ভাবনা: এক হাজার একান্ন
………………………………………………………………
এক। নর্থঅ্যাম্পটনশায়ার উইমেনস ইনস্টিটিউট বিবাহিতা মহিলাদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে বলা হয়েছিল:
"আপনার বিবেচনায়, রান্নাঘরের জন্য সবচাইতে অকেজো জিনিসটার ছবি তুলে আমাদের ঠিকানায় পাঠান।"
এই কনটেস্টে জয়ী হয়েছিলেন যে ভদ্রমহিলা, তিনি তাঁর স্বামীর ছবি কমিটিতে পাঠিয়েছিলেন। ছবিটি সম্পর্কে কমিটি লিখেছিল: সুবিবেচনাপ্রসূত ফটোগ্রাফ।
দুই। আবেগি মানুষের অনেক কষ্ট। ওরা ব্রেকআপের আগে নিজের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড-কে বিরক্ত করে, আর ব্রেকআপের পরে দুনিয়ার মানুষকে ধরে ধরে নিজের প্রেমকাহিনি শুনিয়ে বিরক্ত করে। কখনো কখনো অতিআবেগ কমনসেন্স নষ্ট করে দেয়।
তিন। মেথডিস্ট চার্চের প্রতিষ্ঠাতা বিখ্যাত ধর্মপ্রচারক জন ওয়েসলে মানুষ হিসেবে ছিলেন খুবই বিনয়ী। মানুষের সেবায় তাঁর যে অবদান, তা নিয়ে কেউ প্রশংসাসূচক কিছু বললে তিনি ভীষণ বিব্রতবোধ করতেন। তাঁর ইচ্ছে ছিল, তাঁর জীবিতাবস্থায় কিংবা মৃত্যুর পর কেউই যেন তাঁকে নিয়ে কিছু না লেখে। তিনি ছিলেন একজন প্রচারবিমুখ যাজক।
তবে তিনি না চাইলেও তাঁর জীবনী ঠিকই লেখা হয়েছিল। ধর্মপ্রচারে তাঁর অবদান এবং প্রভাব নিয়ে পৃথিবী ঠিকই জেনেছে সেইসব লেখার মাধ্যমে।
আমরা চাই বা না চাই, আমাদের জীবনীও লেখা হয়ে যাচ্ছে এবং যাবে। হয়তোবা এই জীবনী ছাপার অক্ষরে বেরোবে না, তবে আমাদের কর্ম ও জীবন সবকিছুই সময়ের গায়ে দলিলভুক্ত হয়ে চলেছে প্রতিটি মুহূর্তেই। মানুষের স্মৃতিতে আমাদের ভালো কাজ, মন্দ কাজ, উজ্জ্বল দিক, অনুজ্জ্বল দিক সবই ঢুকে যাচ্ছে প্রতিদিনই।
আমাদের কাজ, আমাদের আচরণ, আমাদের ন্যায় ও অন্যায়, আমাদের দয়া ও নির্দয়তা... সবকিছুই মানুষের হৃদয়ে বেঁচে থাকছে ও থাকবে। মানুষ আমাদের মনে রাখছে ও রাখবে। আমরা ফিরে ফিরে আসছি ও আসব মানুষের আড্ডায় ও প্রার্থনায়, এমনকী অভিশাপেও।
লোকের গানের কিংবা ঘৃণার খাতায় আমরা বেঁচে থাকব মৃত্যুর পরও। একদিন চলে যাব, তবু থেকে যাব স্মৃতির পাতায় পাতায়। প্রতিদান চাই বা না চাই, ঠিকই সব ফিরে পাবো... ভালো কি মন্দ---যা-কিছু পাবার কথা... মৃত্যুর পর হলেও।
চার। ডিসলেক্সিয়া বা পঠনবিকার সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের কোনও কিছু পড়তে বা বানান করতে গিয়ে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। এই লেখাটি যখন আপনি পড়ছেন, তখন আপনার ব্রেইনে এই লেখার শব্দের বিন্যাসটি সিগন্যাল আকারে পৌঁছে যাচ্ছে এবং সিগন্যালটিকে ঠিক সেই বিন্যাসে মুহূর্তেই ব্রেইন ডিকোড করে দিচ্ছে। ফলে আপনার পক্ষে লেখার পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে। ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তির বেলায় ব্রেইনে সিগন্যালটি পৌঁছে ঠিকই, কিন্তু ঠিক সেই বিন্যাসে পৌঁছে না, যেভাবে শব্দগুলি লেখা আছে। ফলে স্বাভাবিকভাবেই, ডিকোডিংয়ের ব্যাপারটা তখন ঠিকভাবে ঘটে না এবং পড়তে ও বানান বুঝতে বেশ অসুবিধেয় পড়তে হয়।
ব্রিটিশ অভিনেত্রী বেরিল রীড ডিসলেক্সিয়া আক্রান্ত হবার পর সবাই ভেবেছিল, তাঁর ক্যারিয়ার বোধ হয় এখানেই শেষ। সময়টা গত শতাব্দীর পঞ্চাশের দশক। সেসময় আর্টিস্টরা মঞ্চে ও পর্দায় অভিনয় করার সময় পুরোপুরি স্ক্রিপ্টনির্ভর থাকতেন। রীডের সামনে স্ক্রিপ্ট রেখেও আর কাজ হতো না, কেননা তিনি সংলাপটা পড়তেই পারতেন না। তখন তিনি বাধ্য হয়ে স্ক্রিপ্টে তাঁর জন্য বরাদ্দ সকল সংলাপ মুখস্থ করে ফেলার সিদ্ধান্ত নিলেন।
কাজটা করা মোটেও সহজ ছিল না। কেউ একজন তাঁকে সংলাপগুলি বার বার পড়ে শোনাত। তিনি সিকোয়েন্স এবং কনটেন্ট মনে রেখে স্টেজে পারফর্ম করতেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য টনি অ্যাওয়ার্ড, ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ড, লরেন্স অলিভার অ্যাওয়ার্ড-সহ বিভিন্ন পুরস্কারজয়ী এই বিখ্যাত অভিনেত্রীর ডিসলেক্সিয়া জয় করার জন্য যে নিবিড়-নিরলস সাধনা, তা সমসাময়িক ফিল্মক্রিটিকদের লেখায় ও সাক্ষাৎকারে বার বার উঠে এসেছে।
সাধারণ মানুষেরা যে বাধা দেখলে থেমে যায়, অসাধারণ মানুষেরা তা জয় করার জন্য কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজেকেই বদলে ফেলেন। এখানেই তাঁদের অনন্যতা, এখানেই তাঁদের ভিন্নতা, এখানেই তাঁদের এগিয়ে থাকা। থেমে যাবার মানেই হেরে যাওয়া। ডিসলেক্সিয়া রীডের পথ আটকে দাঁড়িয়ে ছিল ঠিকই, তবে তাঁকে থামিয়ে দিতে পারেনি। গ্রেটদের কাছে ব্যারিকেডের অর্থ পথের শেষ নয়, বরং অন্য পথের সূচনা।
তাঁকে একবার জিজ্ঞেস করা হলো: কী করতে আপনি সবচাইতে বেশি পছন্দ করেন?
হাসিমুখে তাঁর তাৎক্ষণিক উত্তর ছিল: ঠিক এই মুহূর্তে যা করছি, তা-ই।
বাস্তবতাকে মেনে নিয়ে তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যারা, প্রকৃত অর্থে সুখী তারাই। পরিস্থিতিকে যখন বদলানো যায় না, তখন নিজেকেই বদলে ফেলতে হয়। পালটে যাবার নামই টিকে থাকা।
পাঁচ। ১. ট্রেনে বা নৌকায় চড়ে যাবার সময় রাস্তার ধারে বা তীরের কাছে ছোটো শিশুরা অনেকসময় হাত নাড়ায়, হাসিমুখে হাই-হ্যালো বলে। বেশিরভাগ মানুষই ওদের খেয়াল করে না, কিংবা খেয়াল করলেও তার উত্তরে হাত নাড়িয়ে অভিবাদন জানায় না। আমিও মাঝে মাঝে এই ভুলটা করি। অদ্ভুত ধরনের জড়তা কাজ করে... এ ইগো বা অহংকার নয়, আলস্যও নয়... কেবলই অনভ্যস্ততার ফলাফল। এ জীবনে অনেককিছুই হারিয়েছি বন্ধুত্ব রাখতে শিখিনি বা পারিনি বলে।
আমরা ইদানীং হাসতে ভুলে যাচ্ছি, হাসির উত্তরে হাসি ছুড়ে দিতে আমাদের আর মনে থাকে না; অপরিচিত মানুষের সাথে কথা বলতে তো আগে থেকেই পারি না। সুখী হবার পথে এইসব অনেক বড়ো বাধা। ছোট্ট ছোট্ট এমন কিছু কাজ দু-পক্ষকেই খুশি করে দিতে পারে। হাসিমুখে কুশল বিনিময় করলে বেশি সময় খরচ হয় না, কোনও অর্থ খরচ হয় না, কিন্তু একধরনের পজিটিভ এনার্জি এবং প্রসন্নতার সঞ্চরণ ঘটে। আমাদের চোখের সামনে দিয়েই বন্ধু চলে যায় আরেক ঘরে... আমাদেরই ভুলে।
২. অনেক পুরোনো একটি ডাচ নীতিগল্প পড়া যাক।
গোলাঘরটির ছাদ ছিল কাঠের তৈরি। সেখানে এক মাকড়সা থাকত। একদিন জালের একটা সুতা পিছলে অনেক উঁচু থেকে মাকড়সাটি নিচে পড়ে গেল এবং আবার কষ্ট করে উঁচুতে না উঠে নিচের দিকেই জাল তৈরি করে নতুন বসতি গড়ল।
তার দিনগুলি সেখানে ভালোই কাটছিল। জাল বিছিয়ে দিয়ে বিভিন্ন কীটপতঙ্গ ধরত, মজা করে খেত আর দিনদিন মোটা হতো।
একদিন জালে হেঁটে বেড়াবার সময় সে খেয়াল করল, যে সুতোটি বেয়ে সে নিচে নেমেছিল, সেটিতেই তার জাল আটকে আছে। সে ভাবল, উপর থেকে নেমে আসা এই বাড়তি সুতোর কী কাজ এখানে? ওটা ছিঁড়ে ফেললেই তো হয়!
যেই ভাবা, সেই কাজ। উপর থেকে ঝুলে-থাকা সেই সুতোটিকে পা দিয়ে ধরে একটানে ছিঁড়ে ফেলল সে। আর অমনিই সঙ্গে সঙ্গে তার পুরো জালটিই ভেঙে পড়ল এবং সে লোকের পায়ের নিচে পড়ে মারা পড়ল।
ঠিক এভাবেই, আমাদের পতন ঘটে তখনই, যখন আমরা দৃষ্টিসীমার বাইরে থাকা অদেখা শক্তির সাথে আমাদের সম্পর্কের যে সুতো, তা ছিন্ন করি। ছিন্ন করার পরও পতিত হয় না, এমন মানুষের সংখ্যা একেবারেই হাতেগোনা। আপনি বা আমি সেই ক্ষুদ্র দলভুক্ত না-ও তো হতে পারি, তাই না? শান্তিতে থাকলে ঝুঁকির নেবার কী দরকার?
ভাবনা: এক হাজার বায়ান্ন
………………………………………………………………
এক। বিশ্রাম নেবার মানে কেবলই শুয়ে বা ঘুমিয়ে থাকা নয়। সহজ পথে হাঁটি বলেই ক্লান্তি সহজে যায় না।
সন্ধ্যায়, যখন প্রার্থনা করতে বসি, বিশ্রাম তখনও নেওয়া যায়, যদি আমরা চাই। হাঁটু গেড়ে বসে যে সহজ কথাগুলি প্রার্থনার অংশ হিসেবে বলতে থাকি, সেখানে শান্তির জাদু মেশানো থাকে, যদি বিশ্বাস করি। খুব ভালোবাসি ও বিশ্বাস করি, এমন একটি ধর্মগ্রন্থ চোখের সামনে রেখে যদি ওটার পাতা ওলটাই, স্বস্তি মিলতে পারে সেখানেও। এমনি করেই ঘণ্টাদুয়েকের জন্য শান্তিময় বিশ্রামে চলে পারে বিশ্বাসী মানুষেরা, যখন ইচ্ছে।
প্রিয় কারও সাথে সময় কাটালেও বিশ্রাম নেওয়া হয়ে যায় খুব সহজেই। বন্ধুত্বপূর্ণ আলাপনে ডুব দেওয়া, হৃদয়ে জমে-থাকা কথাগুলি বলতে পারা মানুষকে ক্লান্তিমুক্ত করে দেয়। হাসিঠাট্টা, কৌতুক, নতুন কোনও ধারণা নিয়ে কথা বলা, যা শেয়ার করতে ইচ্ছে করে... তা-ই মন খুলে বলতে পারা বিশ্রাম নেবার একেকটি সুন্দর পথ। ভোরের সূর্যোদয় কিংবা প্রাক্সন্ধ্যার সূর্যাস্ত দেখা, সকালবেলায় অরণ্য, পাহাড়, সমুদ্র কিংবা নিদেনপক্ষে মাঠের ঘাসে হেঁটে বেড়ানো, চুপচাপ পাখির কিচিরমিচির শোনা আমাদের ক্লান্ত হৃদয়ে স্বস্তির সুবাতাস বইয়ে দিতে পারে।
এসো বন্ধু, বিশ্রাম নিই। সবকিছু থাকার পরও, জীবন কখনো কখনো অসহ্য লাগে, সব ছেড়েছুড়ে অচেনা কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে... এমন কোথাও, যেখানে কেউ আমাকে চেনে না, যেখানে নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া যায়। ছোটো ছোটো সুখে ভেসে আর কবে যাব? জীবনের অর্ধেকটাই তো শেষ! কেবলই স্বপ্ন দেখতে দেখতে চিতায় উঠে যাবার জন্যই কি তবে বেঁচে আছি? কতদিন হয়ে গেল, প্রাণভরে আকাশ দেখি না, গোধূলিমুহূর্তে আলোর রেখা ধরে পাখিদের নীড়ে ফেরা দেখি না! ক্লান্তি তবে আর ফুরোবেই-বা কী করে?
বিশ্রাম নিতে ইচ্ছে করলেই শুয়ে পড়ি। মন যখন ক্লান্ত হয়ে থাকে দীর্ঘসময় ধরে, তখন কি আর শরীরের ক্লান্তি পালায়... ঘুমিয়ে পড়লেও?
পৃথিবীর বেশিরভাগ মানুষ আজ সুখেও নেই, কষ্টেও নেই; কেবলই ক্লান্তিতে আছে।
দুই। এক।
স্বামীর মৃত্যুর পর রানি ভিক্টোরিয়া সারাক্ষণই সমুদ্রসম একাকিত্বের মধ্যে ডুবে থাকতেন। ঈশ্বরের অনুগ্রহের উপর গভীর বিশ্বাসই তাঁকে সেসময় বাঁচিয়ে রেখেছিল। দেশ এবং দেশের মানুষের প্রতি তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য মনের যে শক্তির প্রয়োজন ছিল, তা তিনি খুঁজে নিতেন ধর্মাচরণের মধ্য থেকেই।
আইল অব ওয়াইটে অবস্থিত তাঁর রাজকীয় বাসভবন অসবর্ন হাউস-এ বিছানার পাশে তিনি নিচের কথাগুলি লিখে রেখেছিলেন:
প্রার্থনা হচ্ছে দীর্ঘশ্বাসের বোঝা,
একফোঁটা অশ্রুর পতন,
উপরের দিকে তাকিয়ে থাকা... ঠিক তখনই,
যখন পাশে এক ঈশ্বর বাদে আর কেউই থাকে না।
দুই।
অতিথি বক্তা: এই শীতের সকালে কম্বলের উষ্ণতা ছেড়ে তোমাদের এখানে এসেছি। আমি চাইলেই ঘরে বসে বসে আরাম করতে পারতাম, উষ্ণ কফির ধোঁয়ায় আলস্যকে উদ্যাপন করতে পারতাম। এসবের কিছুই না করে তোমাদের সাথে কথা বলতে এসেছি সম্পূর্ণ বিনে পয়সায়, বিনা স্বার্থে। কেন এলাম, তোমাদের মধ্যে কেউ তা বলতে পারবে?
ছাত্রদের একজন: বিনে পয়সায় এসেছেন, এটা ঠিক, তবে বিনা স্বার্থে আসেননি। আপনি এখানে কথা বলতে এসেছেন, কেননা নিজেকে কথা বলতে দেখলে আপনি শান্তি পান।
(এই অনুপ্রেরণা থেকেই কিছু মানুষ সম্পূর্ণ বিনা পয়সায় মানুষের কল্যাণে কাজ করে যান, বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়ে চলেন।)
তিন।
স্যার অ্যালেক গিনেস ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মঞ্চঅভিনেতা। তাঁর ঘনিষ্ঠ বন্ধু স্যার টাইরোন গুথরি প্রায় সময়ই একটা কথা বলতেন, যা তাঁকে এবং তাঁর আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করত।
দাঁতে ব্যথা? তিনি বলতেন, এটা কাটিয়ে ওঠো। দেখা গেল, পারফর্ম করতে তাঁর কোম্পানি কোথাও ট্যুরে গিয়ে মঞ্চের সব সাজপোশাক হারিয়ে ফেলল। তখনও তিনি সবাইকে হাসিমুখে বলতেন, এটা কাটিয়ে ওঠো।
ভালো কি মন্দ যা-ই সামনে আসুক, সবকিছুকেই সহজে মেনে নেবার যে দৃঢ় মানসিকতা এই মঞ্চনির্দেশকের মধ্যে ছিল, তা সত্যিই অনুকরণীয়। মাত্র তিনটি শব্দের ছোট্ট একটি কথা: "এটা কাটিয়ে ওঠো!", অথচ নানান ঝামেলা ও হতাশার মধ্যে ডুবে থেকেও মনের বিক্ষিপ্ত অবস্থা কাটিয়ে ওঠার জন্য ওই কথাটি ম্যাজিকের মতো কাজ করে। অমন পরিস্থিতিতে এর বাইরে আর কী-ইবা করতে পারে মানুষ? তাই পরিস্থিতি মেনে নিয়ে ওই ছোট্ট পরামর্শটি মাথায় রেখে নিজেকে যত দ্রুত সম্ভব সামলে নিলেই ভালো।
তিন। বারো কি তেরো বছর বয়সে মোহাম্মদ আজীব পাকিস্তান থেকে ভাগ্যান্বেষণে লন্ডনে আসেন। ট্রেনে চড়ে লন্ডন যাবার পথে তীব্র শীতে আজীব কাবু হয়ে পড়েন। দরিদ্র অভিবাসী বালকটিকে শীতে কাঁপতে দেখে এক ইংরেজ ভদ্রলোক সিট ছেড়ে উঠে কম্পার্টমেন্টের তাপমাত্রা বাড়িয়ে নিলেন এবং শুধু তা-ই নয়, তাঁর নিজের গায়ের ওভারকোটটি খুলে সেই অপরিচিত বিদেশি গরিব ছেলেটির কাঁধের চারিদিকে চাপিয়ে দিলেন। এরপর ছেলেটিকে এক কাপ গরম কোকো ড্রিংক কিনে দিলেন। গল্প করতে করতে তিনি ছেলেটির পরিবারের খোঁজখবর নিলেন এবং তার জন্য একটি চাকরির ব্যবস্থাও করে দিতে চাইলেন।
ট্রেনটি লন্ডনে পৌঁছার পর দু-জন দু-দিকে চলে গেলেন। নিজের চেষ্টায় ছেলেটি একটা চাকরি জোগাড় করে ফেলল। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে মোহাম্মদ আজীব একসময় ব্রাডফোর্ডের একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন। ১৯৮৫ সালের মে মাসে তিনি সেখানকার পৌর মেয়র নির্বাচিত হন। তিনি ছিলেন শহরের ইতিহাসে প্রথম অভিবাসী মেয়র। শূন্য থেকে উঠে এসে ভিন্ন একটি দেশে এই শীর্ষ অবস্থানে যেতে পারা নিঃসন্দেহে অনেক বড়ো একটি অর্জন।
পাকিস্তান থেকে ইংল্যান্ডে আসার পর যে ভদ্রলোক তার মতন একটি অপরিচিত দরিদ্র বালকের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন কোনও স্বার্থ ছাড়াই, তাঁর কথা মিস্টার আজীব কোনোদিনই ভোলেননি। তিনি সেই মহানুভব ব্যক্তির নামও জানতেন না। শুধু জানতেন, ভদ্রলোক ডার্বিশায়ারে কৃষিকাজ করেন। মেয়র হবার পর মিস্টার আজীব সেই ভদ্রলোককে খুঁজে বের করেন। রেলগাড়ির সেই 'গুড সামারিটান' ভদ্রলোকের নাম ছিল টেড মোল্ট, যিনি পরবর্তীতে কৃষক থেকে একজন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। ব্রিটেনের রেডিয়ো এবং টেলিভিশন জগতে তাঁর উজ্জ্বল পদচারণা ছিল। বিভিন্ন টিভি-রেডিয়ো শো এবং মুভিতে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলেন। 'ডাউন টু আর্থ' নামে তাঁর একটি আত্মজীবনীও প্রকাশিত হয়েছিল।
মজার ব্যাপার হলো, ৩০ বছর আগে কোনও এক শীতের দিনে একটি অপরিচিত পাকিস্তানি বালকের প্রতি যে মমত্ব তিনি দেখিয়েছিলেন, তার কিছুই তিনি খুব চেষ্টা করেও মনে করতে পারেননি। তিনি সেদিনের ঘটনাটি বেমালুম ভুলে গিয়েছিলেন। টেড মোল্টের এমন বিস্মরণ দেখে পৌর মেয়র মোহাম্মদ আজীবের তখন হয়তো মনে পড়ছিল সেই প্রসিদ্ধ উপদেশটি: যে দয়া তুমি পেয়েছ, তার কথা কখনও ভুলে যেয়ো না; যে দয়া তুমি দেখিয়েছ, তার কথা কখনও মনে রেখো না।
ভাবনা: এক হাজার তিপান্ন
………………………………………………………………
এক। শিক্ষক: বিদ্যুৎ নিয়ে তুমি কী জানো?
ছাত্র: বিদ্যুৎ কী, তা আমি জানি না; তবে বিদ্যুৎ কী করে, তা বলতে পারব।
উপরের গল্পটা আমরা অনেকেই জানি। সুখ ব্যাপারটা অনেকটা বিদ্যুতের মতোই। কীসে সুখ হয় কিংবা সুখ কোথা থেকে আসে, তা না জানলেও সুখ পেলে বা সুখী হলে কেমন লাগে, তা আমরা ভালো করেই জানি।
প্রফেসর রবার্ট রেইনি উনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত ধর্মযাজক ও প্রসিদ্ধ বক্তা। ধর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে লেখা তাঁর অনেক বই জগদ্বিখ্যাত। চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরবর্তীতে তিনি ধর্মের নানান তাত্ত্বিক বিষয়ের দিকে ঝুঁকে পড়েন এবং একসময় একজন খ্যাতনামা ধর্মতত্ত্ববিদ হিসেবে পরিচিত হন।
একদিন সকালে নাস্তার টেবিলে তাঁর ছোটো নাতনি রীতিমতো ঘোষণা করে বলল, "তোমরা কি জানো, দাদু প্রতিরাতেই স্বর্গে যায়?!"
"তুমি কী করে জানলে?" মেয়েটির বাবা-মা স্মিত হেসে জিজ্ঞেস করলেন।
"কেননা প্রতিদিন সকালে দাদুর যখনই ঘুম ভাঙে, তখনই দাদুকে বেশ হাসিখুশি দেখি।" নাতনির সহজ-সরল উত্তর।
আমার মনে হয়, স্বর্গ কী এবং কেমন, তা বুঝিয়ে লিখতে গিয়ে বিভিন্ন জ্ঞানী লেখক যুগে যুগে যা লিখেছেন এবং লিখে চলেছেন, তা এই ছোট্ট মেয়েটি খুব অল্প কথাতেই সেদিন নাস্তার টেবিলে সবাইকে বুঝিয়ে দিয়েছিল।
দুই। ওল্ড জর্জ ছিলেন স্থানীয় একজন মেথডিস্ট ধর্মপ্রচারক। তিনি কাজ করতেন ইয়র্কশায়ার ডেলস এলাকায়। সুন্দর ব্যবহার এবং চমৎকার কথা বলার ধরনের জন্য সবাই তাঁকে শ্রদ্ধা করত। মানুষের সেবায় নিজেকে সবসময়ই নিয়োজিত রাখতে তিনি ভালোবাসতেন।
জর্জকে কেউই কখনও উচ্চস্বরে কথা বলতে দেখেনি, কোনও বিষয় নিয়েই অভিযোগ করতে শোনেনি; কোনও বিষয় বা ঘটনা সম্পর্কে একটিও নেতিবাচক শব্দ তাঁর মুখ থেকে কখনোই বেরোয়নি। লোকে অপেক্ষা করে থাকত কখন জর্জের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবার অসংখ্য উপলক্ষ্য এলেও তাঁর ধৈর্য বরাবরই অটুট ছিল। স্থানীয় জনগণের কাছে তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় বিস্ময়মানব।
সেদিন ভয়াবহ রকমের শীত পড়েছিল। ঘন তুষারের স্তূপে চারিদিক ঢাকা। তীক্ষ্ণ হিমশীতল হাওয়া যেন তীরের মতো লোকের চামড়া ভেদ করে হাড়-মাংস কাঁপিয়ে দিচ্ছে। দিনটি ছিল রোববার, সাপ্তাহিক বিশেষ প্রার্থনার দিন। যেন কিছুই হয়নি, এমনভাবে ওল্ড জর্জ বাসস্টপ থেকে পা টেনে টেনে হেঁটে কয়েকটি টিলার তুষারস্তূপ পেরিয়ে সেই গ্রামের ছোট্ট গির্জাঘরে কাঁপতে কাঁপতে হাসিমুখে প্রবেশ করলেন। সবাইকে সমবেত হবার জন্য প্রফুল্ল চিত্তে ধন্যবাদ জানিয়ে প্রার্থনার জন্য তৈরি হয়ে গেলেন অল্প সময়ের মধ্যেই।
সবাই নিজেদের মধ্যে ফিসফিস করছিল: "বলার মতো ভালো কিছু আজ নিশ্চয়ই জর্জ খুঁজে পাবেন না। এত কষ্ট করে এখানে এলেন, আজকের এই বিশ্রী আবহাওয়া নিয়ে কিছু অন্তত অভিযোগ তো করবেনই!"
ধর্মোপদেশ শুরু করার উদ্দেশ্যে জর্জ বেদিতে উঠলেন। কথা বলতে শুরু করলেন এই কথাটি দিয়ে: "আসুন, আমরা সবাই মিলে ঈশ্বরকে ধন্যবাদ দিই এইজন্য যে, আর একটিও দিন আজকের দিনের মতন নয়। আমাদের দিনগুলি সুন্দর করে দেবার জন্য, আসুন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করি।"
তিন। আমি কোনোভাবেই সেই ছেলেটি নই, যার সাথে মিশতে তোমার মা বারণ করতেন।
বরং আমি সেই ছেলেটিই, যার সাথে মিশতে তোমার মায়ের বারণ করা উচিত ছিল।
চার। : বিয়ের পর প্রথম প্রথম একটা ছেলে যেভাবে স্ত্রীর জন্মদিন মনে রাখে, পরবর্তীতে সেটা আর রাখতে পারে না কেন? সত্যিই কি রাখতে পারে না? না কি রাখতে চায় না? কেন এমন করে ওরা? এটা খুবই বিরক্তিকর! তুমি আবারও আমার জন্মদিন ভুলে গেছ। অথচ এই তো সেদিন, মাত্র কয়েক বছর আগেও তুমি আমাকে বলেছিলে, আজকের তারিখটা নাকি তোমার হৃদয়ে খোদাই করা আছে! এই দিনে আমাকে কিছু-একটা উপহার দিতে কখনোই তুমি ভুলে যেতে না। আর এখন? তুমি এমন বদলে গেলে কেন?
: প্রিয়তমা, তোমাকে নিয়েই তো আমি সারাক্ষণ ভাবি। আমার সমস্ত ধ্যান-জ্ঞান যাকে ঘিরে, তার জীবনের এত গুরুত্বপূর্ণ দিনটি আমি কীভাবে ভুলে যাব, বলো? তোমার বয়স বাড়ছে, চামড়ায় ভাঁজ পড়ছে... তুমি বুড়ো হচ্ছ... এইসব তোমাকে মনে করিয়ে দিতে চাইনি বলেই আজ উইশ করিনি। তোমাকে যে চিরসবুজ ভাবতেই আমার ভালো লাগে গো!
নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে স্বামীকে জড়িয়ে ধরলেন নবনীতা সমাদ্দার।
পাঁচ। কখনো কখনো আমাদের ভুল থেকেও অপূর্ব সুন্দর কিছুর জন্ম হতে পারে।
যাঁরা টার্ট খেতে পছন্দ করেন, তাঁদের অনেকেই ইংল্যান্ডের বিখ্যাত বেইকওয়েল টার্টের নাম শুনেছেন। এই সুস্বাদু জনপ্রিয় টার্টের সৃষ্টি হয়েছিল ১৮৫৯ সালে, শেফের অনিচ্ছাকৃত ভুলের কারণে।
ইংল্যান্ডের ছোট্ট শহর বেইকওয়েল। ওখানকার 'রুটল্যান্ড আর্মস' রেস্তোরাঁর অতিথিদের লাঞ্চের জন্য স্ট্রবেরি টার্ট বানাচ্ছিলেন শেফ। তাড়াহুড়ো করতে গিয়ে টার্টে শুরুতে স্পঞ্জ মিক্সচারের জায়গায় ভুল করে স্ট্রবেরি জ্যাম দিয়ে ফেলেন শেফ ভদ্রমহিলাটি। নতুন করে বানানোর মতন সময় হাতে না থাকায় টার্টের উপরিভাগে স্পঞ্জ মিক্সচার বসিয়ে দিয়ে অতিথিদের পরিবেশন করলেন তিনি।
তিনি ভয়ে ছিলেন এই ভেবে যে, নিশ্চয়ই অতিথিরা কমপ্লেইন করবেন এবং তিনি নির্ঘাত মালিকের বকা খাবেন। মজার ব্যাপার, অতিথিরা কোনও ধরনের কমপ্লেইন তো করলেনই না, বরং মালিককে উচ্ছ্বসিত কণ্ঠে অভিবাদন জানালেন এত সুস্বাদু নতুন আইটেমটি খাইয়ে ওঁদের সারপ্রাইজ দেবার জন্য। ভুলটি এতটাই চমৎকার খাবারের জন্ম দিয়েছিল যে, সেই ভুলকেই ওঁরা ধরে নিয়েছিলেন সুপরিকল্পিত ফুড-এক্সপেরিমেন্ট হিসেবে।
রেস্তোরাঁর মালিকও ছিলেন মহিলা। তিনি সঙ্গে সঙ্গে শেফকে ডেকে তাঁর সৃজনশীলতার জন্য ধন্যবাদ জানালেন এবং বললেন, এখন থেকে এই আইটেমটি ঠিক এভাবেই বানাবে, যেভাবে আজ বানিয়েছ।
সেই থেকে শুরু। দেড়-শো বছরেরও বেশি সময় ধরে শেফের মধুর ভুলের পুনরাবৃত্তি আজও হয়ে চলেছে পৃথিবীর নানান প্রান্তে।
বেইকওয়েল শহরে 'দ্য পুডিং শপ' নাম ধারণ করে সেই রেস্তোরাঁ আজও আছে। সেখানকার বিখ্যাত বেইকওয়েল টার্ট পৃথিবীর মানুষকে আজও মনে করিয়ে দিচ্ছে... কিছু ভুলের মধ্যেই লেখা থাকে সুন্দরের জন্মবৃত্তান্ত।
ভাবনা: এক হাজার চুয়ান্ন
………………………………………………………………
এক। মানুষের কপালে যা লেখা থাকে, শেষমেশ তা-ই হয়।
বিখ্যাত 'ডেইলি এক্সপ্রেস' পত্রিকার প্রতিষ্ঠাতা স্যার সিরিল আর্থার পিয়ারসনের গল্প শোনা যাক। তিনি ছিলেন ব্রিটেনের সাংবাদিকতা জগতে একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। তাঁর জন্ম ইংল্যান্ডের সমারসেট কাউন্টির উইকি গ্রামে। বাবা ছিলেন গ্রামের একটি চার্চের সহকারী ধর্মযাজক। বালক পিয়ারসনের মধ্যে ছোটোবেলা থেকেই বইপড়ার প্রতি নেশা জন্মেছিল। বড়ো হতে হতে তাঁর লেখালেখির হাত শক্ত হতে থাকে এবং তার সাথে পাল্লা দিয়ে পড়াশোনার পরিধিও বাড়তে থাকে।
নানান সমসাময়িক ঘটনার ধারাবাহিকতা ও পরম্পরা নিয়ে লিখতে তিনি সবচাইতে বেশি পছন্দ করতেন। এভাবে একসময় তিনি সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ভাগ্যের অন্বেষণে লন্ডনের ফ্লিট স্ট্রিটে বসতি গড়েন। ধীরে ধীরে তিনি পাঠকদের সামনে নিয়ে আসেন পৃথিবীবিখ্যাত সংবাদপত্র 'ডেইলি এক্সপ্রেস'। প্রকাশনা জগতে দৃপ্ত পদচারণার ধারাবাহিকতায় এক এক করে প্রকাশ করলেন 'পিয়ারসনস উইকলি', 'পিয়ারসনস ম্যাগাজিন', 'দ্য রয়াল ম্যাগাজিন' ইত্যাদি।
পিয়ারসনের ধ্যান-জ্ঞান-সাধনা ছিল সংবাদপত্রকে ঘিরেই। তাঁর মতন পড়াশোনা-জানা পণ্ডিত ব্যক্তি সেসময় লন্ডনে বেশি ছিলেন না। ১৯১৩ সালে, ৪৭ বছর বয়সে, যখন তিনি ক্যারিয়ারের তুঙ্গে, লন্ডনের শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক, তখন হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে যান পিয়ারসন। লেখা ও পড়ার সামর্থ্য হারিয়ে ক্রমেই গভীর হতাশার মধ্যে ডুবে যেতে থাকেন।
ধৈর্য না হারিয়ে একসময় তিনি সিদ্ধান্ত নেন, ঈশ্বরের কাছে তাঁর সমস্ত অক্ষমতা তিনি সমর্পণ করবেন। ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পিয়ারসন এভাবেই ধীরে ধীরে মনের শান্তি ও শক্তি খুঁজে পান। (তাঁর ভাষায়) ঈশ্বরেরই নির্দেশে তিনি প্রতিষ্ঠা করলেন সেইন্ট ডানস্ট্যানস, যেখানে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়ে যে-সকল সৈনিক দৃষ্টিশক্তি হারাতেন, তাঁদের চিকিৎসা, পুনর্বাসন-সহ যাবতীয় সেবাশুশ্রূষা প্রদান করা হতো সম্পূর্ণ বিনা মূল্যে।
পরবর্তীতে সৈনিকদের পাশাপাশি অন্ধ নাবিকদেরও পুনর্বাসন-সহ কর্মসংস্থানের সকল দায়িত্ব পরম নিষ্ঠার সাথে পালন করতে থাকে সংস্থাটি। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে পিয়ারসন দুইটি বই লিখেছেন; প্রথমটি 'ভিক্টরি ওভার ব্লাইন্ডনেস (১৯১৯)', দ্বিতীয়টি 'দ্য কনকোয়েস্ট অব ব্লাইন্ডনেস (১৯২১)', যেগুলি পৃথিবীর অসংখ্য পথহারা মানুষকে যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়ে আসছে।
যা হবেন বলে বিশ্বাস করেছিলেন, পিয়ারসন তা হননি। যা হবেন বলে কখনও ভাবতেই পারেননি, অথচ অদৃষ্টে লেখা ছিল, তা-ই হয়ে জীবন পার করতে হয়েছে পিয়ারসনকে। মানবতার সেবক হওয়াই ছিল তাঁর নিয়তি। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা আজও অন্ধদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে 'ব্লাইন্ড ভেটেরানস ইউকে' নামে। ঈশ্বর তাঁর জীবন থেকে যতটুকু আলো কেড়ে নিয়েছেন, তার লক্ষগুণ আলো ফিরিয়ে দিয়েছেন অসংখ্য আশাহত মানুষের মাঝে তাঁরই মাধ্যমে। এ পৃথিবীতে পিয়ারসনের মতন কিছু মানুষ আছেন, যাঁরা আলোতে থেকেও আলো ছড়ান, আঁধারে থেকেও আলো ছড়ান; আর আলো ছড়াতে ছড়াতেই প্রফুল্ল হৃদয়ে মৃত্যুর আগেই অমরত্ব লাভ করেন।
দুই। হু ইজ অন দ্য লর্ডস সাইড? ১৮৭৭ সালে লেখা এই সুবিখ্যাত প্রার্থনাসংগীতটি-সহ আরও বহু অমর প্রার্থনাসংগীতের স্রষ্টা ফ্রান্সেস আর হ্যাভারগাল। এই ভদ্রমহিলা বিশ্বাস করতেন, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, আর থাকলেও ভালোভাবে বাঁচা সম্ভব নয়। তাঁর সৃষ্টিশীল জীবন নিয়ে লেখা স্মৃতিকথার পৃষ্ঠায় পৃষ্ঠায় তিনি ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহের আখ্যান এঁকেছেন পরম মমতায়।
প্রতি রোববার চার্চে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। অন্য কোনও দিন সময় করতে না পারলেও সপ্তাহের এই দিনে খ্রিস্টানরা সাধারণত চার্চে অবশ্যই যান এবং মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। এ নিয়ে ফ্রান্সেস হ্যাভারগাল লিখেছেন:
১. রোববার দিনটি প্রভুর কাছে নিজেকে সঁপে দেবার দিন। ঈশ্বরের নির্দেশ: শীত, গ্রীষ্ম, বর্ষা যা-ই হোক না কেন, নিতান্তই শারীরিকভাবে অক্ষম না হলে এই পবিত্র দিনে নিজের আত্মার শান্তির জন্যই চার্চের সমবেত প্রার্থনায় অংশ নিতে হবে।
২. আমি মনে মনে ধরেই নিই, চার্চে গেলে ফাদারকে পাবো। যদি কখনো দেখি, ফাদার বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারেননি, তাই চার্চে আজ তিনি অনুপস্থিত, তাহলে নিশ্চয়ই আমি বিস্মিত হব, তাই না? রোববার যখন আমি ঘরে বসে থাকি, আমার দিকে তাকিয়ে ঈশ্বরও ঠিক একইভাবে বিস্মিত হন।
৩. প্রার্থনায় অংশ না নেবার অর্থ: নিজেকে ইচ্ছে করে ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত করে রাখা। এমনও হতে পারে, সেদিন চার্চে ফাদার কিংবা উপাসকদের কেউ এমন কিছু বলবেন কিংবা এমন কিছু আমার চোখের সামনে ঘটবে, যা আমার পুরো জীবনটাই বদলে দেবে কিংবা আমার পুরোনো কোনও প্রশ্নের উত্তর হয়তো সহজেই পেয়ে যাব। ঘরে বসে থেকে নিজের আলস্যকে জিতিয়ে দিয়ে কী লাভ?
৪. যে কাজে আটকে গিয়ে চার্চে গেলাম না, কে বলতে পারে, হয়তো ওই কাজটিই আমার জীবনে বিপর্যয় ডেকে আনবে একদিন! এমনও তো পারে, চার্চে গিয়ে প্রার্থনা করলেই বরং কাজটি আরও সুচারুভাবে সম্পন্ন করতে পারব! প্রভুর চোখের সামনে ঘরে থেকেও থাকা যায়, কিন্তু চার্চে আত্মার যে সম্মিলন ঘটে, তার মধ্যে যে অপার শান্তি, তা চার্চে না গিয়ে কীভাবে পাবো?
৫. খুব বৃষ্টি হচ্ছে? কিংবা ভীষণ শীত পড়ছে? তাই চার্চে যেতে পারছি না? যদি ভালোবাসার মানুষটি আমাকে কাছে ডাকত, তা-ও কি ঘরে বসে থাকতাম এখন? তবে কি আমি ঈশ্বরকে ভালোবাসি না? তাহলে কেন তাঁর কাছে আশ্রয় চাই? বিপদের দিনে অনুগ্রহ প্রার্থনা করি? ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তি যদি হয় মজবুত, তবে কি এইসব ঝড়-বৃষ্টি-শীত হৃদয়কে অবরুদ্ধ করে রাখতে পারে?
৬. আমি জানি না, ঈশ্বর আমার জীবনের জন্য আর কয়টা রোববার বরাদ্দ রেখেছেন। যদি বেঁচে থাকতেই প্রতিটি রোববারকে ঠিকভাবে ঈশ্বরের সান্নিধ্যে কাটাতে না শিখে নিই, তবে মৃত্যুর পর স্বর্গের রোববারগুলি কীভাবে কাজে লাগাব? তখনও যদি অভ্যাসবশত এমন আলস্যে কাটাই, তবে কি স্বর্গ থেকে বিতারিত হব না?
তিন। আমার আগের একটি পোস্টে কেউ কেউ কমেন্ট করেছেন, ওদের ক্ষমা করে দিলেই তো হয়!
ক্ষমা তো করে দিয়েছি বহু আগেই, কিন্তু ভুলে যেতে পারি না। এর একটাই কারণ: আমি গৌতম বুদ্ধ নই, সুশান্ত পাল। আমি খুব নিকৃষ্ট মনের নিতান্তই সাধারণ একজন মানুষ। আমার মধ্যে অত মহত্ত্ব-টহত্ত্ব নেই।
ভুলে যেতে না পারলেও ওদের কারুর উপর আমার কোনও রাগ নেই। রাগ পুষে রাখতে অনেক ধৈর্য ও সময়ের দরকার হয়; অত ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই।
একটা ঘটনা মনে পড়ছে। ওদের মধ্যে একজন ছিল, যে আমাকে প্রায় সময়ই চড় মারত। কাজটা করে সে একধরনের বিকৃত আনন্দ পেত। কিন্তু এদিকে আমি তো মার খেয়ে খুব ব্যথা পেতাম, তাই ওর কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকতাম।
একদিন সে আরেক বন্ধু-সহ আমাকে ভয় দেখিয়ে কৌশলে ছাদে নিয়ে লাঠি দিয়ে খুব মারছিল, আমার পেটের মধ্যে লাঠি ঢুকিয়ে মোচড়াচ্ছিল আর হা-হা শব্দে হেসে গড়াগড়ি খাচ্ছিল। নিজেকে বাঁচাতে আমি জোর করে লাঠিটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ভেঙে ছুড়ে মারলাম। এতে ওরা দু-জন আরও খেপে গিয়ে আমার টিশার্টের কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বার বার জিজ্ঞেস করছিল, "এই শুয়োরের বাচ্চা! আমাদের লাঠিটা ভাঙলি কেন? লাঠিটা কি তোর বাপে কিনে দিয়েছে?"
সেদিন ওদের চড়থাপ্পড়ের হাত থেকে কোনোমতে দৌড়ে পালিয়ে বেঁচেছিলাম। "মানুষ এমন নিষ্ঠুর-অবিবেচক হয়? আমি ওদের কী ক্ষতি করেছি?" নিরীহ আমার মনে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে বহুবছর ধরে। আমার সাথে অমন আচরণ করা নিয়ে ওদের মধ্যে কোনও অনুশোচনা কখনও দেখিনি; হয়তো ঘটনাটি ওদের মনেই ছিল না।
বড়ো হবার পর বুঝেছি, ওরাই বাংলাদেশ।
ভাবছেন, আজও ওই ছেলের উপর রাগ পুষে বেঁচে আছি, তাই না?
কিছুদিন আগে ওর ছোটো ভাইয়ের জন্য এক জায়গায় সুপারিশ করেছি। ভাইয়ের চাকরিটা হয়েছে; এতে পরিবারটি আর্থিক কষ্ট থেকে কিছুটা হলেও বাঁচবে। ওর কথায় জানলাম, ছোটোবেলার 'খেলার সাথী'র ভাইয়ের জন্য আমি সুপারিশ করব, এটা নাকি সে ভাবতেই পারেনি!
আমার সাথে দিনের পর দিন খারাপ আচরণ করে সেদিন নাহয় সে জিতে গিয়েছিল। বহুবছর পর হলেও আজ আমিও জয়ের দেখা পেয়েছি! সেদিন আমি কেঁদেছিলাম, সে হেসেছিল। আজ আমিও হাসছি, সে-ও হাসছে। এতেই আমার আনন্দ।
ভাবনা: এক হাজার পঞ্চান্ন
………………………………………………………………
এক। এমা অ্যান্ড আই। ভালোবাসা ও সাহসের গল্প। লেখিকা শেইলা হকেনের নিজের জীবনের হৃদয়স্পর্শী আখ্যান এই আত্মজীবনী। শেইলা নামের ছোট্ট মেয়েটি নিজের অন্ধত্বকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে লড়াইটা করেছিল, তারই এক মানবিক বর্ণনা ছড়ানো বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়। সেই যাত্রায় যেসব ঘটনা ও মানুষ তাকে সঙ্গ দিয়েছিল এবং তার জীবনটাকে বদলে ফেলতে সাহায্য করেছিল, তাদের ছবি ফুটিয়ে তুলতে গিয়ে লেখিকা পাঠকদের পরিচয় করে দিয়েছেন তাঁর সবসময়ের পরম বন্ধু এমার সাথে। এমা ছিল সেই ছোট্ট মেয়েটির গাইড-ডগ; গায়ের রং চকলেট-ব্রাউন, ল্যাব্রাডর জাতের কুকুর। বুদ্ধিমান এমার নিরলস নৈপুণ্যে অন্ধ শেইলার জীবনযাপন অনেকটাই সহজ হয়ে উঠেছিল। কাহিনির সঙ্গে এগোতে এগোতে আমরাও ডুবতে থাকি শেইলা এবং এমার অনুপ্রেরণাদায়ী স্মৃতিআখ্যানের মধ্যে।
জন্মগতভাবেই শেইলা ক্ষীণ দৃষ্টিশক্তির অধিকারিণী ছিলেন। একই সমস্যা তাঁর বাবা-মা'য়েরও ছিল। তেরো কি চৌদ্দ বছর বয়সে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। তখন এমাই হয়ে উঠেছিল তাঁর দৃষ্টি, তাঁর বন্ধু, তাঁর সারাক্ষণের বিশ্বস্ত সঙ্গী। এমার সহযোগিতায় শেইলা একটি সুখী, নির্ভার ও সক্রিয় জীবন কাটাতে পেরেছিলেন। পোষা কুকুরটিই ছিল অন্ধ মেয়েটির একমাত্র বন্ধু। মজার ব্যাপার, শেইলা তখন ডনের প্রেমে পড়েছিলেন একটি রেডিয়ো প্রোগ্রামের কানেকশনে।
বহুবছর পর অস্ত্রোপচারের মাধ্যমে শেইলা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছিলেন সেইসময়কার নামকরা সার্জন মিস্টার শিয়ারিংয়ের আন্তরিক চেষ্টায়। দৃষ্টিশক্তি ফিরে পাবার পর শেইলা লিখেছিলেন 'এমা অ্যান্ড আই'। সেই বইতে তিনি লিখছেন,
"দৃষ্টিশক্তি ফিরে পাবার পর আমার মনে হলো যেন পৃথিবীর নতুন জন্ম হয়েছে। সূর্যের সমস্ত আলো এসে ছড়িয়ে পড়ছে আমার সারাগায়ে, সারামনে। হ্যাঁ, আমি জানতাম, এ নতুন কিছু নয়। লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই হয়ে আসছে। কিন্তু আমার শুধু মনে হচ্ছিল, কেবল আমার জন্যই আজ এই পৃথিবীর নতুন জন্ম হয়েছে। চারিদিকে এত আলো, এত সবুজ, এত সৌন্দর্য... নতুন করে আজ এ সবকিছুরই সৃষ্টি হলো শুধুই শেইলার জন্য।"
অসীম আনন্দে ভেসে যাবার সেই সুখস্মৃতি তিনি কোনোদিনই ভোলেননি। যখন তিনি দেখেন, মানুষ খুব ছোটো ছোটো ব্যাপার নিয়ে মন খারাপ করছে, ক্রমাগত অভিযোগ করে চলেছে, তখন তাঁর ওদেরকে চিৎকার বলতে ইচ্ছে করে, তোমরা জানোই না, কতটা সৌভাগ্য নিয়ে তোমরা বেঁচে আছ! চাইলেই তোমরা আকাশ দেখতে পারো, মেঘের ওড়াউড়ি দেখতে পারো, রোদ-বৃষ্টি দেখতে পারো। সবচাইতে বড়ো কথা, যারা তোমাদের ভালোবাসে এবং তুমি যাদের ভালোবাসো, তাদেরকে দেখতে পারো। এত এত সৌভাগ্য নিয়ে বেঁচে থাকার পরও অমন মন খারাপ করে আছ! তোমাদের এই জীবনটা যে কত কত মানুষের স্বপ্নের জীবন, তা তোমরা জানোই না!
দুই। ছোট্ট এক ছেলেকে জিজ্ঞেস করা হলো: How old are you?
ছেলেটির উত্তর ছিল: I'm not old, I'm 6!
যাদের কাছে বয়স কেবলই একটি সংখ্যা, তারা যে-কোনও বয়সেই কনফিডেন্টলি ওরকম করে উত্তর দিতে পারেন। আমার এক সিনিয়র বন্ধু আছেন, আমার বাবার চাইতেও বয়সে অনেক বড়ো। এখনো তিনি হাঁটতে পারেন একটানা অনেকক্ষণ; ধূমপান, মদ্যপান এবং প্রেমও করেন সমানে। শরীর যথেষ্ট মজবুত ও নীরোগ। আবৃত্তির ঢঙে খুবই চমৎকার ভঙ্গিতে কথা বলেন। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে; বাবার ব্যাবসা দেখার জন্য দেশে ফিরে এসেছিলেন। তাঁর মতন স্মার্ট, অভিজাত ও রুচিশীল মানুষ আমি এ জীবনে কম দেখেছি।
"যদি আমাকে বন্ধুই ভাবো, তবে নাম ধরে ডাকতে সমস্যা কোথায়? বাই দ্য ওয়ে, বন্ধুকে তুমি আপনি করে বলো নাকি? তাহলে আমাকে বলছ যে? বন্ধুর সঙ্গে কথা বলার মানে তো তার আত্মার সাথে কথা বলা। দুই আত্মার মধ্যকার কথোপকথনে 'আপনি' সম্বোধনটা আসে কোত্থেকে? তুমি তো সুফিবাদ পছন্দ করো, রুমির ডাইহার্ড ফ্যান; তোমাকে এসব বুঝিয়ে বলতে হচ্ছে কেন আমার?"
আমি নির্দ্বিধায় বলতে পারি, অমন প্রশ্নের উত্তরে তিনিও অবলীলায় বলতে পারবেন: I'm not old, I'm 86!
তিন। পেপারওয়েট জিনিসটা ভীষণ কাজের। পড়ার বা লেখার সময় হাওয়া যখন কাগজ ওড়ায়, তখন পেপারওয়েট অনেক বাড়তি ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেয়। এ এমনই এক বন্ধু, যে প্রয়োজনের সময় না থাকলেই তার গুরুত্ব টের পাওয়া যায়।
ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ইংরেজ লেখক, সমালোচক ও দার্শনিক জন রাসকিনের পেপারওয়েটটি দেখতে ছিল ভারি নান্দনিক, পাথরের তৈরি। ওখানে এই শব্দটি খোদাই করা ছিল: TODAY, যা তাঁকে সারাক্ষণই মনে করিয়ে দিত: গতকালও নয়, নয় আগামীকালও, আজই জীবনের সবচাইতে সুন্দর দিন।
তিনি ওই শব্দটিকে তাঁর জীবনের মূলমন্ত্র মানতেন। যখনই লিখতে বসতেন, পেপারওয়েটটি তাঁর চোখের সামনে রাখতেন। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি দিনই ঈশ্বরের একেকটি উপহার। তাই সবচাইতে সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে প্রতিটি দিনকেই কাজে লাগাতে হবে। সামান্য পেপারওয়েটটি কেনার সময় রাসকিন কি ভাবতে পেরেছিলেন, এই বস্তুটিই একদিন তাঁর জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়াবে?
বলা হয়ে থাকে, আমরা অতীতের কাছ থেকে শিক্ষা নিই। কিন্তু যদি কখনো এমন মনে হয়, ইস্! যদি গতকালের দিনটিতে একবার বাঁচতে পারতাম! ... তাহলে কি তা করা সম্ভব? আগামীকাল যে বেঁচে থাকব, তার কি কোনও নিশ্চয়তা আছে? আসলে রাসকিনের পথটাই ছিল সবচাইতে ভালো। আজকের দিনটা খুব ভালোভাবে বাঁচলে কালকের দিনটা সুন্দর হবার সম্ভাবনা এমনিতেই বেড়ে যায়।
একটা পেপারওয়েটও যে রাসকিনের মতন মহান দার্শনিক লেখকের জীবনের মুখ্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, তা ভাবলে অবাক হতে হয়। কী যে কখন কার জীবনে কীভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজে লেগে যায় বলা মুশকিল!
ভাবনা: এক হাজার ছাপ্পান্ন
………………………………………………………………
এক। ছোটোবেলায় খুবই বেকুব টাইপের ছিলাম। ছেলেরা খেলায় নিত এই শর্তে যে, নালায় বল পড়লে তুলে নিয়ে আসতে হবে। ক্রিকেট খেলায় ব্যাটিং বা বোলিং করতে দিত না, আর ফুটবল খেলায় তো মাঠেই নামাত না। বল পরিষ্কার করা, প্লেয়ারদের জন্য কল থেকে বোতলে করে জল নিয়ে আসা, বল ফেটে গেলে নিজের পকেটের পয়সা খরচ করে কিনে দেওয়া... এসবই করতাম। ওতেই ছিল আমার আনন্দ। খেলতে পারছি না যদিও, তবু খেলায় থাকতে তো পারছি। আমাকে দেখে ওরা হাসাহাসি করত। (হয়তোবা ওদের দেখেও ঈশ্বর হাসতেন।)
মার্বেল খেলতে গেলে ওরা আমার পকেট থেকে মার্বেল কেড়ে নিয়ে ফেলত। চড়থাপ্পড় তো প্রায়ই খেতাম। অনেক ছেলের বদভ্যাসই থাকে অন্যের গায়ে হাত তোলার। ওই কাজে নিরীহ ও গোবেচারা আমাকে বেছে নেওয়া ছিল সবচাইতে নিরাপদ। আমাকে প্রতি সপ্তাহেই অন্তত দুইটি লাটিম কিনতে হতো লাটিম হারিয়ে ফেলতাম বলে নয়, ওরা আমার কাছ থেকে নিয়ে রেখে দিত বলে। তবু কিছু বলতাম না, কেননা প্রতিবাদ করলে মার খেতাম, বাসায় ফিরে মায়ের কাছে নালিশ করলে উলটো আরেক দফায় মার খেতাম। ছোট্ট আমারও তো ইচ্ছে করত ওদের সাথে খেলতে, খেলায় না নিলেও অন্তত চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের খেলা দেখতে।
খেলার মাঠে প্রায় সময়ই এককোণে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম কেউ খেলায় নিত না, তাই। যখন কেউ আমাকে মারত, তখন আমার একটাই টার্গেট থাকত: কোনোভাবে কঞ্চি বা লাঠিটা তার কাছ থেকে কেড়ে নিয়ে তা ভেঙে ফেলা। পালটা আঘাত কখনও করিনি গায়ে শক্তি ছিল না বলে নয়, মারামারি করতে ভয় পেতাম বলে। ওদের কাছে হেরে যাওয়াটা আমার রুটিন হয়ে গিয়েছিল। (যে চড়টা সময় হলে সময়ই দেবে, সে চড়টা দেবার দরকার আমার ছিল না।)
আমার সেইসব মহাবীর খেলার সাথীদের কেউ জীবনে বলার মতো তেমন কিছু করতে পেরেছে বলে আমি কখনও শুনিনি। আজ বুঝি, সবাই সব জায়গায় জিততে পারে না। যেখানে জেতার কোনও দরকারই নেই, সেখানেও জিততে চায় যারা, তারা কখনোই সেখানে জিততে পারে না, যেখানে জেতা খুব দরকার। অসময়ে জেতার নামই সময়ে হারা। এমনটা ঘটতে বহু বহু দেখেছি।
নিরীহ কাউকে যতটুকু আঘাত করবেন, গুনে গুনে তার অন্তত দ্বিগুণ আঘাত কোনো-না-কোনো উপায়ে ফেরত পাবেন। 'পাবেন' মানে... 'পাবেনই'! বিনয়ের সাথে বলছি, আমার চরম বিপদের দিনে আমার পেছনে লেগেছিল যারা, ওদের কেউই আজও আমার আগে যেতে পারেনি। বেজায়গায় হিরো, আর জায়গায় জিরো যে লোক, তার পুরো জীবনটাই তো বিগ জিরো! কী লাভ?
দিনশেষে, জীবন কাউকেই ঠকায় না। যার যা প্রাপ্য, সময় হলে তা সে ঠিকই পেয়ে যায়।
দুই। ব্রিটেন থেকে একবার কিছু মিশনারি ডাক্তার থাইল্যান্ডে গেলেন একটা হাসপাতালে কাজ করতে। থাই লোকজনের সাথে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে ওঁরা বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন। ওঁদের বলে দেওয়া হয়েছিল, কোনও অবস্থাতেই হাসপাতালের কোনও নার্স বা স্টাফকে কারও সামনে বকাঝকা করা যাবে না। থাই কালচারে এই ব্যাপারটাকে খুব বাজেভাবে দেখা হয়, কেননা এতে করে একজন মানুষের আত্মসম্মান ক্ষুণ্ন হয়।
"ঠিক আছে, নিয়মটা ভালো। কিন্তু এভাবে কি কাজ চালানো যায়? যদি ওদের কেউ এমন কোনও ভুল করে বসে, যা আমার কাজের ক্ষতি করে, তাহলেও কি তাকে কিছুই বলা যাবে না? এ কেমন নিয়ম আপনাদের?" মিশনারি ডাক্তারদের একজন প্রতিবাদ করলেন।
"নিশ্চয়ই বলা যাবে। সেক্ষেত্রে মৃদুস্বরে তাকে বুঝিয়ে বলবেন, যে কাজটা সে করেছে, তা ঠিকই আছে, কিন্তু যদি কাজটা সে এভাবে কিংবা ওভাবে করত, তাহলে আরও চমৎকার হতো। ওর সাথে ভালো আচরণ করে কাজটা কীভাবে করলে ভালো হতো, তা দেখিয়ে দিলে দেখবেন, আর কখনোই সে ভুলটা করবে না।" কর্তৃপক্ষের তরফ থেকে উত্তর এল।
এই অভিনব থাই মেথডে স্টাফদের সাথে কথা বলতে গিয়ে ব্রিটিশ ডাক্তারদের প্রথম প্রথম খুব বিরক্ত লাগত, তবে ধীরে ধীরে তাঁরা ওভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেলেন। ডাক্তাররা অবাক হয়ে লক্ষ করলেন, এতে কাজের পরিবেশও ঠিক থাকে, আবার সত্যি সত্যিই স্টাফরা একই ভুল দ্বিতীয় বার আর করেনি। এত চমৎকার ব্যবহার করেও যে মানুষকে শোধরানো যায়, তা তাঁরা জীবনে প্রথম দেখলেন।
যারা জাতিগতভাবে ভদ্র ও নম্র, তাদের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়। সবচাইতে বড়ো কথা, পারস্পরিক সম্পর্ক সুন্দর রেখেই দিব্যি চলা যায়। ভদ্রলোকের দেশে থাকতে পারা অনেক বড়ো একটা সৌভাগ্যের ব্যাপার।
তিন। বসন্তের সুন্দর একটি সকাল। চারিদিকে পাখিরা ডাকছে, গাছে গাছে নতুন সবুজ পাতা। কোথায় যেন একটা কোকিল এমনভাবে গাইছে যে শুনে মনে হচ্ছে, সে স্বর্গে যেতে পারবে কি পারবে না, তা নির্ভর করছে সারাজীবনে সে কী পরিমাণ বসন্তসংগীত উপহার দিয়েছে, তার উপর। ফুলের গন্ধে বসন্তের হাওয়া ম-ম করছে।
"অন্ধদের দেখলে খুব কষ্ট হয়। বসন্তের এত সুন্দর রং-রূপ ওরা কখনোই উপভোগ করতে পারে না। প্রকৃতির এমন সৌন্দর্য না দেখেই বেচারাদের জীবন কেটে যায়।"
কাউকে কাউকে এই আফসোসটা করতে দেখি। তবে মানুষে মানুষে পার্থক্য আছে। যারা দেখতে পায়, ওদের মধ্যে কতজনই-বা আদৌ দেখতে পারে?! অন্ধদের কেউ কেউ নিজের চেষ্টায় তীব্র অনুভূতিসম্পন্ন হয়ে ওঠে। এমনকী যারা দেখতে পায়, তাদের চাইতেও অন্ধদের মনের চোখ কখনো কখনো অনেক বেশি ক্ষমতাসম্পন্ন হয়।
বহুবছর আগে ইয়র্কশায়ার ডেল সোসাইটির ভাইস-চেয়ারম্যান কেন উইলসন অন্ধদের জন্য একটি পদব্রজে ভ্রমণের আয়োজন করেন। দেখা যায়, ওই আয়োজনে যারা অংশ নিয়েছিল, তাদের অনেকেই চারপাশের সৌন্দর্য এত বেশি অনুভব করতে সক্ষম হয়েছিল যে পরবর্তী আয়োজনের ব্যাপারে ওদের উৎসাহ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল।
মিস্টার উইলসন তাদের জন্য একটি দীর্ঘ গুহার অভ্যন্তরে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। কিছু এক্সপার্টের সহায়তায় পুরো দলটিকে গুহার ভেতরে নানান জায়গায় ঘুরিয়ে দেখানো হয়। এমন সব জায়গায় ওরা গিয়েছিল, যেখানে সুস্থ দৃষ্টির মানুষও যেতে সাহস করবে না। অথচ এক্সপার্টদের বর্ণনা শুনে মনের চোখ দিয়ে ওরা গুহার বিভিন্ন বৈশিষ্ট্য এমনভাবে বলতে পেরেছিল, যা ছিল নিখুঁত ও নান্দনিক। পথের কাঁটা ওরা দেখতে পায়নি বলেই পথশেষের ফুলের সৌরভ খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিল।
অন্ধরা দেখতে পায় না বলেই ওদের দেখার ইচ্ছে ও সাহস বেশি। যা অনুভব করে নিতে হয়, যদি সমস্ত মনোযোগ ওতেই নিবদ্ধ রাখা যায়, তাহলে তা সবচাইতে প্রখরভাবে অনুভব করা যায়। যারা দেখতে পায়, আশেপাশের নানান অনুষঙ্গ তাদের দৃষ্টিকে লক্ষ্য থেকে বিচ্যুত করে ফেলে বিধায় আসল কাজটিই ওরা আর ঠিকভাবে করতে পারে না। লক্ষ্যে পৌঁছাতে চাইলে কেবলই লক্ষ্যে একাগ্র হয়ে থাকাটা জরুরি। অপ্রয়োজনীয় বিষয়ে অন্ধত্ব তৈরি করে নেওয়া খুব কাজের একটি অভ্যাস।
আরেকটি ব্যাপার ঘটে। ওদের যে গুহার ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, তা ছিল বেশ দুর্গম। তবে এই ব্যাপারটি অন্ধ অভিযাত্রীদের জানানো হয়নি, তাই ওদের মাথায় ছিল কেবলই গুহার সেইসব বর্ণনা, যা ওদের সাথে থাকা এক্সপার্ট গাইডেরা বলে চলছিলেন। সেই পথেই চলা কঠিন, যে পথের ভয়ে মানুষ চলার গতি স্তিমিত করে দেয়। ভয় মানুষের মনের শক্তি প্রায় শূন্যে নামিয়ে আনে। ওদের মধ্যে এমন কোনও ভয় ছিল না বলেই হাতে ও পায়ে স্পর্শ করে, লাঠি দিয়ে গুহার গায়ে নানান জায়গায় ছুঁয়ে ছুঁয়ে গুহার বৈশিষ্ট্য ও সৌন্দর্য নিয়ে ওদের মনে ধারণা তৈরি হয়েছিল, যা ছিল মোটামুটি অভ্রান্ত। পথের বাধাবিপত্তি দেখে বিহ্বল হয়ে পড়লে কখনোই গন্তব্যে পৌঁছানো যায় না।
ভাবনা: এক হাজার সাতান্ন
………………………………………………………………
এক। পহেলা ফাগুন উপলক্ষ্যে ত্রপা বাসন্তী রঙের একটা টুপি কিনেছিল। টুপির চারিদিকে গাঁদা ফুলের কাজ-করা। বেশ নান্দনিক দেখতে টুপিটা। সেদিন সকালে একটা রেস্টুরেন্টে সে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল।
হঠাৎ দেখল, হুবহু একই টুপি পরে একটি মেয়ে ঢুকল রেস্টুরেন্টে। তাকে দেখেই ত্রপা খুশিতে 'হাই' বলে চেঁচিয়ে উঠে নিজের মাথার টুপি তর্জনি দিয়ে স্পর্শ করে বলল, সেইম সেইম!
কথাটা শুনেই মেয়েটি কীরকম যেন নার্ভাস হয়ে রেস্টুরেন্টের সেই কর্নারে চলে গেল, যেখানে লম্বা একটি আয়না রাখা ছিল। নিজের মাথার টুপির দিকে তাকিয়ে ত্রপার দিকে একটা হাসি ছুড়ে দিল।
ত্রপা তাড়াতাড়ি মোবাইলের ফ্রন্ট-ক্যামেরা অন করে দেখল, বাসা থেকে তাড়াহুড়ো করে বের হবার সময় সে ভুল করে অন্য একটা টুপি পরে বেরিয়েছে। নিজের উপর তার খুবই মেজাজ খারাপ হলো। সে বুঝতেই পারছিল না, এমন ভুল সে কীভাবে করল!
মানুষ মনের ভুলে এমন অনেক কিছুই করে ফেলে, পরবর্তীতে যা সে নিজেই বিশ্বাস করতে পারে না। যা ঘটেইনি, তা-ই ঘটেছে বলে মানুষ যখন শতভাগ নিশ্চিত থাকে, তখনই সে কনফিডেন্টলি নানান ধরনের ভুল করে বসে থাকে। তাই নিজের যে কাজ বা দিকের বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত বলে ভাবছি, সেখানেও ভুল থাকতে পারে। মানুষ অবচেতন মনে এমন সব ভুল করে বসে, এমন সব কথা বলে বসে, যা পরে ধরা পড়লে সে নিজের কাছেই ভীষণ লজ্জা পেয়ে যায়। তাই কাউকে কিছু বলার সময় কিংবা সিদ্ধান্ত দেবার সময় শতভাগ নিশ্চিত না হয়ে কেবল নিজের স্মৃতি বা বিশ্বাসের উপর নির্ভর করা উচিত নয়।
আরেকটি মজার ব্যাপার হলো, প্রায়ই দেখা যায়, যে বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত, তা নিয়েও যদি কেউ আত্মবিশ্বাসের সাথে ভিন্ন কিছু বলে, তখন আমরা কনফিউজড হয়ে পড়ি। ত্রপা যে টুপিটা ভুল করে পরে এসেছিল, মেয়েটির কাছে সেই টুপিটাই ছিল না। তবু ত্রপার কনফিডেন্ট টোন শুনে মেয়েটি ধন্দে পড়ে যায় এবং আয়নার সামনে গিয়ে দেখে আসে, সত্যি সত্যি তার মাথার টুপি বদলে গেল কি না। ঠিকভাবে তাকিয়ে বিশ্বাসযোগ্য ধরনে কথা বলে আমাদের কনফিউজড করে দেওয়া খুব একটা কঠিন নয়। ত্রপা নিজের অজান্তেই এই কাজটা করতে পেরেছিল, কেননা সে জানত, সে পুরোপুরি ঠিক কথাটিই বলছে।
হজম করা কঠিন, এমন একটি সত্য আমরা সবাই জানি: কেবল মা-ই জানে, সন্তানের প্রকৃত পিতা কে। মা লুকোলে এই সত্যটা পিতার পক্ষেও জানা সম্ভব নয়। যেখানে আমরা নিজের পিতৃপরিচয় নিয়েই পুরোপুরি নিশ্চিত নই, সেখানে অন্য সমস্ত প্রত্যয় কি ধীরে ধীরে ঠুনকো হয়ে পড়ে না?
দুই। বন্ধুর বাসায় গিয়ে দেখি, পোষা বেড়ালটিকে কোলে বসিয়ে মাথার কাছে আঙুলের উলটো পিঠ দিয়ে হালকা টোকা মেরে মেরে হাত বুলিয়ে আদর করছে। ওদের দেখে বোঝার উপায় নেই, কে বেশি আরাম পাচ্ছে... বেড়ালটি? না কি বেড়ালের গায়ে হাত বুলিয়ে যে আদর করছে, সে?
বন্ধুকে বললাম, "তুই যা করছিস, এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটছে।"
"কীরকম?"
"ধর, তুই আমাকে জিজ্ঞেস করলি, "কেমন আছিস?" এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমার মন ভালো করে দেবে এবং তোর প্রতি একধরনের আন্তরিকতা তৈরি হবে। আবার ধর, আমি তোকে বললাম, "এই শার্টটা কোথা থেকে কিনলি রে? এত চমৎকার মানিয়েছে তোকে!" তখন তোর মনটা ভালো হয়ে যাবে এটা ভেবে যে, তুই একটা দারুণ শার্ট কিনেছিস, তোকে দেখতেও ভালো লাগছে, কেননা মানুষ নিজেকে সুন্দর ভাবতে ভীষণ পছন্দ করে। তখন তুই আমার পরের কথাগুলিকেও ভালোভাবে নিবি। এবং চেষ্টা করবি সবসময়ই নিজেকে সুন্দর রাখার। সবাই এমন রে! ভালো কাজের প্রশংসা শুনলে লোকে খুশি হয় এবং আরও বেশি করে ভালো কাজ করার চেষ্টা করে।"
"এসব নাহয় বুঝলাম। কিন্তু বেড়ালকে আদর করার মধ্যে তুই সাইকোলজিক্যাল টুইস্ট কী দেখলি?"
"হ্যাঁ হ্যাঁ, আসছি ওখানে। আমরা যখন কাউকে তার নিজের সম্পর্কে ভালো কিছু বলি, তখন সে স্বাভাবিকভাবেই খুব খুশি হয়। প্রতিটি মানুষই তার ভালো দিক ও কাজের স্বীকৃতি চায়। মুখে না বললেও মনে মনে খুশি হয় সৎপ্রশংসা শুনলে। ধর, তুই আমার সম্পর্কে এমন কিছু তথ্য জানিস, যা আমি নিজেও জানি, তবে তোর মুখে শুনলে আমার খুব ভালো লাগবে, কেননা তুই আমার বন্ধু। শুধু তা-ই নয়, আমাকে নিয়ে ভালো কিছু বললে আমিও মনে মনে খুঁজতে থাকব, তোর সম্পর্কে কী কী বললে তোর ভালো লাগবে, এবং কায়দা করে সেগুলি বলে ফেলে তোর মন ভালো করে দেবো। একদিন তো মরেই যাব, তার আগেই বন্ধুর মন ভালো দেবার সুযোগটা নিলে অসুবিধে কোথায়? তা না করলে হয়তো আর কখনও সুযোগই হবে না ওসব বলার। বেড়ালটাকে যে আদর দিচ্ছিস, এতে সে যেমন আরাম পাচ্ছে, তুইও তেমনি আরাম পাচ্ছিস। তোদের দু-জনেরই চোখে-মুখে তৃপ্তির ছাপ দেখা যাচ্ছে। ইটস অ্যা টু-ওয়ে ট্রাফিক। বলতে পারিস, একধরনের উইন-উইন সিচুয়েশন।"
হঠাৎ বেড়ালটি তীক্ষ্ণস্বরে ম্যাঁও করে চেঁচিয়ে উঠে বন্ধুর হাতে আঁচড় দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আঁচড় খেয়ে বন্ধুও কিছুটা বিরক্ত হলো নিজের পোষা বেড়ালের উপর।
"কী হলো রে?"
"অন্যমনস্ক হয়ে বোধ হয় ওকে বেশি চেপে ধরে ফেলেছিলাম। তাই ব্যথা পেয়ে এমন করল।"
"দ্যাখ, তুই অন্যকে যা দিবি, তা-ই ফেরত পাবি। ইচ্ছে করে দিলি কি ভুল করে দিলি, তার চাইতে বড়ো কথা, দিলি তো! আবার অন্য কেউ তোকে যা দেবে, তা-ই সে ফেরত পাবে। বেড়ালকে ব্যথা দিয়ে তুই বেড়ালের আঁচড় খেলি। আবার তোকে আঁচড় দিয়ে বেড়াল তোর বিরক্তি পেল। আমরা কাউকে খুশি করলে উপহার হিসেবে নিজেও খুশি পাই। আবার কাউকে বিরক্ত করলে তার বদলে নিজেও বিরক্তি পাই। যা দিই, তা-ই পাই।"
ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৫
লেখাটি শেয়ার করুন