ভাবনা: এক হাজার আটান্ন
………………………………………………………………
এক। সবারই বোধ হয় একটা না-হওয়া সংসার থাকে, আর তার চারদিকের দেয়াল গড়ে ওঠে কেবলই স্বপ্ন আর স্বপ্ন দিয়ে।
সবারই সেই না-হওয়া সংসারে একটা না-হওয়া সন্তান থাকে। খুব যত্ন করে সেই সন্তানের নাম রাখা হয়। সে কী করবে, কোথায় পড়বে, কী পরবে, কী কী খাবে, কোথায় আর কীভাবে বড়ো হবে, তার সবই প্ল্যান করা থাকে। রোজ তার নামে ঘরকন্না হয়, রোজ তাকে নিয়ে দু-জনের মধ্যে ঝগড়া হয়। তাকে কোন স্কুলে পড়াবে, তা নিয়ে কখনো কখনো দু-জনের মাঝে খুনসুটি আর তর্কও হয়।
সে বড়ো হয়, কল্পনায় তার একটা অবয়ব তৈরি হয়। তার আদুরে আদুরে চুল থাকে, হয়তো গালে টোলও থাকে। গায়ের রং চাপাশ্যামলা হয়, নয়তো হয় দুধেআলতা। হাসলে তার ঠোঁট মিষ্টি করে বেঁকে যায়, কাঁদলে দু-চোখ আলতো করে ফুলে যায়। গালের বাঁ-পাশটায় একটা কালো তিলও বোধ হয় থাকে।
একদিন, কী যেন হয়! দু-জন মানুষের প্রেমে ফাটল ধরে, ভালোবাসার দেয়ালে চিড় পড়ে।
দিনদিন গড়গড়িয়ে বেড়ে-ওঠা স্বপ্নের সিঁড়িটা হঠাৎ ধ্বসে পড়ে যায়। দু-জন মানুষ দু-দিকে ফিরে বিপরীত দু-রাস্তায় হেঁটে চলে যায় সম্পর্কে চূড়ান্ত সমাপ্তির রেখা এঁকে দিয়ে। আলাদা দুটো মানুষকে নিয়ে আলাদা দুটো সংসার হয় তাদের।
তাদের ঘর আলো করে একদিন সত্যি সত্যি সন্তান আসে। সন্তানের নাম রাখা হয়, কপালে চুমু আঁকা হয়। ব্যস্ত রাস্তা পার-হয়ে-যাওয়া দূর প্রান্তরের নতুন কোনো স্কুলে সন্তানকে ভর্তিও করানো হয়।
কিন্তু . . .
কিন্তু সেই নামহীন সংসারের শত জল্পনার আদরের সন্তানটি না বাবা পায়, না মা পায়; না ঘর পায়, না ঘরের ছাদ পায়। বড়ো আদরের যে শখের পুতুলটির একসময় ঘরদোর, নামধাম, এমনকি কল্পনায় অবয়বও ছিল, তার আর শেষমেশ পৃথিবীতে আসার সুযোগটুকুও হয় না। সে কেবলই একটা ‘নাম’ হয়ে একদিন পৃথিবী থেকেই মুছে যায়।
কী ভয়ংকর একটা সত্য!
হুম, মোটামুটি সবারই এমন নামহীন একটা ঘরসংসার থাকে, সেই সংসারে বড়ো আদরের না-হওয়া এক সন্তান থাকে, যার কখনোই, কোনোদিনই পৃথিবীতে আর আসা হয় না। উঁহু, আদতে সে পৃথিবীতে আসার সুযোগই পায় না, তাকে আসতে দেওয়া হয় না। স্রেফ বেঁচে থাকাও যে তার অনধিকার!
প্রায় সবারই একটা নামহীন ঘরকন্না থাকে, সেই ঘরে এক গোপননামী ভীষণ আদরের রাজপুত্র বা রাজকন্যা থাকে, যার চিহ্নটুকও পৃথিবীর হাওয়ায় কখনও পড়ে না! হায়, সবারই এমন একটা না-হওয়া ঘর থাকে—খুব গোপনে—ভীষণ আদুরে আর মায়াময় অনস্তিত্বে।
দুই। তোমার সাথে কাটানো প্রতিটি দিনেই কেমন একটা ঘোরে থাকি…যেন নেশা নেশা!
তুমি আছ, ঠিক এখানেই আছ। আমি চাইলেই তোমায় চোখ মেলে দেখতে পারি, তোমার গন্ধে-মাখা নিঃশ্বাসে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তোমার বুকে মাথাটা এলিয়ে দিয়ে তোমার ‘তুমি’কে শুনতে পারি। আহা! এ যেন অন্য এক অনুভূতি! আমি এই অনুভূতিগুলো চেখে দেখেছি—শান্তিরা এখানেই পূর্ণ যুবতী।
তোমার বুকে যখন আমি নিজেকে এলিয়ে দিলাম, আমার বামচোখ বেয়ে দু-ফোঁটা জল তোমার টিশার্টে গড়াল, আর ডানচোখের জল নাক গড়িয়ে বিছানায়। টের পেয়েছিলে?
ও-জলকে জল ভেবো না যেন, সুখাগুনে পোড়ানো সময়ের ছাই ছিল ওগুলো! ছাই যে শুধু উড়েই বেড়ায় না, কখনো কখনো জীবনও শুদ্ধ করে!
দেখোই না, আগুনও কত সরল হয়, তাই না?
তিন। যে তোমার অতীত নিয়ে ঘাঁটে, সে তোমার বর্তমানটাকে ডিজার্ভ করে না। দেরি হয়ে যাবার আগেই তাকে অতীত করে দাও।
চার। আজ বইমেলায় গিয়েছিলাম। ছোট্ট একটা অনুভূতি শেয়ার করছি।
বইকেনা বা বইদেখা কিংবা দুটোই শেষ হলে খোশগল্প করার সময় অনুগ্রহ করে স্টল ঘেঁষে দাঁড়িয়ে থাকবেন না। একটু দূরে সরে দাঁড়িয়ে গল্প করলে বাকিদের বই দেখতে সুবিধে হয়। হেঁটে হেঁটে বই দেখার সময় যখন দেখি, কেউ বইয়ের সারির ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন পথ আগলে এবং দাঁত বের করে আড্ডায় মশগুল সামনের কারও সাথে বা ফোনে, কখনোবা নানান ঢঙে সেলফি তুলে চলেছেন একের পর এক, তখন অসহায়বোধ করি, কেননা কমনসেন্স জিনিসটা ধার দেওয়া যায় না। বই নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা আমার কাছে প্রার্থনার মতন একটা ব্যাপার। কারও প্রার্থনায় সাহায্য করলে নিশ্চয়ই পুণ্য হয়।
পাঁচ। এই নগরে...আজও...
কেউ কেউ ভালোবাসতে জানে;
বাকিদের প্রেমিকা আছে।
ছয়। আমি টিশার্টটা তোমার জন্য পছন্দ করে কিনেছি। অন্তত এক বার হলেও এটা পোরো, কেমন? তুমি এটা এক বার পরলেই আমি খুশি!
...এর নাম ভালোবাসা।
আমি টিশার্টটা তোমার জন্য পছন্দ করে কিনেছি। এখন থেকে তুমি এটাই পরবে, মনে থাকবে? তোমাকে কেবল এটাতেই মানাবে!
...এর নাম আধিপত্য।
বুঝতে শিখুন। খালি ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে তিড়িংবিড়িং করলে হবে না।
মানুষের ভালোবাসা লাগে, আধিপত্য লাগে কুকুরের।
সাত। আমি কেন লিখি?
কেননা আমি চাই, পৃথিবীর সব মেয়ে আমার প্রেমে পড়ুক।
আমি কেন বলি?
কেননা আমি চাই, পৃথিবীর সব মেয়ে আমার প্রেমে পড়ুক।
মেয়েরা আমার প্রেমে পড়লে আমার খুব ভালো লাগে। নারী এ পৃথিবীর সুন্দরতম সৃষ্টি।
ছেলেরা আমাকে সহ্য করতে পারে না, কেননা ওদের পছন্দের মেয়েরা আমাকে সহ্য করে।
ফুটনোট।
ব্রো, উই আর নট সেইম!
আমি চরিত্রহীন ও মেধাবী, আর আপনি শুধুই চরিত্রহীন।
ব্রো, উই আর নট সেইম!
আট। যত বেশি প্রশ্ন করবেন, আপনার পার্টনারের মিথ্যা বানানোর প্রতিভা তত বেশি বাড়বে। মানুষ সব জেনেবুঝেও মিথ্যা শোনার জন্য প্রতিদিন অহেতুক প্রশ্ন করে। এভাবে নিজেকে সান্ত্বনা দেবার কোনো মানে আছে! তার চেয়ে বরং চুপচাপ যা বোঝার বুঝে নিন। থাকুক না যে যার মতো! সে তার শান্তির জায়গা খুঁজে নিয়েছে, আপনিও আপনার শান্তির জায়গা খুঁজে নিন। গায়ের জোরে মনের টান বাড়ে না, উলটো কমে। আপনি চাইলেও কাউকে তার অবস্থান থেকে সরাতে পারবেন না; জোরাজুরি করলে বা অশান্তি বাড়ালে খুব স্বাভাবিকভাবেই সে বিভিন্ন কৌশলের আশ্রয় নেবে। মেনে নিতে না পারলে মানসিকভাবে হলেও চুপচাপ সরে যান। মনকে মানিয়ে নিতে জানলে জীবন সহজ হয়ে যায়। অনেকসময় মানুষ খুব করে চেয়েও সব ছেড়েছুড়ে দূরে কোথাও চলে যেতে পারে না। আহারে, মানুষের কত রকমের পিছুটান থাকে! মানুষ কাঁদতে পারে, মরতে পারে, তবু সরতে পারে না। এখানেই মানুষের সমস্ত অসহায়ত্ব, চরম পরাজয়। ভালোবাসা ভালো থাকতে না দিলে প্রত্যাশা কমাতে থাকুন। এটা এক দিনে হবে না, সময় লাগবে। তবে শুরুটা করুন। এতে আর কিছু হোক না হোক, অন্তত শান্তি নষ্ট হবে না। শান্তির কাছে ভালোবাসা খুবই তুচ্ছ জিনিস। এ পৃথিবীর প্রথম ও শেষ ঠিকানা একটাই: শান্তি।
ভাবনা: এক হাজার উনষাট
………………………………………………………………
এক। কাউকে অপছন্দ বা ঘৃণা করতে পারার চাইতে ইগনোর করতে জানাটা বেশি জরুরি। নির্বোধেরা ঘৃণা ছড়ায়, জ্ঞানীরা ইগনোর করে।
আমাকে আজ পর্যন্ত কারও নাম উল্লেখ করে নেগেটিভ কিছু লিখে পোস্ট করতে দেখেছেন?
দেখেননি, দেখবেনও না। আমি ইগনোর করতে জানি। আমাকে ইগনোর করতেই হয়, আমার কাজ আছে।
দুই। কেউ যদি আপনাকে ইগনোর করে, তাহলে তাকে 'তুমি কি আমাকে ইগনোর করছ?' বা 'তুমি কিন্তু আমাকে ইগনোর করছ!' জাতীয় টেক্সট বার বার পাঠানোর কোনো মানে নেই। আপনি তো জানেনই যে, সে আপনাকে ইগনোর করছে! এটা এত বার জিজ্ঞেস করে তাকে আকাশে তোলার কী আছে! আজব! বরং এর জবাবে আপনিও তাকে ইগনোর করা শুরু করে দিন। দেখবেন, কাজ হয়ে গেছে!
তিন। ১. শুদ্ধতম ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। খাদ থাকবেই। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, তবে একসময় ঠিকই দেখতে পাবেন।
২. নারী আর পুরুষের ভালোবাসা কখনোই একই রকম হয় না। এজন্যই যে-কোনো ক্ষেত্রে চূড়ান্ত সফলতার হিসেব করতে গেলে দেখবেন, নারী তালে তাল মিলিয়ে সব জায়গায় পুরুষের মতন সফল হচ্ছে, অথচ আজকের দিনেও নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম।
৩. সময় সব সইয়ে নেয়, এমনকি পিতার কাঁধে পুত্রের লাশ বহন করার মতন যন্ত্রণাও সময় ঠিকই শুষে নেয় সময়মতো।
৪. যার জন্য সব ছেড়ে দাঁড়িয়ে থাকবেন, সে-ই সবার আগে আপনাকে ব্যবহার করবে। এটা মাথায় রেখে সব ছাড়তে হবে। আর যার জন্য সব ছাড়বেন, নিজ দায়িত্বেই ছাড়বেন, তাকে দোষ দেবেন না—সে তো আর আপনাকে এই কাজ করতে বলেনি!
৫. কারও শক্তির জায়গায় আঘাত করবেন না, কারও দুর্বলতাকে নিজের শক্তি বানাবেন না।
৬. ভালোবাসা জীবনধারণের একটি উপাদান মাত্র, এটাই জীবন নয়। কিন্তু যে ভালোবাসা পেল না, শুধু সফলতা আর দায়িত্বই পেল সারাজীবন, তার জীবন যে কতটা অসহায় আর ব্যর্থ জীবন, তা ভেবে দেখা যেতে পারে।
৭. কোনো কিছু কিংবা কোনো মানুষের প্রতি অনুভূতি তৈরির হওয়ার জন্য আপনি নিজে দায়ী। ওকে শিক্ষা দিয়ে ছাড়ব—এরকম না, মাইন্ডসেট থাকতে হবে—নিজেকে শিক্ষা দিয়ে ছাড়ব।
৮. যাকে ভালোবাসবেন, স্নেহ করবেন, তার কাছ থেকে এক হাজার হাত দূরে থাকবেন; সে যেন কিছু জানতেই না পারে। জানতে দিলে ধরা খাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখবেন।
চার। কিছুটা না-পাওয়া রাখো। পুরোপুরি পাওয়া হয়ে গেলে যে তৃষ্ণা কমে যায়! আমি চাই, তোমার গলায় আমার জন্য মাঝে মাঝেই অসীম তৃষ্ণা জমুক…যেমনটা পুরো একপ্লেট ভাত খাওয়ার পর ভীষণ তীব্রতায় জলের তৃষ্ণায় ছটছট লাগে, ঠিক তেমনটাই।
আমাদের সবসময় দেখা না হোক, বরং মাঝেমধ্যে হোক। রোজ রোজ আমাদের দেখা হলে ঘরের পুরোনো চৌকাঠের মতো আমিও ভীষণ বেখাপ্পা হয়ে যাব।
আমি চাই, মাঝে মাঝে আমাকে দেখতে চাইবার আকুতিতে তোমার দু-চোখে মায়া ঝরে ঝরে পড়ুক। যেমন করে সাড়ে ছাব্বিশ ঘণ্টা চোখের সামনে মাকে দেখতে না পেলে সাতমাসের শিশুটির কী যে নিদারুণ কষ্ট হয়, ঠিক ওরকম।
মাঝে মাঝে আমাকে কাছে পেতে চাইবার আর্তনাদে তোমার বুকের বাঁ-পাশে চিনচিন ব্যথা হোক। আমাদের রোজ রোজ দেখা না হোক, তবে মাঝে মাঝে দেখা হবার তীব্রতায় তোমার ঠোঁটে ব্যথাময় ছোট্ট শুষ্ক হাসি ফুটুক, তবুও যেন আমাকে পুরোপুরি পেয়ে তুমি না যাও—কিছুটা না পাবার আক্ষেপে তোমার মাঝে মাঝে একটু দুঃখ হোক।
পাঁচ। আপনাকে যখন-তখন মেসেজ দিয়ে আমি খুব বিরক্ত করি। এটা আমার নিজের কাছেই আনইজি লাগে। আপনি হয়তো আমার ইমোশন নিয়ে একাই হাসেন কিংবা বিব্রত হন। কিন্তু আমি সেটাকে গায়ে মাখি না। ইমোশন প্রকাশের বেলায় আমি সবসময়ই অকপট কিংবা নির্লজ্জ টাইপের। যার জন্য জীবনে যা এসেছে, যে-মুহূর্তে এসেছে, আমি বলে ফেলেছি কোনো চিন্তা না করেই।
কলেজে থাকতে আমি আমার দু-জন টিচারকে প্রপোজ করে ফেলেছিলাম সবার সামনেই, যদিও তাঁদের সাথে পরবর্তীতে আমার কিছু ঘটেনি। ওই বয়সের একটা টিনেজারের কাছে ব্যাপারটা অপমানজনক হলেও, আমি অপমানিত বোধ করিনি। আমার মনে হতো, আমার যেমন প্রপোজ করার রাইট আছে, তাঁদেরও সেটা অ্যাক্সেপ্ট না করার রাইট আছে। আজ এই বয়সে এসে তাঁদের ধন্যবাদ দিই। তাঁরা আমাকে রিজেক্ট করলেও আমার ইমোশন নিয়ে খেলেননি, এটাই বড়ো কথা—সেটা যদিও অন্য প্রসঙ্গ।
কাউকে পছন্দ করি বলেই তার কাছ থেকে বিনিময়ে কিছু পেতে হবে, প্রেম-ভালোবাসা-বিয়ে করতে হবে, এরকম কিছুতে আমার এখন আর বিশ্বাস নেই; ছোটোবেলায় ছিল এরকম বিশ্বাস। আর আপনার জন্য আমার ভালোলাগাটার কী নাম? প্রেম, না কি মোহ? না কি টান? না কি শুধুই ভালোলাগা? না কি এমন কিছু, যার কোনো নাম নেই?
জানি না।
মেসেজ বড়ো করতে চাই না, গিলটি লাগে। আপনার সময় পেতে আমার এখন আর ভালোও লাগে না। প্রয়োজনের সময়েই যাকে পাইনি, তাকে আর এখন কিছু বলার কোনো মানে নেই। অভ্যাসগত কারণে তবু টেক্সট দিই শুধু, এটা নিয়মিত না হলেও অসুবিধে হবে না আর। মানুষ যে একা, একাকিত্বই যে মানুষের ফাইনাল ডেস্টিনেশন, এই সত্যটা আমি বুঝে ফেলেছি।
এটাকে একটা কমপ্লেইনিং টেক্সট মনে হচ্ছে? হলে হোক। আমি যতই আপনার ভালো কথা, ভালো ব্যবহারে ফোকাস করি না কেন, অতীতে যা ঘটেছে, তা আমি এখনও ভুলতে পারি না। পুরোনো ব্যথারা মাঝরাতে এখনও গুনগুনিয়ে কাঁদে। ওসব ধাক্কা খাওয়ার পরের আমি আজ অন্য আমি। এই ‘আমি’ আর ওই ‘আমি’র শুধু চেহারাটাই এক—ভেতরের সব কিছুই বদলে গেছে। তার জন্য কি ধন্যবাদ দেবো? না কি আত্না থেকেই আপনাকে মুছে দেবো? এই দুটোই অপশন। যে-কোনো একটা আমি করবই করব!
এত যে দেখা করার জন্য লাফাই, হয়তো নিয়মিত দেখা হলে আমার অনুভূতি পালটে যেত, হয়তো এটা যে ইনফ্যাচুয়েশন, সেটা প্রমাণ হয়ে যেত।
কিন্তু আমি কনফেস করি, আপনাকে আমার ভালো লাগত। আপনার সাথে টেক্সটিং, কথা বলা, এগুলো খুব এনজয় করতাম আমি। খুব ইচ্ছে করত আপনার সাথে অহেতুক সব আজগুবি বিষয় নিয়ে আড্ডা দিতে, ঘুরতে, হাত ধরে চুপচাপ বসে থাকতে, জড়িয়ে ধরে চুমু খেতে, আপনার বুকের ওপর শুয়ে কাঁদতে (কান্না করা খুব পছন্দের কাজ যেহেতু আমার), কাঁধে আর আপনার কোলে মাথা রাখতে, বেড়ালছানার মতো মন চাইলেই আপনার গায়ের ওপর পড়ে যেতে খুব ইচ্ছা করত; কিন্তু কিছু বলতেই পারতাম না। বললে শুরুর দিকে গালি খেতাম, তার পরে অবহেলা পেতাম, আর এখন তো বলার রুচিও হয় না।
আমি না কখনও ঢাকা শহর ঘুরে দেখিনি। এত বয়স হয়ে গেল, কখনও শাহবাগের ওদিকেও যাইনি।
খুব ইচ্ছে করত আপনার হাত ধরে শাহবাগ, শাঁখারি বাজার, টিএসসি, বইমেলা, নীলক্ষেত, বেইলি রোড, পুরান ঢাকা (আর কী কী আছে মনে নেই) ঘুরে বেড়াই। কিন্তু সুযোগ দেওয়া হয়নি আমাকে।
আমরা সব মানুষই ম্যাক্সিমাম সম্পর্ক তৈরি করি কোনো প্রয়োজনে কিংবা স্বার্থে। আমাদের জীবন খুব নাটুকে। সবারই মনে একটা, মুখে আরেকটা। মাত্র গুটিকয়েক মানুষ আমাদের জীবনে আসে, যারা কেন আসে, কেন ভালোলাগা তৈরি হয়, কেনই-বা কোনো প্রয়োজন-স্বার্থের বাইরে গিয়ে তাদের ভালো লাগে, এসবের ব্যখ্যা হাজার খুঁজলেও পাওয়া যায় না। আপনি আমার জীবনে ওরকম ব্যাখ্যাহীন সম্পর্কের একজন মানুষ। এই ভাবনাটা আমাকে আনন্দ দিত একসময়। এখন কিছুই দেয় না।
এই অনুভূতিগুলো আমি মনে রাখব। চাইলেও তো ভুলতে পারব না। আমার যত বিপ্লব, সব ফেইসবুকে; যত আক্ষেপ, সব ভার্চুয়াল।
আক্ষেপ এ নয় যে, আমি যাদের ভালোবেসেছি, তাদের জীবনে আমার জায়গা হয়নি; আক্ষেপ শুধু এটাই...আর কখনও কাউকে ভালোবাসব না আমি—ভালোবাসতে পারবই তো না!
ভাবনা: এক হাজার ষাট
………………………………………………………………
এক। চৌদ্দ তারিখ শুভদিন,
ব্রেকআপটা করে নিন!
দুই। যদি কখনো আমার প্রতি ভালোবাসা ক্ষয়ে যায়,
যদি কখনো আমার প্রতি টানে টান পড়ে যায়...তবে নির্দ্বিধায় ছেড়ে যেয়ো।
যদি কখনো মনে হয়, আমাকে আর ভালোবাসা যায় না, আমার সাথে ভালো থাকা হয় না, তবে নিশ্চিন্তে চলে যেয়ো—অভিযোগ কিংবা বাধা কোনোটাই দেবো না। আমার কাছে, ভালোবাসাহীন সংসার টেনে টেনে এক-শো বছর বাঁচার চেয়ে বরং ভালোবাসা নিয়ে দু-চারটা দিন বেঁচে নেওয়াটাই বেশি সুখের।
আজ বলি শোনো, একসাথে সাত কিংবা সাত-শো জন্ম বাঁচার চেয়ে বরং তুমি এই জন্মের ঠিক ততগুলো বছরই আমার সাথে থেকে যাও, যতগুলো বছর আমাদের দু-জনের ভেতরে ভালোবাসা থাকে।
এখন বুঝি, তোমাকে আমি হয় ভয়ংকর রকমের ভালোবাসি, নয় জঘন্য রকমের মায়া করি।
আমাকে ছেড়ে যেতে মন চাইলে যেয়ো!
তবুও চাইব, এই জন্মটায় যেন তোমাকে আমার চোখের সামনে বুড়ো হতে দেখি। দুধে-আলতা টানটান চামড়া তোমার আমার চোখের সামনে বয়সের ভারে কুঁচকে কুঁচকে কালচে হয়ে যাক, ছয় ফুট উচ্চতার শরীরটা তোমার আমার চোখের সামনেই বয়সে ভারে বুড়িয়ে গিয়ে পাঁচ ফুট সাত ইঞ্চির নুয়ে-পড়া শরীর হয়ে যাক, মাথাভর্তি ঘনকালো চুলগুলো তোমার আমার চোখের সামনেই পেকে সাদা হয়ে পুরো মাথায় টাক পড়ে যাক। তুমি যেমনই হও না কেন, তোমার যা-ই হোক না কেন—আমি আছি, আমি থাকব।
অপ্রেম বুকে পুষেও আমাকে ওই বুকে কখনোই জড়িয়ে ধোরো না। হয় ছেড়ে যেয়ো, নয় মায়া করে থেকে যেয়ো। মায়া করে তো গলির কুকুরকেও মানুষ রেখে দেয়। আমায় নাহয় কুকুরই মনে করে পুষে রেখো। রাখবে?
তিন। সারাদিনের ক্লান্তিশেষে প্রিয় মানুষটাকে ফোন করে মানুষ জানান দিয়ে দেয়, আজ কী কী হলো, কেমন কাটল, কলিগের কোন আচরণে দুঃখ পেল, কোন পথকুকুরটির ঘা দেখে কষ্ট লাগল…মনে করে সবই এক এক করে বলে। কথাগুলো অপ্রয়োজনীয়, তবুও প্রয়োজনীয়।
এর কারণ, মানুষ তার পছন্দের মানুষের জন্য ঠিকই সময় বের করে নেয়। দুপুরে খেল কি না টেক্সট করে জেনে নেয়। বাসায় ফিরতে কিছু লাগবে কি না জিজ্ঞেস করে নেয়।
এইদিক থেকে বলা যায়, মানুষ কখনও ব্যস্ত নয়। মানুষ স্রেফ চায় না—খুবই সহজ সত্য, মন না চাইলেও মেনে নিন। আপনার প্রিয় মানুষটা ব্যস্ত নয়, সে আসলে আপনাকে সময় দিতে চায় না।
চায় না বলেই মানুষ তার অ-ভালোবাসার মানুষটার জন্মদিন মনে রাখার প্রয়োজন মনে করে না। অ্যানিভার্সারিতে একটা কেক কাটাকে আজাইরা মনে করে। যদি তার কাছে মানুষটা গুরুত্বপূর্ণ হয়, তবে বিশেষ দিনটার জন্য আগে থেকেই প্ল্যানিং হয়, কেক কেটে একটা সুন্দর গিফটও তার হাতে উঠে যায়।
ভুলে গেছি; সরি, খুব বিজি ছিলাম, একদমই সময় পাইনি—এইসব কথা স্রেফ অজুহাত মাত্র। খোঁজ নিয়ে দেখুন, আপনার জন্মদিন কিংবা স্পেশাল দিনটা সে ভুলে গেলেও তার পছন্দের কিংবা প্রায়োরিটিতে থাকা মানুষগুলোর স্পেশাল দিন কিন্তু সে ভুলে যায় না। আপনার বেলায় সে ভুলে যায়, মনে রাখতে পারে না; এর মানে, আপনি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ নন। আপনার বেলায় সে ক্লান্তি অনুভব করে। আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন বলেই সে আপনাকে ছাগলের মতো ঘোরায়।
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলেই জীবনের জন্য অপ্রয়োজনীয় পিথাগোরাসের কঠিন সূত্রটাও সে ঠিকই মনে রেখে দেয়, অথচ আপনার জন্মদিন কিংবা অ্যানিভার্সারির সহজ তারিখটাই সে ভুলে যায়। পিথাগোরাসকে মনে রাখতে পারে, অথচ আপনাকে মনে রাখতে পারে না—এটাও আপনি বিশ্বাস করে চলেছেন দিনের পর দিন! প্রেমার্ত হলে কি নির্বোধ হতেই হয়?
যে আপনার স্পেশাল দিনটা ভুলে যায়, তার স্পেশাল দিনটাও আপনি ভুলে যাবার চেষ্টা করুন। ভুলে না গেলেও তাকে বোঝাবেন না যে, আপনার মনে আছে। সে আপনার প্রিয় দিনটাতে একটা একলাইনের উইশ করতে পারে না, তার প্রিয় দিনটাতে আপনিও একশব্দেরও উইশ পাঠানো বন্ধ করে দিন। যে আপনার জন্য দু-মিনিটও খরচ করতে পারে না, তার জন্য মহাকাব্য রচনা করার সময় বা আক্কেল আপনার কোথা থেকে আসে?
দুই পাল্লায় সমান ওজন না থাকলে পাল্লার ভারসাম্য থাকে না। একপাল্লায় যত পরিমাণ থাকবে, অন্যপাল্লায়ও ঠিক তত পরিমাণ দিন। আপনি একহাতে যত পাবেন, অন্যহাতেও তত দিন। আপনি কারও কাছ থেকে এক্সপেক্ট করতে না পারলে আপনার কাছ থেকে তার এক্সপেক্ট করার রাস্তাটিও বন্ধ করে দিন। ব্যস্, হিসাবে হিসাব!
হিসাবের গরু বাঘে খায় না,
হিসাবের মানুষ কষ্ট পায় না।
ভাবনা: এক হাজার একষট্টি
………………………………………………………………
এক। একটা দেখা, একটা মিটিং, একটা ডেট মানে শুধু দেখা কিংবা ডেট নয়। একটা দেখা হওয়া মানে দু-জন মানুষের মধ্যকার দূরত্ব ঘোচানো, কাছাকাছি আসা, চোখের দিকে তাকিয়ে বুঝতে চাওয়া, সে ভালো আছে তো? অথবা নিজের ভালো থাকা না থাকা কিংবা খুশি থাকা না থাকাটা শেয়ার করে নেওয়া। অনেকগুলো ক্লান্তি, অবসাদ ঝেড়ে নীড়ে-ফেরা পাখির মতন বুঝে নেওয়া যে, এই সম্পর্কের ঘর আছে, জায়গা আছে, এই সম্পর্কের মূল্য আছে।
একসাথে বসে একটা আইসক্রিম ভাগ করে খাওয়া কিংবা একটেবিলে বসে ভাত খাওয়ার মানে শুধুই একসাথে খাওয়া নয়। এর মানে হলো, দু-জন মানুষ পরস্পরের খোঁজখবর রাখছে।
একটা এক-শো টাকার আইসক্রিম কিংবা একটা দু-তিন হাজার টাকার কেক কিনে একাও খাওয়া যায়। অনেক রাস্তা পাড়ি দিয়ে, অনেক টাকা ব্যয় করে, অনেক সময় খরচ করে একসাথে একটা স্পেশাল দিন উদ্যাপন করা মানে হলো, দিনটির সাথে জড়িত মানুষটাকে গুরুত্বপূর্ণ করে তোলা, তাকে মূল্য দেওয়া, তার ইনভলভমেন্টটাকে মূল্যায়ন করা।
মূল্যায়ন করতে না চাইলে অনেকভাবেই করা যায়। অনায়াসেই ভুলে যাওয়া যায় দিনটা।
মানুষ খুবই ভুলোমনা প্রাণী। সবই সে ভুলে যায়। কিন্তু দেখবেন, তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষের দিনগুলো সে খুব একটা ভোলে না। যেমন সে তার মা-বাবা, ভাই-বোন, সন্তান কিংবা স্ত্রীর জন্মদিন, অ্যানিভার্সারি ভুলেও কিন্তু ভুলে যায় না। মানুষ কেবল তার জীবনে গুরুত্বহীন সব কিছুই ভুলে যায়। এই যেমন নিউটনের জন্মদিন, ডায়াবেটিস দিবস, প্রিন্সেস ডায়ানার মৃত্যুদিন, বুর্জ খলিফার উচ্চতা, পানামা খালে খননের সাল কিংবা কানাডা-মেক্সিকোর মাঝে সীমান্তরেখার নাম। এইসব সে ভুলে যায়। এর কারণ, মানুষগুলো এবং বিষয়গুলো যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তার কাছে ওসব মানুষ এবং বিষয় পুরোপুরিই ভ্যালুলেস।
মানুষ অনেককিছুই ভুলে যায়, কিন্তু তার কাছে মূল্য বহন করে, এমন কোনো দিন কিংবা মানুষ সে কখনও ভুলে যায় না; যেতে পারেই না। শত ব্যস্ততার ভিড়েও সময় সে ঠিকই বের করে নেয়। এইদিক থেকে বলা যায়, মানুষ কখনও তেমন ব্যস্তও নয়—মানুষ স্রেফ চায় না!
এজন্য মানুষকে কখনও খুব বেশি গুরত্ব দেওয়া উচিত নয়, দিলে সে আপনাকে সস্তা ও সহজলভ্য ভেবে বসবে। জানেনই তো, বাজারে খাঁটি হীরে বিকোয় কম; স্বাভাবিক, দাম বেশি যে! নিজের দামটা তাই কমাবেন না, কমালে লোকে আপনাকে সস্তাই ভাববে।
দুই। I know you're right, but I'm not entirely wrong either. I know, you always have some excuse, always a reason behind your mistakes, that is why you don't even acknowledge them as mistakes or give them a second thought. Meanwhile, you perceive my attempts at communication as errors, as if I'm always in the wrong due to my immature behavior. I agree that your perceptions of me are often accurate, and I do engage in unnecessary arguments and restlessness. I tend to complicate things unnecessarily, and I understand that everything you say about me is valid. However, do you realize how much it affects me when you know all my weaknesses and yet remain calm, without taking any action to address the situation or understand why I behave this way repeatedly? It's incredibly painful for me to accept that you don't consider my perspective or encourage me to express myself in order to feel better. You seem to believe that there's no need to address issues and that your viewpoint is always correct. How ironic! We're both part of this so-called relationship, yet only your opinions and feelings hold value. Fine, go ahead with this relationship on your own. I won't argue or question anything further. Instead, I'll simply withdraw.
তিন। ঈশ্বর তো আমাদের ভেতরেই থাকেন, বাইরেও থাকেন। আমি তাঁর সাথে একা একা কথা বলি। এজন্য আমার কখনও একা লাগে না। ঘুম না এলে ঘুম পাড়িয়ে দিতে বলি। কিছু দরকার হলে তাঁর কাছে চাই, দিয়ে দেন।
মাঝে মাঝে অভিমান করি। রাগ করে কথা বলি না, তখন তিনি বলেন, তিনি আমাকে মিস করেন। আর যখন পাপ করি, তখন তাঁকে খুঁজেই পাই না, কোথায় যে লুকোন! তখন আমার খুব কষ্ট হয়। ঈশ্বর মানেই তো আনন্দ! যেখানে আনন্দ নেই, সেখানে তিনি থাকেন না।
এ সবই একটা খেলা। এই খেলাটা খেলতে খুব মজা লাগে। আমার আর তাঁর মাঝে গোপন এক খেলা, যা কেউ জানে না। এ অনেক শান্তির।
মাঝে মাঝে মনে হয়, এটা বুঝি পাগলামি। তো পাগলামি করে যদি শান্তি পাওয়া যায়, তবে পাগলামিই ভালো।
প্রাণভরে শান্তি দেন, আর শান্তি দেন বলেই উপলব্ধি করতে পারি, কী অসীম প্রেম আমার প্রতি তাঁর! কী অপরিসীম ভালোবাসা!
নিজেকে তখন অমৃতের সন্তান মনে হয়। আমার অন্তরজুড়ে শান্তি, প্রতিটি অঙ্গে অঙ্গে সুখের তরঙ্গ, যেন আমি এক আলোর দেবী। কোনো অন্ধকার মরুতে আমাকে পাঠিয়ে দিলে সেখানে ফুল ফুটে উঠবে, সবুজময় হয়ে যাবে চারিদিক।
বুকের ভেতরে আতরের ঘ্রাণ। ছড়িয়ে দিতে ইচ্ছে হয় সারাপৃথিবীতে। ভাসতে থাকি হাওয়ায় হাওয়ায় অক্লান্তভাবে।
শিশুদের মতো নির্মল এক হৃদয় নিয়ে বেঁচে থাকি প্রাণ জুড়িয়ে।
আমার কী আছে, কী নেই, জানি না।
বুকের ভেতরে এক শান্তির বাগান আছে।
এর চেয়ে বড়ো সম্পদ আর কীই-বা হয়!
চার। এতটা একা একা পড়ে থাকলে ততটাই একা হয়ে যাবে, যতটা একা তুমি নিজেই হতে চাওনি কখনও।
পাঁচ। বইয়ের চাপে বাসার লোকজন ত্যক্ত ও পিষ্ট! অর্ধেকের বেশি বই তাই কুষ্টিয়ায় এনে রেখেছি। এখন আমার নিজেরই নাভিশ্বাস উঠছে বই গোছাতে গিয়ে! আক্ষরিক অর্থেই, আমার পুরো ফ্ল্যাটের ড্রয়িংরুম-সহ পাঁচটি রুমের দেয়ালজুড়ে বইয়ের শেলফ; তা-ও বই ধরছে না, মেঝেতে-টেবিলে সারি সারি বই ছড়ানো! চোখের সামনে অন্তত চৌদ্দ হাজার বই, পড়ার সময় হয় না। এর চাইতে বড়ো অসহায়ত্ব আর কী আছে! এই অবস্থাতেও প্রায় প্রতিদিনই অনলাইনে বই অর্ডার করি আর করতেই থাকি। এরকম বাজে মানসিক রোগ আপনাদের কারও আছে?
ছয়। যারা এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছ, তাদের বলছি: মন খারাপ কোরো না। কত লোককেই তো দেখলাম---পরীক্ষায় পাশ করে আর জীবনে ফেইল করে। পরীক্ষায় পাশ কি ফেইল যা খুশি করো, তবে জীবনে পাস কোরো; ওটাই আসল। কে কেবল পরীক্ষায় পাশ করল, আর কে জীবনেও পাশ করল, তা বুঝতে পারবে আরও বছর দশেক পর। এখনও কিছু বলার সময় আসেনি। পরীক্ষায় পাশ, জীবনে ফেইল, এমন লোকের কোনো দাম নেই। বরং পরীক্ষায় ফেইল, কিন্তু জীবনে পাশ, এমন লোকেরই জয়জয়কার।
যে নিজের কাছে হেরে যায় না, তাকে পুরো পৃথিবী মিলেও হারাতে পারে না।
(রিপোস্টেড)
সাত। কুলফি না খাওয়াইলে, বন্ধু,
সেলফি তুইলো না!
কুষ্টিয়ার কুলফি খেলাম। অতি উপাদেয়!
আচ্ছা, খেতে ভালো এবং ঘুরতে (বা দেখতে) ভালো, এমন কী কী আছে কুষ্টিয়ায়? কোনো পরামর্শ?
আট। যদি সত্যিই আমায় ভালোবাসো, তবে
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
বাসায় এসে কিছু কাপড়চোপড় আর থালাবাসন ধুয়ে দিয়ে যাও।
ভাবনা: এক হাজার বাষট্টি
………………………………………………………………
এক। কেউ বলে, চৈতন্য জাদুকর—
এই আছে, এই নেই!
আমি দেখি, ডাকি যদি ঠিকঠাক,
আছে সে যে এখানেই!
সন্তান ডাকে যখন মাকে তার,
মা কি তাকে রাখে ফেলে বারবার?
ধুলো ঝেড়ে কোলে তুলে নেয় তাকে,
চায় একমনে একধ্যানে যে মাকে।
মায়া-লোভ থাকবেই,
আঁধারে আলো ঢাকবেই;
চৈতন্য কি ব্রহ্ম, এরই মাঝে জাগবে—
দূরে নয়, হৃদয়ে; ছায়া তবে ভাগবে!
দুই। জীবনের বহুঘরে কত বার
করেছি ভ্রমণ
খুঁজতে গৃহকর্তা; পেয়েছি
বিষাদ-রমণ।
গৃহকর্তা হে! বহুকষ্টে মিলেছে
দর্শন তোমার!
বানাতে ঘর আবার নতুন করে
পারবে না আর!
এবার ভাঙব তোমার ঘরের ভিত্তি,
করব ধূলিসাৎ;
যাবে দূরে সংশয়, মিটবে পিপাসা,
থামবে চিত্তাঘাত।
তিন। ভাই, বাদ দ্যান...বেডিমানুষ... 🥱
ভাই, বাদ দ্যান...দেখতে ব্যাডা হইলেও আদতে বেডিমানুষ... 🙄
চার। কখনোই কারও উপর বোঝা হয়ে থেকো না। থাকো যদি, তাহলে যে তোমাকে বহন করছে, প্রায়ই তার মুখের দু-চারটে বড়ো কথা তোমাকে চুপচাপ সহ্য করতে হবে। নিজের পায়ে দাঁড়াও; পা-দুটো দেওয়া হয়েছে ওগুলির উপর ভর করে দাঁড়ানোর জন্যই।
পাঁচ। ভালোবাসার মতো সস্তা জিনিস হয়তো আর একটিও পৃথিবীতে নেই, তাই না... বলো?
এখন থেকে আমি তোমাকে ভালোবাসা কমিয়ে দেবো। তোমার প্রতি বিশ্বাস বলো, ভরসা কিংবা ভালোবাসার মানুষ হিসেবে, সবচেয়ে কাছের বন্ধু হিসেবে যে আস্থাটুকু জমিয়েছিলাম, তোমার প্রতি যে পরম শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসত, সেই সবকিছুই এখন থেকে ইচ্ছে করে, চেষ্টা করে কমিয়ে আনব।
এর কারণ কী জানো? পৃথিবীর সব মানুষের কাছ থেকে ঠকে, হেরে, সব হারিয়ে এলেও মানুষ বাঁচতে পারে; নিজের প্রতি, তার ভালোবাসার মানুষদের আস্থার, শ্রদ্ধার, বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারে; কিন্তু যদি কখনো কারও খুব ভালোবাসার, আস্থার, ভরসার মানুষগুলো আঘাত দেয়, বিশ্বাসঘাতকতা করে, তখন আর বেঁচে থাকার কোনও রাস্তা খুঁজে পাওয়া যায় না। তখন পুরো পৃথিবীটাকেই বিশ্বাসঘাতক বলে মনে হয়। তখন মনে হয়, আমি কার কাছে, কিংবা কোথায় গেলে একটা ভরসার মানুষ খুঁজে পাবো? কাকে দেখে নিজের ভাঙাচোরা বিশ্বাসটাকে আবারও জোড়া লাগিয়ে বাঁচার একটা উপায় খুঁজে পাবো?
এই মুহূর্তে আমার ভরসার, আমার বিশ্বাসের, আমার আস্থার শেষ সম্বল বলতে পারো এক তুমিই, কিন্তু আমি চাই না তোমার উপরে এই ভাঙাচোরা বিশ্বাসটুকু জোড়া লাগাবার ভার চাপিয়ে দিয়ে আবারও বেঁচে থাকার শেষ আস্থাটুকুও হারিয়ে ফেলি।
এখন থেকে আমি বরং তোমাকে একটুখানি অবিশ্বাস করতে শুরু করব; চাইলে তুমিও আমার সাথে মিথ্যের আশ্রয় নিতে পারো, আমার এই বোকা ভালোবাসাকে দুর্বলতা ভেবে আমাকে প্রয়োজনে ব্যবহার করে ছুড়ে ফেলে দিতে পারো, এই ধারণাটুকু ভেতরে লালন করতে শুরু করব; তাহলে আর যা-ই হোক, যদি কখনো জীবনে এমন কোনোদিন আসে, যদি কোনোদিন আমি শুনতে কিংবা দেখতে পাই, আমার মতো এমন ভালোবাসার কাঙাল হাজারো মানুষ তোমার জীবনে আছে এবং তাদের সবাইকেই তুমি একই চোখে একইভাবে দেখেছ এবং রেখেছ, তাহলে সেদিন আর নতুন করে কোনও ধাক্কা খাবো না। সেদিন নিজের প্রতি এই ধিক্কার কখনোই জন্মাবে না যে, আমি যাকে এতদিন আমার একান্ত একজন মানুষ, ছলচাতুরিহীন একজন পরিষ্কার মানুষ হিসেবে জেনেছি, সে আসলে তেমন বিশেষ কিছুই নয়, সে-ও আর পাঁচটা সুবিধাবাদী মানুষের মতো সুযোগে মুখোশটা বদলে নিয়েছিল।
যদি কখনো কোনোদিন সেই দিনটা আসে, সেদিন আমার নতুন করে অবাক হবার আর কিছুই থাকবে না, কষ্ট কিংবা কোনও বড়ো আঘাত আমাকে ভেতর থেকে দুমড়ে-মুচড়ে ফেলবে না আর। এর কারণ, আমি তোমার কাছে থেকেই শিখেছি, মানুষের কাছে কোনও প্রত্যাশা রাখতে নেই, তাতে কষ্ট ছাড়া কিছুই মেলে না। সেই দিনগুলোতে তোমার এই শিক্ষাটা আমার মেনে নিতে ভীষণ ভীষণ কষ্ট হতো, জানো? কারণ মানুষ যখন মন থেকে কারও জন্য কিছু করে, তখন প্রত্যাশাটা ভেতর থেকে এসেই যায়, তাকে দাবিয়ে না রাখলে সে-ও বিপরীত মানুষটার কাছে অনেক অনেক কিছু আকাঙ্ক্ষা করে বসে থাকে। আমি তোমার কাছে শিখেছি, কী করে প্রত্যাশাহীনভাবে বেঁচে থাকতে হয়। এমনকী ভালোবাসার বিনিময়ে কেবল ভালোবাসাই আমি পাবো, প্রত্যাখ্যান কিংবা প্রতারিত হব না, এটা ভাবা অন্যায়।
বরং দিনশেষে নিজের প্রতি ভালোবাসা, যত্নগুলো আরও বাড়িয়ে দিলে হয়তো নিজে আরও ভালো থাকা যায়। কারও প্রতারণা, করুণা কিংবা অবহেলার পাত্র না হয়ে নিজের একটা জায়গা তৈরি করার জন্য আরও অধিক এফর্ট দিলে হয়তো আমার নিজের সাথে নিজেকে নিয়ে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি হয়ে যেতে পারে।
তুমি হয়তো ঠিকই বলেছ, এই পৃথিবীতে নিজের জন্য এক নিজেকে ছাড়া আর কাউকেই অপরিহার্য করে তুলতে নেই।
ভালোবাসা জিনিসটা এখন কেমন জানি বোকা আর দুর্বলদের কাজ হয়ে গেল, তাই না? যারা অন্যদের কোনও হিসেবনিকেশ ছাড়াই ভালোবাসতে পারে, অন্যের প্রতি সমব্যথী কিংবা সহমর্মী হয়, তারাই পৃথিবীর সবচেয়ে বড়ো বোকা। কাউকেই ভালোবাসার চর্চা করা যায় না। তাহলে সেটা ভালোবাসা কম, আর বোকামো হয় বেশি।
আমি পুরো পৃথিবীর কাছে ঠকে এসে, প্রতারিত হয়ে এসে তোমার কাছে নতুন করে আর আঘাত পেতে চাই না। তারচে বরং তোমাকেই নাহয় আর পাঁচজনের মতোই ভেবে নেব। তাতে আমার কষ্ট কিছুটা হলেও কমে আসবে।
ছয়। স্বপ্ন মানুষকে বড়ো করে না,
যুদ্ধই মানুষকে বড়ো করে।
সাত। ধর্মপ্রেম নয়, ভাষাপ্রেমের জায়গা থেকে ছোট্ট একটা পরামর্শ দিই। 🙏
'ইফতার পার্টি' না বলে 'ইফতার মাহফিল' বলবেন। অনেক জায়গায় 'পার্টি' লিখতে ও বলতে দেখি। শব্দটি 'পার্টি' নয়, 'মাহফিল'/'মেহফিল'/'ম্যহ্ফিল' হবে। আপনারা এটা জানেন, তবু সবিনয়ে মনে করালাম।
আট। একটা বয়সের পর, মানুষ যখন কারও কাছে পরামর্শ চাইতে যায়, তখন সে অবচেতন মনে মূলত তার নিজের প্রশংসাই শুনতে চায়। ওই বয়সের কাউকে গায়ে পড়ে পরামর্শ দেওয়া আর তার চোখে একটা বিরক্তিকর ক্যারেকটারে পরিণত হওয়া, একই কথা।
'পরামর্শ নিবি কি না বল'-মার্কা লোকজন নিজেকে অধিকতর স্মার্ট প্রমাণ করতে গিয়ে প্রায় সময়ই বলদের মতন আচরণ করে। বিশেষ করে, পরামর্শের প্রয়োজন হলে যে লোক কখনোই আপনার কাছে আসত না, (এমনকী আপনার সাথে পরিচয় থাকলেও আসত না) ভুল করেও গায়ে পড়ে তাকে পরামর্শ দিতে যাবেন না।
ছাগলামি সব জায়গায় করতে হয় না। ক্লাসিক্যাল ডান্সারের সামনে গিয়ে খ্যামটা নাচ পরিবেশন করতে করতে "দ্যাখো, এভাবেই নাচতে হয়!" হাজার বার বললেও দিনশেষে আপনি একজন খ্যামটা ডান্সারই থেকে যাবেন, জীবনেও ক্লাসিক্যাল ডান্সার হতে পারবেন না। এক্ষেত্রে বরং চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ, কেননা তখন আপনার ভেতরের খ্যামটা-প্রতিভা এমন বিশ্রীভাবে গলগল করে বেরিয়ে পড়ত না। ব্যাপারটা ইউ হ্যাভ টু বুঝতে হবে!
ভাবনা: এক হাজার তেষট্টি
………………………………………………………………
এক। ধর্মে জাদুর কোনও স্থান নেই। তাই যারা প্রকৃত অর্থে ধার্মিক, তাদের গদ্য লেখা উচিত, কবিতা কখনও নয়; কেননা কবিতা নিজেই একটা ম্যাজিক।
ঠিক এটা নয়, তবে এর কাছাকাছি কিছু-একটা পড়েছিলাম বোধ হয় কার যেন লেখায়... আবার পড়িইনি, এমনও হতে পারে। মনে পড়ছে না। কেউ একটু হেল্প করতে পারবেন?
দুই। জীবনসঙ্গিনীকে চরিত্রবান হতে হবে, চরিত্রহীন তো আমি নিজেই। 🤐
( জাস্ট জয়েনড দ্য ট্রেন্ড! 😆)
তিন। আমাকে কেউ "কেমন আছেন?" জিজ্ঞেস করবেন না। সবসময় মিথ্যা কথা বলতে ভালো লাগে না। "কেমন আছেন?" ছাড়াও আরও অনেক কিছু দিয়ে আলাপ শুরু করা যায়। এ পৃথিবীতে কেউই অপরিচিত কারও 'কেমন আছে'-র পরোয়া করে না। তো জিজ্ঞেস করার কী দরকার? আর সে খারাপ থাকলেও যেহেতু আপনি তার জন্য কিছুই করতে পারবেন না কিংবা পারলেও করবেন না, তাই এত কঠিন একটা প্রশ্ন করে তাকে বিব্রত করার কী মানে? "কেমন আছেন?"-এর উত্তরে স্মার্ট মানুষ মাত্রই "ভালো আছি।" বলবে। অপরিচিত লোকের সাথে দুঃখ শেয়ার করাটা আপনার এবং বিশেষত তার সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার কেউই ভালো নেই... এটাই মাথায় রেখে দিন। ব্যস্!
চিড়িয়া যখন অরণ্য ছেড়ে নিজের ইচ্ছায় চিড়িয়াখানায় ঢোকে, তখন তার সিকিউরিটি বাড়লেও মনের শান্তি কমে যায়। আমার অবস্থা ঠিক এরকম।
চার। বিকেলে যমুনা ফিউচার পার্কের ওদিকটায় যাচ্ছিলাম। পরিচিত এক গলি দিয়ে হাঁটছি। ওই গলিতে অনেকগুলো কুকুর থাকে। আর আমিও যমুনা'তে যাই বেশিরভাগ ওদিক দিয়েই, সেই সূত্রে ওই কুকুরদের সাথে আমার বেশ ভালো পরিচয়।
প্রথম দিকের সময়টাতে (পরিচয় হবার আগে) ওদের অনেককে একসাথে দেখলে আমি কেমন জানি শাই ফিল করতাম, যেটা সচরাচর আমার হয় যে-কোনও নতুন কিছুর বেলায়। ওরাও আমার শাই-শাই ভাব নিয়ে তাকানো দেখে কেমন জানি হেজিটেট ফিল করত বলে মনে হতো।
পরে ওদের সাথে ফ্রি হবার আশায় খাবার কিনে নিয়ে ওদের ডাকতাম। ওরা আগে দেখত ভালো করে, তারপর এক-পা দুই-পা করে এগিয়ে আসত, এরপর খেত। কীরকম জানি ভদ্র ছিল ওরা। খাওয়া শেষ করে আবার তাকাত ওদের মতো করে। কিছুক্ষণ থেকে লেজ নাড়াতে থাকত।
এরপর আমি বাসা থেকে ওদের জন্য প্রায়ই খাবার নিয়ে যেতাম; ওরা মজা করে খেত, তা দেখতে আমার ভালো লাগত। ওরা আমার সাথে এখন একদম বিন্দাস স্টাইলে চলে... একদমই নিজের মতো করে। আমার ওদের খুবই ভালো লাগে।
আজকেও ওদিকে যাবার সময় দেখলাম, একটা ক্ষুধার্ত অসুস্থ কুকুর একজন মানুষের পেছন পেছন যাচ্ছে। আমিও তার একটু পেছনেই ছিলাম। সেই মানুষটি বাসার ভেতরে ঢুকে যখন গেইট লাগিয়ে দিল, কুকুরটি তখন গেইটের ঠিক সামনেই দাঁড়িয়ে রইল। দেখলাম, সে অসহায় দৃষ্টিতে গেইটের দিকে তাকিয়ে আছে।
আমিও কাছাকাছি দাঁড়ালাম, আমার দিকেও সে তাকাল ন্যানোসেকেন্ডের জন্য বোধ হয়, খুবই ভদ্র চাহনিতে। অসীম আত্মসম্মানবোধ পেলাম তার তাকানোর ধরনে। মনে হচ্ছিল, পেটে ক্ষুধা, শরীরে যন্ত্রণা, তবুও চোখে-মুখে লাজ।
আমি ছুটে গেলাম খাবার আনতে। এমনই দুর্ভাগ্য, আজ গলির ওখানে কোথাও একটাও দোকান খোলা পেলাম না। তাই খুব দ্রুত পা চালিয়ে তাড়াহুড়ো করে একটু দূরে গেলাম, ওর জন্য খাবার নিলাম। ফিরে এসে ওকে পাইনি আর।
আমি সেই তখন থেকেই কোনও কিছু ঠিকঠাকভাবে করতে পারছি না, একদম কোনোকিছুই না। মনটা কেমন জানি কাতরাচ্ছে ভীষণ! শুধু ওর ক্ষুধার্ত মুখটা বার বার মনে পড়ছে! নিজেকে ব্যর্থ একজন মানুষ মনে হচ্ছে আর থেকে থেকে খুব অসহায় লাগছে।
পাঁচ। কেউ যখন তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তখন এমনভাবে বাঁচো যেন ওর কথা কেউ বিশ্বাসই না করে কিংবা বিশ্বাস করলেও ওর কথাকে কেউ পাত্তাই না দেয়। বিনয়ী বলদ হবার চাইতে দুর্বিনীত সাকিব আল হাসান হওয়া অনেক বেশি গৌরবের। নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাও, যা কেবলই দেখা যায়, কিছুতেই ছোঁয়া যায় না। যার অর্জনের ঝুলি শূন্য, সে দুধ খেলেও লোকে তার মুখ থেকে মদের গন্ধ পায়।
ছয়। চাইলেই যে কেউই মরে যেতে পারে, কিন্তু চাইলেও যে কেউই বাঁচতে পারে না।
সাত। রায়হান গেছে তার স্ত্রীর জন্মনিবন্ধন করাতে।
: উনি জনাব রবিউল ইসলামের কততম সন্তান?
: ১২তম।
: কোন ঘরের?
: মানে?
: প্রথম স্ত্রীর? না কি দ্বিতীয় স্ত্রীর?
: আমার শ্বশুর একটাই বিয়ে করেছিলেন।
: অ্যাঁ! বলেন কী! বউকে এত পেইন দিলেন উনি! হা হা হা
: আপনাকে তো দেয় নাই, ভাই। আপনার অসুবিধে কোথায়?
: না না ভাই, কোনও অসুবিধে নেই। এমন রসিক মানুষ তো তেমন একটা দেখা যায় না। এই আর কি!
: রসিক মানুষ নিয়ে আপনার এত টেনশন কীসের? রসিক মানুষদের সন্তানের জন্মনিবন্ধন সনদ কি আপনাদের অডিটে পড়ে নাকি?
: ভাই, রাগ কইরেন না। আচ্ছা, উনিই তো লাস্ট? না কি সন্তান আরও আছে?
রায়হান আর একটিও কথা খরচ না করে কঠিন দৃষ্টিতে জমির সাহেবের দিকে তাকিয়ে রইল। জমির সাহেব পান চিবোতে চিবোতে খ্যাঁকখ্যাঁক শব্দ করে হাসছেন। তাঁর ঠোঁট-জিভ টকটকে লাল, চোখে-মুখে অসীম কৌতূহল। মৃত্যুর আগে রবিউল সাহেব এখানেই থেমে গিয়েছিলেন কি না, তা জানাটা তাঁর খুব দরকার!
(এখানে রায়হানের নাম রায়হান নয়। এইটুকু বাদ দিলে উপরের ঘটনাটি শতভাগ সত্য।)
আমাদের দেশের মানুষ একদমই অপরিচিত কাউকেও আপন ভেবে এমন সব প্রশ্ন করে বসে, যেগুলি যে কাউকেই করা যায় না। বিয়ে করেছে কি করেনি (না করলে কেন এখনও করছে না), বাচ্চা আছে কি নেই (না থাকলে কেন এখনও নিচ্ছে না), অফিস ও ঘরবাড়ির ঠিকানা-সহ নানান ব্যক্তিগত প্রসঙ্গ, অপরিচিত কারও স্বামী বা স্ত্রীর সম্পর্কে অদ্ভুত সব কৌতূহল, পারিবারিক বিবিধ বিষয়ে উটকো প্রশ্ন. . . এমন হাজারো ব্যাপারে অনধিকারচর্চা করার ক্ষেত্রে আমাদের কোনও জুড়ি নেই। অপরিচিত কারও পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করে তাকে বিরক্ত করতে নেই, এই সহজ ব্যাপারটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, সামান্য কমনসেন্স থাকলেই চলে। আমাদের ব্রেইনের অপারেটিং সিস্টেমে ওইটুকুও নেই।
আমাদের অর্থ, শিক্ষা, ডিগ্রি সবই আছে, কেবল কমনসেন্স নেই। এরকম বেআক্কেল কিসিমের পাবলিকের সাথে চলতে বাধ্য হবার চাইতে বিরক্তিকর ব্যাপার আর নেই। ওরা দলে ভারী বিধায় চারপাশের সবাই-ই ওদের ভাই-ব্রাদার, তাই জুতার বাড়ি না খেয়েই গরুর হাটের গরুর মতো গাঁদাফুলের মালা গলায় দিয়ে ওরা সব জায়গায় অবাধে বিচরণ করতে পারে। কমনসেন্স খুব দামি জিনিস; সবাই এটা অ্যাফোর্ড, অ্যাকমোডেট এবং ক্যারি করতে পারে না।
চাকরির সুবাদে দুই-একটা দেশ ঘোরার সুযোগ হয়েছে। কিছু বিদেশি মানুষের সাথে আলাপ করেছি নানান কাজে। অপরিচিত মানুষের পার্সোনাল লাইফ নিয়ে গবেষণা করার সময় বা রুচি আর কোনও জাতির মধ্যেই কখনও দেখিনি। আমরা যেভাবে কাউকে না চিনে, তার সম্পর্কে ভালোভাবে না জেনে নিজের অনুমান ও ইচ্ছের ভিত্তিতে তাকে জাজ করে ফেলি, এমন মানসিক দৈন্য বা বেকারত্ব রীতিমতো আমাদের একান্ত নিজস্ব ঐতিহ্য এবং উত্তরাধিকারের পর্যায়ে চলে গেছে।
এখন কথা হচ্ছে, আমাদের কি সত্যিই ঘিলু নেই? না কি অল্প আছে বলে খরচ করার সময় কার্পণ্য করি? কমনসেন্স জিনিসটা আমাদের এত বেশি কম কেন? এর একটা কারণ হতে পারে: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কমনসেন্সের উপর কোনও কোর্স করায় না। আমাদের বিদ্যার কোনও অভাব নেই, শুধু কাণ্ডজ্ঞানের অভাব। কারও সম্পর্কে ভালোভাবে না জেনেই তার পেছনে লেগে ফেইসবুকে স্টান্টবাজি করতে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে পাশ-করা লোকজনকেও দেখি। এসব দেখলে সহ্য করাও কঠিন। সার্টিফিকেট বা চাকরি পেতে কমনসেন্স লাগে না, এটা অনেক বড়ো একটা সমস্যা। সবচাইতে বড়ো কথা, বিসিএস পরীক্ষার গাইডেও কমনসেন্স নিয়ে কোনও চ্যাপ্টার নেই। যা বিসিএস পরীক্ষায় আসে না, তা জেনে কী লাভ? মূল কাহিনি এখানেই।
ভাবনা: এক হাজার চৌষট্টি
………………………………………………………………
এক। একাকিত্ব সারানোর সবচাইতে ভালো ওষুধ: নির্জনতা।
দুই। ১. তোমার পুডিংটা ঠিকভাবে হয় না; কেকটাও এত শক্ত করে ফেলো যে খাওয়াই যায় না!
আমার মায়ের মতো করে যদি বিস্কুট বানাতে পারতে, তবে কত ভালো হতো!
প্লেটটাও তো ধুতে শেখোনি বোধ হয়; সন্ধ্যায় স্যুপ রাঁধতেও ভুলে গেছ আজ!
আমার মা থাকলে কি আজ আর ছেঁড়া মোজা পরা লাগত?
মেয়েটা নিখুঁত ছিল না যদিও, তবু সে খুব চেষ্টা করত স্বামীকে খুশি রাখতে।
বছরখানেক হলো বিয়ে হয়েছে তার, স্বামীর মুখে তাকে নিয়ে ভালো কিছু শোনেনি সে আজও।
একদিন স্বামীর মুখে যথারীতি সেই পুরোনো ক্যাসেট বাজছে যখন, ঠিক তখনই...
স্বামীর গালে সশব্দে চড় বসাল... ঠিক স্বামীর মায়ের মতো করে... ধৈর্য হারিয়ে!
২. গত শতাব্দীর শুরুর দিকে কোনও এক রৌদ্রকরোজ্জ্বল রোববারে কিছু পর্যটক পটোম্যাক নদীতে ভ্রমণ করছিলেন। তাঁদের মধ্যে একজনের গলা ছিল চমৎকার এবং তিনি খুব পরিচিত একটি প্রার্থনাসংগীত ধরলেন... প্রভু, আমার এই আত্মাকে প্রেমে বাঁধলে যখন...
তাঁর কণ্ঠস্বর শুনে পাশের সহযাত্রী বললেন, "আপনার গলাটা আমার খুব পরিচিত লাগছে। আপনি কি সিভিল ওয়ারে অংশ নিয়েছেন কখনো?" গান থামিয়ে তিনি উত্তর দিলেন, "হ্যাঁ, জেনারেল গ্রান্টের অধীনে আমি কাজ করেছি।"
"মনে পড়ছে কি না দেখুন। কোনও এক পূর্ণিমা রাতে আপনি প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমি খুব সন্তর্পণে হামাগুড়ি দিয়ে আপনার কাছাকাছি এসে পড়েছিলাম। যে চৌকির আশেপাশে আপনি হাঁটছিলেন, আমি তার ঠিক পেছনেই লুকিয়ে ছিলাম। আপনাকে হত্যা করতে গুলি করার ঠিক আগ মুহূর্তে খেয়াল করলাম, আপনি গুনগুন করে ঠিক এই গানটাই গাইছিলেন... "হে প্রভু, তোমার ছায়াতলে আমায় বাঁচিয়ে রেখো!" সেদিন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছিলেন। আমি আপনাকে হত্যা না করে ফিরে গিয়েছিলাম।"
ঈশ্বর এভাবেই বিপদের সময়ে তাঁর সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন।
৩. সবকিছুরই একটা সময় আছে।
রেখে দেবার একটা সময় আছে,
যেতে দেবারও একটা সময় আছে।
ছেড়ে দেবার সময়ে কখনও ধরে রাখতে নেই।
রাজি হবার একটা সময় আছে,
'না' বলারও একটা সময় আছে।
সময়ে 'না' বলতে না পারার মানে অসময়ে 'হ্যাঁ' বলতে হওয়া।
কখন কোন সিদ্ধান্ত নিতে হবে,
তা ঠিক করতে গিয়ে আগের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকলে কষ্ট পেতে হয়।
সিদ্ধান্ত নেবার বেলায় কেবলই সময়ের দিকে তাকাতে হয়।
সময় তখন বিবেকের সাথে সুর মিলিয়ে কথা বলে।
তিন। ১. জেমস গারফিল্ড ছিলেন আমেরিকার সবচাইতে জনপ্রিয় প্রেসিডেন্টদের একজন। প্রেসিডেন্ট হবার আগে তিনি ছিলেন ওহিয়ো স্টেটের হিরাম কলেজের অধ্যক্ষ। ওয়েস্টার্ন রিজার্ভের বিভিন্ন ফার্মে যারা কাজ করত, মূলত তাদের পরিবার থেকেই এখানে স্টুডেন্টরা পড়তে আসত।
একদিন এক বাবা এলেন তাঁর ছেলেকে ভর্তি করাতে। তিনি কলেজের সিলেবাস দেখতে চাইলেন। সেই কলেজে শুরুতেই একজন শিক্ষার্থীকে চার বছরের একটি কোর্স কমপ্লিট করতে হয়। এটা দেখে তিনি বললেন, "গারফিল্ড সাহেব, আমার মনে হয় না, অত দীর্ঘ কোর্স কমপ্লিট করার মতো সময় আমার ছেলের হবে। আপনাদের এখানে এর চাইতে শর্টকাট কিছু নেই?"
"নিশ্চয়ই আছে। এটা নির্ভর করছে আপনি আপনার সন্তানকে কীভাবে গড়ে তুলতে চান, তার উপর। ঈশ্বর যখন একটি মজবুত ওক গাছ গড়েন, তখন তাঁর সময় লাগে এক-শো বছর; আর সবজি গাছ উৎপাদন করতে মাত্র তিন মাস হলেই চলে।"
২. ১৬৫৩ সালে প্রকাশিত 'দ্য কমপ্লিট অ্যাংগ্লার (The Compleat Angler)' বইয়ের লেখক অ্যাইজাক ওয়ালটন ছিলেন সপ্তদশ শতকের একজন ইংরেজ লেখক। বন্ধু কবি জন ডান-সহ আরও কিছু বিখ্যাত লোকের সংক্ষিপ্ত জীবনী তিনি লিখেছিলেন, যা সন্নিবেশিত হয়েছে 'ওয়ালটনস লাইভস' নামক গ্রন্থে।
বড়শি দিয়ে মাছ ধরতে ওয়ালটন খুব ভালোবাসতেন। ডার্বিশায়ারের এই লেখকের জীবনের অধিকাংশ সময়ই কেটেছে বড়শিহাতে ডাভ নদীর তীরে বসে। মাছ ধরার সময় তিনি চারপাশের শান্তসমাহিত প্রকৃতির সৌন্দর্যের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকতেন। প্রকৃতির অপরূপ চিত্রানুগ বর্ণনা তাঁর লেখায় বার বার এসেছে।
তিনি লিখেছেন, "সবসময়ই মুখটা আলোর দিকে রাখবে। খেয়াল রেখো যেন সূর্যের আলো সরাসরি তোমার মুখের উপর এসে পড়ে এবং তোমার পেছনে ছায়া থাকে। দিনের বেলায় ছায়াকে কখনও সামনে আসতে দিয়ো না। সূর্যের আলোয় তোমার সমস্ত মুখ ঝলমল করুক এবং ছায়া থেকে যাক সবার চোখের আড়ালে।"
ওয়ালটন হয়তো বোঝাতে চেয়েছেন, মাছ ধরার সময় যদি তোমার ছায়া এসে পড়ে জলের গায়ে, তবে মাছেরা ভয় পেয়ে পালিয়ে যাবে। তবে এর অর্থ বোধ হয় আরও বিস্তৃত। যদি আমরা প্রতিদিনের নানান ঝামেলা, মনখারাপ, বিরক্তি, ব্যর্থতা, রাগ, নৈরাশ্য ইত্যাদিকে আমাদের পেছনে রাখি এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীর মুখোমুখি দাঁড়াই, তবে আমাদের নিজেদের এবং চারপাশের অন্যদের জীবন আনন্দময় হয়ে উঠবে।
৩. ডাক্তারের চেম্বারের বাইরে ছোট্ট দুইটি মেয়ে পুতুল খেলছিল।
: আমি যখন বড়ো হব, তখন কোনও ডাক্তারকেই বিয়ে করব। তাহলে ইচ্ছেমতো আইসক্রিম খেতে পারব, কেননা ঠান্ডা লাগলেও পাশে তো সারাক্ষণই ডাক্তার থাকবে!
: আমি বড়ো হলে কোনও পুরোহিতকেই বিয়ে করব। তাহলে ইচ্ছেমতো ভুল করতে পারব, কেননা ঈশ্বরের কাছে ক্ষমা চাইবার জন্য তাঁর সবচাইতে কাছের মানুষটিই তো আমার পাশে সারাক্ষণ থাকবে!
ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৬
লেখাটি শেয়ার করুন