বাংলা কবিতা

চেতনের পর্বান্তর



পর্ব: এক।
..............................
প্রিয়া কাছে নেই, রাতগুলি তাই দীর্ঘ ভীষণ,
সে এসেছিল, চলেও গেল। ভালোবাসা আর ভাল লাগে না! কী অজুহাত!
অবুঝ প্রিয়া, ভালোবেসে তোমায় বদলেছি মরে, পুরনো আমি’তে ফিরি কীকরে?
অতোই সহজ? আমার একান্ত অভ্যেস তুমি, জীবনের সকল যাপন তুমি,
তোমার প্রেমে হলাম মাতাল.......সবকিছু ছেড়ে পুরনো বেশে ফিরতে বল?
তারচে’ বরং এই পাগলটাকে মেরেই ফেলো!

যুবক বয়সেই অস্থি মাংস কুঁকড়ে গেলো,
কঙ্কালসার এই মানুষটাকে ছেড়েই গেলে এমন করে!
অল্প বয়স, তাই বুঝিনি ভালোবাসাটা জীবন তো নয়!
এখন আমার রাত এসে যায় আগের রাতটা না ফুরোতেই,
রাত নামলেই একাকীত্ব জাপটে ধরে, মনটা জুড়ে বিরহ আসে,
অসহায় আমি নির্দয় সেই অতিথিকে আদর করে বুকে রেখে দিই।

আমি হেঁটে যাই নিরুদ্দেশে প্রিয়ার খোঁজে,
কেউ পাশে নেই, একাই হাঁটি।
নড়বড়ে সেতু, নদীটা গভীর, সারা পায়ে ক্ষত---শেকলের দাগ,
দেহ চলে না, মন শুধু চলে, কী এক রোগে মরছি যে খুব!
তবু এই আশা মনে, প্রিয়ার ছোঁয়ায় সারবে আমার ক্ষত যা আছে
ভেতরে, বাইরে।

হায়, আমি এই বিরহের কথা বলবো কাকে!
ভেতরে আমার জ্বলছে আগুন, গনগনে কত, দেখলো না কেউ।
কয়লা খোঁচালে আগুনের তেজ যেমনি বাড়ে,
তেমনি বাড়ে বিষাদের ক্ষত বিচ্ছেদ যখন আঘাত করে।

লোকে ভাত গিলে বাঁচে, আমি বাঁচি কান্না গিলে,
ওদের পাতে তরকারি, আমার পাতে কষ্ট শুধুই,
বৃথাই ঘুরি বনে মরুতে, নিয়তি আমার বাঁধা বিফলেই!

পর্ব: দুই।
..............................
সবাই তো দেখি বিশ্বাস খোঁজে,
ভালোবাসা খোঁজে, বান্দা কই?
ওরা ছোরার নিচে বুক পেতে দেয় বিশ্বাস থেকেই,
ভালোবেসে কেন কেউ পাতে না?
যে বিশ্বাসে মানুষের প্রতি নেই ভালোবাসা,
সে বিশ্বাসে স্বর্গে যাওয়া হয় না কখনো।

সেই বিশ্বাস স্বর্গ আনে, যে বিশ্বাসে ভালোবাসা থাকে।
যে বিশ্বাস ভালোবাসাহীন, তার চাইতে ভাল অবিশ্বাসও।
হৃদয়ের যে অজ্ঞানতা, লক্ষ কিতাবেও হয় না দূর, হাজার সাধকেও পায় না সুর।
যে হৃদয় চিনেছে, সে-ই বুঝেছে,
যাত্রার কখনো থাকে না শুরু, নেই তার কোনো শেষ কখনো,
দেহ আত্মা এক হয়ে যায়, ভালোবাসায় মিললে হৃদয়;
শুরু যেখানে, শেষ সেখানেই।

হৃদয় যা চায়, হৃদয়েই পায়,
এ কথা না বুঝলে হৃদয় ভুল পথে যায়, হোঁচট খেয়ে ভ্রান্তি ফেরায়।
লোকে বলে, ফিরবে ঘরে। অথচ সে আছে ঘরের মাঝেই!
কোন ঘর তার, জানে না সে তা,
ছুটছে সবাই, দেখে সেও ছুটছে মিছেই!
হায় পৃথিবী! বিশ্বাস বোঝো, ভালোবাসা বোঝো না! মানুষ খোঁজো না, দলের মানুষ খোঁজো!

কিছু নেতা দেখি, নিজেরা কখনো কর্মী ছিল না,
কাজ না করে খোঁজে হন্যে হয়ে কাজের মানুষ,
মানে না যা, তা মানতে বলে, করে না যা, তা করতে বলে।

ওরা স্রষ্টার নাম মাথায় রেখেছে যত্ন করে,
পবিত্র যত বই আছে, নিয়েছে সবই মাথায় ভরে,
হৃদয়ে তার রাখেনি কিছুই! ওরা সবাই একই আছে।

ওরা এই পৃথিবীর জ্ঞান পেলো যত, লোভ পেলো তার শত বহুগুণে,
যত বই পড়লো ওরা, সব ক’টা মিলেও ব্যর্থ হলো ভাঙতে অহং।
নষ্ট মনের নষ্ট সময়।
শুদ্ধ হতে সবার আগে ঘরটা ছাড়ো!
ভুল ঘরে আছো? ঘরটা ভাঙো!
ভুল ঘরে থেকে শুদ্ধ যে পথ, পাবে না খুঁজে ভুল করেও!

মরার আগে মরতে জানে,
অহং যত, ছাড়তে জানে,
ভিখিরি হয়ে ধুলোয় মাথা ঠুকতে জানে,
রূপসাগরে ডুবতে জানে---
যার দেহে আত্মা এমন, সে-ই তো কেবল বাঁচতে জানে!

আমার মাঝেই আলোর খনি,
তবুও কেন আলোর খোঁজে মরছি মিছেই?
এ হৃদয়েই মন্দির-কাবা,
তবুও কেন হৃদয় খুঁড়ে পাই না কিছুই?

আমার চোখের আলো জ্বলল যত,
হৃদয় ততই অন্ধ হল।
আমি আমাকে ছেড়েই আমি’কে চিনি, আমি’কে বুঝি, আমি’কে খুঁজি।
ভুল আমি’কেই আদর করে আমাতে বসাই, হৃদয় সাজাই, মনটা নাচাই।
আমি বাতির খোঁজেই জীবন কাটাই আলো না খুঁজে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *