বাংলা কবিতা

রাতের ঘরে চেতনা সরে/ তিন



পনেরো।
এ পৃথিবীর মধুরতম সত্তা যদি ‘সত্য’ হয়,
জন্ম কিংবা জীবনের চেয়েও ‘মৃত্যু’ মধুর।
জীবন---থাকবে না যা,
হোকই না তা সুন্দরই কি অসুন্দরই---
কাটাতে তো হয়, কেটেই তো যায়......সুখই আসুক, যন্ত্রণা কিবা,
এ জীবন তবু যেমন আছে, তেমনই থাকে!

জানি, সত্য কখনওবা সত্য যে নয়,
নয় সে ক্ষণিক কল্পনাও,
শুধু ভেবে যাই,
হবে যদি তা,
লাগা ভালটাও---
মিথ্যে কেন নয়?

ষোলো।
বইয়ের রাজ্যে,
বইয়ের গন্ধে,
সে থাকে মিশে নিবিড় ছন্দে.........
এমনি করেই,
প্রিয় বুঝি সব
এক সুরেতেই থাকে গেঁথে।

সতেরো।
ভালোবাসাটা,
একইসাথে---
সত্য যেমন,
মিথ্যে তেমনই---
দুইই ভীষণ!

কেউই যাদের বাসেনি ভালো,
কাউকে যারা বাসেনি ভালো---
এ পৃথিবীর সবচে’ দুঃখী.......একই সাথে সুখীও---ওরা!

আঠারো।
খুব তো ভাবো---
মিথ্যে আমি,
মিথ্যে তুমি,
মিথ্যে এ প্রেম......ভালোবাসাটাও!
মিথ্যে যত লাগামছাড়া অনুভূতি-রাশ,
মিথ্যেও এ ভাললাগাটা, মিথ্যে যে চারপাশ!

জেনো তবু তুমি,
যদি একদিন এমন
মিথ্যে কুযশে
তোমার ভাবার মিথ্যেগুলি সত্যি করেই,
মিথ্যে হয়েই হাঁটতে থাকে---
এ পথে বা অন্য পথে,
হবে যে সর্বনাশ!

উনিশ।
হাসছ কেমন হাহা হাহা.......হাসতে এমন দারুণই লাগে, তাই না, বলো?
হাসছ তুমি? লাগছে ভালই, হাসতে থাকো!
দাবির সুরেই বলছ তুমি,
সর্বনাশের আদিম রাজ্যে
নিত্য তোমার বাস?

নিলাম শুনে,
কিছু না বুঝেই!
তবু যেয়ো না ভুলে,
প্রতিটি ক্ষণে ভিন্ন ধারায় ভিন্ন মনে
অজানা জীবন ভিন্ন সুরে ফেলে নিঃশ্বাস........ব্যর্থই তা, তবু তো ধ্রুব!

বিশ।
এই যে চোখের জলগুলো,
দেখছ হেসে, ভাবছ হেলায়,
নর্দমা বা ডাবের খোসায়, কিবা জমেথাকা
বদ্ধজলায়, মশককুলের জন্মনেয়ার অবাঞ্ছিত এক মনোভূমি আর জন্মভূমি?

এ জলই আমার ভালোবাসা, জেনো।
ভালোবাসা যে হয় এমনই---
জানলে না হায়!
কেউ সবকিছু দিয়ে পায় না একআনা;
দেখো না আমাকেই......ভালোবাসি তাই হারালাম সবই!

পৃথিবীর যত গোলাপ---দুঃখী,
শুকিয়ে গেছে......ড্রয়ারেই হায়!
অথচ তোমার তাচ্ছিল্য কত,
যতনে রেখেছি আজো অবিরাম,
হৃদয়ের প্রতি দূরতম কোণও,
ভরে আছে হায় সে কী ব্যথায়!

এও যেন তবু কতো যে পাওয়া!
হৃদয় আমার---সে তো নামেই শুধু,
তোমায় দিয়েছি যে সঁপে আমাকেই আমি,
সমস্ত আমার সত্তা যে তুমি!
বাসলে ভালো ভুলে একবারও,
এতোটাই দাম হয় দিতে বুঝি?

একুশ।
ঠিক এখনই, পৃথিবী কেমন,
দেখতেম যদি বাইরে গিয়ে পৃথিবী ছেড়ে,
কেমন হত?
নিচ্ছি ধরে, দারুণ খুবই!
ওই সে পৃথিবী আরেকটা ঘর---থাকতে সেখানে ইচ্ছে বড়ই!

আজ কি কাল---একই রকম,
যে কাল গত দিনের গোঁজে, যে কাল রত রাতের খোঁজে........
মৃত্যু থেকে এগিয়ে আছি আজকে যত, কালকে ছিলাম পিছিয়ে তত---
একদিনের এই দূরত্ব মেপে......পথই বা ক’টুক!

হায় এ জীবন!
জীবনের এতো কাণ্ড দেখে
মৃত্যু হাসে রোজই কেমন দু’ঠোঁট বেঁধে!

বাইশ।
জানি, সত্য কিছু সত্য তো নয়,
নয় সেসব কল্পনাও;
শুধু ভুল করে ভাবি,
এ মিথ্যে থেকেই মিথ্যে যা পাওয়া,
ভাললাগাটাও---খুব যা নিজের,
মিথ্যে চোখেও মিথ্যে কেন নয়?

বন্ধ ঘরের দুয়ার খোলে দখিন কোণে,
ঘোচে বদ্ধতা।
সহজেই আসে দখিনা হাওয়া,
কত স্বাভাবিক, সবাই তা জানে.........
সমস্ত এ ঘরটা জুড়ে,
নতুন হাওয়া, পুরনো হাওয়া,
যেন অচিন সে এক তুফানে ছোটে!
কথার ঝুড়ি কথার ফুলে
উপচে পড়ে মাতাল ঝড়ে!

সবশেষে হয় দখিনা হাওয়ার বিদায়পালা,
যেতেযেতে সে পুরনোকে বাঁধে,
ঘরকে ফেলে রিক্তহাতে......বাহির করে পূর্ণ!
এই নিঃস্বতা যে রূপটা ধরে---
কে-ই বা বোঝে!

দৈব কণ্ঠ দূর হতে ভেসে কানে এসে বলে,
বন্ধু, এতো উতলা কেন?
প্রতীক্ষাতে প্রহর গোণো, আসবে আবার দখিনা হাওয়া.......
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *