বাংলা কবিতা

রাতের ঘরে চেতনা সরে/ দুই



নয়।
ধ্রুব, নামের প্রতি এতো অবিচার আর কোরো না!
নাটকের শেষ দৃশ্যের পর্দা নামে,
মুহূর্তের ব্যবধানে---
নিজেকে বদলে ফেলো না.......আর অতোটা!
বহুদিনের নিপুণ চর্চায়,
ইচ্ছেমতই এমন রূপ
ধরতেই পারো তুমি.........হয়তো!

দৃশ্যপটে অন্য যে এক চরিত্র তো থাকে!
তার পক্ষে
সহজেই সব মেনে কিংবা মানিয়ে নেয়া......শক্ত তো বেশ!
সে যে নিজেকে বদলে এমন হয়েছে তোমারই জন্য,
আগের মানুষ আবারো হতে সময় লাগে.........তুমি বুঝবে না, ধ্রুব।
কেউ বদলে বাঁচে, কেউবা......মরতেই বদলায়!
ওকে একটু সময় তো দিয়ো!

পরের দৃশ্যে হচ্ছে কী নাটক, জানতে আগেই!
সে দৃশ্য ভিন্ন বড়ো, অভিনব......
সেখানে মানিয়ে নিতে, অভিনয়টা......জানতেই হয়!
তুমি নিয়েছ জীবন শুধু অভিনয়ে,
সে যে অভিনয়কেই ভেবেছে জীবন.......তার কী হবে?
এই ভাবনারেখার দূরত্ব কি জীবন তবে?

দশ।
জীবন মানে......
ফোলানো বেলুন,
যার সমস্তটা শরীর জুড়ে, বিন্দু মেপে, বিন্দু বুঝে,
খুব যতনে একএক করে পিন বসবে।
এক শর্তে---কিছুতেই বেলুন যাবে না ফুটে!
এমন জীবন কেমন জীবন!

এগারো।
মানুষের ফেরা, যানের চলা---
পথ, যে খাতিরেই উঠুক গড়ে,
পথিক আসুক, না-ই বা আসুক,
যানের চাকা আঁচড় কাটুক, না-ই বা কাটুক,
পথ তবু যে পথই থাকে।
কাদামাখা পথ কিংবা ধুলোর,
মেঠো সুরে মাখা, সুরকিতে ঢাকা---হোক যেমনই......
কী এসে যায়!
মসৃণ কিবা থেবড়ো জীবন চলে সে পথেই।

থরে সাজানো নানান ফুলের---ঘ্রাণ একটাই,
ফুলের সুবাস স্তর মানে না, ফুলেরই কেবল স্তরটা লাগে,
ফুলের রঙে এক থাকে না, ঘ্রাণের দমে দুই থাকে না,
জন্ম ঘ্রাণের ফুলের গর্ভে, ধর্ম ঘ্রাণের নিজ আবহে,
মায়ের পথে মেয়ে চলে না, মায়ের বোলে মেয়ে মাতে না,
একই নদীর দুই যে ধারা, চাইলেও তারা হয় নাকো এক,
এক ভেঙে দুই-ই হবে, ভিন্ন পথেই চলবে ভবে---নিয়তি এটাই!

বারো।
তুমি অনুভবে নাও হিসেব কষে,
সেই হিসেবে পড়ে না বলে......
লোনা জলেরা
শুকায় আমার
তোমার হাসির
ক্রূর শব্দের
ব্যঙ্গ হাওয়ায়।

তবু হেসে ভাবি, ভাল আছি বেশি!
এই ভালতেই......আমি ভাল নেই,
ভীষণ কেমন খারাপ আছি,
এই খারাপের কিছুটা জুড়ে ভালও আছি!

তেরো।
হারাবো যেদিন শূন্যে আমি,
যেমনি এখন বিন্দু পাঠাই---ভালোবাসার, মনেরাখার, শুভকামনার,
সেই বিন্দু আর যাবে না ভেবে বেদনা জাগে,
কষ্ট যে হয়---সইতে পারি না!
তবু......তবু একটা বিন্দু ঠিকই যাবে, খুঁজে নিয়ো।
তোমার জন্য প্রার্থনাটা থাকবে বেঁচে বিন্দু হয়ে,
আমি নাহয় নিখোঁজ হবো, প্রার্থনাতে ঠিকই রবো---জায়গা দিয়ো।

তোমার পাশের বিস্তৃতিটা নিরেট কত......যায় না ঘেঁষা,
সেদিন তুমি কাজের ফাঁকে পাবে তো বলো, দেখতে তাকে?
বন্ধু আমার, জেনে রেখো, সে বিন্দু আসবে তো ঠিক,
শূন্যতায় জড়িয়ে রেখো চোখের মাঝে---
বুকে যদিও রাখবে না, জানি,
অবহেলায় আর অলখে নয়,
মিথ্যে আদর আর আহ্লাদে---একটু রেখো।
অভিনয় সে ঠিক বোঝে না, জীবন বোঝে,
অভিমানী বড়ো, ঠেলো না হেলায়।

আহহ্‌! এক পলকেই এতো অস্থির---কেন, বলোতো?
ভালোবাসা পাবো না জেনেই বকছি দারুণ,
রেখো না মনে, বেসো না ভালো, বকতে তো দাও!
সত্যি জানি, তোমার মধ্যে আমি থাকি---
যেমনি শূন্যে থাকে ফাঁকি!

চৌদ্দ।
নিশিকাব্য পসরা সাজায়,
রাতের ঘরে সূর্য লুকায়,
নামলে আঁধার আলোয় মাতায়---
এমনি করে ফাঁকি মেরেই জীবন চলে কেমন মায়ায়!

নরোম চাঁদটা মৃদু হেসে বলে,
দোষ কী তাতে?
দিন বলো আর রাতই বলো,
মনের মাঝেই---বাইরে তো নয়!
সব শুনে রাত আঁতকে ওঠে.......
এ যে তারার আলো......সূর্য কোথায়?
বেড়ালের চোখ
জ্বলে নাতো আর,
ভুল ভেঙে তারা মুচকি হাসে,
রাত যেন তাই পালিয়ে বাঁচে!

রাত বেড়ে যায়.........
কাছের দূরের চেনাঅচেনা শব্দরা সব
হাওয়ায় ভেসে ঘরেতে আসে,
খুব জমিয়ে ভাবটা পাতায়, আদর করে কাছে ডেকে নেয়,
ফিসফিসিয়ে গল্প সাজায়। নৈঃশব্দ্য তাই একটু শুধায়,
ঘুমাস না কেন? হয়েছে কী রে?
ধ্যান ভেঙে যায়......
বুঝতে পারি, জেগে আছি!
..........ঘুমাই তবে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *