ভাবনাদেয়ালের পলেস্তারা

ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৯



ভাবনা: এক হাজার উনআশি
………………………………………………………………


এক। ধাক্কাধাক্কি করে বা দু-ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেখার ইচ্ছে আমার কখনোই হয়নি, এবার‌ও হলো না। মতামত নিতান্তই ব্যক্তিগত।

হাতেগোনা ছয়টা পুজো দেখেছি। রামকৃষ্ণ মিশন। চট্টেশ্বরী কালীমন্দির। চেরাগী পাহাড়ের মোড়। ষোড়শীকুঞ্জ। আর দুটো কোথায়, মনে নেই; তবে পাথরঘাটায়।

শেষ তিনটে দেখেছি রাত আড়াইটার দিকে। তখন ভিড় ছিল না। মাকে ভাইরাল লুকে দেখতে আমার ভালো লাগে না। ভাইরাল হবেন হিরো আলম, সুশান্ত পাল; মা নন।

ষোড়শীকুঞ্জে মায়ের অবয়ব মন কেড়েছে। চট্টেশ্বরী কালীমন্দিরের আবহ খুবই চমৎকার লেগেছে। রামকৃষ্ণ মিশনের পুজো মানেই ছেলেবেলা থেকে শুরু করে আজ অবধি যা জীবন, তার একটা ফ্ল্যাশব্যাক।

সন্ধের বেশ পর পাথরঘাটায় পুজো দেখতে গিয়ে ষোড়শীকুঞ্জ দেখে শুরু করার কথা ভেবে তার সামনে অমন অদ্ভুত কিসিমের ভিড় দেখে পালিয়ে একটু সামনে এগোতেই দেখি, সতীশবাবু লেইনে দুজন স্বেচ্ছাসেবক সমানে চেঁচাচ্ছেন: খবরদার! এখানে একসেকেন্ড‌ও দাঁড়াবেন না! (দু-একজন লাইনে না দাঁড়িয়ে রাস্তা থেকে মায়ের মুখ দেখতে চাইছিলেন, ওঁদের উদ্দেশে এমন হুংকার!)

তা দেখে আর একটাও পুজো না দেখে জীবনযুদ্ধে অনেকটা পিছিয়ে যাওয়া মেনে নিয়েই সোজাসুজি চলে গেলাম ডিনারে। এরপর বন্ধুপ্রতিম কিছু প্রাণের মানুষের সাথে গল্প করে ওঁদের নিয়েই রাত করে গেলাম ষোড়শীকুঞ্জ দেখতে; সাথে আরও দুটো।

আমরা কিন্তু সত্যিই জানি যে, ঝাড়ি খেয়ে পুজো না দেখলে কার‌ও কিছু এসে যাবে না। এখন বয়স হয়েছে; অল্প বয়সেও পুজো দেখতে ধাক্কাধাক্কি করিনি বা হুংকার সহ্য করিনি।

শুভ বিজয়া।

পুনশ্চ। শিববাড়ির পুজোর কথা মাথায় ছিল না। মায়ের মুখখানি অপূর্ব; চার সন্তানের সারাশরীর ধুলোমাখা! চোখে লাগে। মোগলটুলির পুজোও দেখেছি। মন্তব্য নিষ্প্রয়োজন। দক্ষিণ নালাপাড়ার প্রতিমাশৈলী বরাবরের মতোই নান্দনিক। কার্ত্তিকঠাকুরের মুখটা...আহা, বড়ো আদুরে! সবকটাই দেখা মাঝরাতে।

দুই। মানুষের ভিড়ে, যন্ত্রণার তীরে।

তিন। তেমন লোকের সাথে চলা বেশ কঠিন, যারা ভাবে, কেবল নিজের কাজটাই কাজ, বাকিদেরটা কিছু নয়; কেবল নিজের অসুবিধেই অসুবিধে, অন্যেরটা কিছু নয়।

এমন কিছু লোকের সাথে মিশতে হয়‌ই, বাধ্য হয়ে। ভীষণ বিরক্ত লাগে।

চার। The greatest gift a man can give his woman is security.
The greatest gift a woman can give her man is peace.

পাঁচ। পুরুষেরা সবচাইতে বেশি ভয় পায় নারীর মগজকে। মেয়ে, লিপস্টিক কিছুটা মগজেও মেখো।

(যেসকল পুরুষ মগজে লিপস্টিক মাখেন না, তাঁদের জন্য: 'ভয় পাওয়া' মানে 'সমীহ করা'।)

ছয়। আনুষ্ঠানিকতা একধরনের পারিবারিক সন্ত্রাস।

সাত। জীবন থেকে মানুষ বাদ দিতে পারব, খাবার নয়।

আট। : স্যার, আপনার পরীক্ষা চলতেসে না?
: হ্যাঁ। কেন?
: স্যার, আপনার পরীক্ষা কেমন হচ্ছে?
: এসব আলতু-ফালতু প্রশ্ন করলে আমি কিন্তু তোমাকে পড়ানো ছেড়ে দিব।
: সরি, স্যার। বিন্যাস-সমাবেশের চ্যাপ্টার কি আজকে ধরবেন?
: হ্যাঁ, লুৎফুজ্জামানের ব‌ইটা নাও।

(চুয়েট-লাইফের একটা ঘটনা মনে পড়ে গেল।)

নয়। বহুদিন চুপচাপ বসে থাকা হয় না। চুপচাপ বসে থেকে বৃষ্টি দেখা, রৌদ্র দেখা, বিকেল দেখা, মানুষ বা মানুষের বাহন দেখা, কিংবা কিছু না দেখা বা না ভাবা। এসব‌ও তো যাপনের অংশ। ক্লান্ত হয়ে থাকার অভ্যেস এবং তা থেকে বিচ্যুত হবার অপরাধবোধ, এই দুই কি ফাঁদ নয়?

বাঁচতে আমাদের ইদানীং অত কিছু লাগছে কেন? আগেও লাগত কি?

আজকাল কেউ জীবন নিয়ে আর জানতে চায় না, জীবিকা নিয়েই যত আগ্রহ। পুরুষের জীবন কুকুরের জীবন।

দশ। আপনি যা যা ভালো কাজ করছেন বা করেছেন বা করবেন, তার সব কিছুই যদি অন্যকে জানানোর বা প্রচার করার ক্ষুধা অনুভব করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আত্মার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে থাকে। আত্মার ক্ষমতা অসীম, স্বীকৃতির ক্ষুধা তা কমিয়ে দেয়। (অর্থাৎ, তা কাজে লাগানোর ইচ্ছেশক্তি কমে যায়।) শক্তিমান মানুষের প্রকৃত ক্ষমতার খুব অল্প‌ই আমরা জানতে পারি।

জননী তাঁর সন্তানকে খাবার গিলতে শেখান। সন্তান শিখতে না চাইলেও তা শেখা হয়ে যায়। কিন্তু ভালোত্ব গিলতে শেখার কাজটা নিজেকেই করতে হয়। এ সচেতন অভ্যাসের ব্যাপার, অবচেতন প্রক্রিয়ায় এ আসে না।

এগারো। কাজে ঠনঠন, তর্কে ঝনঝন।

বারো। নন্দিত এবং নিন্দিত হবার বিষয়ে নিস্পৃহতা...এর চেয়ে বড়ো শক্তি কম‌ই আছে।

তেরো। মূল্যায়িত বা আলোচিত হবার লোভ কমিয়ে ফেলতে পারলে মানুষ অনেক প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারে।

চৌদ্দ। নিজেকে খুঁজে পেতে চাইলে গুডবাই না বলে হারিয়ে যেতে শেখো। গুডবাই জানানোর ইচ্ছে মানুষের অনেক বড়ো একটা দুর্বলতা। আমাদের গুডবাইয়ের তোয়াক্কা সত্যি সত্যি করে ক-জন?

পনেরো। লোকের কাছে নিজের দুঃখের কথা বলে কী হয়? লোকে বিরক্তি চেপে শোনে আর অশ্রুপাত করে। ওই অশ্রুর নাম কুম্ভীরাশ্রু, এমনকি কখনো কখনো আনন্দাশ্রু! সভ্যতার সবচাইতে বড়ো সংকট হচ্ছে, মানুষ অন্যের দুঃখে আনন্দ পেতে শিখে নিয়েছে।

ষোলো। অত লাভের হিসেব কোরো না, আসল‌ই হাতছাড়া হয়ে যাবে।

সতেরো। : চেনা থেকে অচেনা হবার সফরটা কতখানি?
: স্বপ্ন থেকে বাস্তবে ফেরার পথখানি।

আঠারো। ছোটো হয়ে বাঁচুন। ছোটোদের কেউ অত ঘাঁটায় না। ছোটোদের সবাই পরাজিতদের দলে রেখে দেয়। এতে বাঁচতে সুবিধে, বড়ো কাজ করতে সুবিধে।

উনিশ। যা দিয়ে দিব্যি চলছে, তা নিয়ে খুঁচিয়ো না। ওতে ঝামেলা বাড়ে।

বিশ। যে অথর্ব, তাকে তা বলে দিলেও সে অথর্ব‌ই থাকবে। মাঝখান থেকে সম্পর্কটা নষ্ট হবে। কী দরকার?

একুশ। Argentina is the luckiest team in the history of World Cup Final!!!

বাইশ। স্পেনের একজন মেসি থাকলে আজকে আর্জেন্টিনা ১০ গোল খেত।

...আই মিন, কমপক্ষে!

তেইশ। স্পেন বনাম মার্টিনেজ!

চব্বিশ। আমার যা হয়, তার কিছুই তোকে বলি না। যা বলি, তার কোনো কিছুই আমার পক্ষে কাজ করে না।

পরস্পরের ভীষণ কাছে চলে আসি, যখন তুই আমাকে মনে করিস। এ ছাড়া আমার এসব কথা, অনুভূতির কীই-বা মূল্য আছে? এর সত্যতা বোঝাতে আমি বরাবরই ব্যর্থ। আমার দৃষ্টিতে, এই অনুভূতিগুলো প্রাধান্য পায় তুই ফিরে তাকালে। ওরা জ্যান্ত হয় তোর স্পর্শ পেলে। আর নাহয়, এত সব বলে কী লাভ? কী এসে যায় এতে?

পঁচিশ। পৃথিবীর নিয়মটাই বড়ো অদ্ভুত...
যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো,
সে-ই তোমার দুঃখের সবচেয়ে বড়ো কারণ হবে।

ছাব্বিশ। তুই শান্ত বলেই ভালো।
এতে করে নিজের মনের শব্দগুলো শোনা যায়।

আজ প্রথম বার বড্ড ব্যাকুল লাগছে, তোকে দেখার জন্য।

তুই কবিতা ভালোবাসিস।
তাই, লিখতে শেখার বড়ো শখ হলো।

আজ কবিতার ছন্দগুলো ভীষণ অগোছালো, তোকে বোঝার জন্য।

সাতাশ। বৃষ্টির দিনে রিকশাওয়ালা মামাদের ভাড়া নিয়ে দুনিয়ার ঢং দেখলে মনে হয়, বিয়ের গেট ধরেছে! কথামতো টাকা না দিলে ঢুকতেই দেবে না!


ভাবনা: এক হাজার আশি
………………………………………………………………


এক। কখনো কখনো কাছের মানুষটা...
আর বলে ওঠে না...আমি আছি, তোমাকে আমার লাগবে।

কখনো কখনো প্রিয় মানুষটাকে
নিজের মতন বাঁচতে দিতে গিয়ে—
নিজের অশ্রুটুকু অপ্রয়োজনীয় মনে হয়।

কখনো কখনো বুকের ভেতরকার
ক্ষতটা শ্রুশ্রূষা চায় না—
তোমার স্পর্শ চায়।

কখনো কখনো নিজের ভালোবাসার মানুষটাও...
ব্যস্ত হয়ে ওঠে—নতুনত্বের খোঁজে।

দুই। নতুন বছরে শুধুই নিজের পিছে লাগুন—সামনের বছর শুরু হবার আগেই পজিটিভলি বদলে যাবেন। গ্যারান্টি!

তিন। Respect the difference.

চার। আমাকে গালি দিলে যদি চাকরি পাওয়া যেত, তাহলে দেশে বেকারত্ব অনেক কমে যেত।

পাঁচ। কার‌ও ক্ষতি কোরো না, শুধু চিনে নিয়ে দূরে সরে যাও।

ছয়। ভালো তুমি যাকে খুশি বেসো, আমায় শুধুই শান্তি দিয়ো।

সাত। With love so vast I shall enchant thee back, till thou confessest—such worship need not be.

আট। 'জাওয়ান' দেখতেসি, থুক্কু... 'তাণ্ডব'!

নয়। 'উৎসব' দেখলাম। ভালো মুভি; পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন।

বিকেলে দেখব 'তাণ্ডব'। কেউ দেখেছেন মুভিটা? কেমন?

দশ। কষ্ট দেবার জন্য মানুষ সবসময়...
তার প্রিয় মানুষটাকেই বেছে নেয়।

মানুষ বড়ো অদ্ভুত!

এগারো। : আমাদের দেখা করার দিনটাতে—
এত বৃষ্টি নামে কেন?
তুমি বুঝি মেঘকে চিঠি লিখো?

: তোমার চোখের জল লুকোতে—
মেঘগুলোও যেন
বৃষ্টি হয়ে ঝরে পড়তে রাজি।

: আমার কাছে তুমি কী চাও, বলো!
আজ তোমার একটুখানি চাওয়াতেই—
আমি ভীষণ রাজি।

বারো। তোকে চোখ বন্ধ করে দেখলাম।
মনটা অজান্তেই কেমন খারাপ হয়ে গেল...
তোকে এমনভাবে আগে কখনও দেখিনি।

তুই আমার বুকের ভেতর চলে আয়...
তোর চোখে বিষণ্নতা দেখলেই মনটা অস্থির হয়ে ওঠে।
তোর চোখে কী যেন ঢেলে দিচ্ছি...
যাতে সব কষ্ট মুছে যায়।

তোকে যত বার চোখ বন্ধ করে দেখেছি—
সবচেয়ে স্পষ্ট করে একটা দৃশ্যই ফিরে ফিরে আসে—
তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস...

তেরো। : তুমি আমায় এত ভালোবাসছ কেন?
: কারণ, আমার নিঃসঙ্গতায় তুমি নীরবে হাঁটছ।

: তুমি আমায় ছেড়ে যেতে পারছ না কেন?
: কারণ, আমার নীরবতায় তুমি তোমার দৃষ্টি রেখেছ।

: আমাদের এই যাত্রা এত দীর্ঘ কেন?
: কারণ, তুমি এসে এই পথে থমকে দাঁড়িয়েছ।

: তুমি ভীষণ সুন্দর, জানো?
: আমাকে তোমার স্পর্শেই আবিষ্ট করে রেখো।

চৌদ্দ। কবিতা ব্যাহত? না কি কবি আহত?

শোনো, কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনও।

পনেরো। জানিস, তোকে আমি আমার সামর্থ্যের চাইতেও বেশি ভালোবাসতে চেয়েছি।

আর তুই?

তোর চোখের দিকে তাকিয়ে মনে হয়—
তুই আমাকে কতখানি ভালোবাসিস, তা তুই নিজেও জানিস না!

ষোলো। অসুস্থ হলেই, সম্ভবত, মানুষ অবচেতনভাবেই
তার ভালোবাসার মানুষটিকে সবচেয়ে বেশি মনে করতে থাকে।
এর সুনির্দিষ্ট কারণ আমার জানা নেই।
মজার ব্যাপার, এই সময়টাতেই যেন
তেমন কাউকেই কাছে পাওয়া যায় না!

এখন মনে হয়—
আমি যত বার সুস্থভাবে বাঁচতে চেয়েছিলাম,
তার চেয়েও সহস্রবার
তোমায় "ভালোবাসি" বলতে চেয়েছিলাম।

শুনছ?—
কতখানি জোরালো শ্বাসের প্রতিধ্বনিতে
ভালোবাসা নিখুঁতভাবে প্রকাশ পায়?

সতেরো। ১.
এত ভালোবাসিস কেন আমায়?

তুই আমার শান্তির নিস্তব্ধ ঘর—
তাই তোকে ভীষণ ভালোবাসি।

২.
আমি জানি, তুমি ঘুমোওনি।

আমাকে চোখের সামনে রাখতে কি ভীষণ অসহ্য লাগছে?

না; যন্ত্রণা হচ্ছে।

একবার জড়িয়ে ধরবে?

তোমার কি আমার ওপর কোনো অধিকারবোধই কাজ করে না?

ওসবের যোগ্য আমি নই। তুমি একটা বার অনুমতি দিয়েই দেখো!

আঠারো। আমি সেই আলো, যা তোমার হৃদয়ে জ্বলছে অবিরত... যেমন মহাকাশের বুকে জ্বলতে থাকে সূর্য!

উনিশ। আমার প্রিয় মানুষটার একটা ডাকনাম রেখেছি— রবি! এই নামটা ভীষণরকম ছোঁয়াচে। তাঁকে এই নামে ডাকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে... যেন একজন অন্যজনকে মনে করিয়ে দেয়!

তবে, তার মানে এই নয় যে আমি একের সঙ্গে অন্যের তুলনা করছি। রবি ঠাকুর হলেন সাহিত্যের সূর্য, আর তিনি তো আমার জগতের, একান্তই আমার সূর্য!

তবু, রবির (প্রিয়জনের) মানবিকতার উচ্চতাও যেন সাহিত্যের শহরে একটি বিশাল দালান! আমি সেই দালানের পাঁচিল ঘেঁষে হাঁটি, আর তার উচ্চতা দেখে স্তম্ভিত হই।

আহারে আমি! পাঁচিলের ওপারের মানুষটা তো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল!

বিশ। আমি এখন আর কাউকে বলব না—"তোমরা আমার সঙ্গে এমন কেন করো", কিংবা "তোমরা আমাকে এই এই বিষয়ে ঠকিয়েছ", অথবা "তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ এবং এখনও করছ"। এসব বলার আর কোনো প্রয়োজন নেই।

আমি শুধু নিজেকে গুটিয়ে নেব—সেইসব জায়গা থেকে, যেখানে আমার দুর্বলতাকে সুযোগ হিসেবে নিয়ে আমাকে অপমান, অবহেলা আর অপদস্থ করা হয়েছে।

এখন আমি শুধু নিজের জন্য বাঁচতে চাই—একেবারে পরিপূর্ণভাবে। আমি বিশ্বাস করি, আমি যে-সব জিনিস ডিজার্ভ করি, সেগুলো নিজেই নিজেকে দিতে চাই।

আমার পথচলায় কে পাশে থাকল, আর কে থাকল না—এ নিয়ে আমার বিন্দুমাত্রও কষ্ট হবে না, কারণ নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। এই সত্যটা একদিন সবাইকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেইসব দরজা নিজেহাতে বন্ধ করে দেবো—যেগুলো প্রতিনিয়ত আমাকে আঘাত করেছে, আমার ভেতরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে; বিশেষ করে, যাদের আমি একসময় ভেবেছিলাম আমার পুরো পৃথিবী।

একুশ। নিজেকে আয়নায় দেখলে হয় কান্না পায়, নয় লজ্জা পাই। তাই আমি আর আয়না দেখি না, আয়নাকে দেখি শুধু।

বাইশ। বাবা: এখনও ঘুমাচ্ছ কেন? (ফোনে)
আমি: তো কী করব?
বাবা: কিচ্ছু করার নাই?
আমি: আমার তো নাই!
বাবা: এই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসটা চেইঞ্জ করতে পারো না?
আমি: এখন না, তোমার মত বয়স হলে সকাল সকাল উঠব।

বাপ (কিচ্ছু না কয়ে) ফোন কেটে দিল।

যাই, উঠি।

শাহরুখের সাথে ছবি দিসি। (ক্যাপশনে দিসি, "আমি এখন বিবাহিত, তাই তারে কম জ্বালাই।")

এটা নিয়ে মাকে কইতেসে, তোমার মেয়ের তো বিয়ে হবে না, যে অশ্লীল অশ্লীল কথা লিখে! মা বলসে, না হোক।

আই লাভ ইয়ু, মম!

তেইশ। এই প্রতিদিন সকাল সকাল অফিসে যাবার যে-ব্যাপারটা, এটা না নাইন্টিজের নায়িকাদের মতো—দেহ পায়, কিন্তু মন পায় না।

চব্বিশ। তোকে একটা কথা বলি।
এ পর্যন্ত আমি তোকে যা যা লিখেছি, তার সব সত্য; আজকের পরও যা যা লিখতে চাই বা লিখব, তা-ও হবে সব সত্য।

যেদিন তোর অনুপস্থিতিতে গল্প লিখতে শুরু করব, তা হবে বানানো।
তুই কি জানিস—
তুই আমার জীবনের একমাত্র অন্তর্নিহিত সত্য?

তুই একবার বলেছিলি,
আমার লেখাই আমার মন।
...কথাটা পুরোপুরি সত্য।


ভাবনা: এক হাজার একাশি
………………………………………………………………


এক। তুমি আমার শহরে এলেই মনটা অদ্ভুত এক আনন্দে ভরে ওঠে; যেন ভেতরে ভেতরে উড়ুউড়ু করে, কী যে পাগলামি করতে ইচ্ছে করে—তুমি জানো না! তবুও আমি সেসব করি না, শুধু মনে মনে করি। ভাবনায় তোমার কাছে ছুটে যাই, তোমাকে জড়িয়ে ধরি, তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ি।

তুমি আসছ, শুধু এটুক শুনলেও মনে হয়, শহরজুড়ে আতশবাজি ফুটছে। চারপাশটা রঙিন হয়ে যায়, সব কষ্ট মিলিয়ে যায়। জানি না কেন, তোমাকে চোখে না দেখেও এত আনন্দ হয়। এমন অনুভব তো এই শহরে কেবল বাবা এলেই হয়।

আমার কাছে সব কিছুর মানেই তুমি, সেটা যা-ই হোক, যেমনই হোক। এর থেকে বেশি আর কিছুই আসে না আমার মাথায়।

আজ আমার ভীষণ ভীষণ খুশি লাগছে… উমমমমম্, আমার বাবুটা!

দুই। "তোরে আইজকে মাইরেই ফেলামু, তোর রক্ত দিয়া আইজ আমি গা ধুবো; কুইত্তার বাইচ্চা, তুই কথা শুনোস না, কত্তক্ষণ কথা কওয়া লাগে তোর জন্য আমার, অসুস্থ বানায় ফেলোস তোরা আমারে!"

...বলে বিছানা-ঝাড়া ঝাড়ু, পাপোস, স্যান্ডেল, খুন্তি, বই, কলম, চিরুনি, গ্লাশ, রিমোট, পর্দার লাঠি, খাটের স্ট্যান্ড (মানে যা পেত হাতের কাছে... শুধু মোবাইলটাই এখনও হাতে নিতে দেখি নাই) হাতে নিয়ে চোখ বড়ো বড়ো করে কিছুটা চাপা উচ্চস্বরে বলার যে-ব্যাপারটা...

খেতে বসে মায়ের এই ব্যাপারগুলো ভাবলাম আর হঠাৎ মনে হলো, সেইসব ছোটো ছোটো তর্জন-গর্জনের মধ্যেও আদরের কী গভীর উপস্থিতি ছিল!
নিঃশব্দে হাসলাম।

ঠিক সেই সময় মোবাইলে দুটো মেসেজ এলো।
পুরোনো নাম, পুরোনো সময়ের চেনা...এক পরিচিত অচেনা মানুষ:

"আমি আর আগের মতো অনলাইনে আসতে পারি না।
আমার বিয়ে হয়ে গেছে।"

একটু থেমে আবার লিখেছে—

"পড়ালেখার চাপে কোথাও যাই না, অথচ বাসায় একঅক্ষরও পড়ি না।"

আমি কিছু বলিনি তখন। শুধু চুপ করে তাকিয়ে ছিলাম সেই মেসেজগুলোর দিকে।
কিছু স্মৃতি রং বদলে ধরা দিয়েছিল পর্দায়—
যেন হঠাৎ করেই সময়টা থেমে গেল,
আর আমি আটকে গেলাম একটা ভাঙা কথার ভেতর...

"বাদ দাও ওসব।
আমার ইচ্ছাকে তো কেউ কোনোদিন সম্মান দেয়নি, তবু একান্ত অনিচ্ছাকে অন্তত কেউ একটু সম্মান দিক!"

তিন। Do you know why I love you so much? I'm not a saint either—some expectations stir within me, even if I wish they didn’t. The reason is this: you’ve given me confidence.

I'm the kind of girl who doesn’t expect her man to hold an umbrella for her—but I do hope that when it rains, someone will walk beside me until I’m strong enough to face the storm on my own. I once wondered if such a man—a man of true words—really existed. Luckily, I found him.

চার। তোমার মনে আছে, আগেও আমার একটা বিয়ের কথা চলছিল? এতদিন ধরে ওরা বিষয়টা শুধু ঝুলিয়ে রেখেছে—দুই মাস, দুই মাস করে পার করতে করতে এতদূর এনেছে। মাসখানেক আগে আমার পরিবার চূড়ান্ত কথা বলতে গিয়েছিল, সব ঠিক থাকলে নভেম্বরের শেষের দিকে বিয়ে হবার কথা ছিল।

ওর বাবা বিয়ের জন্য খুব সামান্য কিছু গহনা বানাতে দিয়েছিলেন। যেখানে দিয়েছেন, সেখানকার কাজ ভালো না, আর পরিমাণটাও খুবই নগণ্য ছিল। আমি তখনই বলেছিলাম, আমার এসবের কিছুই দরকার নেই—আমার বাবা আগেই সব গহনা বানিয়ে দিয়েছেন। আমার চাহিদা শুধু একটাই—তারা যেন ৬-৭ লাখ টাকা দেনমোহর লিখে বিয়ে পড়িয়ে নেয়, এর বাইরে আর কিছু চাই না।

কিন্তু আমার এই কথাগুলো ওর মনে হলো অসম্মানজনক। সে ধরেই নিল, আমি তার বাবা-মায়ের প্রতি অবজ্ঞা করেছি এবং এই কারণ দেখিয়ে সম্পর্ক ভেঙে দিল। এমনকি সে আমার কাছে এসে এক বারও জিজ্ঞাসা করল না, আসলেই আমি কী বলেছি বা কেন বলেছি। শুধু মায়ের কথা শুনেই সে সিদ্ধান্ত নিয়ে নিল।

আমার পরিবার তাদের বহু বার বলেছে, আপনারা কী করতে চান, স্পষ্ট করে জানান। যদি না করতে চান, সেটাও জানিয়ে দিন। কিন্তু তারা শুধু সময় চেয়েছে—এই মাস, ওই মাস বলে প্রসঙ্গটা ঝুলিয়ে রেখেছে। আমি কিছুতেই মানতে পারছি না, একজন মানুষ এতটা বদলে যেতে পারে কীভাবে!

যখন আমাদের বিয়ের কথা চলছিল, তখন সে খুব বেশি বেতনের চাকরিতে ছিল না, কিন্তু সেটা আমার জন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি, গত পাঁচ-ছয় মাসে, সে একটা নতুন চাকরি পেয়েছে, যেখানে ভালো বেতন আর ক্যারিয়ারের সুযোগ আছে। এতদিন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখন এসে সে পুরো বিষয়টা এভাবে ঘুরিয়ে দিল!

ওদের আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। তারা একটা নামমাত্র খরচে বিয়ে সারতে চেয়েছিল—নিম্নমানের গহনা বানিয়ে সেটা দেনমোহরের পরিবর্তে পরিশোধ দেখিয়ে, যেন তাদের কোনো বড় খরচ না হয়। কিন্তু আমি কোনো কিছু চাইনি, শুধু বলেছি ন্যূনতম দেনমোহর লিখে বিয়ে করুক বা স্পষ্টভাবে জানাক যে তারা করবে না। অথচ তারা সেটা না করে এভাবে ঝুলিয়ে রাখল!

আমার কোনো গহনার বা টাকার দরকার নেই। আমার নিজের ফ্ল্যাট আছে, পর্যাপ্ত সম্পদ আছে। কিন্তু যদি আমি এইভাবে বিনা পয়সায় বিয়ে করে যাই, তাহলে বিয়ের পর যদি আমাকে দিয়ে তাদের সংসারের খরচ চালানোর চাপ দেওয়া হয়, তখন আমার আর কিছু করার থাকবে না। তখন মানসম্মানের ভয়ে আমি আটকে যাব, ছাড়তেও পারব না। আর যদি দু-তিন বছর পর আমার সব কিছু নিয়ে আমাকে ছুড়ে ফেলে দেয়, তারও কোনো নিশ্চয়তা নেই!

আমি যখন তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, তখন তার বলতে গেলে কিছুই ছিল না, শুধু একটা ছোটোখাটো চাকরি। ওর ভবিষ্যৎ নিয়ে আমিই ভাবছিলাম, সব কিছু গোছাচ্ছিলাম। এমনকি সে এখন যে-চাকরিতে আছে, সেটাও আমার ফুপার লবিংয়ে পেয়েছে। এত কিছু করার পরও সে আমাকে এভাবে ফেলে দিল! আমি এত বড়ো একটা ধাক্কা খেলাম, যা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। মনে হচ্ছে, যেন আবার ১১ বছর পিছিয়ে গেছি!

এক বছর আগেও, এমনকি চার মাস আগেও, সে এমন ছিল না। সে জানে, তার জীবনের অনেক কিছুই আমার হাত ধরে হয়েছে। এত কিছুর পরও সে এভাবে প্রতারণা করল! আমি চাইলে ওর চাকরিটা পর্যন্ত হারিয়ে দিতে পারি, কিন্তু সেটা করতে চাই না। তবে এত কিছুর পরও এটা মেনে নেওয়া কতটা কঠিন, সেটা বোঝানোর মতো ভাষা আমার নেই।

বিয়ের পর আমার জীবন কেমন হবে, সেটা এখন ভয় লাগছে ভাবতে!

আমি বুঝতে পারছি, সে যা বলছে, তার পুরোটাই অজুহাত। তার বাবা-মায়ের কথা শোনার নাটকের আড়ালে আসলে সে নিজের অবস্থান পরিবর্তনের কারণেই আমাকে ছেড়ে দিয়েছে। এই ধাক্কা থেকে আমি আর বের হতে পারব কি না জানি না।

ইদানীং চাকরি করার খুব একটা ইচ্ছে ছিল না। কারণ আপুকে দেখে বুঝেছি, চাকরির কারণে অনেক সমস্যা হয়। তাই ভেবেছিলাম, চাকরি করব না। কিন্তু এখন যে মানসিক অবস্থায় এসে পড়েছি, তাতে চাকরি খোঁজা তো দূরের কথা, টিউশনিও ছেড়ে দেওয়ার কথা ভাবছি।

কিছুই ভালো লাগছে না। আমার সেই মানসিক স্থিতিশীলতা কবে আসবে, নিজেকে ধরে রাখতে পারব কি না—আমি সত্যিই জানি না। এখন আর সেই শক্তিটাও নেই।


ভাবনা: এক হাজার বিরাশি
………………………………………………………………


এক। অনেক বছর আগে জ্যাক মা'র একটা স্পিচ শুনেছিলাম। সারমর্ম ছিল এরকম—আপনার ওপর প্রথমে আপনার পরিবারও বিশ্বাস করবে না। আলিবাবা যখন শুরু হয়েছিল, তখন তার ওপর প্রথম যে-মানুষটি ভরসা রেখেছিলেন, তিনি ছিলেন এক সম্পূর্ণ অচেনা ব্যক্তি। অথচ সাফল্যের পর, যখন পারিবারিক অনুষ্ঠানে বিল দেবার সময় আসে, তখন আশেপাশের সবাই-ই পরম আত্মীয় হয়ে ওঠে।

আজ শরীর প্রচণ্ড খারাপ, রীতিমতো বিরক্ত হয়ে রান্না করেছি—শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করতে। হেল্প না করলে বাবা-মা মন খারাপ করতেন, অথচ আমার শরীর কেবল বিশ্রাম চেয়েছিল। মন চেয়েছিল তোমাকে। আর খাবার টেবিলে যাদের পাশে বসে খাচ্ছিলাম, আত্মিকভাবে আমি তাদের কাউকেই চিনতাম না!

আমরা যাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে পাই না কাছে; যারা স্বার্থপর, তারাই কীভাবে যেন কাছে থাকে!

একটা সময় ছিল, যখন হারানোর ভয় পাইনি, মরতেও কোনো ভয় ছিল না। কিন্তু এখন আর আমি সেভাবে নেই। তুমি আসার পর, তোমাকে দেখার লোভই ফুরোয় না…

দুই। একটা ছেলে আছে, যার প্রতি আমার কোনো যৌন আকর্ষণ জাগে না। বরং তার প্রতি আমার অসীম মমতা জন্মায়। ইচ্ছে করে, তাকে অনন্তকাল বুকে জড়িয়ে রাখি। ঠিক যেমন একটা শিশুকে আদর করতে ইচ্ছে করে, ওকেও তেমনই মনে হয়।

আমার মতো অসভ্য একটা মেয়ে ওর সামনে গেলে কেমন যেন সাধু হয়ে যায়! সমস্ত কালিমা মুছে হৃদয়টা কেমন পবিত্র হয়ে ওঠে। এটা আমার মহত্ত্ব নয়, বরং ওর অভূতপূর্ব ক্ষমতা। মানুষ আসলেই এক চুম্বক।

কী এমন চৌম্বকত্ব আছে ওর মাঝে, যা আমার নষ্ট হৃদয়কে কমল-কাননে রূপান্তরিত করে? যেমন চুম্বকের সংস্পর্শে লোহাও ক্ষণিকের জন্য চুম্বক হয়ে ওঠে, ওর সংস্পর্শেও যেন আমার ভেতর এক নতুন পরিবর্তন আসে। তাই তো বলি, মানুষ এক বিস্ময়কর চুম্বক!

আমি খারাপ বলেই হয়তো পৃথিবীর সমস্ত খারাপ কিছুকে আকর্ষণ করি; আর ভালো হলে হয়তো ভালো কিছুকে করতাম। আমরা তা-ই আকর্ষণ করি, যা আমাদের মস্তিষ্কে ঘুরপাক খায়। যে ভালো চিন্তা করে, সে-ই ভালো মানুষ। খারাপ কাজ করে কি আর ভালো চিন্তা করা যায়?

স্পর্শ খুব জটিল বিষয়। আপনি কাকে স্পর্শ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ—কারণ সেই চৌম্বকত্ব!

গোবর ছোঁয়া আর গোলাপ ছোঁয়া কি এক?

পবিত্রতা আসলেই এক অপূর্ব সৌন্দর্য। যারা বলে "পবিত্রতা শরীরে নয়, মনে থাকে"—তারা ভুল বলে।

মন ভুলতে পারে, কিন্তু শরীর কখনও ভোলে না।

একজন পবিত্র মানুষ মানে শুধু ভার্জিন হওয়া নয়। সে হতে পারে সৎ, নির্লোভ, সহানুভূতিশীল—হয়তো সে ভার্জিন না-ও হতে পারে, কিন্তু সে বহুগামী নয়। কেন জানি না, আজকাল বহুগামিতাকে ভুল মনে হয়। ভুল বলব না, কিন্তু এটা শান্তির নয়—হতে পারে কেবল সুখের।

তার মাঝে কামনা নেই, তাই আমারও নেই?
আমি "করুণা" শব্দটা ছোটো করে বলছি না। করুণার চেয়ে, ক্ষমার চেয়ে মহত্ত্বপূর্ণ আর কিছু নেই।

সে আমার দেখা একমাত্র পবিত্র পুরুষ—হৃদয়ে, শরীরে, চিন্তায়—সব দিক থেকে।

সে-ই একমাত্র পুরুষ, যাকে চাইতে পারতাম, পেয়েও স্পর্শ করিনি—যে আমার কামনাকে রূপান্তরিত করেছে মমতায়।

সে যেন এক দেবশিশু।

আচ্ছা, একটা নিষ্পাপ শিশুকে দেখলে কি কামনা জাগে? যদি জাগে, তাহলে তো আমরা পশুর চেয়েও হীন।

তাহলে কেন এই অসম্ভব সুন্দর, লম্বা, চওড়া পুরুষটির প্রতি আমার বিন্দুমাত্র কামনা জন্মায় না?

ওর মধ্যে কামনা নেই বলে?

তিন। আমি যখন একা থাকি, তখন তোকে আরও বেশি আমার সাথে থাকা মনে হয়। একটু আগে খাচ্ছিলাম, তোর সাথে দুনিয়ার কথা বলতে বলতে খেলাম। আর যখন সত্যি তোর সাথে থাকি, তখন শুধু 'ভালো লাগে, ভালো লাগে'—এই অনুভূতিটাই কাজ করে।

কিন্তু কী হয়, জানিস? তোকে নিয়ে ভাবতে ভাবতে কিংবা তোর সাথে থাকা সময়টাতে মাঝেমধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। যেন একটা কেমন জানি অস্বাভাবিক ভাব চলে আসে, একরকম বিভ্রান্তি তৈরি হয়। তখন না, আমি কেমন যেন হয়ে যাই—কিছু বলতে পারি না, একদম শূন্য শূন্য লাগে!

কেমন জানি! হাহ্…

আর তখনই আমি আরও বেশি ভুলভাল করি। তুই মাঝে মাঝে কেমন জানি হাবলা টাইপের লাগিস, না? আর আমি—আমি তো একদমই না!

চার। গায়ে চাদর জড়িয়ে রাখলে যে-শান্তি অনুভূত হয়, এই শান্তি ওসব হুডি-মুডি'তে পাওয়া যায় না।

পাঁচ। That look in your eyes—oh, this must be paradise.
I will never forget the words that you said:
....................................
Oh, it’s you—only you—
That I adore.

ছয়। - রুচির অবক্ষয় হয়েছে তোমার...
- বলছ?
- আমায় পছন্দ করেছ যে!
- ওই সুউচ্চতার উপর যে দেখতে পায় না আমার চোখ! তুমি যেখানে রুচির উচ্চতায় দেখতে বলছ, আমার কাছে তা কেবলই ধূসরতা, যেমন দৃষ্টির বাইরে-থাকা শূন্যতাকে আমরা আকাশ বলি!

সাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাকে সবসময়ই টানে। ইতিহাসের সেই রক্তক্ষয়ী অধ্যায়, যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসের গল্প—সব কিছুই আমার কৌতূহলের কেন্দ্রবিন্দু। যুদ্ধ মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। কিন্তু জানো, যখনই নিবেদিতপ্রাণ বাবা-মা দেখি, তখন এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করে। ঈর্ষা? না কি শূন্যতা? ঠিক জানি না। ভেতরে কোথাও যেন একটা অপূর্ণতার হাহাকার বাজে।

প্রতিটি প্যারেন্টস মিটিংয়ে আমি ছিলাম একা। কেউ ছিল না পাশে দাঁড়ানোর মতো। আমি সেই অন্তর্মুখী, লাজুক, নিরীহ মেয়েটি, যে চুপচাপ তাকিয়ে দেখত অন্যদের আনন্দময় মুহূর্ত।

জানো, যেদিন প্রথম দেখি, তুমি তোমার ছোট্ট ছেলেটার প্রতি অপার মমতায় ওকে জড়িয়ে আছ, সেদিন আমার হৃদয়ে একসঙ্গে দুটো বিপরীত স্রোত বয়ে গিয়েছিল—একটা আনন্দের, আরেকটা বিষাদের।

শূন্যতার শহরে তুমি আর আমি। এই শহর বড়ো ব্যস্ত, কেবলই ইট-পাথর, অগণিত গাড়ির শব্দ, দালানকোঠার ছায়া। তুমি আছ নিজের তাড়ায়, আমি আছি ক্লান্ত পথের ধুলোয়।

তবু একটা প্রশ্ন রয়ে যায়—
কথা হবে কি?

আট। চিত্রা,

কেমন আছ, মা আমার? তুমি ভালো নেই, জানি। আসলে আমরা কেউই তো ভালো নেই। সময়টাই চলছে খারাপ। তবুও জোর করে ভালো থাকতে হয় রে, মা।

জীবনটাকে বয়ে নিয়ে চলতে সত্যিই ক্লান্ত লাগে মাঝেমধ্যেই। তবুও বেঁচে থাকতে হয়। প্রয়োজনে শেষ হয়ে যেয়ো, কিন্তু নিজেকে শেষ করে দিয়ো না।

বাঁচতে বাঁচতে শেষ হয়ে যাওয়াকে বিরাট এক সাকসেস বলে। সবাই পায় না এই সাকসেসের স্বাদ। এই আমি তোমার মা-টা কিন্তু এই সাকসেস পেয়েছি। তোমার মতো খারাপ সময় আমার জীবনেও আসত।

দাঁত চেপে সহ্য করো। বেঁচে থাকাটাও কিন্তু একটা অভ্যেস। আর‌ও কথা হবে সামনাসামনি চা খেতে খেতে।

ইতি
মা


ভাবনা: এক হাজার তিরাশি
………………………………………………………………


এক। আমার জীবনটা কেমন যেন রহস্যময়!
আমি গভীরভাবে ভালোবাসি একজনকে, সে-ও আমাকে ভালোবাসে। অথচ, তাকে আজ পর্যন্ত ছুঁয়েও দেখিনি! তার জন্যই আর কাউকে বিয়ে করিনি। জানি না, আদৌ কোনোদিন তাকে কাছে পাব কি না। যদি না পাই, তবুও অন্য কাউকে ভালোবাসতে পারব না, বিয়েও করব না।

কিন্তু তোমাকে ছুঁতে আমার কোনো অপরাধবোধ কাজ করে না। তোমাকেও ভালোবাসি, তবে সবার প্রতি অনুভূতি একরকম হয় না। সময়ের সঙ্গে সঙ্গে আমি সংযমী হয়ে গেছি। হয়তো, যদি একদিন তার দেখা পাই, যদি তাকে একটুখানি কাছে পাই, এই অন্তহীন আকাঙ্ক্ষা কিছুটা কমে যেতে পারে। জানি না... তবে এই তীব্র চাওয়ার মাঝেও এক অদ্ভুত শান্তি আছে!

তুমি ভালোবাসো না বলেই হয়তো দূরে থাকি!
কিন্তু আমি তোমাকে ভালোবাসি খুব, অথচ আসক্ত নই। ভালোবাসা যদি আসক্তি না হয়, তবে তার স্বাদই-বা কোথায়?

কারও প্রেমে যখন তুমি সত্যিই আসক্ত হবে, তখনই স্বর্গের আনন্দ আর নরকের যন্ত্রণার তফাত বুঝতে পারবে। জীবন ভালোবাসার জন্য, আসক্তির জন্য! এখানে কেউ মহান নয়, কেউ সংযমী নয়। আমাকে তোমার প্রেমে আসক্ত করো, আমি সব ছেড়ে তোমারই হয়ে যাব। পারবে কি, প্রিয়তম?

দুই। প্রেম মানে অপেক্ষা, বিরহ, না পাওয়া। পেয়ে গেলে প্রেমের মৃত্যু ঘটে।

পেয়ে যাওয়া মানে ওয়ানটাইম টি-কাপ—ব্যবহারশেষে ছুড়ে ফেলে দেওয়া! আর যা বার বার ব্যবহারযোগ্য, তা হচ্ছে কাচের টি-কাপ, একটু দামি।

আমাদের মাঝে যেটা, সেটা প্রেম নয়, ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি। না পেলেও ভালোবাসি।

ভালোবাসা অন্যরকম। একটুখানি স্পর্শেও অনেক শান্তি। যেখানে থাকে পরম মমতা, ভরসা আর অনাবিল প্রশান্তি। আপনি আমার সেই মানুষটা, যাকে উজাড় করে দিতে সুখ লাগে, পেতে যতটা লাগে, তার চেয়ে দিয়ে বেশি ভালো লাগে। যে হয়ে ওঠে একান্ত নিজের ঘর—হাজার শরীর ছুঁয়েও সেই ঘরে ফিরতে ইচ্ছে করে। চোখ বন্ধ করলে যার মুখ ভেসে ওঠে। সবার সেই ঘর থাকে না। আমি আপনার সেই ঘর হতে চাই।

তিন। প্রাণপ্রিয় পিতৃতুল্য পূজনীয় প্রাক্তন প্রেমিক,
পতিহীনা পতিব্রতা পত্নীর পাশে পুরুষালি পুরুষকেই প্রথম পছন্দ করে পথভ্রষ্ট পাপিষ্ঠা।
পরম পাপীয়সীর প্রথম পিতৃদেবের পরলোকগমনের পুরো প্রক্রিয়াই প্রমাণিত। পুরাতন পিতার পরিবর্তে প্রজাতন্ত্রের প্রতিজ্ঞাবদ্ধ প্রজাকে পিতৃস্থানে প্রতিষ্ঠার সময়, যদি পিতার পায়ে প্রণাম পৌঁছানো সম্ভব হয়, তবে পাপাচারে পচাগলা পাপী পঁচিশোর্দ্ধ প্রাক্তন প্রেমিকা পৃথিবীপৃষ্ঠে প্রাণপ্রতিষ্ঠা লাভ করবে।

মেধা, মননশীলতা ও মনোবলের মানদণ্ডে মেয়েটি মানসিক মৃত্যু মেনে নিলেও, মানুষকে মাতানোর মতো মতিভ্রমে মজে আছে। মেয়েটির মনোবিজ্ঞানের পাঠ ও মনস্তত্ত্ব বিষয়ে মনোনিবেশ মানানসই ভাবা এক মহামুশকিল মামলা।

অহেতুক, অবাস্তব, আজাইরা অর্থ অনুধাবনকারীদের জন্য অজস্র অভিসম্পাত।

সখা, সুস্বাস্থ্যের স্বার্থে স্বাভাবিক সংযোগ সাময়িকভাবে স্থগিতকরণে সাহায্যের স্মারকলিপিতে স্বহস্তে স্বাক্ষরের সিদ্ধান্তকে স্বাগতম।

চার। মাঝে মাঝে নিজেকে নিয়ে একধরনের অস্বস্তি কাজ করে, যেন আমি কিছুই গুছিয়ে করতে পারছি না, কিছু দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না।

আমি যেখানে কাজ করি, সেখানে এক বয়স্ক মানুষও কাজ করতেন। ধীরে ধীরে তার সঙ্গে পরিচয় হয়। একদিন তিনি আমার কাছে সাহায্য চাইলেন, কিছু ব্যক্তিগত কথাও বললেন। আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তা কখনোই করা হয়নি।

প্রতিদিন কাজ শেষে যখন বের হতাম, তিনি হয়তো আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাইতেন। কিন্তু টানা পনেরো ঘণ্টা কাজ করার পর আমার ভেতরে আর কোনো শক্তি থাকত না কারও সঙ্গে কথা বলার। তার কাজও ছিল সময়সাপেক্ষ, আর আমার সময়ের সীমাবদ্ধতা ছিল। ফলে, দেখা হলে শুধু একবার খোঁজ নিয়ে চলে যেতাম। সময় দিতে পারতাম না, হয়তো তিনিও তা বুঝতে পেরেছিলেন। তাই ধীরে ধীরে আমার সামনে আসাও কমিয়ে দিয়েছিলেন। তবে আমি যখন বের হতাম, তিনি দূর থেকে তাকিয়ে থাকতেন। যদি আমি পেছনে ফিরে তাকাতাম, তিনি হাসতেন, হাত নেড়ে বিদায় জানাতেন।

গতকাল শুনলাম, তিনি স্ট্রোক করেছেন। আমি জানতাম, তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। কিন্তু আমি কিছুই করতে পারিনি। যদি তার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করতে পারতাম, কিংবা অন্তত তার কথা শুনতাম, তাহলে হয়তো তার চাপ কিছুটা কমত, হয়তো এতটা অসুস্থ হয়ে পড়তেন না।

এখন মনে হচ্ছে, তিনি হয়তো আর ফিরবেন না। এখানকার বেশিরভাগ মানুষই হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। আজ নিজের প্রতি একধরনের অপরাধবোধ কাজ করছে—আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে, একজন মানুষের কষ্ট অনুভব করেও কিছু করতে পারিনি।

পাঁচ। কেই-বা ভালো-মন্দের দাঁড়িপাল্লা নিয়ে আছে, বলুন?

আপনি আছেন আমার কাছে আমার হয়ে, আমি আছি পুরোটাই আপনার হয়ে—এটাই কি অনেক না?

ভালো-মন্দ থাকুক কোথাও দূরে—আমরা কাছে থাকলেই হলো, আমরা ভালো থাকলেই হলো। হোক তা কিছু সময়ের জন্য, কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর কিচ্ছু চাই না।

বারুদকে জ্বালাতেও কাঠি লাগে। দেশলাই জ্বালাতেও হাত লাগে।

আমি আর পারছি না!

ছয়। মানুষকে দুই ভাগে ভাগ করা যায়—কল আর নর্দমা।

কল সেইসব মানুষ, যারা সবসময় পাশে দাঁড়াতে প্রস্তুত। ওদের কাছে একবার হাত বাড়ালেই ওরা সান্ত্বনা, ভালোবাসা, উদারতা আর স্বচ্ছ বুদ্ধির স্রোত প্রবাহিত করে। ওরা কখনও ক্লান্ত হয় না, কখনও শুষ্ক হয়ে যায় না তাদের দয়ার ধারা।

আর নর্দমা? ওরা সেইসব মানুষ, যারা প্রয়োজনের মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। ওরা কিছুই দিতে জানে না, শুধু নিতে জানে। যতটুকু দেওয়া হয়, মুহূর্তেই শুষে নেয়, অথচ কৃতজ্ঞতার একটি শব্দও উচ্চারণ করে না।

সাত। শান্তি চাইলে প্রার্থনায় বোসো, আর না চাইলে, ফেইসবুকে।

প্রার্থনা কী? যে-কাজটা করলে ধীরে ধীরে তোমার ভেতরের ঈশ্বর জেগে ওঠেন, তোমার সাথে আলাপ করতে আরম্ভ করেন।

আট। : বল, ড-তে ডালিম।
: এটা ডালিম কোথায়? এটা তো আনার! ড-তে আনার।
: তুই বেশি বুঝিস? বল, ড-তে ডালিম!
: বাবা তো বলেছে, এটা আনার। আমি ডালিম কেন বলব? ড-তে আনার।
: তুই ঠিকভাবে না বললে, আজকে তোর ছুটি নাই। এখান থেকে উঠতে পারবি না।

ওদিকে আলিফ লায়লা শুরু হয়ে যাচ্ছে। শুরুর আবহসংগীতটা বাজছে অলরেডি। কিন্তু আমি কিছুতেই আনারকে ডালিম বলব না। আমার মা-ও গোঁয়ার কম না। 'ড-তে ডালিম' না বললে আমাকে টিভি দেখতে দেবে না। অগত্যা, বুকে পাথর চেপে আলিফ লায়লা দেখার লোভে বললাম, ড-তে ডালিম!

আলিফ লায়লা শেষ হতেই ৫ বছরের আমি মায়ের কাছে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, ড-তে আনার! ড-তে আনার! ড-তে আনার! বাবা আমাকে আজকে সকালে বলেছে, বাসায় আসার সময় আমার জন্য আনার নিয়ে আসবে। তুমি জানো না, মা, ওটা ডালিম না, ওটা আনার। তাই ড-তে আনার!

তারপর মা আমারে সারাবাড়ি দৌড়াইয়া ধইরা আইনা বাইন্ধা রাখল জানলার গ্রিলের সাথে। সেই লেভেলের একখান ফার্স্টক্লাস মাইর খাইসিলাম সেদিন মায়ের হাতে।


ভাবনা: এক হাজার চুরাশি
………………………………………………………………


এক। বুঝতে শিখুন যে, আপনার জীবনের শতভাগ রেসপন্সিবিলিটি আপনার নিজেরই। লাভ নেই কাউকে কিছু বলে, বুঝিয়ে, এক্সপ্লেইন করে। যত তাড়াতাড়ি এই সহজ ব্যাপারটা বুঝবেন, তত তাড়াতাড়ি অন্যদের চেয়ে এগিয়ে যাবেন। জানেনই তো, কেউ চেঁচায়, আর কেউবা এগোয়! সময় অল্প, এখনই নিজের ভাগ্যের পেছনে তা ইনভেস্ট করতে আরম্ভ করুন। এর-ওর দিকে নয়, শুধুই নিজের দিকে তাকান। তাহলেই ভবিষ্যৎটা আপনার!

দুই। আমি সুবোধ কোনো বালিকা নই। ভালো করে ভালোটাও বাসতে জানি না, কিন্তু আপনার কাছে এলেই কী যেন হয়ে যায়। মনে হয়, যেন পুরোপৃথিবী জুতোপায়ে হেঁটে এসে খালিপায়ে মন্দিরে প্রবেশ করছি—সকল কু ছেড়ে, সকল নোংরা ছেড়ে, একদম পবিত্র হয়ে!

আপনি আমার কী তবে? মন্দির? না কি ঈশ্বর?

জানি না!

যাযাবরের মতো এদিক-সেদিক ঘুরে-বেড়ানো মানুষ আমি। পথের ধারের উত্তপ্ত হতাশা কুড়োই, কিন্তু আপনার কাছে এলেই কেমন শান্ত হয়ে যাই! আপনার কাছে এলেই শামুকের মতো গুটিয়ে নিই নিজেকে—যেন শুধু আপনারই আবেশ পারে…আমার শীতল দেহকে এক শক্ত আবরণে ঢেকে রাখতে!

কে আপনি? ভরসা? আশ্রয়? না কি আশ্বস্ততা?

ভীষণ রকমের অগোছালো এক উনমানুষ আমি! ধুলোয়-জড়ানো জীবন আমার। কোনোদিন নিজেকে গোছানোরও তাড়া দিইনি; তবুও আপনার বিছানার চাদরের ভাঁজ, টেবিলের পাশে নষ্ট কাগজ ফেলার ঝুড়ি, এমনকী কালি-ফুরিয়ে-আসা কলমটি ফেলে দেওয়াতেও আমি অভিনবত্ব জুড়ে দিতে চাই প্রতিমুহূর্তে!

আপনি আমার কোথায় নেই, বলুন তো—কি শৃঙ্খলায়, কি প্রাচুর্যে!

জানি না। আমি সত্যিই জানি না!

তিন। ভালোবাসার বা পছন্দের মানুষটাকে পুরোপুরি নিজের মতো করে ছেড়ে দেবার বা বাঁচতে দেবার ক্ষেত্রে কারা বেশি এগিয়ে: ছেলেরা? না কি মেয়েরা?

আপনার অভিজ্ঞতা কী বলে?

চার। যারা নিজের হতাশা ও ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়, সেসব লোক থেকে সাবধান।

পাঁচ। কার‌ও দ্বারা উপকৃত না হলে বাঙালি কি আর তার ক্ষতি করতে চায়?

কয়েকটি গ্রুপে দেখলাম, লোকজন আল্লাহর কাছে আমার মৃত্যুকামনা করে পোস্ট দিচ্ছে। ইসলাম বা অন্য কোনো ধর্ম‌ এ ধরনের প্রার্থনা কোনোভাবেই সমর্থন করে না, তবুও ওদের পাশে অনেকেই আছেন দেখলাম। এমন অধার্মিক-মাতাল-অকৃতজ্ঞ-মাস্তান টাইপের লোকজন আমলা হলে দেশের কী হবে ভেবে দেখেছেন?

নিশ্চয়ই স্রষ্টা সঠিক সময়ে এর সুবিচার করবেন।

ছয়। হেলথ চেকআপ করাতে গিয়েছি। ফাস্টিং ভেঙে দুই ঘণ্টা পর আবারও ব্লাডের স্যাম্পল দিতে হয়, আপনারা জানেন। তো সেই দুই ঘণ্টা আমি কী করব! অগত্যা, খাওয়ার পর ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন রেস্টুরেন্টে বসে বসে পড়ালেখা করছিলাম।

তো খাবার হাতে নিয়ে কোনো টেবিল পুরোপুরি ফাঁকা না পেয়ে এক টেবিলে বসে পড়লাম। সেখানে আমার কোনাকুনি চেয়ারে এক ভদ্রমহিলা বসে খাচ্ছিলেন। (আমি তাঁকে খেয়াল করিনি সেদিন, এক বরাহশাবকের তোলা ছবি দেখে খেয়াল করলাম আজ।)

উপরের ঘটনাটি কি অস্বাভাবিক কোনো ঘটনা? জীবনে কোনোদিন হেলথ চেকআপ করাননি? সেখানকার রেস্টুরেন্টে বসে খাননি? এটা নিয়েও কাহিনি বানাতে হয়? আপনাদের মাথায় কি সত্যিই কিছু নেই? এই ঘিলু নিয়ে বেঁচে থাকতে মাঝে মাঝে খারাপ লাগে না?

এক ছেলে কোনো এক ফাঁকে আমার সামনের টেবিলে বসে নিজের মুখের সামনে মোবাইল ক্যামেরা অন করে অসুস্থ চেহারার আমার ছবি ওই মহিলাকেও ফ্রেমে রেখে তুলে ফেলল এবং সেটা ফেইসবুকে ছড়িয়ে দিল (ইম)প্রপার ক্যাপশন দিয়ে!

আহারে, দেখে বড়ো করুণা হলো! বুড়ো বয়সে নাতি-নাতনিদের কাছে গল্প করার জন্য বেচারার ঝুলিতে অর্জন বলতে কিছুই নেই! সে নিশ্চিত হয়ে গেছে যে, বাকি জীবনেও তেমন কোনো অর্জন ঝুলিতে ঢোকার সম্ভাবনা আর নেই। তাই বাধ্য হয়ে ছবিটা তুলল। এখন তো বলতে পারবে, জানিস, দাদুভাই, সুশান্ত পালের পেছনে কুকুরের মতো ঘুরে বেড়াতাম। মোবাইল থেকে স্ক্রিনশট বের করে আরও বলবে, এই দ্যাখ, লুকিয়ে লুকিয়ে ব্যাটার ছবি তুলে কী নাস্তানাবুদটাই-না করেছিলাম! হা হা হা...

ভাইরে, এই থার্ডক্লাস মেন্টালিটি নিয়েই মরবা ঠিক করসো! ছিঃ!

সাত। একটা সিম্পল কার্টেসি আছে, যেটা মেইনটেইন করতে আমি সাধারণত কখনোই ভুলে যাই না। শেয়ার করছি।

দরজা খুলে বেরোলেন বা ঢুকলেন। দরজা পার হবার সময় মনে করে খেয়াল করবেন, আপনার পেছনে দরজার কাছে কেউ আছেন কি না। যদি থাকেন, তবে অবশ্যই অবশ্যই দরজাটা আপনার দিকে বা আপনার বিপরীত দিকে হাত দিয়ে অল্প সময়ের জন্য ধরে রাখবেন, অর্থাৎ আপনার পেছনের ব্যক্তির জন্য খুলে রাখবেন।

যদি তা না করেন, তাহলে কী হবে?

গ্লাসডোর, স্লাইডিং-ডোর বা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এমন কোনো দরজা হলে দরজাটি বন্ধ হয়ে আপনার পেছনের ব্যক্তিকে আঘাত করতে পারে, যদি উনি খেয়াল না করেন। অন্য ধরনের দরজা হলেও বাতাসে বা কোনো ধরনের ধাক্কায় বা যে-কোনো কারণে তা বন্ধ হবার উপক্রম হতে পারে। এতে করে আপনার পেছনের ব্যক্তির আঘাতপ্রাপ্ত হবার আশঙ্কা থেকে যায়।

এমন কিছু না হলেও, আপনি বেরিয়ে যাবার সময় দরজাটি পেছনের ব্যক্তির মুখের উপর বন্ধ বা আধবন্ধ হয়ে যাওয়াটা ভদ্রোচিত দেখায় না। দু-চার সেকেন্ড দরজা ধরে রাখলে আপনার‌ও সম্মান বাড়বে, তাঁকেও সম্মান দেখানো হবে। অন্যের মনে নিজেকে সম্মানিত হিসেবে ভাবার সুখ কিন্তু অনেক।

তাই দরজা দিয়ে হনহন করে বেরিয়ে না গিয়ে একটু পেছনে তাকান, কেউ থাকলে তাঁকে এইটুকু সম্মান দেখাতে দু-চার সেকেন্ড সময় খরচ করুন। এই কাজের প্রাপ্তি অনেক।

বলতে পারেন, আমার বেরোনো/ঢোকা দরকার, আমি বেরোব/ঢুকব, পেছনের লোকের কথা ভাবার সময় কোথায়? ও আচ্ছা, আপনি সেই লোকটা না, বড়ো বাথরুম সেরে বেরোনোর সময় যাঁর ফ্লাশ করতে মন চায় না, বরং নিজের সৃষ্টির ছাপ অক্ষয় করে রেখে দিতে ইচ্ছে করে? তোমার চেয়ে তোমার বর্জ্য যে মহৎ,/তাই তব শরীরের বর্জ্য/পশ্চাতে ফেলিয়া যায় আক্কেলেরে তোমার/বারম্বার। হুম…বুঝলাম!

আট। Every time, I believe, I'm defined by what I do after failure! So yeah, I'll show up for everything life would offer me. Just showing up would give me enough for a lifetime.


ভাবনা: এক হাজার পঁচাশি
………………………………………………………………


এক। একটা ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করছি।

আমি সাধারণত ঘুমোতাম রাত ২টার পর। শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে সপ্তাহখানেক ধরে রাত ১০টার মধ্যেই শুয়ে পড়ছি, আর উঠছি ভোর ৫টার আগেই।

এতে আমার ২টা লাভ হচ্ছে।

প্রথমত, আগে ঘুমোতে পারতাম ৬ ঘণ্টার মতো, এখনও তা-ই পারি; তবে আগে সারাদিনই কীরকম জানি অবসাদগ্রস্ত থাকতাম, এখন আর তা হয় না; বরং আগের চাইতে বেশি প্রাণশক্তি অনুভব করি। এর কারণটা সহজ: রাত ৩টার পর সাধারণত আমাদের কোয়ালিটি স্লিপ হয় না, তাই ৩টার পরের ঘুমটা আমাদের শরীরের জন্য অপেক্ষাকৃত কম উপকারী।

দ্বিতীয়ত, রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টায় পড়াশোনা ও লেখালেখির জন্য আমি যতটা কাজ করতে পারতাম, এখন ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৩ ঘণ্টায় তার চাইতে অন্তত থার্টি পার্সেন্ট বেশি কাজ করতে পারি; ব্রেইনের কর্মক্ষমতা ওই সময়ে দিনের মধ্যে সর্বাধিক থাকে বিধায় কাজের মানও আগের চাইতে ভালো হয়।

প্লাসে-মাইনাসে আগে শুয়ে আগে উঠলে সব দিকেই বেশি লাভ। সকল ধর্মেও এ বিষয়টিকে সংগত কারণেই উৎসাহিত করা হয়েছে।

দুই। যার ঈর্ষা,
তার খুনি।

তিন। নগ্ন ডাল ছুঁয়ে মাটির কোলে ঘুমে ঢলে পড়ে বৃষ্টির ফোঁটা!
নতুন কুঁড়ি গজায়, মাটি ফুঁড়ে বেরিয়ে আসে নতুন জীবন, নতুন আশা!

এমনি করেই সে ফিরে ফিরে আসে আমার কাছে,
যার কাছে আমি আজও পারিনি ফিরতে!

চার। বিছানার সামনে কখনও আয়না রাখতে নেই; মানে, রুমের আয়নায় যেন বিছানা দেখা না যায়।

...এরকম কোনো কথা কখনও শুনেছেন কি? আমি শুনলাম একটু আগে; তবে কারণটা জানতে পারিনি। আপনি জানেন কিছু এটা নিয়ে?

পাঁচ। ঋতুপর্ণ ঘোষের সঞ্চালনায় একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে এইমাত্র পেলাম...তিনি জিৎকে বলছেন:

শাহরুখ খানকে ওরা সারাজীবন রাহুল বানিয়ে রাখে কেন, জানিস তো? এমন করলে নাকি ছবি ইদেও খুব চলে, দিওয়ালিতেও খুব চলে। মানে একটা হিরো মুসলিম, কিন্তু ক্যারেকটারটা হিন্দুর, এরকম হলে ব্যাবসা ভালো হয়।

...কথাটা শুনে খুব মজা পেলাম। কৌশল জানলে এবং তা জায়গামতো কাজে লাগালে আমাদের দিয়ে কত সহজেই সব গেলানো যায়, তাই না?

ছয়। মেয়েরা ঈশ্বরের অপূর্ব সৃষ্টি।

একটা মেয়ে চাইলে আপনার পাশে বসেই ফোনে এমনভাবে কথা বলবে যে, আপনি খুব চেষ্টা করেও কিছুই শুনতে পাবেন না।

এক‌ই মেয়ে চাইলে ফোনের ওপাশ থেকে এমনভাবে কথা বলবে যে, আরেকটু উঁচুস্বরে কথা বললেই কলের খরচটা বেঁচে যেত।

ছেলেরাও অবশ্য বেশ ভালো জিনিস—পাশে বসে চিল্লালেও কিছু শোনে না!

সাত। কেউ ছাগল বলে পাতা খায়,
কেউবা পাতা খেয়ে ছাগল হয়।

সাধু, সাবধান!

আট। পুরুষের সকল পাপের উৎস একজন সুন্দর নারী, কেননা মানুষের সকল পাপের উৎস তার নিজের মন।

নয়। যে-দেশে মেয়েদের মাথা উঁচু করে চলতে নিরুৎসাহিত করা হয়, সেই দেশে পুরুষেরাও ততটা শান্তিতে বাঁচতে পারে না।

আর যে-দেশে মেয়েদের মাথা উঁচু করে চলাই অলিখিত নিয়ম বা স্বাভাবিক রীতি, সেই দেশের পুরুষ অপেক্ষাকৃত সুখী ও উন্নত মানসিকতার।

পৃথিবীর দিকে তাকান, সব বুঝে যাবেন। নারী যত স্বাধীন হবে, পুরুষ তত উন্নত হবে।

মেয়েদের মাথা নিচু করে রেখে কোনো পুরুষ যদি নিজের মাথা উঁচু রাখার স্বপ্ন দেখে এই ২০২৪ সালে এসেও, তাহলে নিঃসন্দেহে তার চিন্তাভাবনা সেই মধ্যযুগেই পড়ে আছে।

দশ। যত যা-ই বলুন, সম্পর্ক কিংবা ভালোবাসা, সব কিছুর উপর শান্তি। যেখানে শান্তি নেই, সেখানে জীবনই নেই। পৃথিবীর যে-কোনো সম্পর্ককে একমুহূর্তেই উপেক্ষা করতে শিখুন, যদি ওতে শান্তি না থাকে। সরে না এসেও উপেক্ষা করা যায়, মন থেকে ছুড়ে ফেলে দেওয়া যায়, শান্তির স্বার্থে অভিনয় করতে শিখে নেওয়া যায়। কোনো প্যারা নাই, চিল! যার জন্য প্যারা খান, সে তো চিল মারে আর অন্যকিছু খায়। বুঝেন নাই ব্যাপারটা?

অভিজ্ঞতায় দেখেছি, এ কারণেই ব্যস্ত লোকের ওভারথিংকিং কম, তাই শান্তি অপেক্ষাকৃত বেশি। যার কাছে শান্তি পাবেন না, তার ভালোবাসায় হালকা মুতে দিয়ে রাত ১০টার মধ্যেই মোবাইল অফ করে শুয়ে পড়ুন। এতে মন ও শরীর, দুটোই ভালো থাকবে।

নদীর মতো হোন। বয়ে চলুন সামনের দিকে, যেখানে যা প্যারা, সেখানেই তা ছেড়ে এগিয়ে যান সামনের দিকে। থেমে গেলে লস কেবল নিজেরই!

এগারো। যত ভাববেন, তত ভুগবেন।

বারো। কিছুতেই আমি বুঝি না তোমাকে,
তুমি অভিমানে আছ, না কি ব্যস্ত!

জানো তো, তোমাকে আমার হৃদয়ের মতো মনে হয়
...ভেঙে পড়াতেই যত ভয়!

শুনছ, তোমাকে আমার
আমার মতো মনে হয়;
প্রতিমুহূর্তে, আরও একটু
নিজেকে ভালোবেসে ফেলার...
বড্ড ভয়!

তেরো। মেয়েদের মন নাকি স্বয়ং ঈশ্বরও বুঝতে পারেন না। আর যে-ছেলে টাকা কামাই করে, তার মন তো সে নিজেই বুঝতে পারে না, আপনি কোত্থেকে বুঝবেন? তাই বলছি, সম্মানের সাথে বাঁচতে চাইলে রিস্ক নেবেন না, নিজের পায়ের দাঁড়ানোর আগে ভুল করেও কারও গলায় ঝুলে পড়বেন না।

যার টাকায় চলবেন, তার দুটো কটুকথা এবং মুডসুইং সহ্য করতে হবে। আর নিজের টাকায় চললে পার্টনার একটু হলেও হিসেব করে কথা বলবে। এখন বাকিটা আপনার ব্যাপার।

টাকা যার,
কথা তার।

...এটাই দুনিয়ার নিয়ম। অবশ্য, শান্তিপ্রিয় ভদ্রলোক কপালে জুটলে কোনো চাকরি-বাকরি'র দরকার নেই—খ্যাঁকখ্যাঁক করেই দিব্যি গোটা জীবন আরামসে কাটিয়ে দিতে পারবেন, অশান্তির ভয়েই বেচারা চুপ করে থাকবে।

চৌদ্দ। নারীর নাড়ির টান আর পুরুষের নাড়ির টান...দুটোই দু-পক্ষের একধরনের মায়া, তবে আটকে যাবার জায়গাগুলো সম্পূর্ণ ভিন্ন।

আমি নারী বলেই নিজে থেকে এসব বয়ে চললাম এতদিন। আপনি পুরুষ বলেই আপনার অদৃশ্য কোনো পিছুটান নেই। কত স্বাধীন আর সৌভাগ্যবান আপনি, হিংসে হয়! আমি দেখেছি, আমার আবেগের কথা শুনে আমার যে ভাই কিংবা ছেলেবন্ধু হাসতে হাসতে মরে যায়, বিরক্ত হয়, ঠিক ওই আবেগের কারণেই আমি ওকে, ওদেরকে ভালোবাসতে পারি, ওদের জন্য টান লাগে, দুম করে ছেড়ে দিতে পারি না।

আমিও যদি ওদের মতোই, আপনার মতোই উড়িয়ে দিতে পারতাম, ছেড়ে আসতে পারতাম, তাহলে আমিও তো আপনাদের মতন শক্ত পুরুষ হতে পারতাম। আমার কী দোষ এখানে? সৃষ্টিকর্তার দোষ এটা। আমি নিজের ইচ্ছেয় পৃথিবীতে এলে পুরুষ হয়েই আসব, আর দেখব, কত মজা নেওয়া যায় নারীর আবেগকে কেন্দ্র করে।

আমিও আপনার মতন অবাক হব আর আপনার মতোই কার‌ও সাথে আড্ডা দিতে দিতে বলব, "ওরা এত বোকা কেন? কত ইমোশন থাকলে একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে যায়, ঘর সামলায়! আবার মজার কথা শোনো, এত কিছুর মধ্যেও আমাদের বাড়ি ফেরার অপেক্ষা করে, আমরা না ফিরলে খায় না, শুধুই খায় না, তা নয়, আমরা যা খেতে পছন্দ করি, তা আমাদের রেখে খেতে গেলে নাকি গলা দিয়ে নামে না! এমনকী আমরা আর কোনোদিন বাড়ি ফিরব না, নিশ্চিত করে জানলেও ওরা অপেক্ষা করে। ইসস্, কত চোখের জল রে, ভাই! ওরা এমন কেন? ওরা জানে না, আমরা ওদের নিয়ে হাসি, ওদের উপর জন্মের বিরক্ত আমরা! ওরা কি কিছুই বোঝে না!"
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *