এক।
এমন একটা মানুষ হবে---
সকাল বিকেল সন্ধে,
আচমকাতে জাপটে ধরে,
হাসব চুলের গন্ধে?
ঠোঁট ফোলাবো, গাল ফোলাবো,
অ্যাঁঅ্যাঁঅ্যাঁ ভাল্লাগেনা......শুধু বাজাবো!
আলতো টোকায় রাগ ভাঙাবে,
চোখের ভাষায় জেদ কমাবে?---এমন হবে?
মিথ্যে কিছু সত্য হয়েই লুকিয়ে থাকে---হোক যত দাম,
কাটাতে জীবন---ওদের, দেখি, মিথ্যে বলেই ধরতে আরাম!
দুই।
তুমি তো জানো.........
কেমন জ্বালা মৌন হতে!
নৈঃশব্দ্যের অনন্ত কী ক্লেশ!
স্মৃতি অক্ষয় বিস্মৃত হয় কত বেদনায়!
এ ঘর কেন শূন্যে কাঁদে, কী হারিয়ে!
এ আমার কেমন বাঁচা তোমায় ছেড়ে!
তবু কেন হায়, বুঝলে নাতো বুঝেও সবই,
ঢাললে দিঘির ছোট্ট ঘরে এক নদী জল!
তিন।
আকাশ নামুক, পরিয়ে দেবো
মুঠোয় ভরা লাল ফিতেচুড়ি,
ঝুউম বৃষ্টি নামবে যখন,
পেতে দেবো ওকে খুব শ্যামা শাড়ি।
সুর তুলে গাবে পাখি,
নীরদ বাজাবে ঢোল,
বাতাস পরাবে দুল,
ফুলের টোকায় কাঁপবে নোলক......দেখবে নাকি?
নাচবে ওরা সবাই মিলে,
বাঁধবে আমায় মাতাল চোখে,
দুখের সাথে আড়ি দেবো,
কষ্ট ভুলে স্বস্তি নেবো।
তবুও তো জানবে নাকো কেউ কখনও,
আকাশ কেন ফিতেয় হাসে......আর চুড়িতে,
কোন যাদুতে জল মিশিয়ে হাওয়া ভেসে চলে আকাশ জুড়ে,
জমে ওঠে জল, জল ঝরে যায়!
আমার কথা ভেবো নাকো আর,
কী আর হবে! আমি নাহয় রইব বেঁচে
আকাশমাঝেই......চিলের ডানায় রোদ ঝেরে ওই!
চার।
দিয়েছি তাকে শেষ যা ছিল
আমার কাছে।
অতো দামি যা,
তাও দেখি হেলায় হারায়!
চোখের জলেই পুলক আঁকি বিষাদ মেখে,
আর কোনও পথ নেই যে খোলা!
অতো দুঃখী কে, তার চেয়ে বলো, ভালোবাসে যে!
কত কান্নায় দিন কেটে যায়,
কে-ই বা বোঝে!
অনুভূতি আর ভাবনারা সব
কেঁদে ওঠে কেন, কেউ জানে না......
প্রাণটা আমার এমনই বোঝা!
মন বলে তবু,
আরও বেশি চাই বাসতে ভালো,
মাথা বলে ওঠে,
আবারও কেন?
দ্বন্দ্ব ওদের থামিয়ে হঠাৎ বিবেক বলে,
আরও ভালোবাসা যায় না যে, বোকা!
পাঁচ।
ভালোবাসা যদি আসে অনায়াসেই, স্বার্থ কি সীমা, কিছু না মেনেই,
আগ্রহ ধায়, বিরক্তিতে ভালোবাসার উল্টোরথেই মনটা ছোটে!
মানুষ কেবল মানুষ বলেই,
‘ভালোবাসা’র আকুতি এলেই সুখ খুঁজে পায়!
‘ভালোবাসা’ হারিয়ে দারুণ দগ্ধ হতেই আশাকে বাঁচায়!
তবু কী মোহে ‘ভালোবাসা’কেই ভালোবাসে না!
দামি কিছুও হেলায় পেলে অবহেলাতেই মুড়িয়ে রাখে!
মেঘবালিকা থাকে না কোথাও,
তবু তো ওকে সবাই ডাকি আদর করেই---
ভালোবাসাও ঠিক তেমনই!
ছয়।
চারপাশে জমে নীরব ধুলো
ঘরের ভেতর, ঘুরপাকে মন
সংশয়ে ছোটে, দ্বিধায় কাটে,
হাওয়ার সাথেই সখ্য গড়ে,
কষ্টরা হাঁটে অবাধে ভীষণ,
ইচ্ছেরা সব ডানা মেলে ওড়ে,
বৃষ্টি নামে, ঝাপসা করে দৃষ্টিসীমা......
অতি অকস্মাৎ ধ্যান ভেঙে মন বলে ওঠে কেন,
কেমন আছে সে?
এই মনকে কত যত্নে বাঁচাই নিজকে ভেঙে,
তবু হায় মন নেয় নাতো খোঁজ---
আমি কী যে আছি!
রাগ না এসে খুশি এসে যায়......
ভাবনামিছিল বেহায়া কেমন!
কল্পনা যত অনুভূতি হয়,
তত আমি যেন সামাল হারাই,
হৃদয়সুরে নেশার যে স্রোত,
সাকির সুরায় পাই তা কোথা?
সাত।
রাত এগোলে চেতনা পালায়---
ইচ্ছে কিংবা অনিচ্ছেতে!
ইচ্ছেরা সব কেমন যেন, তাই না, বলো!
ইচ্ছে কিছু, ইচ্ছে থাকাই দারুণ ভাল,
আর কিছু ভাল---পূরণ হলে,
প্রশ্রয়ে বাড়ে ইচ্ছে কিছু বেয়াড়া চালে,
আরও কিছু দেখি, যন্ত্রণা দেয়, মুশকিলই নেয়---
রাখলে কোথায় থাকবে চুপি, জ্বালাবে না আর......কে তা জানে!
ইচ্ছেরা সব খোঁচালে আবার, বলব ডেকে শেক করে হ্যান্ড,
“বলি কী, শোনো! তোমরা বাপু থাকো না সুখে নো-ম্যান্স-ল্যান্ড!”
আট।
জ্যান্ত রোদের
ফর্সা শরীরে
রাগী দুপুরের
নিবিড় ছায়ায়
ছাদের কার্নিশে
নিজের সাথেই
কাঁদছে ধূসর কাক......
বলছে কী সে
কে জানে তা!
কাকেরও কি তো
পড়ছে মনে
নেশার মতো
তার মায়াছাপ?
বেচারা সে কাক
আমারই মত
ডাকছে স্বরে
কাতর লয়ে
প্রিয় কারও নাম!
রাতের ঘরে চেতনা সরে/ এক
লেখাটি শেয়ার করুন