ভাবনাদেয়ালের পলেস্তারা

ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৬০



ভাবনা: এক হাজার ছিয়াশি
………………………………………………………………


এক। সারাপৃথিবীতে শ্রীরামকৃষ্ণের এই ছবিটিই সবচাইতে বেশি ছড়িয়ে রয়েছে।

এটা তো সবাই-ই জানেন।

ছবির ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁ।

এটাও অনেকেই জানেন।

এটি রামকৃষ্ণের তৃতীয় ফটোগ্রাফ।

হ্যাঁ, এ-ও কেউ কেউ জানেন।

তাহলে পোস্টটি কেন করলাম? বলছি।

সেকালের কলকাতার সবচেয়ে নামকরা আলোকচিত্রী প্রতিষ্ঠানের নাম বোর্ন অ্যান্ড শেফার্ড। অবিনাশ তখন সেই প্রতিষ্ঠানের একজন অ্যাপ্রেনটিস। ১৮৮৩ সালের অক্টোবর মাসের কোনো এক রোববার‌ অবিনাশ ছবিটি তুলেছিলেন। ছবি তোলার স্থান দক্ষিণেশ্বর বিষ্ণুমন্দিরের রোয়াক। গৃহী ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ছবি তোলার আয়োজন করা হয়। যাঁর সাহায্য ছাড়া এই ছবিটি আদৌ তোলা সম্ভব হতো না, তাঁর নাম নরেন্দ্রনাথ দত্ত।

বহু বিখ্যাত বাঘা বাঘা ফটোগ্রাফার পরমহংসদেবের ছবি তুলেছেন। তবে সবচাইতে বেশি বিখ্যাত হয়েছে এটিই। অবিনাশ যদি ভাবতেন, “কত বড়ো বড়ো ফটোগ্রাফার রয়েছেন, আমি কি আর পারব ভালো কিছু তুলতে!”, তাহলে তো আজ এতগুলো বছর পর‌ও আমরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করতাম না, তাই না? এই সাহসটুকুই লাগে; সাথে লাগে একটু সুযোগ, যা তাঁকে করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ।

ভাববেন না, কাজটা তিনি এমনিই করেছিলেন। ছবি তুলে ১৮৮৩ সালেই ১০ টাকা পেয়েছিলেন অবিনাশ।

আপনি যে-অবস্থানেই থাকুন না কেন, কে জানে, হয়তো আপনার‌ই কাজ একদিন পৃথিবীখ্যাত হবে। এর জন্য দরকার ধৈর্য, শ্রম, বিশ্বাস। মানুষ শূন্য থেকেই পূর্ণ হয়। আপনিও পারবেন, চুপচাপ থেকে নিজের কাজটি করে যান। যোগ্য মানুষের অপেক্ষার ফল মিষ্টি হয়। আপনার জয় হোক!

দুই। ট্রেনে চড়ার সময়...

যখন ট্রেন ছোটার দিকে আমার পিঠ থাকে, তখন মনে হয়, এ মুহূর্তে আমার যা ছেড়ে আসা দরকার, তা-ই ছেড়ে যাচ্ছি;

যখন ট্রেন ছোটার দিকে আমার বুক থাকে, তখন মনে হয়, এ মুহূর্তে আমার যেদিকে যাওয়া দরকার, সেদিকেই যাচ্ছি।

এই মাইন্ডসেটটাই আসল। ট্রেন ছোটার দিকটি আমার পছন্দ হোক না হোক, ট্রেনে সেদিকেই ছুটবে। আমার পছন্দের দিকেই ট্রেন ছোটানো আমার পক্ষে অসম্ভব। তাই অতশত না ভেবে বাস্তবতাকে অ্যাক্সেপ্ট করে নিয়ে নিজের কাজে (ভ্রমণের সময় লিখি, পড়ি বা ঘুমোই) ডুব মারি। যা আমার হাতে নেই, তা মেনে নেওয়াতেই সব মঙ্গল। মানতে জানলে মন ঠিক রাস্তায় থাকে; আর, কে না জানে, মন‌ই তো সব!

ক্যুইজ। দেখি, বলুন তো, ট্রেন এখন কোনদিকে ছুটছে? আমার বুকের দিকে, না কি পিঠের?

তিন। একজন মা আমার জন্য নারকেলের চিড়া বানিয়ে পাঠালেন। কিন্তু কেন? তাঁর ছেলের কথায় বলি। "দাদা, আমার মা আপনাকে অনেক ভালোবাসেন, আপনার জন্য সবসময়ই প্রার্থনা করেন।"

বাসায় ফেরার সময় ভাবছিলাম, "এই মানুষগুলো কেন এত ভালোবাসে? এরা আমার কে হয়?" মন বলল, "এরাই আমার সব কিছু হয়।"

মায়েরা ভালো থাকুক।


ভাবনা: এক হাজার সাতাশি
………………………………………………………………


এক। চলার পথে অনেক মানুষের কাছেই আমার অশেষ ঋণ। দু-জনের কথা বলি।

আমার ক্যারিয়ার আড্ডার সুবাদে সত্যজিতের নামটা আপনারা অনেকেই জানেন। বিসিএস পরীক্ষা দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে দু-জন বন্ধুর কাছ থেকে বিসিএস সম্পর্কে জেনে ও অনুপ্রাণিত হয়ে, ওদের একজন সত্যজিৎ। ৩০তম বিসিএস-এ আমরা একসাথে জয়েন করেছি; সত্যজিৎ প্রশাসন ক্যাডারে। চট্টগ্রামের চেরাগী পাহাড়ের মোড়ে সেদিন সত্যজিতের সাথে দেখা না হলে আমার জীবনের ইতিহাসটা হয়তো অন্যরকম হতো। আমার জীবন ও জীবিকার মোড় ঘুরিয়ে দিয়েছিল সত্যজিৎ। ভালো কথা, আরেক বন্ধুর নাম পলাশ; পেশায় ডাক্তার, বিসিএস হেলথ ক্যাডারে আছে।

সত্যজিৎ আর পলাশের সাথে দেখা হবার পর চুয়েটে দৌড়াদৌড়ি শুরু করি সার্টিফিকেট সংগ্রহ করার জন্য, কেননা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হলে তো অনার্সের সার্টিফিকেট লাগবে। খুব অল্প সময়ের মধ্যে ৭টা সাবজেক্টে পাশ করে ফেললাম। বাকি রইল থিসিস। সুপারভাইজার স্যারের সাথে বহুদিন পর আবার যোগাযোগ শুরু করলাম। চোখের সামনে তখন সরষে ফুল দেখছি, কেননা কোনোভাবেই সুপারভাইজার স্যারকে সন্তুষ্ট করতে পারছিলাম না। কোনোমতে একটা সার্টিফিকেট জোগাড় করতে পারলেই আমি এই যাত্রায় বাঁচি! কষ্টের তীব্রতায় একেক সময় মনে হতো, মরে যাই! তখন আমাকে উদ্ধার করতে পুরোপুরি নিঃস্বার্থভাবে আমার বন্ধু রাব্বি হাত বাড়িয়ে দিল। “তুই সাবমেরিন ক্যাবল নিয়ে কাজ কর। আমিও এটা নিয়ে কাজ করেছি। আমার সব ম্যাটেরিয়াল তোকে দিয়ে দেবো। থিসিস পেপার আমারটা তোর নাম লিখে একটু চেইঞ্জ করে-টরে জমা দিয়ে দিস।” রাব্বি পাশ করে বেরিয়ে গিয়েছিল আরও আড়াই বছর আগেই; আমার মতন নগণ্য এক বন্ধুর কথা না ভাবলেও ওর কী এসে যেত! এ জীবনে রাব্বির মতন ভালো মনের মানুষ খুব কম দেখেছি। ৩০তম বিসিএস পরীক্ষার ফরম যেদিন জমা দিয়েছিলাম, সেদিন ছিল ফরম জমা দেবার লাস্ট ডেইট। আগের দিন সন্ধ্যায় চুয়েটের প্রশাসনিক ভবনে ছোটাছুটি করে পিপিসি সংগ্রহ করেছিলাম।

দিনগুলি মনে পড়ে। যারা আমার মতন তুচ্ছ একটা মানুষের প্রতি কোনো কারণ ছাড়াই দয়ালু ছিল, তাদের কথা খুব বেশি মনে পড়ে। আহা, কত মানুষের ঔদার্যে আমাদের এই বেঁচে থাকা! প্রায়ই মনে হয়, আমরা কেউই আসলে কারও উপকার করি না, আমরা মূলত ঋণশোধ করি।

পুনশ্চ। গতকাল চট্টগ্রাম কলেজের বন্ধুদের একটা গেট-টুগেদার পার্টি ছিল। পুরোনো বন্ধুদের সাথে কতদিন পর দেখা! ভাবতে ভালো লাগে, সবাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আহা, বড়ো মধুর একটা দিন কাটল। সবাই যেন ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম! ওখানেই সত্যজিৎ আর রাব্বির সাথে দেখা।

দুই। কিছু না দিলে, বন্ধু, কিছু চাইয়ো না। 🥱

তিন। শাহরুখ খানকে বড়োলোক বানাতে আমার ক্ষুদ্র প্রয়াস 🙄

চার। ...কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাংলাদেশ জিতলে সবাই মিলে চা-পান করা কর্তব্য।

পাঁচ। ও নতুন নতুন প্রেম করছে। কিন্তু ওর এখনও 'ইয়ে'ই হয়নি!

ছয়। Never trust a psychopath again if you do not want to suffer again. Once a psychopath, always a psychopath.

সাত। ভালোবাসা মনে হয় শুধুই বেড়ে যাবার ছুতো খোঁজে।


ভাবনা: এক হাজার আটাশি
………………………………………………………………


এক। ১. Tumhare muskurahat se ekbar meri jholi bhar do, maine jan bujhke tumse mohabbat ki hain, ek akhri bar meri ye gustakhi maf kar do!

(তুমহারে মুস্কুরাহাত স্যে একবার মেরি ঝোলি ভার দো, ম্যেয়নে জান বুঝকে তুমসে মহাব্বত কি হ্যায়, এক আখরি বার মেরি ইয়্যে গুস্তাখি মাফ কার দো!)

(তোমার হাসি দিয়ে আমার আঁচল কানায় কানায় পূর্ণ করে দাও, আমি জেনেশুনেই তোমায় ভালোবেসেছি, শেষ বারের মতন আমার এই ভুলটি তুমি ক্ষমা করে দাও!)

২. Accha hua ki maine apni pyar ko lafzo mein bayain nehi kar payi, nehi to ambar jhuk jata, dhadkan rukh jati, samandar rukh jati, aur tum meri pyar ki takat ko dekhte dekhte ek sadiyan palaak mein guzar dete!

(আচ্ছা হুয়্যা কি ম্যায়নে আপনি পেয়ার কো লাফজোমে বায়াহ্ ন্যেহি কার প্যায়ি, ন্যাহি তো আম্বার ঝুক যাতা, ধারকান রুখ যাতি, সামান্দার রুখ যাতি, অউর তুম মেরি পিয়ার কি তাকাত কো দেখতে দেখতে এক সাড়িয়া এক পালাক মে গুজার দেতে!)

(ভালোই হয়েছে যে আমি আমার ভালোবাসার কথা শব্দ দিয়ে প্রকাশ করতে পারিনি, নইলে আকাশ মাটিতে ঝুঁকে পড়ত, নিঃশ্বাস থেমে যেত, সমুদ্র দাঁড়িয়ে থাকত। আর তুমি আমার ভালোবাসার শক্তিটাকে দেখতে দেখতে চোখের পলকেই এক যুগ কাটিয়ে দিতে!)

৩. Tum jahase mujhe vul jane ki taiyari karte ho, waha se hi tumhare liye mera pyar shuru hoti hein.Toh janab, ish bekar ki kousish ab chod hi do!

(তুম যাহাসে মুঝে ভুল জানে কি তাইয়্যারি কারতে হো, ওহাসে হি তুমহারে লিয়ে মেরা পেয়ার শুরু হোতি হ্যায়। তো জানাব, ইস বেকার কি কোষিশ আব ছোড় হি দো!)

(তুমি যেখান থেকে আমাকে ভুলে যাবার প্রস্তুতি নিতে থাকো, সেখান থেকেই তোমার জন্য আমার ভালোবাসার শুরু হয়। তো জনাব, এসব অহেতুক চেষ্টা এবার ছেড়েই দাও!)

৪. Tumhare badan ke khushbu taak bhi meri rom rom pehechan te hein, aur yaha pe tum ho ki mujhe bhul janee pe lagee hue ho? Areh ajib admi, bhul jane ki kam itna aasan thodi na hein!)

(তুমহারে বাদানকে খুশবু তাক ভি মেরি রোম রোম পেহ্যেচানতে হ্যায়, অউর ইয়াহা পে তুম হো কি মুঝে ভুল যানে পে লাগে হুয়ে হো? আরে আজিব আদমি, ভুল যানে কি কাম ইতনা আসান থোড়ি না হ্যায়!)

(আমার প্রতিটা লোমকূপের গোড়া পর্যন্ত তোমার শরীরের ঘ্রাণটাকে চেনে, আর এদিকে তুমি কিনা আমাকে ভুলে যাবার চেষ্টা করেই যাচ্ছো? আরে উজবুক লোক, ভুলে যাওয়ার কাজটা এতটা সহজ কাজ নাকি! )

৫. Shayar khud ek shayeri hain, aur shayeri hi shayar ka pehchan hain. Khoda kare kisidin agar mai shayar baan gayi to uss din sirf tum hi meri shayeri banoge.

(শায়ার খুদ এক শায়েরি হ্যায়, অউর শায়েরি হি শায়ার কা প্যাহচান হ্যায়। খোদা কারে কিসিদিন আগার ম্যে শায়ার বান গ্যায়ি তো উস দিন সিরফ্ তুম হি মেরি শায়েরি বানোগে!)

(শায়ার নিজেই একটা মস্ত শায়েরি, আর শায়েরিটাই হচ্ছে শায়ারের পরিচয়পত্র। খোদা চাইলে আমি যদি কোন‌ওদিন শায়ার হয়ে যাই, তবে তুমিই হবে আমার একমাত্র শায়েরি!)


ভাবনা: এক হাজার উননব্বই
………………………………………………………………


এক। এখন আমার ফাকা ঘরটিতে কিচ্ছু বাকির খাতায় পড়ে নেই।
হিসেব এখন বরাবর।
এমনকি তোমার ভালোবাসার ছলনা নামে জমে থাকা কিছু ধূলিকণাও জানালার ফাক দিয়ে ঠিকই বেরিয়ে গেছে।
এতো নির্মম ভাবে ভালোবাসবে বলে এসেছিলে!
এ ভয়ানক ভালোবাসা আমি সইবো কি করে!
তুমি যদি এভাবেই একটিবার জানতে পারতে কতোটা ক্ষত হয়েছে তোমার অসুখে......
তবে আমার এই অনভিজ্ঞ হৃদয়টাকে এভাবে ক্ষতবিক্ষত করতে আসতে না আমার দ্বারে....
জেনেশুনে আমাায় করাতে না বিষপান...
এ যে মৃত্যুযন্ত্রণারর ও অধিক!

দুই। তার ব্যাপারে সাবধান থেকো, যার কাছে জেদের গুরুত্ব ভালোবাসার গুরুত্বের চেয়ে বেশি।

তিন। বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য অতিব্যস্ত স্বামী, স্ত্রীকে একেবারেই সময় দেন না। বিরক্ত হয়ে কোর্টে ডিভোর্স চাইলেন স্ত্রী।

............যে পরিমাণ পাগলামি শুরু হয়েছে, এমন ঘটনা বাংলাদেশেও ঘটবে। পেপারে উপরের হেডলাইনটা আসতে বেশি দেরি নেই।


ভাবনা: এক হাজার নব্বই
………………………………………………………………


এক। বিন ওয়ান্স, নেভার অ্যাগেইন! কিছু বই দ্বিতীয়বার পড়া যায় না। কিছু মুভি দ্বিতীয়বার দেখা যায় না। কেন?
হয়তো দ্বিতীয়বারে যদি কিছু খুঁত চোখে পড়ে যায়, এই ভয়ে! ভাললাগার রেশটা বেঁচে থাক না!
যন্ত্রণার ভয়ে! তীব্র কষ্টের কোনোকিছুর মধ্য দিয়ে আরো একবার যাওয়ার সাহস নেই, তাই হয়তো।
এরকম একটা বইয়ের নাম বলি। জাগরী। সতীনাথ ভাদুড়ীর। এই বই একবারই পড়া যায়। অতো কাঁদার সাহস আমার নেই।
এরকম একটা মুভি দেখলাম। শ্বাস (২০০৪)। মারাঠি মুভি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি। মুভিতে ঠাকুর্দা ও নাতির অভিনয় দেখে বেকুব হয়ে গেছি! কী ছিল এটা! অভিনয়? সিরিয়াসলি? ওটা অভিনয়ই যদি হবে, তবে বাস্তব কোনটা? এ দুইজন অভিনয় করেনি। ওরা ধরেই নিয়েছে, যা ঘটছে, সত্যিই ঘটছে, ওদের সাথেই ঘটছে, তা ধরে নিয়েই ক্যামেরার সামনে সময় কাটিয়েছে। অভিনয়ে অতোটা সততা ও কারিশমা তেমন একটা দেখা যায় না। বিশেষ করে ঠাকুর্দার চরিত্রে অরুণ নালাওয়াদে যে অভিনয় দেখিয়েছেন, অমন সাবলীলতা হজম করাও সহজ নয়! গ্রাম থেকে আসা একজন স্নেহশীল বৃদ্ধের তাঁর নাতির জন্য আবেগ, অনুভূতি, ব্যাকুলতার যে প্রকাশ দেখেছি, সেটিও অভিনয় ছিল? সত্যিই? যা দেখছি, তা সিনেমা, ডকুমেন্টারি নয়---মন এটা মানতে পারে না।

‘শ্বাস’ মানুষের মনস্তত্ত্ব ও অনুভূতি নিয়ে ফিল্ম। এটা দেখার নয়, অনুভব করার মুভি। এমন-কী মুভিতে যা যা পরিবেশ ও আবহ দেখানো হয়েছে, সেগুলির প্রত্যেকটিই অবিশ্বাস্য রকমের বাস্তব! ‘শ্বাস’ পরিচালক সন্দীপ সাওয়ান্তের প্রথম কাজ, এর শুটিং শেষ হয় ৩০ দিনে। উনি নিজেই জানেন না, উনি কী জিনিস বানিয়েছেন। খুবই সাধারণ একটা গল্প বলে এতটা কাঁদালেন আমাদের! মুভিতে কোনো গান নেই, নাচ নেই, মারাঠি ফিল্মের বিখ্যাত কোনো আর্টিস্ট নেই, মুভির বাজেটও কম, তবু এ মুভির সাথে ১০৭ মিনিটের জার্নিটা জীবনকে উপভোগ করতে অনুপ্রাণিত করে, ভালোবাসতে শেখায়--- দেরি হয়ে যাওয়ার আগেই! হ্যাটস অফ, স্যার!

ঠাকুর্দা আর নাতির মানবীয় সম্পর্ক নিয়ে দুনিয়ায় এতো ভাল ছবি আর বানানো হয়েছে কি না, আমার জানা নেই। কাহিনিটা ছোট্ট করে বলে দিই? স্পয়লার হয়ে যাবে? মনে হয় না। এই জিনিস না দেখেই দেখে ফেলার জিনিস না। (যেমন, ‘মেঘে ঢাকা তারা’, ‘অগ্নীশ্বর’ এইসব মুভির কাহিনি পুরো শুনে ফেলার যাঁরা ভাবেন, মুভি দেখে আর কী হবে! সবই তো জেনে ফেললাম!..........ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।)

ছয় বছরের নাতিকে নিয়ে ঠাকুর্দা শহরে এলেন। নাতির চোখে সমস্যা। ডাক্তার দেখালেন। পরীক্ষা করে দেখা গেল, দুই চোখের রেটিনায় ক্যান্সার হয়েছে। বিরল ধরনের ক্যান্সার। বাঁচাতে হলে দুই চোখই কেটে ফেলে দিতে হবে। নইলে ক্যান্সার ছড়িয়ে পড়বে, এর ফল নিশ্চিত মৃত্যু। অপারেশন হওয়ার আগ পর্যন্ত ছেলেটিকে ঘিরে কিছু মানুষের অনুভূতি নিয়েই এ মুভি। সোশাল ওয়ার্কারের পার্টটা বাদে মুভিতে কোনো মেলোড্রামা নেই। যা দেখানো হয়েছে, তার সবই স্বাভাবিক। যা হয়েছে, তেমনই হওয়ার কথা। মুভিতে ডায়লগের খেলা নেই, চরিত্ররা যা বলেছে, তার কোনোকিছুই আরোপিত মনে হয় না। ডাক্তার যখন ঠাকুর্দাকে বলেন তাঁর নাতির দুই চোখ কেটে ফেলে দিতে হবে, তখন ঠাকুর্দার যে এক্সপ্রেশন, সেখানে অসহায়ত্ব ও যন্ত্রণা, তা সত্যিই মনে রাখার মতো। সে মানসিক অবস্থায় তাঁকে অপারেশনের ব্যাপারটা নাতিকে আর নাতির মাকে জানতে হবে। জানাতেই হবে! ঠাকুর্দা কীকরে কাজটা করবেন? কোনোভাবেই কি নাতির চোখ দুটি রেখে দেয়া যায় না? ছোটমানুষ, এ ৬ বছরে পৃথিবী কতটুকুই-বা দেখেছে, আরও কত দেখার বাকি! বাকিটা জীবন তাকে অন্ধ হয়েই কাটিয়ে দিতে হবে? পৃথিবীতে কত মিরাকলই তো ঘটে, ঘটবে না ওরকম কিছু? নাকি ডাক্তার বুঝতে পারছেন না যে চোখ কেটে ফেলে দেয়া ছাড়াও অন্য সমাধান আছে? অন্য একজন ডাক্তার দেখালে কেমন হয়?

মুভির বাজেট ছিল ৬০ লক্ষ রুপি। সে টাকা যোগাড় করতে সন্দীপ সাওয়ান্তকে দরোজায়-দরোজায় ঘুরতে হয়েছে। ভাল জিনিস কি আর সহজেই হয়ে যায়? মুভিতে নাতির অতীত জীবনের কিছু দৃশ্য দেখানো হয়েছে। সেগুলিতে মহারাষ্ট্রের এক গ্রামের অপূর্ব চিত্রায়ন দেখি। ঠাকুর্দা-নাতিকে সব ধরনের সহযোগিতা করার ব্যাপারে সোশাল ওয়ার্কার মেয়েটির অক্লান্ত চেষ্টা, চিকিৎসকের অপূর্ব পেশাদারিত্ব মুগ্ধ হয়ে দেখার মতো! একজন পেশাদার বড়ো ডাক্তার ওরকমই হন। আমার একেকবার মনে হচ্ছিল, ভদ্রলোক সত্যিই ডাক্তার নাকি?

মুভির শেষ দৃশ্যে ঠাকুর্দা নাতিকে নিয়ে গ্রামে ফিরে যান। নৌকায়। নৌকা ঘাটে ভিড়লে অন্ধ নাতি শিশুদের নদীতে ঝাঁপ দেয়ার ছলাৎছলাৎ শব্দ আর পাখির ডাক শুনে আবেগে উদ্বেলিত হয়ে হাততালি দেয়। অন্ধ ছেলের চোখ কালো চশমায় ঢাকা, ঘাটে বাবা-মা দাঁড়িয়ে। এ দৃশ্য ভোলা যায়? যেদিন অপারেশন হওয়ার কথা, তার আগের দিন বিকেলে ঠাকুর্দা ভাবলেন, কালকেই তো আমার নাতিটার চোখের আলো সারাজীবনের জন্য নিভে যাবে। অন্ধকার পৃথিবীতে যাওয়ার আগে সে সাথে করে কীসের স্মৃতি নিয়ে যাচ্ছে? হাসপাতালের অসুস্থ পরিবেশের স্মৃতি? এটাই মনে রেখে সে বড় হবে, বেঁচে থাকবে? তিনি নাতিকে নিয়ে বের হয়ে পড়লেন। বলা যায়, সবার চোখকে ফাঁকি দিয়ে কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে অনেকটা পালালেন। নাতিকে শেষবারের মতো দেখিয়ে আনলেন শপিং মল, শহরের প্রাণচাঞ্চল্য, পার্ক, মিউজিয়াম। ঘোড়ায়, ঘোড়ার গাড়িতে, উটের পিঠে চড়ালেন, মাঠে ছেড়ে দিলেন ফুটবল খেলতে। একটা মোটা গাছের চারিদিকে দৌড়ালেন নাতির সাথে। অন্ধ শিশুদের স্কুলে নিয়ে গেলেন, তাঁর নাতি ওদের পৃথিবীতে কিছুটা সময় কাটাক, দেখুক, যারা দেখতে পায় না, ওরা কীকরে দেখে। এরপর দেখালেন, এক অন্ধ তাঁতি কেমন করে তাঁত বুনছে। মন্দিরে গেলেন, ঘণ্টা বাজালেন, নাতিকে নিয়ে কিছু সময় মন্দিরের বারান্দায় বসলেন। ছবিআঁকা দেখালেন, দুজন মিলে বেলুন ওড়ালেন। একজন সাধারণ বৃদ্ধ মানুষ নাতির খুশির জন্য যা যা করতে পারে, সময় আর সাধ্যের মধ্যে তার সবটুকুই করলেন। দুজন মিলে রেস্টুরেন্টে খেলেন, আমরা দেখলাম, দোসার রোল আকৃতির টানেল দিয়ে নাতি স্বল্পআয়ুর সেই দুইটি চোখ দিয়ে তাকিয়ে আছে। কী দেখছে সে? টানেলের অন্যদিকে অন্যজীবনটিকে, যে জীবনঘরে মাত্র কয়েক ঘণ্টা পর তাকে চিরতরে চলে যেতে হবে?


ভাবনা: এক হাজার একানব্বই
………………………………………………………………


এক। জীবনকে পুতুপুতুভাবে দেখে নয়, বরং এর গভীরে প্রবেশ করে চিত্তের বিশুদ্ধতা ও ঘৃণার পবিত্রতা নিয়ে গোটা সভ্যতার উপর এতটা তীব্র কণ্ঠে রায় লুইস বুনুয়েলের মতো খুব কম পরিচালকই দেয়ার সৎসাহস দেখিয়েছেন। তাঁর বলার ধরনটা সরাসরি, তীক্ষ্ণ, জীবনমুখী। এতে কারো তাঁর ছবি ভাল লাগলো কি মন্দ লাগলো, সে নিয়ে ভাববার সময় কিংবা ইচ্ছে তাঁর নেই। সত্যজিৎ রায় আর ঋত্বিককুমার ঘটকের লেখায় বুনুয়েলের ‘নাজারিন (১৯৫৯)’ মুভির নাম এসেছে নিও-রিয়ালিস্ট ফিল্মের আদর্শ উদাহরণ হিসেবে। সিনেমাগুরু আন্দ্রেই তারকোভস্কিও নাজারিন-কে রেখেছেন তাঁর প্রিয় সিনেমায় তালিকায়। সিনেমার গল্পে ধর্মান্ধতা, কুসংস্কার ও কপটতাকে ঘৃণা ও বিদ্রূপের মধ্য দিয়ে তুলে আনা হয়েছে। এ সিনেমায় কোনো আবহ-সংগীত নেই। পারিপার্শ্বিক ডায়লগ আর দৃশ্যের মধ্যেই ছবি আবর্তিত হয়েছে শেষ পর্যন্ত। সিনেমার প্রধান চরিত্র একজন পাদ্রি, তাঁর নাম ফাদার নাজারিও।

কিছু প্রিয় দৃশ্যের কথা বলি। বেশ্যা মেয়েটি যখন বন্দী হয়ে চলে যেতে থাকে, তখন তার পেছনপেছন বামনটি ছুটে আসে, এক পর্যায়ে কাঁদোকাঁদো মুখে দাঁড়িয়ে মেয়েটির চলেযাওয়া দেখে, এই যে মানবিক সম্পর্কের চিত্রায়ন, তা মনে দাগ কাটে। যখন বিয়াত্রিজের মা তাকে বলে, তুমি পাদ্রির প্রেমে পড়েছ, তখন সে সত্যি কথাটি শুনে বিয়াত্রিজের যে হিস্টিরিয়া-দৃশ্য, সেটি দেখলে সে সময়কার, এমন-কী এখনকার প্রেক্ষাপটেও ভুল মানুষের প্রেমে পড়ে ধরা পড়ে যাওয়ার পর একটা মেয়ের মনস্তত্ত্ব কেমন হতে পারে, তা অনুভব করা যায়। প্লেগের আক্রমণে যে গ্রামটিতে ঘরেঘরে মানুষ মারা যাচ্ছিল, সেখানে পাদ্রি আর মেয়ে দুইজন গিয়ে পৌঁছল একটা ঘরে, সে ঘরে মুমূর্ষু মেয়েটি মৃত্যুর আগে লাস্ট প্রেয়ার শুনতে চায় না, বরং শেষবারের মতো তার প্রিয়তমকে দেখতে চায়---এমন মানবিক দৃশ্য মনে গেঁথে যায়। কিংবা সেই গভীর রাতের দৃশ্যটি, যেখানে পাদ্রির কাঁধে মাথা রেখে বিয়াত্রিজ ঘুমিয়ে পড়ল, পাদ্রি ভগ্নস্তূপের মধ্য থেকে একটা শামুক তাঁর হাতে তুলে নিলেন, আদর করলেন। এরপর সেই বেশ্যা মেয়েটি এসে কাঁদতে আরম্ভ করল: তুমি ওকেই বেশি ভালোবাসো, আমাকে না। সেই মেয়েটি কয়েকটা ফ্যান্সি বোতামের জন্যও মানুষখুন করে ফেলতে পারে, আইনের হাত থেকে সে লুকিয়ে বেড়াচ্ছে, আবার সে-ই পাদ্রির জন্য ভালোবাসা, সহানুভূতি অনুভব করে। বুনুয়েল নিপুণ হাতে এ অতি সাধারণ বেশ্যা মেয়েটির মনস্তত্ত্বের চিত্রণে আমাদের মনের নানান ভাব ও বিরুদ্ধ-ভাবের ছবি এঁকেছেন। ফাদার নাজারিও যখন জেলের ভেতর এক কয়েদির হাতে বিনা কারণেই মার খাচ্ছিলেন, তখন আরেক কয়েদি তাঁকে রক্ষা করে। সে কয়েদি নাজারিওকে বলেছিল, তুমি ভাল লোক, আর আমি খুনি, অথচ দেখো, দুইজনই একই জায়গায় আছি! সমাজের প্রতি এমনই তীব্র বুনুয়েলের বিদ্রূপ। শেষ দৃশ্যটাও চমৎকার। ফাদার নাজারিওকে এক মহিলা আনারস উপহার দেন। পথচলার সময় খিদে পেলে সে ফলটা তিনি খাবেন। এই যে গির্জাকে কেন্দ্র করে যে কুসংস্কারাচ্ছন্ন সমাজ গড়ে উঠেছে, সেটির সকল আরাম ও স্বাচ্ছন্দ্যকে পেছনে ফেলে, আলোর পথে নাজারিওর যাত্রা, সে সাহসিকতার প্রতি সমর্থনের প্রতীক সে উপহারটি।

এখন দেখা যাক বুনুয়েল নিজে ‘নাজারিন’ সম্পর্কে কী বলেন:
আমার কাছে, নাজারিও অসাধারণ একজন মানুষ, মানবীয় গুণে পরিপূর্ণ। আমি সত্যিই তাঁকে পছন্দ করি। আগেই বলেছি, তিনি একজন পাদ্রি, তবে চাইলে তিনি অন্যকিছুও হতে পারতেন। এমন-কী পুলিশও। যেকোনোকিছুই। এ লোকটিকে আমি সত্যিই পছন্দ করি। তিনি আমাকে আকর্ষণ করেন। এ ছবিতে আমি মানুষের মনের সন্দেহকে দেখাতে চেয়েছি। মানুষ যা কিছুই ভাবে, যা কিছুই করে, সেসব ভাবা আর করার ক্ষেত্রে সন্দেহের চাইতে দারুণ জিনিস আর হয় না। সন্দেহ আমাদের বাড়তে সাহায্য করে। নাজারিও খুবই শুদ্ধ ও পবিত্র। তাঁর মতো মানুষও সিনেমার শেষে এসে সন্দেহ করে বসেন। আমার কাছে, এই সন্দেহই এ সিনেমার প্রাণ। তাঁর মতন এমন বিশ্বাসী মানুষও কিনা শেষে এসে দ্বিধায় পড়ে গেলেন।........স্বাভাবিকভাবেই, তিনি তাঁর অতীতকে অস্বীকার করতে চান না, তাই তিনি ভিক্ষাগ্রহণ করবেন বলে মনস্থির করলেন। আমার কাছে, সন্দেহ করার অর্থই হল, তিনি সহজে ভিক্ষা নিতে পারবেন না। পাদ্রি সবসময়ই দয়াদাক্ষিণ্যকে দাম দিয়ে এসেছেন, অথচ তিনিই আবার শেষে ভিক্ষাগ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এই যে সংঘাত, তাঁর নিজের অতীত মূল্যবোধের প্রত্যাখ্যান, জীবনের অর্থ নিয়ে দ্বিধায় পড়ে যাওয়া, মানুষের চরিত্রের এইসব দিক আমার কাছে খুব মজার মনে হয়। পাদ্রি তাঁর জীবনের সবকিছুই ত্যাগ করে দিতে চাইবেন না, এটাই স্বাভাবিক। আমি চাইছিলাম, তাঁর মনে অন্তত একবার হলেও জীবন সম্পর্কে সন্দেহ আসুক। এটা অনেকটা কেউ বিছানায় ঘুমিয়ে পড়ার মতো একটা ব্যাপার। ধরুন, আপনি একটা সিগারেট হাতে বিছানায় ঘুমিয়ে পড়লেন। সে সিগারেটটি নিভে যেতে পারে, কিংবা আপনার ঘরটা পুড়িয়েও দিতে পারে। সন্দেহ হচ্ছে সেই সিগারেটটির মতো, হতে পারে এটা কিছুই না, কিংবা এমনও হতে পারে এ সন্দেহই সবকিছুকে শেষ করে দিতে পারে। সিনেমায় আমি এটাই বলতে চেয়েছি। আরেকটা কথা, আমি সত্যিই পাদ্রিটিকে খুব পছন্দ করি।

নোবেল বিজয়ী সাহিত্যিক অক্টাভিও পাজ ‘নাজারিন’ সিনেমাটি দেখার পর বলেন: “সারভেন্টিস তাঁর লেখায় খ্যাপাটে স্পেনীয়দের যে ছবি এঁকেছিলেন, নাজারিন-ও সেই ছবিই এঁকেছে। এ সিনেমায় পাদ্রিকে দেখি, তিনি বেঁচেথাকার অসাধারণ সব উপায়কে সিরিয়াসলি নিয়েছেন, এবং সেভাবেই বাঁচতে চেষ্টা করেছেন। এটা পাগলামি ছাড়া আর কী!” ক্যাথলিক ফাদার নাজারিও খ্রিস্টধর্মের নিয়মনীতিকে অনুসরণ করে জীবনযাপন করেন। মানুষের কল্যাণে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন। নিজের জন্য যতটুকু না হলেই নয়, এর বাইরে কিছুই তাঁর ঘরে নেই। তাঁর যা কিছু আছে, তার সবটুকুই তিনি হাসিমুখে বেশ্যা, ভিখারি, চোর, বামন, অর্থাৎ তাঁর চারপাশের সবাইকে অকাতরে দিয়ে দেন। এর বিনিময়ে তাদের কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পান না। একদিন স্থানীয় বেশ্যা আন্দারা তারই সহকর্মী ক্যামিল্লাকে খুন করে আহত অবস্থায় নাজারিওর ঘরে আশ্রয় নেয়। আন্দারা নাজারিওর ঘরে, পুরো দালানেই আগুন ধরিয়ে দেয়। এ অপরাধে নাজারিওকে গির্জাচ্যুত করে এলাকা থেকে বের করে দেয়া হয়। নিজের ধর্মনীতিতে অটল থেকে তিনি গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন, আগের মতোই গরীবদের যথাসাধ্য সাহায্য করে যান, এবং ভিক্ষা করে খাবার যোগাড় করেন। তখন তাঁর দেখা হয় আন্দারা ও তার বোন বিয়াত্রিজের সাথে। বিয়াত্রিজের সাথে তাঁর আগেই বন্ধুত্ব হয়েছিল। বিয়াত্রিজের অনুরোধে নাজারিও এক মৃত্যুপথযাত্রী মেয়েকে তাঁর প্রার্থনার মাধ্যমে সুস্থ করে তুলেন। দুইবোনের ধারণা, নাজারিও একজন সন্ত, তারা শত নিষেধ অমান্য করে নাজারিওকে অনুসরণ করতে থাকে। তবে স্থানীয় গির্জা ও লোকজন নাজারিওকে নানাভাবে হেনস্তা করতেই থাকে। অবশেষে আন্দারার সাথে নাজারিওকে জেলে যেতে হয়। সেখানে এক কয়েদি তাঁকে বেদম প্রহার করলে তিনি মনে খুব কষ্ট পান। তিনি জীবনে প্রথম কাউকে ক্ষমা করে দিতে পারছেন না, এই ব্যাপারটা তাঁকে তাঁর ধর্মবিশ্বাস, যেখানে সকলকেই ক্ষমা করে দিতে বলা হয়েছে, নিয়ে দ্বিধায় ফেলে দেয়। নাজারিও পদেপদে ধর্মীয় ভণ্ডামি ও অনাচারের শিকার হয়েছেন।

কথা হল, নাজারিও কি একটা বোকা লোক, যার কোনো বাস্তব বুদ্ধিশুদ্ধি নেই? নাকি তিনি আধুনিক সময়ের যিশু খ্রিস্ট, যিনি মানুষের কাছে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছেন, এর বদলে মানুষের কল্যাণ করে চলেছেন? বুনুয়েল এর কোনো উত্তর দেননি। তিনি এ মুভিতে গির্জার পাদ্রিদের কপটতা তুলে ধরেছেন এবং নাজারিও যে নিজেকে সকল অন্ধকার থেকে দূরে রেখে আলোর পথে হেঁটে যাচ্ছেন, সেটির প্রশংসা করেছেন। তবে দিনের শেষে নাজারিও একজন দুঃখী মানুষ, যাঁকে সবাই জীবনভর ভুলই বুঝে গেছে, এবং যিনি কখনোই তাঁর ভালকাজের কোনো পুরস্কার পাননি। যে সমাজকে তিনি আলোর খোঁজ দেয়ার চেষ্টা করেছেন, সে সমাজই তাঁকে নিয়ে উপহাস করেছে, তাঁকে সবসময়ই যন্ত্রণার মধ্যে রেখেছে। ‘নাজারিন’ গির্জাভিত্তিক সমাজের ব্যর্থতা ও কাপুরুষতার কথা বলে। যে সমাজ তার সদস্যদের ভালত্বের শিক্ষা দিতে পারে না, সে সমাজের সাফল্যই-বা কীসের? যে সমাজ নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে পারে না, সে সমাজ কাপুরুষ নয় তো কী? ফাদার নাজারিওর অস্তিত্ব কোনো সমাজেই নেই। কেন? কেননা, তিনি হচ্ছেন রক্তমাংসের যিশু। তাই তিনি স্বর্গে থাকেন না, পৃথিবীতে থাকেন। প্রতিটি মানুষের মধ্যেই একজন ফাদার নাজারিও বাস করেন। আফসোস, সবাই তাঁকে জাগাতে পারে না। পারে না, এই ব্যর্থতা কেবল সেই মানুষটির নয়, বরং সে ধর্মান্ধ সমাজের, যেখানে তিনি থাকেন।

বুনুয়েলের একটা বিখ্যাত উক্তি হল: ঈশ্বরকে ধন্যবাদ, আমি এখনো নাস্তিকই আছি! তবে কেন তিনি ‘নাজারিন’ বানালেন? তাঁর নিজের কথাতে আমরা জানতে পেরেছি, ফাদার নাজারিও তাঁর খুব পছন্দের চরিত্র। কেন? লোকটা ধর্মযাজক বলে? কিছুতেই না! মানুষ হিসেবে লোকটা ভীষণ ভাল বলে। ফাদার নাজারিও খ্রিস্টান ধর্মের প্রচলিত প্রথাগুলি এবং সর্বোপরি গির্জার নানান অপসংস্কৃতি ও অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, একই সাথে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। নাজারিওর যা কিছু গুণ, তা কিছু তাঁর নিজের অর্জন কিংবা বৈশিষ্ট্য, এখানে ধর্মের কোনো ভূমিকাই নেই। বরং সমাজের ধর্মীয় বাতাবরণে নিজেকে রাখলে তিনি জাগতিকভাবে আরো সুখ ও স্বাচ্ছন্দ্য নিয়ে থাকতে পারতেন। প্রচলিত ধর্মাচার পালনকারীকে সমাজ যতটা আশ্রয় দেয়, ভাল মানুষকে ততটা দেয় না। সমাজের চোখে, মানুষের ভাল হওয়ার চাইতে ধার্মিক হওয়াটা বেশি জরুরি। নাজারিও সিনেমায় নিজেকে নায়কের ভূমিকায় অবতীর্ণ করেছেন খ্রিস্টধর্মীয় পাদ্রি বলে নন, বরং নিজের ব্যক্তিত্ব ও মহানুভবতা দিয়ে। ধর্মের গোঁড়ামি ও কপটতার বিরুদ্ধে নাজারিওর যে অনমনীয় শক্ত অবস্থান, সে অবস্থান মূলত বুনুয়েলের। ভাল মানুষমাত্রই সংশয়ী। কেউ যদি বলে, আমার মধ্যে কোনো ব্যাপারেই কোনো সংশয় নেই, তবে তিনি হয় দেবতা নতুবা শয়তান। ফাদার নাজারিও যখন তাঁর প্রহারকারীকে ক্ষমা করতে পারছিলেন না, তখন তিনি মূলত তাঁর প্রথাগত পোশাকি পাদ্রি অবস্থান থেকে বিচ্যুত হন, এবং একজন সাধারণ ভাল মানুষ হিসেবেই নিজেকে প্রমাণ করেন। বুনুয়েল এটাই চেয়েছেন, এবং পেয়েছেনও।


ভাবনা: এক হাজার বিরানব্বই
………………………………………………………………


এক। এখানে খাওয়া-পড়া পাওয়া যায়।

ইগ্নোর মাই ভুঁড়ি। পেট আর প্রেম কখনো লুকিয়ে রাখা যায় না।

দুই। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসে আছি। ডাক্তার দেখাবো। একজন মাঝবয়সি ভদ্রলোক পেছন থেকে কথা বললেন।

কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি?
করেন।
আপনি কি বিসিএস পরীক্ষায় দুই নাম্বার হ‌ইসিলেন?
না, এক নাম্বার হ‌ইসিলাম।
জ্বি জ্বি, আপনার কথা আমাদের স্টুডেন্টরা খুব বলে, ওরা আমাকে আপনার বক্তৃতাও দেখাইসে।
আপনি কী করেন?
আপনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেসিলেন না? আমি ওখানে বঙ্গবন্ধু হলের ক্যান্টিনটা চালাই।

ভদ্রলোকের সাথে গল্প করছি। আনন্দ পাচ্ছি।

তিন। এই মারমা ড্রয়িং টিচারের মতো নিশ্চয়ই একজন সাঁওতাল বৃদ্ধ কিংবা গারো যুবক রয়েছে, যার কাছ থেকে আমার জীবনের কোনও একটি শিক্ষা পাওয়ার কথা ছিল। আমরা সেটি পাইনি। আমরা মানুষে মানুষে বিভাজন করে নিজেদের ভাষা-ধর্ম-কালচার নিয়ে অহঙ্কার করে অন্যদের তাচ্ছিল্য করতে শিখিয়েছি। অবহেলা করতে শিখিয়েছি। আমরা যদি আধুনিক পৃথিবীর আধুনিক মানুষ হতে চাই, তাহলে সবাইকে তার প্রাপ্য সম্মান দিয়ে বেঁচে থাকা শিখতে হবে।

চার। When you are offered anything for free, be happy with as much as you are offered for free, because maybe you have to pay for that more you desire.

পাঁচ। এমনকি, অতি অহংকার‌ও অতি যোগ্যদের পতনের মূল নয়। 😊😊

ছয়। এক রবীন্দ্রনাথে ডুবেই জীবন কাটিয়ে দেয়া যায় দিব্যি। ❤❤❤

সাত। Let's live before we die!

আট। Real celebrities live outside Facebook.
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *