ভাবনাদেয়ালের পলেস্তারা

ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৭



ভাবনা: এক হাজার পঁয়ষট্টি
………………………………………………………………


এক। It's hard to balance sometimes, but what a journey life is! While we let go of everything in our hearts, coming and going will flow naturally, just like the wind blows on and away from us. Meeting and finally splitting, coming and going, happy and sad, all come and go. It's never easy to let go of anything or anyone, but we all need to do that at some point in life. Maybe we all have a fake smile pasted on, but at the end of the day, we all miss the ones we lost, and it doesn't even get easier with time.

Letting go of loved ones to follow their own paths, letting go of stuff, letting go of abilities once had in youth (and managing an aging body and mind), but also integrating all that into present and future states of beingness as I move on to new ways of being, doing, and having. I am trying so hard with this one and often get it wrong, but I guess that's where I learn my lessons, and I do understand we never stop learning. But sometimes, it can be so hard getting it wrong all the time. I guess I need to change my thought process again. Complacency, my old friend, has to go!

দুই। Why do you worry?
Where the path would lead,
Why are you afraid of,
What's unknown?

Every step,
You take today,
Was once unknown,
But known today,
Still, are you afraid?

Though you don't know,
Where this path would lead,
Just take a step,
Your heart will find a way,

Every step,
You take today,
Is a step towards,
The wisdom of life,
The liberation of the soul,
The love of the heart,

Just walk,
Walk a little more,
Don't stop.

তিন। Holding onto memories, while at the same time, letting go in order to move forward. Well, that is life. But letting go doesn't mean forgetting. It is accepting what happened and learning something from it. Continue what is happening and be more careful and ready for what will happen next. Smile! You deserve to be happy.

A life without love lacks meaning. Instead of categorizing love into types—spiritual or material, divine or earthly, eastern or western—just embrace it as it is. Love knows no labels or boundaries; it's pure and straightforward. Love is like water, essential for life, and a lover is like fire, bringing warmth and passion. When love brings fire and water together, everything changes in a beautiful way.

Letting go feels so good. We wonder why we carried it for so long and then it just disappears, and we are amazed and practically forget what the issue was.

This seems to be a continuous battle, especially when you feel the most vulnerable...letting go brings new ideas to your head and each time you feel the pain of remembering and then let go, somehow you triumph.

Letting go is a better idea. Because holding back sometimes does not work. One can forgive but can't forget. So let it go. It is never too late. Where there is one relationship built up, the same moment another relationship becomes a failure. This is not easy to do but inner sadness, grief makes you die every moment. But balancing it to never be so easy as it seems. Balancing life by sadness to happiness is a very difficult stage of life but difficulties always come as hurdles to make us better always.

Life is nothing but enjoyment for a while. Body must be abolished and God's part (soul) will not be abolished, so we should try to earn something for the future (after death). Love Him (your soul) and also everyone.

চার। অ্যাই ছেলে, জেগেছ ঘুম থেকে?
ঘুম থেকে ওঠার পর তোমার ভাঙা-ভাঙা গলার আওয়াজ শোনার খুব লোভ হয়, জানো?
কিন্তু বলি না কখনও।

তুমি ঘুম থেকে উঠে দৌড়োতে দৌড়োতে মুখে কিছু গুঁজে, কোনোমতে তৈরি হয়ে অফিসের পথে পা রাখো। অত ব্যস্ত মানুষের কাছে আমি কী করে এত ছোটো জিনিস চাই, বলো তো?

তোমার গায়ের গন্ধ পেতে ইচ্ছে করে। ইচ্ছে করে, ছোট্ট বাচ্চার মতো তোমাকে বুকে নিয়ে আদর করি। পুরুষ শুধু আদর দিয়েই যাবে কেন? ওদেরও নিশ্চয়ই আদর পেতে ইচ্ছে করে!

আমি তোমায় আমার বুকে জমানো সেইসব আদর উজাড় করে দেবো, যেগুলোর খবর কেউ জানে না, এমনকি তুমি আমার জীবনে আসার আগে আমি নিজেও জানতাম না।

তুমি আসার আগে নিজেকে আমি রুক্ষ-সুক্ষ কাঠখোট্টা হিসেবেই জানতাম। কিন্তু আমি যে ভেতরে ভেতরে এতটা নরম, এতটা উচ্ছল…আরে, আমি যে ভেতরে ভেতরে পুরোদস্তুর এক নারী, তুমি জীবনে না এলে আমি তা জানতেই পারতাম না।

তুমি একদিন সময় করে এসো।
আমার সামনে বসিয়ে তোমাকে আমি পড়ার চেষ্টা করব। যদিও মানুষ কখনও গল্পের মতন হয় না যে, পড়লাম আর বুঝে ফেললাম।
মানুষ হয় কবিতার মতন—যতই পড়া হোক, অর্থ বের করা যায় না, কিংবা বের করা গেলেও একেক জনের কাছে তার অর্থ একেক রকমের।

নিজেকে একটা বার খুলে রাখবে আমার সামনে?
আমি তোমার ভাঙা মন সারিয়ে দিতে না পারলেও নতুন করে আবার ভেঙে দেবো না।
তুমি তোমার সব গোপন কথা আমার কাছে জমা রাখবে?
না না…একেবারে চাইছি না—আমানতের মতন করে জমা রাখব; যখন চাইবে, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবো।

তুমি যে ভাঙা হৃদয় বয়ে বেড়াচ্ছ, সেটা দেখতে আমার কষ্ট হয়।
একটু একটু করে তোমার হৃদয় সারিয়ে তুলব, এমন প্রতিশ্রুতি আমি দিচ্ছি না।
কিন্তু একটা সুযোগ আমাকে দিয়ে দেখতেই পারো!
…দেবে?


ভাবনা: এক হাজার ছেষট্টি
………………………………………………………………


এক। আমার তো কথা ছিল না
জীবনের পথে এমন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার,
এত অসহ্য যন্ত্রণা ঘাড়ে করে বয়ে নিয়েও বেঁচে থাকার মতন রংতামাশা করার।

আমার তো কথা ছিল না কিছুই না লিখে দিনের পর দিন কাঁথামুড়ি দিয়ে কেঁদে কেঁদে দিন পার করার।
আমার তো কখনোই ক্লান্ত মন আর শরীর নিয়ে মুখে মেকআপ দিয়ে 'আমি ভালো আছি'-র প্রমাণ দেবার দরকার ছিল না।

আমি তাহলে এমন হলাম কেন?
জীবন আমাকে এমন অপমান-অপদস্থ করল কেন?
শুধুই একটু নিজের মতন করে বাঁচতে চাওয়াকে কেন অপরাধ হিসেবে সাব্যস্ত করা হলো?
কবে থেকে অমুকের মতন করে কথা বলতে পারা, তমুকের মতন করে সফল হওয়াকে আদর্শ ধরে নেওয়া হলো?

এসব যারা তৈরি করল, তাদেরকে তোমরা আর প্রশ্রয় দিয়ো না।
অনেক তো হলো, এবার আমাদের এসব প্রতিযোগিতা বন্ধ করা উচিত।

আমি তো কখনও বড়ো হতে চাইনি,
আমি যে শুধুই মানুষ হতে চেয়েছিলাম।

দুই। আমার যদি এই পৃথিবীতে যাবার মতো একটা কোনো জায়গা থাকত, তাহলে এই সব কিছুর মায়া ছাড়িয়ে সেখানে গিয়ে সব ভুলে থাকতাম। ভাবতাম, পৃথিবীতে আমি একা, সম্পূর্ণ একা একজন মানুষ। আমার কোনো পরিবার নেই, নেই কাছের কোনো আত্মীয়। বুকের ভেতর থেকে কষ্ট ছুড়ে ফেলে দিয়ে শুধুই নিজের জন্য বাঁচতাম। তবুও এত ভয়, এত যন্ত্রণা, এত দুশ্চিন্তা নিয়ে রোজ একটু করে মরে যাবার চেয়ে ভালো ছিল যদি এক বারেই মরে যেতাম আর একটা বার হলেও বেঁচে থাকার স্বাদ নিতাম। সব হক, অধিকার, লোভ ভুলে যেতাম। ভাবতাম, আমি এতিম ছিলাম। ভেবে নিতাম, আমার কোনো অতীত ছিল না, আমার কোনো স্বপ্ন ছিল না, জীবনে কোথাও যাবার তাড়া ছিল না। ভীষণ অলস হয়ে এই পৃথিবীর সমস্ত জৌলুস ছাড়িয়ে দিয়ে শুধুই নিজের জন্য নিজেকে নিয়ে বাঁচতাম।

আমি এখন কাছের মানুষ ভয় পাই। কারণ কাছের মানুষগুলোই আমাকে নিঃস্ব করেছে। আমার আনন্দ তাদের চোখে কাঁটার মতো বিঁধে। এজন্য একজন চূড়ান্ত ব্যর্থ মানুষকে শেষ অবধি শেষ করে দিতে তারা সদাপ্রস্তুত। আমি এখন কাছের সকলকেই ভয় পাই। আমি তাদের কাছে এখন আর কোনো আশ্রয় চাই না; ভালোবাসা, অধিকার কিচ্ছু চাই না। আমি একটু নির্ভয়ে একটা পরম নির্ভরতার হাত ধরে এমন কারও বুকে মাথা রেখে সেই ঘুমটা ঘুমোতে চাই, যে-ঘুম আমার আজন্ম হয়নি আর সেই ঘুম থেকে আর কক্ষনো যেন আমাকে জাগানো না হয়।

এত বড়ো সুখ কি কখনো জুটবে কপালে!

প্রার্থনায় মন থেকে কিছু চাইলেই তা পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি না। নিজের জীবনে আজ পর্যন্ত প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে করজোড়ে ভিক্ষা চেয়েও আমি সেই জিনিসটা পেয়েছি, এমনটা মনে পরে না। আমি আজ পর্যন্ত অনেক কিছুই চেয়ে এসেছি, কিন্তু তার কোনোটাই পাইনি। এজন্য কেউ যখন বলে, প্রার্থনায় স্রষ্টার কাছে কিছু চাইলেই পাওয়া যায়, তখন সে কথা বিশ্বাস করি না আমি। এখন এজন্য মন থেকে কোনো চাওয়া আর আসেও না। জাস্ট চেয়ে চেয়ে দেখি কী হয়! তবে অনেকসময় কঠিন চেষ্টা আর হাড়ভাঙা খাটুনি দিয়ে কিছু জিনিস নিজের জন্য করে নিয়েছি, যদিও সেটা খুবই সামান্য।

আমার গোটা জীবনে বিনা চেষ্টায় একজন চেনা মানুষও স্নেহ, ভালোবাসা কিংবা মায়ার দৃষ্টি নিয়ে আমার দিকে কখনও তাকায়নি পর্যন্ত। সবসময় আমাকে কিছু-না-কিছু করেই তাদের মন পেতে হয়েছে। তবে না চাইতেও বিনা কারণে আমাকে অপছন্দ করে, এমন অনেক মানুষকে দেখেছি। তারা আমাকে ঠিক কী জন্য অপছন্দ করে, সেটা জানি না; শুধু তাদের চাহনি, বাচনভঙ্গি দেখে বুঝে নিয়েছি, তারা আমাকে পছন্দ করছে না।

একজন সৎ এবং ভালো মানুষের পেছনে সবসময় কুকুরের দল লেগেই থাকে তাকে কামড় দেবার জন্য। এসব সহ্য করে, এদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই তাকে টিকে থাকতে হয়। যে যত সৎ এবং নির্ভীক, তার যুদ্ধটা ততটাই কঠিন। এটাই হয়তো সৎ এবং ভালো মানুষের পুরস্কার, কিন্তু সৎ মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তা রক্ষা করেন। এইসব বিশ্বাস করে বেঁচে থাকতে আমার ভালো লাগে।

তিন। যে কখনও আটকে রাখার চেষ্টাই করে না, তার মাঝেই কেন বাঁধা পড়ে আছি!

চার। এই যে আমাকে ছেড়ে যাচ্ছ, একদিন তুমি আমাকে ছানাহারা কুকুরের মতন হন্যে হয়ে খুঁজবে।
মধ্যরাতে যখন গভীর ঘুমে তলিয়ে যাবে, হঠাৎ করেই বুক ধুকপুক করে আমাকে তুমি চারপাশে হাতড়াবে।
মেসেঞ্জারের অগণিত সবুজ বাতির ভিড়ে আমার নামের পাশেও সবুজ রংটা জ্বলছে কি না খুঁজবে।

এই নাম ওই নাম, হাজার নামের ভিড়েও হঠাৎ হঠাৎই, আনমনেই, আমার নামটা মুখ ফসকে বেরিয়ে যাবে।
নতুন প্রিয় মানুষটার চোখের গভীরে যখন মনোযোগ দিয়ে তাকাবে, আমার চেহারাটা তোমার চোখে তখনই ভেসে উঠবে।
তার কণ্ঠের ধ্বনিতে ধ্বনিতে আমার কথার সুর খুঁজে পাবে।

আমাকে ভুলে যেতে কত হাজার-কোটি মাইল দূরে সরে যাবে, অথচ আমি উইপোকার মতন ঘাপটি মেরে তোমার মগজের ভেতর বসে রইব তখনও।

এই যে আমাকে ছেড়ে যাচ্ছ, তবু আমাকে ছাড়া একমুহূর্তও তোমার কাটবে না।
তোমার স্মৃতিতে, তোমার অবচেতনে, তোমার অপরাধবোধের প্রতিটি অলিগলিতে আমি ঝরে-পড়া শিউলি ফুলের মতন লুটিয়ে-পুটিয়ে থাকব। আমাকে পা দিয়ে যতই মাড়িয়ে যাবে, ততই তোমার বুকের ভেতরে খচখচ শব্দ হবে।

এই যে আমাকে ছেড়ে যাবে, অথচ দেখো, এক আমাকেই ছাড়তে পারবে না।
আমি মায়া হয়ে তোমার ছায়ায় মিশে যাব, দুঃখ হয়ে তোমার রন্ধ্রে রন্ধ্রে আটকে রইব—গলায় আটকানো কাঁটার মতন।
আমাকে ছাড়তে চাইবে, কিন্তু আমাকে ছাড়া থাকতেই পারবে না, ঠিক মিলিয়ে নিয়ো।

পাঁচ। আমি কোনো মহামানব-মহামানবী বা দেব-দেবী ন‌ই যে, আপনাকে ভুলে ভালো থাকতে পারব। আমি সাধারণ মানুষ—ভালোবাসতে জানি, আর ত্যাগ করতে জানি।

বেপরোয়া আমি, একটা কথা বলতে খুব ইচ্ছে করছে।
কোথায় যেন পড়েছিলাম, প্রেম বা ভালোবাসা হচ্ছে কারও কাছে খাবারের স্বাদ বদলানো, আর কারও কাছে হচ্ছে আত্মসমপর্ণ! কেউ কারও জীবনে রং লাগিয়ে, প্রেমের গন্ধ ছড়িয়ে বিলীন হয়ে পড়ে, আবার কেউ সেই গন্ধটাকে গায়ে মেখে শান্তি অনুভব করে চিরঞ্জীব হয়ে থাকে।

আজ আবারও বলছি, আমি সত্যিই খুব লাকি। আপনার মতো একজন বন্ধু আমার জীবনে আছে।
না, ভাববেন না, মিথ্যা বলছি, শতভাগ সত্যি বলছি।
আপনার সাথে আমার আর কখনোই কথা না হোক, দেখা না হোক, তবু আমি আজীবন আপনাকে আমার প্রাণে বেঁধে রেখে পূজা করে যাব।
আজ আবার প্রমিজ করলাম, যখন আপনার অত স্মৃতিশক্তি থাকবে না, তখন আপনার হাতের লাঠি হব—একদিনের জন্য হলেও, কথা দিলাম!

আমার তেমন কোনো বন্ধু নেই, যার কাছে নিজেকে ভেঙেচুরে পুনরায় নতুন করে গড়ে নেবার সুযোগ পাবো!
আমার তেমন একজন বন্ধু নেই, যার কাছে আমি খুচরো পয়সার বিনিময়ে একটা আস্ত নোটের দাবি করতে পারব!
আমার তেমন একজন বন্ধু নেই, যে আমার জীবনের ছোটো ছোটো সুখ-দুঃখকে একত্রিত করে একটা গল্পের রূপ দেবে!

তাই সহস্র বাঞ্ছা নিয়ে আপনার কাছে আকুতি জানাচ্ছি… আমি কি আরেকবার একনজর আপনার দর্শন পেতে পারি?


ভাবনা: এক হাজার সাতষট্টি
………………………………………………………………


এক। জীবন সুন্দর, যদি জীবনকে ভালোবাসতে পারো।
জীবন শান্তির, যদি জীবনে ভালোবাসার মানুষটিকে আত্মায় বেঁধে রেখে শান্তি অনুভব করতে পারো।

আমি আমার শান্তির রাস্তা খুঁজে পেয়ে গেছি; আপনার সাথে কথা বলার থেকে, আপনার নাম স্মরণে অনেক বেশি শান্তি অনুভূত হয়, প্রাণে আনন্দ জাগে!

আপনার ঈশ্বরের সাথে যদি কখনো আপনার দেখা হয়, তাহলে আপনার ঈশ্বরকে বলবেন, আমাকে যেন এভাবেই ভালো রাখে, আপনাকে নিয়ে যেন এভাবেই ভালো থাকতে পারি।

প্লিজ, তবে আপনি নিজে কখনও প্রার্থনা করবেন না, যাতে আমি এভাবে আপনাকে নিয়েই ভালো থাকি!
তাহলে আপনার দোয়ায় পুড়ে ভস্ম হয়ে যাব!

আমি কোথায়, জানবেন?

আমি আছি—নিজের স্বপ্নের জগতে, সবার থেকে অনেক দূরে!
আমি বাঁচি—আমার নিঃশ্বাসে, যে-নিঃশ্বাস বয় আপনার নামে!

আমি স্থির, আমি ধীর, আমি বিদ্যমান—
আপনার প্রেম আমার প্রাণে জেগে আছে বলে!

আমি অতীতকে স্মরণ করে ভোরবেলায় মরে যাচ্ছি আর সন্ধ্যাবেলায় স্বপ্ন দেখছি—বাঁচতে হবে, পৌঁছানোর জন্য আপনার কাছে!
আমার আত্মা আপনাকে ডাকছে…আপনি কান পাতুন, শুনুন!
শুনতে পাচ্ছেন?

আমার আত্মা আপনাকে হন্যে হয়ে খুঁজছে।
আমার আত্মাকে গ্রহণ করুন, তার প্রার্থনা শুনুন…
যতক্ষণ না আমি আবার মরে যাচ্ছি!

জানেন, শূন্য হতে হতে এতটাই শূন্য হয়ে গেছি যে, শূন্যতায় সমগ্র ভূমণ্ডল আর নভোমণ্ডল রেখে দিলেও এই শূন্যতা পূর্ণ হবার নয়!

ঘরের ছাদে সামান্য ছিদ্র হয়ে গেলে যেমন ধীরে ধীরে ছিদ্রটা বড়ো হতে হতে একসময় পুরো ছাদটাই ভেঙে পড়ে বা অকেজো হয়ে পড়ে, ঘরটা আর বাস করার উপযুক্ত থাকে না, তেমনি আমি নামের ঘরটা আজ ছাদহীন, ঘরটা আর ঘর রইল না, খোলা আকাশের নিচে পড়ে-থাকা একচিলতে ফাঁকা জমিন হয়ে পড়ে আছে।

আমায় ভুল বুঝে আমার প্রতি ঘৃণা নিয়ে আছেন তো? থাকুন!
সময় হলে পুরো সত্যিটা অবশ্যই আপনাকে জানাব; সেদিন দেখবেন, এখন আমার প্রতি এত যে রাগ আর ঘৃণা, তা বিন্দুমাত্রও থাকবে না, বরং আপনি সেদিন একটু না, অনেকটাই কষ্ট পাবেন। এটাও ভাববেন…যদি সেদিন আমি বাহ্যিক আচরণ বিচার না করে একটু মন থেকে উপলব্ধি করতাম, তাহলে অন্তত মেয়েটাকে একটু শান্তি দিতে পারতাম।

শুধু এতটুকু বলতে পারি, আমি নরকে আছি। তাই আপনার সাথে একটু কথা বলে শুধু শান্তির উপায় খুঁজছিলাম।

এ পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আছে: কেউ দুঃখ করে, কেউবা বাঁচে।
আমি কেবল আপনাকে আমার জীবাত্মায় নয়, পরমাত্মায় বেঁধে বাঁচতে চাইছি।
এটাই আমার সকল শাস্তির কারণ!

আর সেই আপনিই যদি আমার বাহ্যিক আচরণ বিচার করে আমায় ভুল বুঝে থাকেন, তাহলে সেখানে আপনার কোনো হাত নেই, সবই আমার কর্মফল।

দু-দিন ধরে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কারণ আপনার কাছে আমি একটা কথা গোপন রেখেছি আর অল্প মিথ্যে বলেছি। আমি অসহায় ভাগ্যের কাছে।
সময় আর ওয়াদা আমাকে আপনার সাথে বিদ্রুপ করে কথা বলতে বাধ্য করেছে। জানি, হয়তো আমার আচরণের জন্য আমার প্রতি আপনার বিশ্বাসটা উঠে গেছে।

এর জন্য আমাকে কখনও ক্ষমা করবেন না—আমি এটাই চাই—আপনি যেন আমার অপরাধ কখনও ক্ষমা না করেন।
তবু একটা কথা আজ শেষবারের মতো বলছি, আমি বেইমান, বিশ্বাসঘাতক আর মিথ্যাবাদী ন‌ই।
এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারব না, আমার ইচ্ছা-অনিচ্ছা সব অন্যের কাছে বাঁধা।

বেহেশত মানেই নাকি শান্তির আধার, কেন্দ্রস্থল।
আপনি হলেন আমার সেই বেহেশত।
অথচ দেখুন, আমি কতটা নিরুপায়—বাধ্যবাধকতার জন্য জেনে-বুঝে ইচ্ছাকৃতভাবে সেই বেহেশতে আঘাত করেছি!

পারলে আমায় ক্ষমা করবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আপনার স্থানটা সর্বোর্দ্ধে রাখার জন্য যত ত্যাগ, অপমান আর কষ্ট-যন্ত্রণা ভোগ করছি, তার ফলস্বরূপ, কেবল আপনাকেই যেন সেই স্থানটায় রাখতে পারি।

দুই। বলো না গো, এ কেমন তুমি?
সারাক্ষণই শুধু যন্ত্রণা দাও!
বিষমাখা তীর ছুড়তে থাকো একের পর এক…এ বুকে!

তুমি জানো না, আমার বুকের বামস্তনের নিচে তোমার বসবাস?
তুমি অতটা অবুঝ কেন বলো তো?

তুমি যে আমার বেঁচে থাকার অক্সিজেন!
কিছুক্ষণ দম বন্ধ করে রাখলে যেমন কষ্ট হয়, বেঁচে থাকাটাই দায় হয়ে যায়, তোমাতে বাস না করলে আমার জীবনের নিঃশ্বাসটাও সেভাবে বন্ধ হয়ে আসে!
থাকো না গো আমার নিঃশ্বাস হয়ে…দীর্ঘশ্বাস হয়ো না!

খুব করে ভালোবাসি যে তোমায়! অথচ তোমার দু-চোখ কেবল ঘেন্নাই যে দেখায় আমাকে!
জানো, সত্যিই তুমি ভীরু, খোসাপুরু!
আমার দেহে-আত্মায় তোমার ভালোবাসার মেঘ জমিয়ে কী গোপনে পাশ কাটিয়ে চলে গেছ!
বৃষ্টি হয়ে তো নামতে পারতে, কেন বৃষ্টি হয়ে নামলে না আমার জীবনে? কেন তোমার ভালোবাসার স্পর্শ দিয়ে শীতল বাতাস হয়ে বইছ না?
তোমার ভালোবাসার বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও না গো আমায়! শীতল করে দাও না এ ছাতিফাটা আত্মাটাকে?
পারবে না...বলো?

যদি ভালোবাসতে না-ই পারবে, যদি ভালো রাখতে না-ই পারবে, তবে কেন প্রশ্রয় দিয়ে সোহাগের চাদর পরিয়ে বুকে টেনে নিয়েছিলে?
তোমার সোহাগের চাদর যে আমায় সারাক্ষণ কারণে-অকারণে, নানা বাহানায় শয়নে-স্বপনে শিউরে তোলে, স্পর্শকাতর করে রাখে!

তুমি আমার বেদনার ব্যথা, কষ্টের কান্না আর বিষাক্ত অনুভূতির স্মৃতি না হয়ে কুয়াশাঢাকা ভোর-সন্ধ্যার শীতের চাদর হয়ে আসো না... তোমায় আমার অঙ্গে জড়িয়ে রাখি!
শিশিরভেজা ঘন কুয়াশা ভেদ করে একচিলতে রোদের ফালি হয়ে জানলা ফাঁক করে আমার ঘরে আসো না, তোমায় আমার গায়ে মাখি!

ভালোবাসা-সোহাগের ঝরনা যখন এ বুকে সৃষ্টিই করে দিয়েছ, তবে নদী হয়ে বইতে এত ভয় কীসের তোমার?
নদী হয়ে বয়ে আসো না, আসো না প্রেমের সাগরে ডুবে যাই?
আমাকে তোমার ভালোবাসার স্রোত দিয়ে বয়ে নিয়ে তুমি নামের সমুদ্রে মিশিয়ে একাকার করে দাও না গো!

কী ভাবছ?
আমি নির্লজ্জ?
আমি তোমার রূপের পাগল?
তোমার দেহের পাগল?
তোমার ব্যক্তিত্বের পাগল?

হ্যাঁ… হ্যাঁ, আমি পাগল!
তোমার জন্য পাগল!
তোমার ভালোবাসার পাগল!
আমি তোমার সব কিছুরই পাগল।
কোত্থেকে আসবে আমার লাজলজ্জা, বলো তো?
তুমিই তো আমার দেহ-মনের পোশাক খুলে ফেলে সব বিলীন করে দিয়েছ!

আমার এ দেহ যা করে, নিঃস্বার্থভাবে আত্মার তৃপ্তির জন্যই করে, তাই হয়তো আমি তোমার কেবলই আত্মা নয়, দেহেরও পাগল!
বুকে টেনে নেবে না এই পাগলটাকে?
একটু ঠাঁই দেবে না তোমার হৃদয়ের এককোণে…?


ভাবনা: এক হাজার আটষট্টি
………………………………………………………………


এক। তুমি তো ভালোবাসার সেই আধার, যে-আধারে অনন্তকাল বিচরণ করলেও তৃপ্তি আসবে না! তুমি যে আমার অনন্ত অতৃপ্ত ভালোবাসা!

কেন তবে সবসময় বলো, একতরফা ভালোবেসে বিরক্ত কোরো না?

সত্যিই কি ভালোবাসার কোনো দফা-রফা হয়? একতরফা-দুতরফা বলে কিচ্ছুটি হয় আদৌ? ভালোবাসা তো কেবল ভালোবাসতেই জানে, কোনো লাভ-ক্ষতির হিসেব বোঝে কি?

ভালোবাসা যে বড্ড সরল! এ কোনো জাত-পাত, ধর্ম-গোত্র, বয়স, বিবাহিত-অবিবাহিত, উঁচু-নিচু এসব কিচ্ছু বোঝে না, মানে না!

আচ্ছা, তুমিই বলো, দুই আত্মা একত্রিত না হলে কখনো কারও কি সাধ্য আছে কাউকে ভালোবাসার?

আমার আত্মা যে কেবল তোমাতেই বিচরণ করে! এই দেহে তোমার আত্মাকে ধারণ করে নিজের দেহ ত্যাগ পর্যন্ত করতে পারি! সেটা কি তুমি বোঝো না? না কি বুঝেও না বোঝার ভান করো?

আমার এই দেহমাঝে যে-আমিটি বাস করছে, সে যে অনেক আগেই নিজের আমিত্ব ত্যাগ করে তোমার পদতলে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে! সেটাও কি তুমি বোঝো না! বিসর্জিত কোনো কিছু কি দ্বিতীয় বার ফিরিয়ে আনা যায়? বলো?

তোমাকে ভালোবাসা তো আমার কোনো দৈহিক রোগ নয়; আত্মিক রোগ! তোমায় কীভাবে ভুলব, বলতে পারো?

দুই। আজ খুব ক্লান্ত আর বিষণ্ণ হয়ে যখন ঘণ্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়েছিলাম, তখন বুঝতে পারলাম, এই রহস্যময় পৃথিবীতে যা-কিছু সৃষ্টি, তার সবই বড়ো একা!

চোখের ধোঁয়াশায় কেবল রঙ্গমঞ্চে মাতাল সঙ্গমেলা দেখা যায়...!

হঠাৎ করেই আমার গোটা পৃথিবীটা থমকে গিয়েছিল। বুকের ভেতরে কেমন জানি ব্যথা করছিল। কাতরানো শরীর নিয়ে যখন ছাদের এককোণে গিয়ে দাঁড়ালাম, তখন কেমন জানি একাকিত্ব বোধ হলো! মেঘের দিকে তাকালাম। আহ্! কী সুন্দর!

একসাথে ভেসে বেড়াচ্ছে পুঞ্জীভূত পালক-পালক মেঘ!

সাদা মেঘের দলবাঁধা বিচরণ দেখে মুচকি হেসে উঠলাম। হাসিটা আর স্থায়ী হলো না, চোখের পলকে পালক মেঘগুলো বিচ্ছিন্ন হয়ে কোথায় যেন বিলীন হয়ে গেল!

এসবের মাঝে কোথাও যেন নিজেকেই খুঁজে পেলাম।

দিনশেষে আমিই আমার... আমার কেউ নেই... আমার হয়তো কেউ ছিলই না... আমি কেবলই আমার...!

নাহ্! এটাও ঠিক বলছি নাহ্! কারণ, আমি তো একা নই! কেউ একজনকে গভীরভাবে ভালোবাসি, সহস্র দুঃখের মাঝেও তাঁর নামেই সুখ পাই, তাঁর কথা ভেবে একাই হেসে উঠি…!

কেউ ভালোবেসে নিঃস্ব হয়ে যায়, কেউ ভালো বেশে নিঃস্ব করে দেয়...! এটাই প্রকৃতির নিয়ম!

কিন্তু আমি ঠকিনি, কারণ আমি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পেরেছি...!

পৃথিবীতে আদর্শ সম্পর্ক বলে কিছু নেই, তাই হয়তো আপনাকে এতটা রাগিয়ে দেই। নির্বোধ আমি!

বার বার ভুলে যাই, সম্পর্কের ভিত্তিতে ন্যায্য দাবির স্বীকৃতি হচ্ছে অধিকার। অহেতুক নিজেকে গুরুত্ব দিই, তার্কিকদের মতো কেবল তর্ক আর বকবক করে যাই। ধীরে ধীরে এই ব্যাপারটা স্বীকার করছি যে, জীবনটাকে আমরা সবসময় যেভাবে দেখতে চাই, ভোগ করতে চাই, সেভাবে জীবন যায় না! জীবন তার আপন গতিতেই চলে।

মায়া বড্ড বেহায়া... সময় নিষ্ঠুর মহাকাল... সম্পর্ক বেহায়া ফাজিল... আর আত্মার আত্মীয়রা খুন করার জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার...!

তিন। দেখতে দেখতে অল্প সময়ে দীর্ঘ দূরত্বই হয়ে গেছে আমাদের মধ্যে! হয়তো আর কোনোদিন কাছাকাছি আসার ভাগ্যটাই হবে না! সব কিছু প্রায় শেষ!

একটা কথা ছিল। জানেন, শুধু আপনি নিজে কিছুটা সময় ভালো থাকার জন্য যে-মানুষটাকে আপনার প্রতি আসক্ত করেছেন, আপনার ভালোবাসায় মজিয়েছেন, সে যে বড্ড অসহায়—আপনাকে ভালোবেসে অসহায়! একজন অসহায়কে বেঁচে থাকতেই মৃত্যুর মুখে ঠেলে দিলেন!

নাহ্! দেহের মৃত্যু নাহ্! আত্মার মৃত্যু!

সত্যি বলতে কী, জানেন?

নিজের সাথে নিজে অনেক বোঝাপড়া করেছি, অনেকভাবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি, আপনার সাথে ভুলভাল বলেছি, কিন্তু শেষমেশ ব্যর্থই হয়েছি! এখনো চোখের জল পড়ে।

আসলে, আপনার মায়াতে এতটাই জড়িয়ে পড়েছি, যেখান থেকে আজীবনেও ফিরে আসা সম্ভব নয়!

আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে—না আমি পরিবারের কথা চিন্তা করছি, না নিজের চিন্তা! না ঠিকভাবে পড়াশোনা হচ্ছে, না কোনো কাজ! ২৪ ঘণ্টাই কেমন যেন একটা ডিপ্রেশনের মধ্যে থাকি। কেন, জানি না! হয়তো ভালোবাসা এমনই! ভালোবাসার মানুষটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী বা খারাপও হয়, তবু নাকি তাকে ভোলা যায় না। আমি আপনাকে ভুলব কী করে? আমি তো আপনার জন্য নিজেকে বদলে আপনার মতো করে গড়ে নিয়েছিলাম!

এই পৃথিবীজুড়ে আপনার বন্ধুর অভাব নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনি ছাড়া আমার যে আর কেউই নেই! এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়াই নাকি নারীর ধর্ম, কিন্তু নারী তার জীবনের প্রথম পুরুষের স্পর্শ কখনোই ভুলতে পারে না! আমি কী করে আপনাকে ভুলব? আমাদের তো কেবল স্পর্শের সম্পর্ক ছিল না!

আমি যে আপনার নাম, আপনার স্বর, কথা, আপনার গায়ের গন্ধটাতেও ভালোবাসা খুঁজে পাই, সুখ অনুভব করি! আপনার ছোঁয়া আর গন্ধটাকে আজীবন আমার মাঝে পুষে রাখব বলে এখনও আপনার স্পর্শ-করা কাপড়গুলো ধুইনি, যত্ন করে রেখে দিয়েছি!

রাতে ঘুমোতে যাবার আগে আপনার ছবি বুকে জড়িয়ে তারপর ঘুমোই; যখনই ঘুম ভাঙে, জেগে আগে আপনার ছবি দেখি, তারপর পৃথিবীর মুখ দেখি!

প্রতিমুহূর্তে যে কেবল আপনাকেই অনুভব করি! আপনি আমার দেহ আর আত্মা দুটোতেই মিশে গেছেন; এখান থেকে আপনাকে আলাদা করার সাধ্যি যে আমার নেই!

ভেবেছিলাম, অন্তরের কথা অন্তরে রেখে বাহ্যিকভাবে আপনার সাথে ভুলভাল বলে আগে নিজের ক্যারিয়ারটাকে একটু গুছিয়ে নেব। কই, সেটা আর পারলাম কই! বহুরূপ ধারণ করতে চেয়েও যে পারি না! আজ যদি আপনি কেবল বন্ধু হয়েও আমার পাশে থাকতেন, তাহলে আমি সব পারতাম, যে-কোনো অসম্ভবকেও সম্ভব করতে পারতাম! অথচ দেখুন, ভাগ্য আমায় পুরো অসহায় করে দিয়েছে!

আপনি যতবার আমায় কল দিয়ে আপনার কাছে যেতে ডেকেছেন, আমি চুপ ছিলাম! কেন, জানেন?

আপনাকে হারানোর ভয়ে! বার বার কাছে গেলে যদি আপনাকে হারিয়ে ফেলি!

অথচ দেখুন, যে-ভয়ে আপনার থেকে দূরে থাকতে চেয়েছি, সেটাই সত্যি হলো!

যা-ই হোক, আমার যা-ই হয়ে যাক, আমি যেমনই থাকি, তাতে আপনার কিচ্ছু আসে যায় না—সেটা আপনি আজও প্রমাণ করে দিয়েছেন! কষ্ট নেই আমার, কারণ ভালোবাসি যে আপনাকে! অসম্ভব ভালোবাসি!

এই ফেব্রুয়ারির পর থেকে বা যখন থেকে দেখবেন, টানা বেশ কিছুদিন আমি আর অনলাইনে নেই বা আসি না, তাহলে বুঝে নেবেন, আমি আর এই পৃথিবীতেই নেই! এই আহত আত্মাটা এই দেহ থেকে বহুদূরে চলে গেছে। এই আমিই নিজ হাতে এই আত্মাটাকে দেহ থেকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছি।

আপনার সাথে করা জানা-অজানা ভুলগুলোকে তখন ক্ষমা করে দেবেন! আর-একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ আছে, যারা আপনাকে ভালোবেসে আপনার শূন্যতায় নিজের দেহকেও বলি দিতে পারে নীরবে, নিঃশব্দে! আর সেই শেষ করে দেবার আর্তনাদের আওয়াজটুকুও আপনার কান অবধি পৌঁছবে না!

সব কিছুর মাঝে অনন্য সত্য হচ্ছে, আপনাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি!

যারা বলে, কেবল আত্মা দিয়ে ভালোবাসাই ভালোবাসা, দেহ পেতে হয় না বা দৈহিক ভালোবাসা, ভালোবাসা নয়! . . . আমি মানি না তাদের যুক্তি!

একটা আত্মা তিনটে ভিত্তির উপর বিচরণ করে—তৃষ্ণা, ক্ষুধা, আর যৌনসঙ্গম! এর বাইরে আর কিচ্ছু নাহ্—যে-চাওয়াগুলো মানুষ ‘দেহ’ নামক বস্তুর মাধ্যমে হরণ করে নেয়; তাহলে কেন দৈহিক ভালোবাসা, ভালোবাসা নয়? দেহ যা করে, সে তো আত্মার তৃপ্তির জন্যই নিঃস্বার্থভাবে করে!

আমি আপনাকে আমার সেই নিঃস্বার্থ দেহ আর অতৃপ্ত আত্মা দিয়েই ভালোবাসি!

পৃথিবীর সব কিছুর বিরুদ্ধে গিয়ে লড়াই করে বাঁচতে পারতাম, যদি আপনাকে বন্ধু হিসেবেও আমার পাশে পেতাম! যাঁর সাথে নিজেকে খণ্ড-বিখণ্ড করতে পারতাম! দিনশেষে যদি এক বার‌ও বলতেন, “আমি আছি!”, তাহলেই আমি পুরো পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় পেয়ে যেতাম!

আপনার মনখারাপের সময় যদি একবার ডেকে বলতেন, “শুনছ! আমার ভালো লাগছে না!”, ব্যস্! তাহলেই হতো, সারাপৃথিবী ওলট-পালট করে চলে যেতাম আপনার কাছে!

সেসবের আর কিছুই হবে না হয়তো; অপূর্ণ স্বপ্ন নিয়ে বিদায় নেওয়াটাই বোধ হয় আমার জন্য অনিবার্য হয়ে যাবে!

আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না! ভাগ্য শুধু আমায় মৃত্যুর দোরগোড়ায় এনে দাঁড় করায়।
কোন ভুলে আমাকে এত শাস্তির মুখোমুখি হতে হয়! আমার ভাগ্য আমায় কেবলই আমার প্রতিকূলে নিয়ে যায়, যেখান থেকে ফেরাটা খুব কষ্টকর!

আমার আবার জীবন!

জীবন তো সেটাই, যেখানে মানুষের গুরুত্ব থাকে! গুরুত্বহীন মানুষের কোনো জীবন থাকে না, থাকতেও নেই!


ভাবনা: এক হাজার উনসত্তর
………………………………………………………………


এক। I find myself at ease with everyone except you. Our interactions often leave me feeling undervalued, lacking the respect I deserve. It seems you perceive me as capable of anything and everything, yet when it comes to my desires, I feel constrained by your expectations. It appears that whether I choose to stay or depart holds little significance to you. I've silently shouldered the weight of our relationship, giving endlessly without seeking reciprocity, only to find my efforts taken for granted. When it concerns me, it seems you struggle to comprehend the simplest of gestures. In truth, I'm easily pleased, akin to the simplicity of fetching a glass of water. I feel akin to a versatile vegetable, like a potato, adaptable to any circumstance.

দুই। যতই চেষ্টা করি না কেন, যেটা অন্যের, সেটা কখনও আমার হবে না। জোর করে নিজের করতে গেলে জল আরও ঘোলাটে হবে, ব্যথা আরও বাড়বে। শুধু শুধু এত জঞ্জাল বাড়ানোর থেকে এটা মেনে নেওয়া ভালো যে, তুমি আমার কেউ হ‌ও না। তুমি বরং তোমার রঙিন পৃথিবী নিয়ে ভালো থাকো।

আমরা আসলে কিছুই হারাই না। যা-কিছু আমাদের নয়, সেটাকেও যে করেই হোক, গায়ের জোরে নিজের করতে চাই। তখন মনে হয়, কী যেন হারিয়ে ফেলেছি!

আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি। তুমি তোমার জগতে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাকে অনেক বিরক্ত করেছি, সেজন্য ক্ষমা করে দিয়ো।

এ পর্যন্তই ভালো ছিলাম। অনেক সুন্দর কিছু স্মৃতি আছে আমাদের, সেটাই অনেক বড়ো অ্যাসেট। নিজের মতো ভালো থাকো। কিছু জিনিস অমীমাংসিত থাকাই ভালো।

দিনশেষে আসলে ওরাই খুব সুখী হয়, যারা নিজেরটা ছাড়া আর কারও কিছু চোখে দেখার সময় পায় না। ওরা সবসময়‌ই সুখী হয়! নিজেরটা কেড়ে নিয়ে হলেও আদায় করে ছাড়ে, তাতে অন্যের লাভ ক্ষতি কী হলো, তা দিয়ে কিছু এসে যায় না।

তিন। Do you know how it feels when someone familiar becomes entirely unfamiliar?

I believe you love me as much as I love you. Perhaps our love doesn't conform to conventional standards. We both acknowledge that we lack shared goals or a foreseeable future. Yet, at some point, we knew each other deeply.

But if one day you suddenly sense or observe a change in me, realizing I'm no longer the person you once knew, what would that day be like for you?

To me, you've always been incredibly humble and modest, but what if that were to alter? Whether for better or worse, how would I react?

If such a day were to arrive, would you shed tears for me? Would you feel estranged? And if it happened to me, what would I do? Would I weep? Would I lose myself? Would I feel like the loneliest person in the world?

Even if I change irrevocably, why would that happen? How do people cope when their closest companion undergoes a transformation? How do they adapt to such circumstances?


ভাবনা: এক হাজার সত্তর
………………………………………………………………


এক। তোমাকে কেউ সামান্য ছুঁলেও আমার শরীর ক্ষয়ে যায়,
তোমাকে অন্য কেউ প্রেমের চোখে দেখলে আমার চোখ পুড়ে যায়,
তোমাকে অন্য কারও সাথে হাঁটতে দেখলে আমার দু-পায়ে জটলা বেধে যায়।

তোমায় কেউ আদর করে প্রিয় কোনো নামে ডাকলে আমি পৃথিবীর সব অভিধানের সব শব্দই ভুলে যাই।

তুমি কাউকে ভালোবাসো, কাউকে ছুঁতে তুমি উতলা হও, কারও ঠোঁটে চুমু খেতে তোমার উত্তেজনা হয়, কারও কণ্ঠস্বরে তোমার হৃদয় ভিজে যায় . . . এইসব সত্য মেনে নিতে গিয়ে মনে হয় যেন আমি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পড়ে জ্বলে-পুড়ে ছারখার হয়ে-যাওয়া বীভৎস কোনো মানব-অঙ্গার, যার মৃত্যুর সঠিক কোনো কারণ পৃথিবীর কোনো যুক্তির তালিকায় নেই।

তোমাকে অন্য কেউ ভালোবাসলে… তোমাকে কেড়ে নেওয়া যায়, হরণ করা যায়, কিন্তু… কিন্তু তুমি কাউকে ভালোবাসলে তাকে কেড়ে নেবার ওই অসীম ক্ষমতা কারুরই নেই।

জানো, তোমাকে যে চায়, তুমি তারও নও, আমারও নও; যাকে তুমি নিজেই চাও, তুমি একমাত্র তারই। বাকিরা কেবলই তোমার ছায়াটুকু পায়, তোমাকে নয়।

. . . এই যেমন ধরো, তোমার ছায়াটাকে তুমি ভেবে ধড়ফড় করতে থাকা আমিটা!

দুই। ওরা বলে, আমার আদ্যোপান্তই নাকি ব্যর্থতায় ঘেরা। আমি খোঁড়া পায়ে ছন্নছাড়া জীবন বয়ে বেড়াই। আমার প্রতিটি দিনই নাকি করুলিয়ার নদীর মতো—বাঁকে বাঁকে অবহেলায় আছড়ে পড়ে। নিঃস্ব এই আমি'টার নাকি কোনো পূর্ণতাই নেই!

ওরা কি জানে আমার আমিকে?!

আমি তো আর্তচিৎকার করে বলেছি বহুবার...আমায় বুঝতে চেয়ো না তোমরা, নির্ঘাত ঘাবড়ে যাবে!

ওরা তো জানে না, আমি জীবনের তাল-লয় ধরে মানুষের চৌকাঠ পেরোতে জানি। অবহেলাকে উপেক্ষা করে আমি মুঠো-মুঠো শান্তি বিলোতে পারি। শতাব্দীর ধূসরতা ছাপিয়ে আমিও নরম ঘাসের মতো সতেজ হয়ে অপেক্ষা করতে জানি।

হ্যাঁ, আমি উইস্টেরিয়া ফুলের মতো আত্মা সঁপে ভালোবাসতে জানি।

তিন। এই যে শোনো, তোমাকে বলছি। এই যে এমন যেমন-তেমন করে জীবনে জেঁকে বসছ, ঠিক করছ, বলো? যতই ভাবি, ভুলে থাকব, কোনো রেশ দেবো না থাকতে, ততই গভীরে মাধবীলতার মতো শেকড় গাড়ছ আর শতরঙা ফুলে জড়িয়ে নিচ্ছ আকাশমুখী হয়ে। আমিও কেমন যেন জড়িয়ে যাচ্ছি, অথচ কথা এমন ছিল না। কথা ছিল…

আমি তো নিজেকে দেখেছি রাবার-বলের মতো উদ্দেশ্যহীন ছুটে যেতে, অথচ আজকাল স্পষ্ট দেখতে পাচ্ছি, ২৭ বছর পেরিয়ে এবার আমি থিতু হয়ে আসছি, ঠিক যেন পায়ে হেঁটে মন্দিরে এলাম অঞ্জলি দিতে। ও চরণে শান্তি মেলে, নিজেকে হারিয়ে নিজেকে মেলে। আমার অঞ্জলি গ্রহণ করো।

চার। যাঁরা লেখালেখির চেষ্টা করেন বা লিখতে চান, কিন্তু পারেন না বা লিখতে পারেন, তবে লিখতে চান না বা না চেয়েও লেখালেখি করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না বা অনেক জোর করে নিজেকে দিয়ে লিখিয়ে নেন বা একটু-আধটু লিখতে পারেন বা ভালোই লিখতে পারেন বা লেখালেখি শুরু করবেন বলে ভাবছেন, নিচের লেখাটি তাঁদের জন্য।

(শুধু লেখালেখি নয়, অন্য অনেক ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রেও কিছু পয়েন্ট নিশ্চিতভাবেই মিলে যাবে আশা করছি।)

১. ফেইসবুকে স্ট্যাটাস লেখা আর বই লেখা এক জিনিস নয়। ফেইসবুক আর বই সম্পূর্ণ ভিন্ন দুটি জায়গা। কেউ কেউ কিবোর্ডে ঝড় তুলতেই বেশি পারদর্শী, কেউ আবার কলমে না লিখলে লিখতেই পারেন না। দুটো ফর্ম আলাদা। দুটোর মধ্যে কোনটা ভালো বা কোনটা কম ভালো, এরকম কোনো ঠিকঠাক উত্তর বা সমাধান নেই। কলমের লেখাও যেমন সাহিত্যে জায়গা করে নিয়েছে, কিবোর্ডে জন্ম-নেওয়া বহু লেখাও সময়ের সাথে সাথে সাহিত্যে জায়গা করে নেবে।

২. লেখকের কিংবা কোনো সৃষ্টিশীল মানুষের অনুভব করার ক্ষমতা সাধারণত অনেক বেশি থাকে, আর একটু ভিন্ন‌ও থাকে। এই যেমন, যে ছোট্ট ব্যাপারটি সাধারণ কোনো মানুষ লক্ষই করে না বা করতে পারে না, সেই ছোট্ট জিনিসটি নিয়েও একজন লেখক আবেগে ভেসে যেতে পারেন। আবার যে-সব ব্যাপার নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ, উৎকণ্ঠা কাজ করে, সেরকম একটা বিষয় হয়তো একজন লেখককে স্পর্শই করতে পারে না। উনি জানেনই না, এরকম কিছুর প্রতি কোনো মানুষ কেনই-বা আবেগ অনুভব করে। সাধারণ মানুষ আর সৃষ্টিশীল মানুষের আবেগ সাধারণত উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতন হয়ে থাকে।

৩. কোনো কিছু লেখার আগে কিংবা লেখার সময় লেখকের যে-যন্ত্রণা হয়, সেটাকে মানসিকভাবে অনেকক্ষেত্রে লেবার পেইনের সাথেও তুলনা করা যায়।

৪. একজন লেখক কোনো কিছু আসলে যেভাবে লিখতে চান, সেভাবে হয় না এবং হয় না বলেই ওটা শিল্প। নইলে সেটা লেখা না হয়ে বীজগণিত হয়ে যেত, যা কিনা সূত্রে ফেললেই অঙ্ক মিলে যাবে। লেখা মনমতো হয় না বলেই লেখক আরও ভালো কিছু সৃষ্টিতে নিজেকে ডুবিয়ে ফেলেন। তৃষ্ণার্ত হয়ে বাঁচাটা একজন লেখকের প্রধান বৈশিষ্ট্য।

৫. লেখকজীবন ক্লান্তির, একাকিত্বের, অবহেলার। ঠাট্টা-বিদ্রুপ, উপহাস এবং অকারণে ব্যক্তিগত, পেশাগত, সামাজিক, আত্মিক, আর্থিক আক্রমণের শিকার হওয়া একজন লেখকের জীবনে নিত্যনৈমিত্তিক ব্যাপার।

৬. লেখক মাত্রই পাগল, তবে পাগল মাত্রই কিন্তু লেখক নন। লেখক-লেখক কিংবা কবি-কবি ভাব-নেওয়া বহু মানুষই আমাদের আশেপাশে আছেন, যাঁরা হয় সাহিত্য বোঝেন না, নয় ভণ্ডামির আশ্রয় নেন কিংবা বুঝে ফেলেন, লেখালেখি তাঁদের জন্য নয়, তাই মনকে সান্ত্বনা দেন।

৭. কোনো সাধারণ মানুষ প্র্যাকটিস করলে হয়তো মোটামুটি গল্প লিখতে পারবেন, কিন্তু সারাজীবন প্র্যাকটিস করেও কবিতা লেখা সম্ভব নয়। কবিতা লেখা পৃথিবীর সুন্দরতম আর কঠিনতম কাজগুলির অন্যতম।

ক. তুমি আমার প্রথম প্রেম, প্রথম কামনা,
যায় না ভোলা তোমার কথা—এতই যাতনা!

খ. হাতি ওড়ে, পাখি ওড়ে, ওড়ে তোমার চুল,
আমার লেখা কেউ বোঝে না, এটাই তাদের ভুল।

গ. চটপটি ঝাল লাগে, ফুচকা লাগে টক,
আমার সাথে শুতে চাইলে ফেইসবুকে দাও নক।

. . . এরকম ছন্দ মেলালেই সেটা যেমন কবিতা হয় না, তেমনি নারীর শরীর নিয়ে এলোমেলো কিছু শব্দ, যৌনতা, গালিগালাজ মিলিয়ে ঘুঁটা দিলেও কিন্তু কবিতা হয় না।

৮. একজন লেখককে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব, পার্টনার কোনো ধরনের মূল্যায়ন করতে পারে না। তাঁর কাজের মূল্যায়ন করেন বাইরের অপরিচিত লোকজন। খেয়াল করলে দেখবেন, একজন ক্রিয়েটিভ মানুষ নিজের আত্মীয়, বন্ধু, পরিজন এমনকী বাবা-মায়ের সাথেও দূরত্ব রেখে চলেন, কিংবা সম্পর্কই ছেদ করে ফেলেন। যাদের সাথে তাঁর বন্ধুত্ব হয়, তাদের অধিকাংশই বাইরের মানুষ।

৯. একজন ক্রিয়েটিভ মানুষের মন ভালো হওয়া আর মন খারাপ হওয়ার কারণ তিনি নিজেই ধরতে পারেন না।

১০. আমাদের সমাজ এখনো লেখালেখি/ক্রিয়েটিভিটিকে ভালো চোখে দেখে না। পুরুষের ক্রিয়েটিভিটিকে কেউ কেউ বাহবা দিলেও নারীর ক্রিয়েটিভিটিকে তো খুব বেশি মানুষ সহ্য পর্যন্ত করে না!

১১. প্রচুর মুডসুয়িং হয় ক্রিয়েটিভ মানুষের। এই যেমন, এই মুহূর্তে আমার হচ্ছে। তাই লেখাটা এখানেই শেষ আপাতত।


ভাবনা: এক হাজার একাত্তর
………………………………………………………………


এক। আমি কখনোই কাঁদি না।
নিষ্ঠুর, অনুভূতিহীন দেয়ালের মতো
চুপচাপ দাড়িয়ে থাকি।

কথা কই না, ব্যথা পাই না।
আমার কোনো হাসি নেই,
দুঃখও নেই।
পাথরের হৃদয়ে ফোটে না ফুল
বসন্তেও।

বুকের ভেতর যার কান্নার শব্দ,
ও আমি নই—
ও এক অবুঝ শিশু!

ওর কেমন একলা লাগে,
ও খুব আপনজন খোঁজে, আর
ভালোবাসার পায়ে লুটিয়ে পড়তে চায়।

ও কেমন কুকুর স্বভাবের—
প্রভুর জন্য দিয়ে দিতে পারে প্রাণটাও!

আর আমি গাছের মতোই অনড়।
এই মন পাহাড়ের শিলায় গড়া,
মৃত্যুও আমায় ব্যথিত করে না এতটুকুও!

কে আছে আর কে নেই আমার?

আমার নিজের বলতে কিছুই নেই, মানি।
বুকের ভেতর যে জাপটে ধরতে চায়—প্রিয়জন,
ও আমি নই।
ও এক অবুঝ শিশু,
ও জানে না...পৃথিবী এক মস্ত খেলাঘর!

একদিন সব খেলা শেষ হয়,
একদিন সমস্ত ব্যথার শেষ হয়,
একদিন আলো নিভে যায় দু-চোখে।

আমাদের ভেতরকার সেই শিশুটি...
অবুঝ শিশুটি,
আমৃত্যু কেঁদে যায়...
একটু মমতা
আর নিখাদ ভালোবাসার জন্য।

দুই। বুকের ভেতর স্যাঁতস্যাঁতে অন্ধকার এক ঘর।

কতদিন ওখানে আলো জ্বলে না!
কতকাল হৃদয় জুড়ায় না কারও মমতার ছোঁয়ায়!

ঠকঠক করে কড়া নাড়ে ব্যথারা, আর বলে...
আমাদের মুক্তি দাও।

আমি কষ্ট পুষি;
যার কিছুই নেই, তার কিছু কষ্ট অন্তত থাক।

ওরাও কেমন থাকতে চায় না আজকাল!

বুকের ভেতরটা সম্ভবত খুব স্যাঁতস্যাঁতে অন্ধকার।
কষ্টেরও এখানে থাকতে কষ্ট হয়,
আর তুমি থাকবে কেমন করে!

তিন। চরিত্রবানেরা সবাই চরিত্রবান নয়, বেশিরভাগই ভণ্ড; আর বাকিরা আমার ফলোয়ার। 🥴

চার। কেউই তোমার চেয়ে সুখী নয়। পার্থক্য হলো: তুমি তোমার দুঃখের মার্কেটিং করে বেড়াও।

পাঁচ। জীবন থেকে মানুষ কমালে জীবন থেকে অমানুষ কমে।

ছয়। ভালোবাসা দিবসের সাফল্য: ভয়ঙ্কর রকমের সুন্দর কিছু মেয়েকে দেখেছি।
ভালোবাসা দিবসের ব্যর্থতা: ওই দেখা পর্যন্তই!

সাত। তোমরা যারা আগামীকাল ব্রেকআপ করে ফেলবে, তাদেরকে আমি কাচ্চি বিরিয়ানি ট্রিট দিব।

আট। লোকটা তো লেখক না হয়ে ডাকাত‌ও হতে পারত, তাই না? হয়তো খারাপ লিখছে, লিখুক না! অসুবিধে কোথায়? খারাপ লিখতে লিখতে একদিন ভালো লিখবে। ডাকাতি করার চাইতে তো খারাপ লেখা ভালো। খারাপ লিখলে তো আর কারও কোনো ক্ষতি হয় না, কিন্তু ডাকাতি করলে হয়।

কেউ খারাপ লিখছে? তাহলে আমরা তার লেখা পড়ব না। অনেকে ভালোও তো লিখছে, তাদের লেখা পড়ব। ব্যস্, চুকে গেল! কেউ খারাপ লিখছে, আমরা তাকে ইগনোর করতে পারি, তার দিকে না তাকিয়ে অন্য কারও দিকে তাকাতে পারি। অথচ আমরা কী করছি? তাকে ট্রল করছি, তার পেছনে পড়ে আছি। যারা খারাপের পেছনে পড়ে থাকে, তারা ভালো হয় কী করে? পৃথিবীতে ভালো লেখার পরিমাণ এত বেশি যে, একজীবনে সেগুলিই পড়ে শেষ করা অসম্ভব।

আমরা বলে দিচ্ছি: ওভাবে লিখবে না, এভাবে লিখো। আমরা ঠিক করে দিচ্ছি: ওভাবে ভাববে না, এভাবে ভাবো। কারও লেখা বা ভাবনা পছন্দ না হলে তাকে মধ্যযুগীয় কায়দায় বইমেলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এমন মাস্তানি প্রবৃত্তি একজন শিক্ষিত মানুষের মধ্যে জন্মায় কীভাবে? এতটা অসভ্য হবার অধিকার আমরা পেলাম কোথায়?

এই থার্ডক্লাস মানসিকতা নিয়ে আমরা বইমেলার মতন পবিত্র জায়গায় আসি! ছিঃ! কে কী পড়বে পড়বে না, কে কী ভাববে ভাববে না, এসব ঠিক করে দেবার টেন্ডার পেয়েছি নাকি আমরা? বইমেলাতে নিগ্রহের শিকার হলেন যাঁরা, উলটো তাঁদের‌ই বিরুদ্ধে ট্রল করছি। শিক্ষিত লোকজন‌ও এমন বেকার, নির্বোধ, মাস্তান হয়ে উঠলে অসভ্য লোকগুলোর যে কী অবস্থা, একটু ভেবে দেখুন।

কারও লেখা মানহীন হলে আমরা মানসম্মত লেখা নিয়ে ব্যস্ত থাকব। বইমেলায় এত ভালো ভালো বই বেরিয়েছে, অথচ সেগুলির সামনে তো লোকের ভিড় দেখলাম না! লোকে ভিড় করে থাকে খাবারের দোকানের সামনে আর ফালতু বইয়ের সামনে। এতে কী বোঝা যায়? সমস্যাটা আসলে কোথায়? ভালো খাবার খেতে তো বাড়তি কোয়ালিটি লাগে না, কিন্তু ভালো বই চিনতে তো বাড়তি কোয়ালিটি লাগেই!

খারাপ বই বের হয় বলেই তো কিছু বেকার লোক অবৈতনিক চাকরি পায়। ন‌ইলে ওরা বইমেলা এলে কী করত? খেয়াল করে দেখুন, একজন বাজে লেখক অসংখ্য বাজে পাঠককে মানসিক দাসত্বের শেকলে বেঁধে ফেলতে পারে। এ পৃথিবীতে কেবল মানহীন মানুষই মানহীন মানুষকে নিয়ে ব্যস্ত থাকে।

ধরুন, এক্স একটা বই লিখল। তার বইটা তেমন চলছে না। ওদিকে ওয়াইয়ের লেখা বইটা মেলায় বেশ চলছে। তখন এক্স রায় দিলে বসল, ওয়াইয়ের বইটা মানহীন। এরকম ঘটনাও তো ঘটে, তাই না? মানহীন বই কম কিনে বা না কিনে বেশি করে মানসম্মত বইগুলি কিনলেই হয়। এতে ভালো লেখকেরা উৎসাহিত হবেন, আর খারাপ লেখকেরা ভালো লেখার চেষ্টা করবেন।

ভালো লোক কখনো খারাপ জিনিস নিয়ে লাফায়? আমাদের হয়তো ভালো লেখা পড়ার মতো মগজের জোর নেই, কিন্তু খারাপ লেখা ইগনোর করার মতো বুদ্ধির দৌড় তো আছে। না কি তা-ও নেই?

এই বইমেলায় এখন পর্যন্ত অন্তত শ-তিনেক বই কিনেছি। এগুলির মধ্যে মানহীন বই একটাও নেই। বইয়ের স্ট্যান্ডার্ড বোঝার মতো বোধ তৈরি হয়েছে সেই ছোটবেলাতেই। এই স্ট্যান্ডার্ড তৈরি করার প্রথম ধাপই হলো: নিজেকে মানসম্মত জিনিস নিয়ে এতটাই ব্যস্ত করে রাখা যে, মানহীন জিনিস নিয়ে ভাবার সময়টুকুও যেন না হয়।

নয়। আপনার বসের সামনে আপনি যেমন, ঘরের বউয়ের সামনে কি তেমনই? মায়ের কাছে কি তেমনি আবদার করতেন, কখনো যেমনি বাবার কাছে গলে পড়তেন? রাস্তায় তো অপরিচিত কত কাউকেই দেখেন, আপনার চোখ ততটাই খেলে উঠেছিল কোনোদিন, যতটা খেলে আপনজনকে দেখলে?

লোকে তো আমার প্রশংসা করলেও এড়িয়ে যাই, কিন্তু প্রিয় মানুষের মুখে নিজের নামটা কেবল শুনতেও মুখিয়ে থাকি। ভালোবাসা উপেক্ষা করতে যতটা সাহস যোগাই, আবার ঠিক ততটাই হেঁদিয়ে মরি ভালোবাসা পাবার জন্য।

মানুষ এমনই। প্রয়োজনে বা প্রিয়জনে বদলে যায় কিংবা রূপ বদলে নেয়। একটু ভুল হলো বোধ হয়। রূপ বদলে নেয় না, বরং একটা মুখোশ খুলে আলগোছে রেখে দেয় কোলের কাছে, আর জড়িয়ে নেয় অন্য আরেক মুখোশ। হ্যাঁ, মুখোশ জড়িয়ে নেয়। এটাই সত্য, এটাই স্বাভাবিক এবং এটাই রূপ বদলে নেবার চাইতে ঢের ভালো। রূপ বদলে নিলে মানুষ আর মানুষ থাকে কই!

মুখোশের আড়ালে একটা মানুষ আছে, একটা সত্তা আছে—এখানে তো তবুও আশা আছে। কখনো তো ওই মুখোশে মানুষটা হাঁসফাঁস করবে আর মুখোশ ছুড়ে ফেলে বেরিয়ে আসবে প্রয়োজন থেকে। কিন্তু রূপ বদলালেই তো বিপদ! এক মানুষ ছাড়া মনটা আর আছে কার ঠিক জায়গায়?

দিনশেষে পাখি ফেরে নীড়ে, আর মন থাকে মানুষকেই ঘিরে…
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *