জানি কিছু বলল না। আমি জানি, বাবার মনটা খারাপ। যা-ই হোক, আমার মন খুব ভাল। অনেক পড়া আছে। টা টা.........
আপনার পুরনো কিছু লেখা পড়লাম, দশ, এগারো সালের দিকের। আপনাকে কিছু কথা বলব। এখন একদম সন্ধে নেমে গেছে। ঠাকুরঘরের সন্ধ্যাপ্রদীপ প্রতিদিন আমিই জ্বালাই। এ নিয়ে পরে বলছি।
কথাগুলো আর বলতে পারছি না......আমি সরি।
আমি যে আপনাকে কী অবোধের মত পছন্দ করি! আপনি যা যা করতে ভালোবাসেন, আমি তার সবটুকু ফলো করার চেষ্টা করি। কিন্তু পাগলের মত এতটা পরিশ্রম করা, এটা কি আমি পারব? জীবনে আমি একটুকুও পরিশ্রম করিনি, কিন্তু এই দুটো মাস আমি পাগলের মত পরিশ্রম করতে চাই। কদিন থেকেই পড়ার চেষ্টা করছি, কিন্তু মাথায় কিছুই ঢোকে না। দুইঘণ্টা বইয়ের দিকে তাকিয়ে থেকে পাঁচ মিনিট পড়ি। তাই কোয়েশ্চেনস্‌ সলভ করা শুরু করেছি। জানি না কতটুকু কী পারবো, চেষ্টাটুকু তো করি........আর আপনাকে জাস্ট বলে বোঝানো যাবে না, ‘আপনি কী’!
অনেকদিন আপনি ভাল কিছু লেখেন না........খুব ব্যস্ত? সময় পেলে লিখবেন মধ্যরাত্রির প্যারিস রোড কিংবা ভোরের বধ্যভূমি কিংবা অন্যকিছু নিয়ে........
আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো, জানি না আপনি কী ভাববেন। পাগল ভাবলেও ভাবতে পারেন! আপনার ইচ্ছে.........
আমি খুব অসুন্দর, গেঁয়ো, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। বিদ্যা, বুদ্ধি, স্মার্টনেস কোনওটাই তেমন নেই। আপনার যোগ্যতার বিচারে আমি স্রেফ নাথিং। শুধু আপনাকে অনেক........
এক। আমাকে বিয়ে করতে পারবেন?
দুই। বিয়ে করতে না পারলেও আপনার গার্লফ্রেন্ড হতে পারি?
তিন। গার্লফ্রেন্ড হওয়ারও যোগ্যতা না থাকলেও গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারি, যতদিন না আপনার বিয়ে হচ্ছে।
চার। এসব একটা শর্তেও রাজি না হলে, আপনার ভক্ত হয়ে থাকবো।
আপনার যতদিন বিয়ে না হবে, আমিও বিয়ে করব না। আর হ্যাঁ, আমিও প্রেম করেছি, সুযোগ পেলে সেসব বলবো। আর আপনাকে কতটা ভালোবাসি, সেটাও জানাব। আমার কথা শেষ।
একটা অনুরোধ, এসব যদি আপনার কাছে হাস্যকর মনেও হয়, তবুও কারও সাথে শেয়ার করবেন না।
আপনি আমার কথায় যা কিছুই মনে করেন না কেন, আই ডোন্ট কেয়ার দ্যাট। আর হ্যাঁ, আমাকে কিন্তু আপনার ওয়ান মিলিয়ন ফ্যানের একজন ভাববেন না। তুমি আসবে বলে বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলেই শিশিরে-শিশিরে ভরে গেছে মাঠঘাট, মনের জানালা খুলেছে পাল্লা, এলোমেলো একাকার, তবুও ভাবনা মেলেছে পাখনা, রংধনু পারাবার, তুমি আসবে বলেই.........গানের কথা একটু এদিকওদিক হতে পারে। শুনেছেন তো? বড় ভাললাগা গান!
‘নীরবতা সম্মতির লক্ষণ’, জানতাম, আর ফেসবুকে দেখি, অন্য নিয়ম! আপনি না বলতে ও শুনতে কষ্ট পান, তাই কখনও কিছু বলেন না, নীরবই থেকে যান সবসময়, তাই না? বাট আই লাভ ‘না’! না’তেই যত শান্তি!
এতো পেইন নেয়ার কোনও মানে হয় না। আমি প্রতিদিন ভাল থাকব। শুনুন, আপনি ধরে নেবেন যে একটা অ্যাবনরমাল মেয়ে আপনাকে কী কী সব লিখে পাঠায় আর ওসব লিখেই সে ভাল থাকে। তাকে ভাল থাকতে দেবেন, কেমন? সে মেয়ের কিছু নিজস্ব ভাবনাও আছে, স্বপ্ন আছে, তার আলাদা একটা জগত আছে। এতো কথা বাদ দিলাম। একটা মানুষকে ভাল থাকতে দিলে, ভাল রাখলে আপনার ক্ষতি কী?
ভাল লাগছে না কিছুই! আপনার সাথে গল্প করি.........
কতদিন চেষ্টা করেছি, আপনার সাথে ফোনে কথা বলব। কেন জানি না, কিছুতেই তা পারি না। আমি নিশ্চিত, আমার সাথে ফোনে কথা বললে আপনি আমার প্রেমেট্রেমে পড়ে যেতেন। যে-ই বলেছে, সে-ই পড়েছে। বিশ্বাস হল নাতো? জানি আমি! আচ্ছা, এসব গল্প থাক!
একদিন দেবকী বলছিল, তোর ঋদ্ধির সাথে দুইদিন আগে অনেকক্ষণ কথা বলেছি। এক ঘণ্টারও বেশি হবে। দেবকী সম্পর্কে আমার ভাতিজি হয়, বয়সে আমার চেয়ে বছর দেড়েকের ছোট। আমরা একসাথে খেলে বড় হয়েছি। আমি তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। ও আরও বলছিল, তুই ঋদ্ধিকে যে কী মনে করিস! পরে জানতে পারলাম, ওর রুমমেট আপনাকে খুব পছন্দ করে, যাকে সে সহ্যই করতে পারে না। এ কারণেই ও আপনাকে সহ্য করতে পারে না।
প্রতিদিন বাঁচি আর কত কথা জমে যায়.........উফফ্‌! এত কথা লেখা যায় নাকি! ফোন তো আমি আপনাকে করবোই। আপনি রিসিভ করলেই হয়!
প্যানপ্যানানি ভাবছেন তো? ভাবলে ভাবেন, তবু প্যানপ্যানানিটা ছাড়ছি না.........
আমি থাকি অনিয়মের জগতে। কখন ঘুমাই, আর কখনও উঠি, কোনও কিছুরই ঠিক থাকে না।
শুনুন, এখন প্যানপ্যানানি না, সিরিয়াস কথা বলব। আপনি একটা প্রেম করুন এবার। সুন্দর মেয়ের অভাব? চারপাশে একটু চোখ হাঁটিয়ে দেখুন না! আর, ভাল মেয়ে মন্দ মেয়ে কী আবার? সবাই ভাল। আবার সবাই খারাপ। আমার মনে হয়, ভাল খারাপ সবার মধ্যেই ফিফটি-ফিফটি থাকে। তবে হ্যাঁ, সৌন্দর্যের স্কোর কমবেশি হয়। কাউকে প্রথমদেখাতেই ভাল লাগে, আর কাউকে হাজারবার দেখলেও বিরক্তিটা ঠিক কাটতে চায় না।
প্রার্থনা করি, আপনার একটা পচা বউ আসুক। শুভ সকাল। আমি আরেকটু ঘুমাই..........
কখনও-কখনও ভাল লাগলে আমার চুপ হয়ে যেতে ইচ্ছে করে। আপনার লেখা সুন্দর হয়েছে। লেখা পড়ে কিছু সময়ের জন্য চুপ হয়ে ছিলাম।
সেদিন রবীন্দ্রনাথের গানের ইংরেজি অনুবাদ পড়ছিলাম। প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান।
Choosing instead to worship from afar,
In the secret shrine of my mind, alone and for eternity,
No one would ever know of my deep adoration,
Or of the unseen tears that I’ve shed.......
বাংলায়.........
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি,
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী---
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
Simple! Our problem is, we don’t know how to keep simple things simple, how to leave complicated things complicated! বড় ভাল কথা লিখেছেন। But my problem is........I don’t know my problem!
এইই........! কোনও মেয়ের হঠাৎ আবারও ইচ্ছে হলো, সে তার প্রেমিকের হাত ধরে সাগরতীরে হাঁটবে! ঠিক আছে, বুঝলাম! কিন্তু তা আবার আপনাকে বলছে কেন সে? সিরিয়াসলিই বলছি, আমি কিন্তু.......এতো বেশি সুন্দর হওয়ার কী আছে? বিয়েবাড়িতে যাচ্ছেন তো? একটা মেয়েও পটবে না আপনাকে দেখে.........প্রার্থনা করি।
বহুদিন ধরে একটা নাম খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না। আজকে পেয়ে গেলাম! আমার মেয়ে হলে নাম রাখব সুভনা। এই যে, আবার ভাববেন না যেন কারও সাথে মিলটিল রেখে এ প্লান করেছি! আচ্ছা, ‘সুভনা’ শব্দটার কি কোনও অর্থ আছে? না থাকলে, বাদ.........
আমি এখন ট্রেনে, শান্তাহার এক্সপ্রেসে। রাজশাহী যাচ্ছি। আপনার শাটলট্রেনের মত তো মজা নেই এখানে। শুধু ধুলো খাচ্ছি আর ঠাণ্ডায় মাথা ঘুরছে।
হাত মুষ্ঠিবদ্ধ করে রাখা আপনার একটা বাজে অভ্যাস। বাবার সাথে যে ছবিগুলো তুলেছেন সেখানেও হাত মুষ্ঠিবদ্ধ।
মনটা ভাল নেই.........
ভালোবাসা কী আসলে? কারও কথা ভাবতে-ভাবতে নিজেকে শেষ করা দেয়া? কোনও এক বিকেলবেলা বাড়ির সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠা? নাকি ছাদে উঠে অকারণেই আকাশের দিকে তাকিয়ে লুকিয়ে কাঁদা? ভালোবাসা কি অকূলপাথার ভাবতে-ভাবতে দিনের পর দিন না খেয়ে আধ খেয়ে রাত্রিবেলা অনর্গল বমি করা? সকালবেলা কোনও এক শান্ত মন্দিরে গিয়ে কাউকে এক মিনিট ফোন করার জন্য আকুল হয়ে যাওয়া? নাকি দুপুর যখন বিকেলে পিছলায়, তখন নদীর পাড়ের আশ্রমটির খোলা বারান্দায় শান্ত হাওয়ায় ছড়িয়ে বসে জলের শরীরের ভাঙাগড়া দেখে নিজের মনের ব্যাকুলতাকে থেমেথেমে ছুঁয়ে যাওয়া? ভালোবাসা কি সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে মনের দেয়ালে ভালোবাসবো না, বাসবো না ছুঁড়তে-ছুঁড়তে একফোঁটা নোনাজল চায়ের কাপে ফেলা? ভালোবাসা কি অদৃশ্য কোনও শক্তি যা আমাদের সকল শক্তি কেড়ে নিয়ে একেবারে অসহায় করে ছেড়ে দেয়? কোনও কিছুরই কোনও মানে নেই জেনেও নিরুপায়ের মত ভালোবেসে যাওয়াই কি তবে ভালোবাসা?
সুনীলের ভালোবাসি, ভালোবাসি কবিতাটা প্রায়ই শুনি, মুনমুন মুখোপাধ্যায়ের কণ্ঠে। কী যে দারুণ লাগে শুনতে! কিন্তু অতো ‘ভালোবাসি, ভালোবাসি’ ওভাবে বলা যায় নাকি কখনও? ভালোবাসি বলতে গেলে জিভ আড়ষ্ট হয়ে আসার কথা না? আমার তো আপনাকে লিখতে গেলেও হাত অসাড় হয়ে আসে! কী জানি, বাবা! ওরা কেমন করে যেন সব পারে! এক আমিই কিছু পারি না!
আমি আপনাকে অনেক পেইন দিই, আমি জানি। কী করব, বলুন, ইচ্ছে করে দিই নাতো! খুব চেষ্টা করছি থেমে যেতে! পারছিটা আর কই?
একটা কথা আপনাকে বলার ছিল। রাগ করবেন শুনে, তাও বলতে ইচ্ছে করছে। জানেন তো, কিছু মানুষ আছে, যাদের বন্ধুত্ব উপচে পড়ে কেবলই ওদের নিজেদের প্রয়োজনের সময়! অথচ অন্য কোনও সময়ে ওরা বন্ধুর কোনও খোঁজই রাখে না। পৃথিবীসুদ্ধ লোকের উপকার করে বেড়ায় কিংবা উপকার করার প্রতিশ্রুতি দিয়ে বেড়ায়---জনপ্রিয় হওয়ার অন্ধমোহে, কিংবা অন্য কোনও বিশেষ উদ্দেশ্য হাসিল করতে। কিন্তু বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায় না, বন্ধুর উপকারের জন্য ন্যূনতম চেষ্টাটকুও করে না। আপনার কোনও কাজে ফোন করেই দেখুন না কতটা পাশে পান ওদের! এমন মানুষ থেকে সাবধান থাকবেন। আপনার এমন বন্ধুই বেশি। হলফ করে বলতে পারি, আপনার দুর্দিনে ওদের কাউকেই পাশে পাবেন না। ওরা হয়তো অনেক কিছুই হতে পারে, কিন্তু তাতে আপনার কী এসে যায়? ওদের সময় কম দিন। ওরকম কিছু স্বার্থপর বন্ধু থাকা না-থাকায় কিছু এসে যায় না। আমার তো মনে হয়, হার্ভার্ডফেরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধুর চাইতেও অল্পশিক্ষিত ছাপোষা চাকুরে বন্ধুটিই ভাল, যে আমার বিপদের সময় পরম মমতা আর সহানুভূতি দিয়ে আমায় আগলে রাখবে।
কেমন আছেন আপনি? ভাল? কতটা ভাল? এত ভালোবাসায় আপনি অতিষ্ঠ হয়ে যান না কেন! এত দুর্বোধ্য কেন আপনি? একটু স্বাভাবিক মানুষ হওয়া যায় না? আমি তো আপনাকে জ্বালাই। কেউ আপনাকে জ্বালালে ওকে আপনি বিরক্তিকর লোকদের লিস্টে ফেলে রাখেন, না? আমিও ক্রমেই ওখানে ঢুকে যাচ্ছি, জানি। এই জন্যই থেমে যেতে চেয়েছিলাম, কিন্তু পারব না। সবাই আপনাকে জ্বালাতন করে। ওরা এত ভালোবাসে কেন আপনাকে? সেদিন তো একজন বললো, সে নাকি তার বাবা-মা আর আপনাকে ছাড়া কাউকে ভালোবাসে না, বাসতেও পারবে না। কী অদ্ভুত!
আমার এসব বিশ্বাস হয় না। সত্যি বলছি, পরিবারের বাইরে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে কেবল দুইএকজন। আপনি ওদের সবার কথা শুনবেন, কিন্তু কারও কথাই মন থেকে বিশ্বাস করে ফেলবেন না। আপনার কষ্টের সময়ে ওদের কাউকেই পাশে পাবেন না। ওরা আপনাকে ভালোবাসে না, আপনার কাছ থেকে যে আনন্দ, যে সুখ বা যে অনুপ্রেরণা পায়, শুধু ততটুকু প্রাপ্তিকেই ওরা ভালোবাসে। আপনি একসময় খুব অসুখী এবং অসহায় হয়ে যাবেন, কারণ আপনাকে যারা ঘিরে রেখেছে, তাদের বেশিরভাগই হিসেবি সুখের পায়রা। ওরা পার্থিব লাভ কিংবা স্বস্তিটুকু পেতেই আপনার কাছে আসে। আপনার যখন কাউকে পাশে লাগবে, তখন আর ওদের পাবেন না। এ বিষয়ে আমি বাজি ধরতে পারি!
‘তিথিডোর’ বইটা কবেই ছাড়াছাড়াভাবে শেষ করেছি! বই পড়ে কতকিছু বলতে ইচ্ছে হয়েছিল আপনাকে, তার কিছুই বলিনি। আচ্ছা, আপনি আমার এই লেখাগুলো পড়ে কী ভাবেন? খুব জানতে ইচ্ছে করে আমার। নাকি পড়েনই না? আপনি কি আমার সাথে আর কোনওদিনই কথা বলবেন না? কেন, কিছু দোষ করেছি আমি? জানেন, আমার কী মনে হয়.........কথাটা একটু কেমন, তাও বলি.........আমার মনে হয়, আমার থেকে ভালো আপনাকে আর কেউ কখনও বাসতে পারবে না। আচ্ছা, যারা ভালোবাসে, তাদের সবারই কি এমন মনে হয়?
জানি না, কী কী লিখে ফেলেছি! যা লিখেছি, তা লিখেছিই, আর পড়ে দেখবো না। পড়তে গেলে হয়তো আর পাঠানোই হবে না। ভালোবেসে ফেলেছি, তাই এতো পাগলামি করি। তবে পাগল হই, আর যা-ই হই, এখনও লজ্জা আছে! তাই.........আমার পড়ার দরকার নেই। আপনিই পড়েন। পড়বেন কি না তাও তো জানি না! তবু পাঠাবো। আপনার পড়ার জন্য নয়, আমার মনের শান্তির জন্য। আমার কথাগুলি আপনাকে পাঠিয়ে সম্ভাব্য অসীম অস্বস্তি থেকে মুক্ত হওয়ার জন্য। আর কিছু না।
যেমনি করে ছোটগল্প পড়ি, তেমনি করে আমি আপনার সব লেখাই গোগ্রাসে পড়ে ফেলি। ঘণ্টাখানেক আগের লেখাটা মনে হয়, প্রায় এক ঘণ্টা ধরে পড়লাম। প্রথমে মনে হল, কী ভয়ংকর কর্মকাণ্ড চলছে দোভানা’য়! রক্তাক্ত মাথার খুলি, কাটাহাত, টিকটিকি, তেলাপোকা, বিদঘুটে চুইংগাম, ভূতের চিৎকার, দুঃস্বপ্নের গুহা.......এসব কী? এই দোকানে আমি অন্তত কখনওই ঢুকতাম না। পরে মনে হল........আর সবার যা মনে হল.........তা-ই মনে হলো। একটা কিছু চাইতে ইচ্ছে হয়েছিল আপনার কাছ থেকে, কিন্তু ভেবেই পেলাম না, কোনটা চাইবো। অতো উপহারের পসরা সাজিয়ে বসেছেন! আচ্ছা, যদি আমায় কিছু একটা দিতে বলি, আপনি কী দেবেন?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *