ভাবনাদেয়ালের পলেস্তারা

ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৪



ভাবনা: এক হাজার চুয়াল্লিশ
………………………………………………………………


এক। ইউনিভার্সিটি অব ডেনভার পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা অপেক্ষাকৃত দীর্ঘদিন বাঁচে।

কেন, জানেন? সেই সমীক্ষার রিপোর্ট থেকেই বলি।

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী লোকজনের মনে শান্তি থাকে অপেক্ষাকৃত বেশি, কেননা ওরা বেশিরভাগ ঝামেলার ভার ঈশ্বরের হাতেই ছেড়ে দেয়। প্রার্থনার মধ্যে ওরা খুব সহজেই শান্তি খুঁজে পায়।

হার্টঅ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি ওদের অনেক কম, কেননা ওরা জগতের কোনোকিছু নিয়েই বাড়তি চাপ নেয় না। ওদের বিশ্বাস, যা হচ্ছে, তার সব‌ই হচ্ছে ঈশ্বরের ইচ্ছেয়। অত ভেবে কী হবে?

আস্তিক লোকজন প্রশ্ন করে কম, যুক্তি খোঁজে তার‌ও কম। কার্যকারণ না খুঁজে সহজভাবে এটা বিশ্বাস করে নেয় যে, ঈশ্বর চাইছেন বলেই এমন হচ্ছে। ফলে তাদের মধ্যে মানসিক বৈকল্যজনিত সমস্যা কম দেখা যায়।

ধর্মে বারণ করা আছে বিধায় ওরা মদ্যপান ও ধূমপান‌ কম করে। সত্যিকারের ধার্মিক মানুষ কোনও ধরনের সহিংসতার মধ্যে নিজেকে কখনও জড়ায় না এবং অন্যান্য ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।

দুই। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্থপতিদের একজন অগাস্টাস পুগিন। জগদ্বিখ্যাত বিগ বেন, স্যার চার্লস ব্যারির সাথে লন্ডনের হাউজেস অব পার্লামেন্ট থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর প্রারম্ভে ইংল্যান্ডে যা যা চার্চ এবং নান্দনিক স্থাপত্য তৈরি হয়েছে, সেগুলির বেশিরভাগেরই কনসেপ্ট ও ডিজাইন পুগিনের। এ ছাড়াও আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার নানান জায়গায় তাঁর চিন্তার ফসল পৃথিবীর মানুষকে বিস্মিত করে আসছে যুগের পর যুগ। স্থাপত্যবিদ্যার উপর তাঁর লেখা আটটি ব‌ইকে আজ‌ও প্রামাণ্য হিসেবে ধরা হয়।

মানুষটি এত কিছু করে গেছেন মাত্র ৪০ বছরের আয়ুতেই। তিনি বেঁচে ছিলেন মাত্র ৪০ বছর, অথচ কাজ করে গেছেন শত বছরের। আমাদের স্বামী বিবেকানন্দ চল্লিশ‌ও পেরোননি। অথচ তাঁর অবদান দেড়-শো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর মানুষের মনে-প্রাণে-আত্মায় শান্তির সুবাতাস বইয়ে দিয়ে চলেছে। এজন্য‌ই বলে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

কত মানুষের মুখে শুনি, আমার দাদা এক-শো বছরেরও বেশি আয়ু পেয়েছিলেন। অথচ ওঁদের কাউকেই আমরা চিনি না। পৃথিবীর মানুষের জন্য ওঁদের কেউই কিছু করেননি বলেই চিনি না। সহজ করে বললে নিজ পরিবারের বাইরে আর কারুর ওঁদের চেনার কোনও কারণ নেই। তাই মাঝে মাঝে মনে হয়, শুধু আয়ু নয়, শুধুই আয়ু নয়... তার সাথে অমরত্ব‌ও! কঠিন, কঠিন, খুব কঠিন ওই পথে হাঁটা!

তিন। একটু ভাবুন তো, পাবলিক লাইব্রেরিগুলি না থাকলে কী হতো? কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা এগোত কী করে? লাইব্রেরির নিবেদিতপ্রাণ কর্মীরা আমাদের বোধ ও মনের নির্মাণে যে ভূমিকা রেখে চলেছেন নিরলসভাবে, তার কি কোনও তুলনা হয়? অজ্ঞতার অন্ধকার দূর করতে এইসব প্রতিষ্ঠান যেভাবে কাজ করে যাচ্ছে, তা ভাবতেও ভালো লাগে। ব‌ই কিনে পড়ার সামর্থ্য যাদের নেই, অথচ ব‌ই পড়ার অসীম ইচ্ছে আছে, তাদের আত্মার আত্মীয় এইসব লাইব্রেরি এবং সেখানকার কর্মীরা।

নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনের সবচাইতে আনন্দঘন এবং ফলপ্রসূ সময়গুলি আমি কাটিয়েছি পাবলিক লাইব্রেরিতে। চট্টগ্রামের শহিদ মিনারের উলটো দিকে যে পাবলিক লাইব্রেরি ছিল, সেটির বিভিন্ন ফ্লোরে আমার স্কুল এবং কলেজের দিনগুলি আনন্দে কেটেছে। আজকের আমি'টার বুনিয়াদ গঠনে লাইব্রেরির কর্মীদের অনেক অবদান আছে। মানুষগুলির প্রতি আমি হৃদয়ের মধ্যে একধরনের গভীর সম্ভ্রম ও কৃতজ্ঞতা লালন করি।

সময়ে সময়ে অনেক দানশীল ব্যক্তি বিভিন্ন জায়গায় পাবলিক লাইব্রেরি গড়ে দিয়েছেন, আজ‌ও দিচ্ছেন। সমাজের মেরুদণ্ডটি শক্ত করে দাঁড়িয়ে আছে তাঁদের কল্যাণেই। নিজের কষ্টার্জিত সম্পদ মানুষের নির্মাণে খরচ করে ফেলতে অনেক বড়ো মনের দরকার হয়। সবাই তা পারে না। বেশিরভাগ ধনী ব্যক্তিই নিজের বিশাল বিত্তবৈভব মানুষের কল্যাণে ব্যয় না করেই মৃত্যুবরণ করেন। উত্তরাধিকারীদের জন্য যতটুকু রেখে গেলেই যথেষ্ট, তার উদ্‌বৃত্ত সম্পদ মানুষের জন্য দান করে গেলেই ভালো। আমাদের বাড়তি বিত্তের উপর নিশ্চয়ই কিছু হতদরিদ্র মানুষের অধিকার রয়েছে।

স্কটল্যান্ডের ডানফার্মলাইন শহরে জন্ম-নেওয়া প্রসিদ্ধ শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির কথা মনে পড়ছে। আমেরিকায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করলেও প্রথমজীবনের সংগ্রামের কথা তিনি কখনোই ভুলে যাননি। শেকড়ের প্রতি টান তাঁর সবসময়ই ছিল। শিক্ষাকে তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন এবং বিশ্বাস করতেন, উন্নত হতে চাইলে মানুষকে অবশ্যই ব‌ই পড়তে হবে।

তিনি ছিলেন একজন দানশীল ব্যক্তি। নিজের কষ্টার্জিত সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন মানুষের কল্যাণে। কোনও দাতব্য সংস্থায় অর্থ দান করার সময় তিনি শর্ত জুড়ে দিতেন, এই অর্থের সিংহভাগ খরচ করতে হবে লাইব্রেরি স্থাপন করার কাজে। যেসব এলাকা পিছিয়ে আছে, সেখানকার জনগণের জন্য লাইব্রেরি বানিয়ে দিতে হবে।

তাঁর চেষ্টায় সেসময় আমেরিকা ও স্কটল্যান্ডের নানান অনগ্রসর এলাকায় অনেক লাইব্রেরি স্থাপিত হয়েছিল। আমি ভাবি, এই মহান ব্যক্তিটির দূরদর্শিতায় এক-শো বছরেরও অধিক সময় ধরে জগতের কত কত মানুষ আনন্দ লাভ করে আসছে, নিজেকে আলোকিত করতে পারছে!


ভাবনা: এক হাজার পঁয়তাল্লিশ
………………………………………………………………


এক। গাড়িতে আমি এবং স্যার। অনেক দিন আগের কথা। তখন ব্যাবসা করতাম। লেখালেখির সুবাদে স্যারের স্নেহধন্য হবার সুযোগ পেয়েছিলাম। তিনি আমার লেখা পড়তে ভালোবাসতেন, তাই কখনো কখনো তাঁর সাহচর্য পেতাম। স্যার ব্যস্ত মানুষ, কোনও কারণ ছাড়াই আমাকে সময় দেবেন কেন?

আমরা সেদিন অরুণ সোম-সহ রাশান সাহিত্যের বিভিন্ন অনুবাদকের কাজের উচ্চতা নিয়ে গল্প করছি, হঠাৎ দেখি, বেশ কিছু ছাত্র রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করতে শুরু করল। কাজটা চোখের নিমিষেই শুরু হবার কারণে স্যার গাড়ি ঘুরিয়ে ওখান থেকে নিরাপদ দূরত্বে যাবার আগেই লাঠির কয়েকটা বাড়ি গাড়িতে এসে পড়েছিল। ঘটনার আকস্মিকতায় আমরা হকচকিয়ে গিয়েছিলাম।

কিছু বুঝে ওঠার আগেই একজন ছাত্রকে দেখি কাচে নক করতে করতে চেঁচিয়ে বলছে, "স্যার, কাচ নামান! কাচ নামান! কথা আছে।"
"সুশান্ত, কাচ নামিয়ো না। ওরা আমাদের মারবে।"
"স্যার, কাচ না নামালেও মারবে। ও বোধ হয় আপনাকে চেনে।" (ছেলেটি বাকিদের গাড়ির কাছে আসতে দিচ্ছিল না, কোনোমতে আটকে রাখছিল। আমার কথায় স্যার গাড়ির কাচ নামালেন।)
"আসসালামুয়ালাইকুম, স্যার। আপনাকে গাড়ি থেকে একটু নামতে হবে। আমরা আপনার গাড়িটা ভাঙব। আপনি ভেতরে থাকলে গায়ে কাচ ঢুকে যাবে। আমি আপনার ছাত্র। তাই ওদের বুঝিয়ে-শুনিয়ে কোনোমতে থামিয়ে রেখেছি। প্লিজ স্যার, নামুন।"

স্যার কিছু বলার আগেই ছেলেটি স্যারের হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দিল এবং স্যারের পা ছুঁয়ে সালাম করল। এরপর আমাদের দু-জনকে ওখান থেকে একটু দূরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে বিশ্রাম নিতে বলল।

এসব দেখে আমরা হতভম্ব হয়ে ছিলাম। নিজের চোখের সামনে স্যার তাঁর শখের গাড়িটিকে তছনছ হতে দেখলেন। কিছুই করার ছিল না।

এক‌ই ধরনের আরেকটি ঘটনা ঘটতে দেখেছিলাম ভার্সিটির শাটল-ট্রেনে। ভার্সিটির উদ্দেশে ট্রেন ছেড়ে যাবার সময় হঠাৎ কিছু উত্তেজিত ছাত্র ট্রেন থামিয়ে দিয়ে চিৎকার করতে করতে সবাইকে ট্রেন থেকে নেমে যেতে বলছিল। ওরা সেদিন ক্লাস চলতে দেবে না। দাবিদাওয়া আদায় না হ‌ওয়া অবধি সকল ক্লাস বন্ধ থাকবে।

দেখলাম, ওদের‌ই বেশ কয়েক জন ট্রেনের বিভিন্ন বগিতে উঠে উঠে যারা নামছিল না, তাদেরকে (অনেকটা জোর করেই) নামিয়ে দিচ্ছিল। একজন শিক্ষক নামতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাঁর ডিপার্টমেন্টের‌ই এক ছাত্র সামনে এসে উচ্চস্বরে "আসসালামুয়ালাইকুম, স্যার!" বলে দুইহাত জোড় করে বলল, "স্যার, নেমে যান!" "আমি নামব না। আমার ক্লাস আছে। তোমরা যা খুশি করো।" "স্যার, আজকে ক্লাস হবে না। আপনি এখন‌ই নেমে যান। নিজ থেকে না নামলে জোর করে নামিয়ে দিতে বাধ্য হব, স্যার!"

এই কথাগুলি সে বলছিল খুব চেঁচিয়ে চেঁচিয়ে। তবে উত্তেজনার বশে কিছুটা ধমকের সুরে কথা বলা বাদে আর কোনও বেয়াদবি সে পিতৃতুল্য শিক্ষকের সাথে করেনি। একসময় নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে স্যারকে স্টেশনের প্ল্যাটফর্মে নেমে যেতে হয়েছিল।

উপরের দুইটি ঘটনাই ঘটেছে আমার চোখের সামনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এক শিক্ষাগুরু বাদে এ পৃথিবীতে আর কেউই স্যার নন। শিক্ষাগুরু বলতে আমি বোঝাতে চাইছি এমন কাউকে, যাঁর কাছ থেকে আমি কিছু শিখেছি, সামনাসামনি কিংবা দূর থেকে। যাঁর কথা শুনে, লেখা পড়ে আমি কিছু-না-কিছু শিখেছি, কিংবা যাঁর কাছ থেকে আমি কোনো-না-কোনো উপায়ে জীবনে চলার পথে অনুপ্রাণিত হয়েছি, তিনিই শ্রদ্ধেয় শিক্ষক বা গুরু। এইসব মহান ব্যক্তিকেই আমি স্যার মনে করি। এর বাইরে যাঁদের স্যার ডাকি, তাঁদের কাউকেই আমি স্যার ভাবি না; তবু ডাকি কিংবা ডাকতে হয় পেশার প্রয়োজনে বা রীতির আয়োজনে। অবশ্য, এঁদের মধ্যেও কিছু মানুষ আছেন, যাঁদের মন থেকেই ভালোবেসে কিংবা শ্রদ্ধা করে স্যার ডাকি।

শিক্ষাগুরুর গাড়ি ভাঙা এবং শিক্ষাগুরুকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া, দুটো কাজ‌ই ঘটিয়েছে কিংবা ঘটাতে বাধ্য হয়েছে তাঁদেরই সন্তানসম ছাত্র। হ্যাঁ, স্যার সম্বোধন করে যথাযথ সম্মান দেখিয়েই নিজেদের উদ্দেশ্য হাসিল করেছে ওরা। আপনার কাছে কী মনে হয়? নিজের শখের গাড়িটিকে চোখের সামনে ভাঙতে দেখে সেই 'ভদ্র' ছাত্রের প্রতি শিক্ষকের মমতা অক্ষুণ্ন ছিল? ট্রেন থেকে বাধ্য হয়ে নেমে যাবার সময় বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক কি ছাত্রটিকে সালামের উত্তর না দেবার জন্য আত্মগ্লানিতে ভুগছিলেন?

সহজ করে বলি। 'স্যার' সম্বোধনটি শিক্ষাগুরুর বেলায় ব্যক্তি এবং অন্য সব ক্ষেত্রেই পদ। কথা শেষ। এক শিক্ষাগুরু বাদে আর কেউই স্যার নন; তবে হ্যাঁ, কিছু পদকে আমরা স্যার সম্বোধনে ডাকি। পদাসীন ব্যক্তি নিশ্চয়ই ভুল করেও এটা ভাবেন না যে তাঁকে স্যার ডাকা হচ্ছে। ওইটুকু বুদ্ধি ও বোধ এইসব ব্যক্তির আছে।

প্রথা তো ভাঙাই যায়, তবে তার আগে টেবিলের এপাশের এবং ওপাশের মানুষের মানসিকতাকে ভাঙতে হবে। পদ একটি প্রাণহীন সত্তা।‌ সেই সত্তাকে যা ডেকে কাজ করিয়ে নেওয়া যায়, তা-ই ডাকা বুদ্ধিমানের কাজ। স্যার কি ষাঁড়, ভাই কি দোস্তো, অফিসার কি মিস্টার, ভালা কি শালা... যা খুশি ডাকুন। কাজ হ‌ওয়া নিয়ে কথা। তবে হ্যাঁ, যাঁর সাথে আপনার তাঁর পদগত তথা পেশাগত কোনও সম্পর্ক‌ই নেই, তাঁর পদ নিয়ে ভাববার‌ও কোনও কারণ আমি দেখি না; ফলে তিনি যদি আপনার শিক্ষাগুরু না হন, তবে নেহায়েত‌ই মন থেকে না এলে তাঁকে স্যার ডাকার একটিও কারণ নেই।

দুই। অবসর গ্রহণের পর এই কথাগুলি মাথায় রাখা যায়:

১. অবসরজীবন মানে সকল পথের শেষ নয়, বরং নতুন এক জীবনের শুরু। নতুন জীবনের জন্য নতুন পরিকল্পনা লাগে।
২. যে-কোন‌ও মূল্যে শরীর ঠিক রাখতে হবে, মনকে রাখতে হবে সচল। তাই নিজের সুবিধামতো এমন একটি রুটিন তৈরি করা করুন, যা মেনে চলা সহজ এবং তা মেনে চলুন।
৩. সবসময়ই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, এতে মনমেজাজ ভালো থাকবে, আশেপাশের মানুষ সম্মান করবে।
৪. পারতপক্ষে অন্যের উপর নির্ভর করে বাঁচবেন না। যতটা সম্ভব সবাইকে সাহায্য করার চেষ্টা করুন, লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার বয়সি খিটখিটে মেজাজের মানুষকে মনে মনে কেউই পছন্দ করে না।
৫. খরচ যথাসম্ভব কমিয়ে ফেলুন। কৃপণ হতে বলছি না, তবে এমনভাবে খরচ করবেন না যাতে লোকের কাছে হাত পাততে হয়। মেনে নিন, পরিবারের কাছে আপনি এখন কিছুটা হলেও বোঝা; তাই পরগাছা হবার সকল পথ বন্ধ রাখুন। সম্ভব হলে ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, এতে আপনার জীবনীশক্তি বাড়বে।
৬. সবসময়ই মনে রাখবেন, কালকের দিনটা আজকের দিনের চাইতে গুরুত্বপূর্ণ। কালকের দিনটা দেখার জন্য অধীর অপেক্ষায় থাকুন।
৭. অতীত নিয়ে বেশি ভেবে লাভ নেই। এই বিলাসিতাটি অল্প বয়সেই মানায়। জীবনের অনেক হিসেব যখন বদলে যায়, তখন নতুন হিসেবের খাতা বার বার খুলে দেখাই বিচক্ষণ লোকের কাজ।
৮. নতুন জীবনের প্রয়োজনে পুরোনো জীবনের নিয়মগুলি নতুন করে সাজান। আগের যেমন ছিলেন, এখন তেমন থাকতে পারবেন না। এটা হাসিমুখে মেনে নিন।
৯. যা যা করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কখনোই সময় করে উঠতে পারেননি, শরীরের জোর অনুযায়ী সেগুলি করতে থাকুন। তবে খেয়াল রাখবেন, মনের সাধ মেটাতে গিয়ে যেন বিছানায় পড়ে না যান। এ জগতে অসুস্থতার চাইতে বড়ো অসহায়ত্ব আর নেই।
১০. কার‌ও কাজে কখনোই নাক গলাবেন না। এ বয়সে লোকের বিরক্তির কারণ হবার কোনও মানেই নেই। ব‌ইপত্র পড়তে পারেন, গান শুনতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, কিংবা পছন্দের কাজগুলি করতে পারেন। নিজের একটা পৃথিবী তৈরি করুন, প্রয়োজনে বন্ধুর সংখ্যা বাড়ান।


ভাবনা: এক হাজার ছেচল্লিশ
………………………………………………………………


এক। ইচ্ছে থাকলে আমরা খুব চমৎকার চমৎকার কাজ করে ফেলতে পারি; এমনকী যা দেখলে আপাতদৃষ্টিতে মনে হয়, এ আমাকে দিয়ে হবে না, ইচ্ছেশক্তির জোরে তা-ও করে ফেলা সম্ভব।

বহুদিন আগের ঘটনা। এসেক্সের লেই শহরে ৬৩ বছর বয়সি একজন প্রৌঢ়া ভদ্রমহিলা থাকতেন, তাঁর নাম মিসেস আইরিস উইলকিন্স। একজন নারী যাতে ইচ্ছে করলে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং করাতে পারেন, কর্তৃপক্ষের কাছ থেকে সেই অধিকার আদায়ের সমর্থনে সাউথ‌এন্ড হাসপাতালের চারিদিকে শত শত নারী পথে নামছিলেন।

আন্দোলনটি অনুষ্ঠিত হবে তাঁর বাড়ির কাছেই, কিন্তু মিসেস উইলকিন্সের নিতম্বের ভাঙা হাড়গুলির ওখানটায় ছিল স্টিলের ফ্রেম সেট করা এবং তাঁকে ক্রাচে ভর করে হাঁটতে হতো। হাঁটাহাঁটি বলতে, তিনি বাড়ি থেকে কয়েক কদম হেঁটে গাড়িতে উঠতে পারতেন।

শারীরিক এই অক্ষমতা সত্ত্বেও তিনি মনস্থির করলেন, যে করেই হোক, ওই পদযাত্রায় তিনি অংশ নেবেন। এই কাজটি করার জন্য তাঁর সামনে একটাই পথ খোলা: দুই হাতের জোর বাড়ানো। হাতে ঠিকভাবে জোর পেলে তিনি ক্রাচে ভর করে দাঁড়াতে ও হাঁটতে পারবেন।

তাঁর ছেলে মাকে এই ব্যাপারে সাহায্য করতে শুরু করল। বিভিন্ন ধরনের হালকা ভারোত্তোলন ব্যায়ামের মাধ্যমে মিসেস উইলকিন্স হাতের জোর বাড়িয়ে নিলেন। নির্দিষ্ট দিনে আরও ৬০ জন সমবয়সি প্রৌঢ়ার সাথে তিনিও অধিকার আদায়ের জন্য পথে নামলেন।

পাশের হাসপাতাল থেকে তাঁর জন্য হুইলচেয়ার পাঠানো হয়েছিল, কিন্তু তিনি নমনীয় অথচ দৃঢ় কণ্ঠে তাঁদের বলেছিলেন, হুইলচেয়ারে বসে বসে কি কখনও অধিকার আদায় করা যায়?

এমনি করে তিনি কেবল সেই শোভাযাত্রা সুসম্পন্নই করলেন না, নিজের জমানো অর্থ থেকে আন্দোলনের ফান্ডে ১৪০ পাউন্ড দিয়ে দিলেন।

যখন আমরা খুব কঠিন ভেবে কোনও জরুরি কাজ না করে ফেলে রাখি কিংবা কোনও বড়ো চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাই, তখন যেন মিসেস আইরিস উইলকিন্সের এই দৃষ্টান্তটি আমাদের সমস্ত ভয় ও সংশয় দূর করে দেয়।

দুই। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ছাড়াও আরও অনেকের কাছেই আমরা ঋণী। ওঁদের কাউকে কাউকে আমরা চিনলেও বেশিরভাগকেই চেনার সৌভাগ্য আমাদের এ জীবনে হয় না।

যে ছবি বা ভাস্কর্যটি দেখে বিস্ময়ে তাকিয়ে ছিলাম সেদিন, ওটি কার সৃষ্টি, আর জানা হয় না।
কত কত গান আমাদের বিষাদের প্রহরে সঙ্গী হয়ে আসছে যুগ যুগ ধরে, অথচ ধন্যবাদ জানাবার জন্য শিল্পীর সাথে দেখা আমাদের আমৃত্যু হবে না।
বিজ্ঞান আমাদের এত আরামে রেখেছে, তবু মহান আবিষ্কারকদের সামনে মাথানত করে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে কখনোই পারব না।
যাঁদের লেখার জাদুতে আমাদের আয়ু সমৃদ্ধ হয়েছে, মনের ঘর আলোয় ভরেছে বহু বহুবার, সেইসব সাহিত্যিকের ঋণ এ জীবনে কোনোদিনই শোধ করা হবে না।
পথ চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যে নলকূপের জলে প্রাণ ফিরে পেয়েছি, সেটি কে খনন করেছিলেন, সে খবর নেওয়া হবে না সারাজীবনেও।
কারা যেন রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে চলে গেছে; সেখানটায় কিছু সময় দাঁড়িয়ে শীত তাড়িয়ে ফিরে যাবার সময় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কাউকেই খুঁজে পাই না চেষ্টা করলেও।

জীবন বোধ হয় এরকমই। যাঁরা আমাদের জীবন সাজান, তাঁরা সবসময়ই থেকে যান দৃষ্টির অগোচরে। আর দু-চোখের সামনে ঘুরঘুর করতে থাকে সেইসব উটকো লোক, যাদের কারণে বেঁচে থাকতেও ভীষণ কষ্ট হয়।

তিন। কয়দিন ধরে ডেভিড ভীষণ অসুস্থ, শয্যাশায়ী। তাঁর স্ত্রী সেইন্ট জন চার্চের ফাদারকে অনুরোধ করলেন তাঁর বাড়িতে এসে অসুস্থ স্বামীর জন্য একটু প্রার্থনা করতে।

ফাদার এলেন। আসার পর তাঁর সহকারীর কাছ থেকে জানতে পারলেন, এই দম্পতি সেইন্ট মার্ক চার্চের সদস্য। তাঁরা নিয়মিত ওখানেই যান প্রার্থনা করার জন্য।

প্রার্থনাশেষে বাড়িটি থেকে বেরিয়ে যাবার সময় ফাদার একটু থেমে গৃহকর্ত্রীর সাথে আলাপ করছেন।

: মা, আপনারা চার্চে যান না কেন?
: ফাদার, আমরা চার্চে যাই তো! নিয়মিতই যাই।
: আপনাদের কখনও দেখিনি যে?
: আমরা সেইন্ট মার্ক-এ যাই।
: আচ্ছা! আপনি তাহলে আমাকে ডেকে পাঠালেন কেন? প্রার্থনা করার জন্য ওখানকার ফাদারকে ডাকলেই তো পারতেন।
: তা পারতাম। সত্যি বলতে কী, আমরা আসলে ঝুঁকি নিতে চাইনি। আমি এবং আমার স্বামী দু-জন‌ই আমাদের চার্চের ফাদারকে খুব ভালোবাসি।
: মানে? কীসের ঝুঁকি?
: ফাদার, কিছু মনে করবেন না, আমার স্বামীর রোগটা ভয়ানক রকমের ছোঁয়াচে, তাই ওই ফাদারকে ঘরে ডাকিনি।

এই সরল স্বীকারোক্তি শুনে বুকের ক্রুশে চুমু খেয়ে ফাদার আবারও প্রার্থনা করতে শুরু করলেন।

চার। একটা ব্যাপার খেয়াল করেছেন? বাংলাদেশে যেসব জায়গায় রেসিডেনশিয়াল বা হাউসিং সোসাইটি গড়ে উঠেছে, তার অনেকগুলিই আগে জঙ্গল ছিল। সাপখোপের উৎপাত ছিল, শেয়াল ডাকত। চুরি-ডাকাতি হতো নিয়মিত‌ই। নিরাপত্তা বলতে কিছুই ছিল না। ভয়েই ওদিকটায় কেউ যেত না।

আর এখন? প্রতি বর্গফুট হিসেবে সবচাইতে দামি দামি ফ্লাট ও বাড়ি গড়ে উঠছে ওখানে। গোছানো ও পরিকল্পিত আবাসন, পার্ক, বাগান, সুপারশপ, প্রার্থনালয়, লেক-সহ প্রায় সব সুবিধাই হাতের মুঠোয়। নিরাপত্তা নিয়ে ভাবতেই হয় না ওসব আবাসিক এলাকার বাসিন্দাদের। আপনার আশেপাশেই পাবেন এমন অনেক এলাকা, যেখানে জঙ্গল কেটে বসতি করা হয়েছে। আমি এমন এক অতি-অভিজাত দামি এলাকার কথা জানি, যা একসময় ছিল শহরের সবচাইতে বড়ো আবর্জনারাজ্য, রীতিমতো ভাগাড়।

দেখতে কুৎসিত, অবকাঠামোগত দিক থেকে ঠুনকো, রীতিমতো পরিত্যক্ত জলাভূমি বা বনবাদাড় কেটে সাফ হয়ে গেছে। আজ দেখলে বোঝাই যাবে না যে ওখানে একদিন অমন ঝোপঝাড় আর জঞ্জাল ছিল। একটা এলাকার চেহারা এভাবেই একদিন বদলে যায়। ঘুটঘুটে অন্ধকারের শরীর ভেঙে আসে আলো, হাওয়া, জল।

মানুষ‌ও ঠিক এরকম। এলোমেলো, ভাঙাচোরা, পথহারা একজন মানুষ নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারলে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই আর চিনতে পারে না। বিষণ্নতা, নৈরাশ্য, ব্যর্থতা, লজ্জা, ভুলভ্রান্তি মানুষকে ধুলোয় মিশিয়ে দেয় যদিও, তবু সেখান থেকেও ধীরে ধীরে ধৈর্য ধরে নিজের জীবনটাকে একদম ঝকঝকে-তকতকে করে ফেলা সম্ভব চেষ্টা করলে।

ভুল করে না কে? ভুল করা ভুল নয়, ভুল শোধরানোর চেষ্টা না করাই ভুল। সম্পর্কের বেলাতেও তা-ই। সময় থাকতে সেই সম্পর্কটিকে মেরামত করে নিলে ভালো, যা ভেঙে গেলে জীবনের প্রতিটি সময়‌ই দুঃসময় হয়ে ওঠে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের হাতে যথেষ্ট সময় থাকে নিজেকে গুছিয়ে নেবার জন্য। বয়স বুঝে গোছানোর ধরনটা কৌশলে বুঝে নিতে হয়।

পাঁচ। কেউ কাউকে স্যার ডাকে না, পদটাকেই ডাকে। এক শিক্ষক (যাঁর কাছ থেকে কিছু হলেও শিখেছি, এই অর্থে---প্রত্যক্ষ বা পরোক্ষ উপায়ে) বাদে পৃথিবীর সব 'স্যার‌'ই একেকটা সম্বোধন মাত্র।

চাকরি না করলে পদ‌ও থাকত না, 'ভাইয়া' ডাকলেও অসুবিধে ছিল না। এখনও অসুবিধে নেই, তবে এ নিয়ে কেউ আপত্তি করলে ধরে নিতে হবে, তিনি তাঁর পদের কথাই মাথায় রাখছেন। যে যেভাবে ভাবে আর কি.... কাজ করা ও করানো নিয়ে কথা।

চাকরি করতে গিয়ে বুঝেছি, 'স্যার' ডাকলে সেবা দেওয়া এবং সেবা নেওয়া দুই-ই সহজ হয়ে যায়। বিপদের সময় আমার জুনিয়র ব্যাচের অফিসারকেও (সরকারি কর্মচারী) 'স্যার' ডাকতে 'বাধ্য' হয়েছি। তাই এসব বলে আসলে লাভ নেই।

আমি সরকারি চাকরি করি। আমি নিজেই দেখেছি, আনুকূল্য ও অধিকারের মধ্যে পার্থক্য আমরাও বুঝি না, সেবাগ্রহীতারাও বোঝেন না। এখানে তাই কাজ করতে ও করাতে গিয়ে অনেক ধরনের ইউফেমিজমের সাহায্য নিতে হয়।

আমি ধরেই নিই, আমাকে যিনি 'স্যার' ডাকছেন, তিনি হয়তো আমার রুম থেকে বেরিয়ে আমাকে 'শালা' ডাকবেন। এসব নিয়ে আমার কোনও আবেগ বা প্রত্যাশা নেই। চাকরি কেবল চাকরিই। মানুষ না বদলালে রীতিনীতি বদলাবে না।


ভাবনা: এক হাজার সাতচল্লিশ
………………………………………………………………


এক। ব্যক্তিগত কিছু কাজে তৈয়বকে কিছুদিন খুলনায় থাকতে হয়েছিল। জহির চাচার বাড়িতে থাকলে হোটেলে থাকার খরচ বেঁচে যাবে ভেবে সে ওখানে উঠেছে। বাড়িতে বাড়তি একটা লোকের উপস্থিতি সহজভাবে নেবার সময় এবং মানসিকতা দুই-ই এখন মানুষের কমে গেছে। বাড়তি রান্না, বাড়তি ভাবনা, বাড়তি অস্বস্তি। খুবই স্বাভাবিক।

"আরে বলিস না! বাবার এক চাচাত ভাইয়ের ছেলে এসেছে গ্রাম থেকে। কী-সব নাকি কাজ আছে তার। চার দিন হয়ে গেল, যাবার নাম‌ই নেই। আর কতদিন বিরক্ত করবে কে জানে!"

সুহানাকে খুব ছোটোবেলায় দেখেছে তৈয়ব। আড়ালে দাঁড়িয়ে তাকে মোবাইল ফোনে এই কথাগুলি বলতে শুনে তৈয়ব বুঝতে পারল, সে এবং তার বাবা এই পরিবারটিকে আসলে জোর করে নিজের প্রয়োজনেই আপন ভাবে। ওদের পাত্তা দেওয়া দূরে থাক, ওদের কথা এরা মনেও আনে না। উটকো ঝামেলা কেউই পছন্দ করে না। যার পয়সা কম, আবার কোনও কাজেও লাগে না, তাকে সবাই উটকো লোক‌ই ভাবে, হয়তো চক্ষুলজ্জার কারণে সামনাসামনি কিছু বলতে পারে না। ওদেরকে তৈয়বের দরকার, কিন্তু তৈয়বকে তো ওদের দরকার নেই।

তৈয়ব ভাবতে থাকে, তাকে আরও কিছুদিন এখানে থাকতে হবে। হোটেলে থাকার মতো সামর্থ্য তার নেই। আবার নির্লজ্জের মতো এখানে থাকতেও তার মন সায় দিচ্ছে না। গরিব হবার অনেক ঝামেলা। গরিব আত্মীয় অনেকটা নিজের গায়ের জোরেই আত্মীয়! অর্থ ও লজ্জা দুই-ই অল্প না থাকলে এমন আত্মীয়তা রক্ষা করাই ভীষণ শক্ত। পরিবারটিতে সে নিজের প্রয়োজনেই থাকছে। কিন্তু এক চক্ষুলজ্জা বাদে আর কোন প্রয়োজনে পরিবারটি তাকে রাখছে?

তার সাথে এ বাড়ির তেমন কেউ কথা বলে না। সামনাসামনি পড়ে গেলে বাধ্য হয়ে কোনোমতে "কোনও অসুবিধে হচ্ছে না তো?" জিজ্ঞেস করে। কাজের বুয়াও বুঝে গেছে, বাড়ির লোকজনের কাছে তৈয়বের স্থান ভিক্ষুকের চাইতে খুব একটা উপরে নয়। পার্থক্য একটাই: তৈয়বকে ঘাড়ে ধরে বের করে দেওয়া যাচ্ছে না।

একদিন বিকেলের একটু আগে। তৈয়বকে রেখে সবাই বাইরে গেছে। নিলয় এ বাড়িতে সবার ছোটো, ক্লাস সিক্সে পড়ে। স্কুল থেকে ফিরে দেখে, বাড়িতে এক তৈয়ব ভাইয়া বাদে আর কেউ নেই। সেদিন বুয়াও আসেনি, ছুটিতে। গোসল সেরে খাওয়া-দাওয়া করে নিলয়কে স্যারের বাসায় পড়তে যেতে হবে। মাকে ফোন করে জানল, ওদের ফিরতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তার আজকে প্রাইভেটে যাবার দরকার নেই। সে যেন আপাতত বিস্কুট-ফিস্কুট কিছু-একটা খেয়ে নেয়।

নিলয়ের খুবই মেজাজ খারাপ হলো। ফোন রেখেই সে চেঁচামেচি শুরু করে দিল। তাকে বিভিন্ন গল্প-টল্প শুনিয়ে নানান কায়দায় শান্ত করার পাশাপাশি তৈয়ব ফ্রিজ খুলে ডিম বের করে খুব দ্রুত নিলয়ের পছন্দের খাবার নুডলস বানিয়ে ফেলল। ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে নিলয় খুশিমনে প্রাইভেটে গেল। প্রাইভেটে গেলে স্মিতার সাথে দেখা হয়। নিলয়ের প্রতিদিন‌ই স্যারের বাসায় পড়তে যেতে ইচ্ছে করে। আফসোস, স্যার সপ্তাহে মাত্র তিন দিন পড়ান!

সেদিনের পর থেকে ধীরে ধীরে তৈয়ব নিলয়ের সবচাইতে প্রিয় বন্ধু হয়ে উঠল। সে এখন নিলয়কে পড়াশোনায় হেল্প করে, স্কুলে নিয়ে যায়, ওর সাথে খেলাধুলাও করে। ব্যাপারটি নিয়ে বাড়ির সবাই খুব খুশি। তৈয়ব এখন আর উটকো ঝামেলা নয়, সবার কাছে খুব আদরের একজন মানুষ। কাজের বুয়া সময়মতো চা দিয়ে যায়, সুহানাও মাঝে মাঝে খোঁজখবর নেয়: ভাইয়া, আপনার চাকরির পড়াশোনা কেমন চলছে?

মাসখানেক পর তৈয়ব গ্রামে ফিরে গেল। সে চলে যাবার সময় জহির সাহেবের বাড়ির সবাই খুব মন খারাপ করেছিল। এ জগতে বিনা কারণে কেউই কোথাও কদর পায় না।

দুই। হে ঈশ্বর, আজকের দিনটির জন্য ধন্যবাদ। পৃথিবীর মায়েরা ভালো থাকুক।
ছোটোবেলায় তাঁদের যে যত্ন, আত্মত্যাগ, ভালোবাসা আমরা পেয়েছি, তা না পেলে আজকের এই দিনটি দেখার সৌভাগ্য‌ই আমাদের হতো না।
তাঁদের সব প্রার্থনাই আমাদের ঘিরে, তাঁদের দেখানো পথ ধরে চলেই আমরা বড়ো হয়েছি।
নিজের সুখের দিকে না তাকিয়ে আমাদের পেছনে তাঁরা পুরোটা জীবনই ব্যয় করেছেন।
নিজের সমস্ত শখ, আহ্লাদ, আরাম বিসর্জন দিয়ে আমাদের মানুষ করতে গিয়ে দিনে দিনে তাঁরা অসুস্থ এবং শক্তিহীন হয়ে গেছেন। ঈশ্বর, তুমি তাঁদের দেখে রেখো।

এখন তাঁদের বয়স হয়েছে। গল্প করার মতো কাছের কাউকে খুঁজতে থাকেন। কিন্তু ব্যস্ততার কারণে তাঁদের সময় দিতে পারছি আর ক‌ই?
জীবন ও জীবিকার তাগিদে আমরা দূরে থাকি বলে তাঁদের মনে সারাক্ষণই নানান দুশ্চিন্তা। খেয়েছি কি না, ভালো আছি কি না, কোনও কষ্ট হচ্ছে কি না, কিছু লাগবে কি না... নিজের জন্য প্রার্থনা করতে মায়েরা আজ‌ও শিখলেন না।
ঈশ্বর তাঁদের ধৈর্য দিক, সুস্থতা দিক, আনন্দ দিক। তাঁরা যেন একাকিত্বের সঙ্গী হিসেবে কিছু-না-কিছু খুঁজে পান।
আমাদের অন্ধকার দিনগুলিতে তাঁরা আলো জ্বেলেছিলেন, নিজেরাই আমাদের হৃদয়ের আলো হয়ে উঠেছিলেন। আজ তাঁদের বেঁচে থাকার জন্য একটু আলো লাগবে, নিঃশ্বাস নেবার জন্য একটু হাওয়া লাগবে। শ্রম ও বয়সের ভারে রুগ্ন-ন্যুব্জ তাঁদের হাতদুটি আমাদের একটু স্পর্শ চায়, ঠিক যেমনি আমরা চাইতাম ছোটোবেলায়। আর এদিকে নানান কাজের চাপে পিষ্ট হতে হতে মায়ের ভালোবাসার প্রতি আমাদের নিস্পৃহতা বাড়ে, কিছু নির্লজ্জ দূরত্ব না চাইতেও চলে আসে অনাহুতের মতো।

মানুষ একদিন মানুষ চেয়ে মানুষের প্রার্থনাটুকুই কেবল পায়। সেইদিনের নাম বার্ধক্য।

তিন। পুরুষমানুষকে জীবনের সিংহভাগ‌ই কাটাতে হয় স্ত্রী আর কলিগদের সাথে। আফসোস, খুব কম সময়ই স্ত্রী কিংবা কলিগ ভালো বন্ধু হয়ে উঠতে পারে।

চার। ভাস্কর্যটির কাজ যখন মোটামুটি শেষ পর্যায়ে, তখন মাইকেলেঞ্জেলোর এক বন্ধু তাঁর সাথে দেখা করতে এসেছিলেন। কিছুদিন পর সেই বন্ধুটি এসে দেখলেন, কাজটি মাত্র‌ই শেষ হয়েছে। তবে তেমন কোনও ফারাক তাঁর চোখে পড়ল না।

: গতবার যা দেখে গিয়েছিলাম, তা-ই তো আছে। বাড়তি তেমন কিছু তো করোনি দেখছি। তাহলে এত সময় লাগল কেন?
: কী বলছ! এই যে দেখো, এখানে একটু খোদাই করেছি, ওখানে আরেকটু মসৃণ করে দিয়েছি। মূর্তির চোখের দৃষ্টি খানিকটা বদলে গেছে, খেয়াল করো। পেশির গঠন‌ও তো আগের মতন নেই, জায়গায় জায়গায় উঠেছে... আবার নেমেছেও। ঠোঁটের দিকে তাকাও, হাসির ধরনে পরিবর্তন দেখতে পাবে। কাঁধের ওখানটায়‌ও বেশ মজবুত একটা ধাঁচ নিয়ে এসেছি।
: ও আচ্ছা, এটুক মাত্র! এটা করতেই এত সময় লাগল তোমার! এই সামান্য ছোটোখাটো কাজে এত সময় নষ্ট করার কী আছে?
: আছে, বন্ধু... আছে! তুমি যেটাকে সামান্য ভাবছ, আমার চোখে সেটাই পারফেকশন। যা তোমার বিবেচনায় ছোটোখাটো, আমার অভিজ্ঞতায় তা-ই সবচাইতে জরুরি। সামান্য ছোটোখাটো কাজটুকু না করলে এই অসামান্য পারফেকশন আসত কী করে? ছোটোকে এড়িয়ে গেলেই আসে বড়ো বিপর্যয়। ছোটো ছোটো বিষয়ের দিকে খেয়াল না রাখলে পারফেকশন ব্যাপারটা কখনোই আসবে না। আসল সৌন্দর্য তো ছোটোখাটোতেই!

আমাদের জীবনটাও ঠিক এরকম। ভালো করে ভেবে দেখলে বোঝা যায়, খুব ছোটো ছোটো অবহেলা কিংবা ভুলের জন্য‌ই পরবর্তীতে অনেক বড়ো মূল্য দিতে হয়।


ভাবনা: এক হাজার আটচল্লিশ
………………………………………………………………


এক। দুঃশ্চিন্তা থেকে নিজেকে কিছুটা হলেও দূরে সরাতে চাইলে একটি ছোট্ট টেকনিক ফলো করতে পারেন। যা হয়ে গেছে, তা বয়ে বেড়াবেন না। বয়ে বেড়ালেও তা পালটাতে পারবেন না যেহেতু, ধরেই নেবেন, যা গেছে, তা গেছেই। যা হয়েছে, তা-ই তো সত্য। যা হলে ভালো হতো, তা কেবলই ইচ্ছে। পৃথিবীতে ইচ্ছের চাইতে সত্যের অবস্থান স্পষ্ট, তাই শক্ত।

ধরুন, খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে আছেন। আপনি ভীষণ রকমের বিব্রত, বিরক্ত, লজ্জিত, কুণ্ঠিত। না পারছেন ঠেলতে, না পারছেন সরতে। যা হচ্ছে হোক... হতে দিন। দাঁতে দাঁত চেপে সহ্য করুন। কিচ্ছু বলবেন না, চুপ করে থাকুন। ওদের বলতে দিন। নিজেকে বোঝান, এই ঘটনাটি ঘটছে তো ঘটুক। ঘটে যাবার পর সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ঘাম দিয়ে জ্বর ছাড়লে যেমন ভালো লাগে, তেমনি একবার এখান থেকে বেরোতে পারলেই সব শেষ। এক মৃত্যু বাদে পৃথিবীর সবকিছুরই একটা এক্জিট পয়েন্ট আছে। এর জন্য একটু অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। পালাবার পথ না থাকলে ঝামেলা শেষ হ‌ওয়া অবধি ধৈর্য ধরতে হয়।

যে দিনটা ফুরোলো, তা যদি হয় সুন্দর, তবে ঈশ্বরকে ধন্যবাদ দিন। আর যদি হয় অসুন্দর, তবুও তাঁকে ধন্যবাদ দিন এজন্য যে, বাজে দিনটা চোখের সামনে থেকে বিদেয় হয়েছে। আপনাকে হাসপাতালে কিংবা জেলে যেতে হয়নি, এর মানে আপনি বেঁচে গেছেন। আপনার সাথে আরও খারাপ কিছুও ঘটতে পারত; ঘটেনি, কেননা আপনি সৌভাগ্যবান। অপেক্ষা করতে জানলে কেউ কখনও ফুরিয়ে কিংবা হারিয়ে যায় না।

দুই। তুমি চলে গেছ, দুঃখ নেই।
দুঃখ এটাই, আমি আজ‌ও বিশ্বাস করে বসে আছি, তুমি ফিরে আসবে।

তিন। একদিন ঘুম ভেঙে মিলির হঠাৎ মনে হলো, ইদানীং তার সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীটাই যেন তার প্রতিকূলে। এখানে বেঁচে থাকার কোনও মানেই নেই। কী করল সে এ জীবনে? প্রতারিত হবার জন্য‌ই তার জন্ম হয়েছে?

খাট থেকে নেমে ফ্রিজ খুলে ইচ্ছেমতো মিষ্টি খেয়ে নিল। এরপর বয়াম থেকে পেটভরে চানাচুর খেয়ে জল খেল। খালিপায়ে বাগানে হাঁটল অনেকক্ষণ।

বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে প্রাণ খুলে কাঁদল মিলি, তারপর সকাল সাড়ে নয়টার দিকে বেরিয়ে পড়ল। সে রিকশায় উঠেছে, কিন্তু রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে। "মামা, চালাতে থাকুন। একটু পর বলছি, কোথায় যাব।"

রিকশা চলছে। মিলির মন এখন একটু ভালো। হঠাৎ তার মনে হলো, সিমির বাসায় যাওয়া যায়।

জন্ম থেকেই সিমির বাচ্চাটার হার্টে ফুটো। তার বিয়ে হয়নি, সিঙ্গেল মম। বাচ্চা নষ্ট করতে রাজি হয়নি বলে বাসা থেকে বের করে দিয়েছে। প্রেমিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক আগেই। সিমি একটা স্কুলে পড়ায়, সামান্য বেতন পায়। প্রায় এক বছর ধরে ভার্সিটিতে যায় না। সেমিস্টারের ফি দেবার মতো টাকা তার হাতে নেই। জীবন কোনদিকে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে কীভাবে বাঁচবে, ভবিষ্যতে কী হবে, এসব নিয়ে ভাবলে সিমির মাথা আর কাজ করে না।

সিমির সাথে গল্প করলে মিলির মনে হয়, তার নিজের জীবনটা এর চাইতেও এলোমেলো হতে পারত। সিমিকে সে নানানভাবে সাহস দিতে থাকে। একসময় সে নিজের দুঃখের কথা ভুলে যায়। গল্প করতে করতে ওরা ফুডপান্ডায় বিরিয়ানি অর্ডার করে। ওদের ধারণা, কাচ্চি খেলে মন ভালো হয়ে যায়। মাটনের পিস বড়ো হবে কি হবে না, তা নিয়ে গবেষণা করার সময় সিমির বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল...

চার। যাত্রাপথে থামতে হয় বিশ্রাম নেবার জন্য, থেমে যাবার জন্য নয়।

ছোট্ট গির্জাটির সামনে কিছু লোক সমবেত হয়েছে। আজ একজন যুবকের পাদ্রী অভিষেক অনুষ্ঠান। তার শিক্ষক রেভারেন্ড রিচার্ড সেসিলের নিবিড় তত্ত্বাবধানে যুবকটি ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে, অনেক কষ্ট করে আজকের সারমনটি তৈরি করেছে, অনুশীলন করেছে এবং মুখস্থ করেছে।

সে জানত‌ই, কিছু লোকের সামনে তাকে ওই কথাগুলি বলতে হবে। অথচ লন্ডন মিশনারি সোসাইটির সদস্য হতে আসা এই ক্যান্ডিডেট পালপিটে দাঁড়িয়ে সবকিছুই ভুলে গেল। অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারল না সে। একটা শব্দও মুখ থেকে বের করতে পারল না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও।

অবশেষে তোতলাতে তোতলাতে যুবকটি বলল, বন্ধুরা, আমার কিছুই মনে আসছে না, আমি সব ভুলে গেছি।

কোনোমতে এইটুকু বলেই সে গির্জা থেকে একদৌড়ে পালিয়ে গেল।

এ কী দুর্বিপাক! এ কেমন বিপর্যয়! বেচারা আগেও এক বার এমন কাণ্ড ঘটিয়েছিল। এত পড়াশোনা, এত সাধনা, এত পরিশ্রম, এত আত্মত্যাগ... সব‌ই কি এভাবেই বৃথা যাবে বার বার? তবে কি কিছু মানুষের জন্ম হয়েছে কেবলই হেরে যাবার জন্য‌?

যে যুবক এই কয়েকজন লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে কীভাবে শত শত লোকের সামনে দাঁড়াবে? এত নার্ভাস একটা মানুষ ফাদার হবে কী করে?

হ্যাঁ, এমন অপদার্থ যুবকের ফাদার হবার স্বপ্ন দেখাও পাপ!

অনেক বছর কেটে গেল। সেই যুবকটিই আজ আফ্রিকার দুর্গম এলাকায় ঝড়বিপদ, রোগব্যাধি এবং বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে মানুষের সেবা করে চলেছেন। ছুটি কাটাতে ব্রিটেনে গিয়ে হাজার হাজার উচ্চশিক্ষিত মানুষের সামনে দাঁড়িয়ে সেই ভীতু যুবকটিই আজ ঘণ্টার পর ঘণ্টা লেকচার দেন। যুবকটির পরিচয়, তিনি একজন প্রথিতযশা খ্রিস্টান মিশনারি এবং ভূপর্যটক, তাঁর নাম ডেভিড লিভিংস্টোন।

সেই ছোট্ট গির্জাটির সামনে থেকে পালিয়ে যদি তিনি সেদিন নিজের কাছ থেকেও পালিয়ে যেতেন, তবে পৃথিবী তাঁকে চিনত না। লক্ষ্যে পৌঁছাতে চাইলে এভাবেই জীবনের সমস্ত লজ্জা ও গ্লানিকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হয়। যা-কিছু জেতার, তা-কিছু কখনোই ছাড়তে নেই। জয়ীরা থামে, কিন্তু থেমে যায় না।


ভাবনা: এক হাজার উনপঞ্চাশ
………………………………………………………………


এক। বছর দশেকের দুইটি ছেলে রেললাইনের ধারে বসে গল্প করছে।

: রেললাইন ধরে হাঁটতে আমার ভালো লাগে। তবে আমি কখনোই লাইনের উপর হাঁটি না, মাঝখানে বা পাশে হাঁটি।
: কেন?
: যদিও আমি জানি, লাইনে কখনও কারেন্ট থাকে না, তবু আমার কেন জানি ভয় লাগে। ওখানে হঠাৎ যদি কারেন্ট চলে আসে...!
: ও আচ্ছা, এই কথা! আমি তো এজন্য‌ই ইচ্ছে করে লাইনের উপর দিয়ে হাঁটি যাতে করে আমি নিজের কাছে প্রমাণ করতে পারি যে ওখানে কখনোই কারেন্ট চলে আসে না। হা হা হা

এর নাম‌ই সাহস। মনের সংশয় দূর করতে চাইলে সকল দ্বিধা ঝেড়ে ফেলে ভয়ের উৎসের দিকে নিজেকে এগিয়ে নিতে হয়। আমাদের প্রায় ভয়ই অমূলক। ভয়ের মুখোমুখি না দাঁড়ালে তা বোঝা যায় না। পাশের ঘরে কে যেন হাঁটছে... পর্দার ওদিকে কে যেন দাঁড়িয়ে... বাথরুম থেকে কী একটা শব্দ আসছে... বারান্দায় কেউ বোধ হয় পায়চারি করছে... এমন অসংখ্য ভয়ের সহজ সমাধান: লাইট অন করে ভয়ের উৎসের দিকে যাওয়া, গিয়ে নিজের চোখে দেখে আসা কিংবা হাত দিয়ে ছুঁয়ে আসা। ভয় কিংবা ভূতের ব্যাকরণ একটাই: ধাওয়া করলে পালায়, পালালে ধাওয়া করে।

দুই। এভ ভেরাম কর্পাস, মোজার্টের সবচাইতে সুন্দর সৃষ্টিগুলির একটি। এই সুর যুগে যুগে পৃথিবীর অসংখ্য মানুষকে স্বস্তি দিয়ে আসছে।

যাঁর জন্য এই সুরের সৃষ্টি, তাঁর আনন্দ কতটা হয়েছিল, তা সহজেই অনুমেয়।

মোজার্টের স্ত্রী কন্সতান্জেকে চিকিৎসার প্রয়োজনে তাঁদের‌ই এক পারিবারিক বন্ধুর বাড়িতে থাকতে হয়েছিল দীর্ঘদিন। সেই পরিবারটি খুব আন্তরিকভাবে মোজার্টের স্ত্রীর সব ধরনের সেবাযত্ন করেছিল এবং এই ব্যাপারটি মোজার্টকে মুগ্ধ ও কৃতজ্ঞ করে তোলে। বন্ধুর এই সহযোগিতার উপহারস্বরূপ তিনি সুরটি রচনা করেছিলেন।

মোজার্টের সেই বন্ধু অ্যান্টন স্টল পেশায় ছিলেন বাডেন শহরের ছোট্ট একটি গির্জার কোয়াইরমাস্টার। তাই স্বাভাবিকভাবেই এমন চমৎকার একটি উপহার তাঁকে যারপরনাই অভিভূত করেছিল। বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যাঁরা, সুযোগ পেলেই আমরা যেন তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। এতেই সুখ!

তিন। একটা কথা আছে এরকম: বিয়ের আগে চোখ খোলা রাখো, আর বিয়ের পর অর্ধেক বন্ধ রাখো।

দু-জন‌ই সহ্য করতে না জানলে কোনও বিয়েই টেকে না। তাই পার্টনারের কিছু কাজ এবং আচরণ দেখেও না দেখার ভান করতে হয়। খুঁত খুঁজে খুঁজে কখনও সম্পর্ক টেকানো যায় না। সম্পর্কের আরেক নাম সহনশীলতা।

তাহলে কী করতে হবে? মানুষটা কখন আমার মনের মতো হবে, কখন সে সমস্ত দোষত্রুটি মুক্ত হবে, তার জন্য অপেক্ষা করে থাকতে হবে?

মানুষটা বদলে গেলেই আমি তাকে ভালোবাসব, ঠিক এমনি করে ভাবে যারা, তারা আসলে মানুষটাকে ভালোবাসতে চায় না, তারা কেবলই এই কনসেপ্টটা ধরে বাঁচতে চায় যে, সবকিছুকেই হতে হবে তাদের মনের মতন। মনের মতো মানুষ খুঁজতে গিয়ে মানুষ না পায় মানুষ, না পায় শান্তি।

এমন মানুষের সাথে বন্ধুত্ব কি সংসার, কিছুই করা সম্ভব নয়। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে জানে না, পারতপক্ষে তার সাথে না থাকাই ভালো। আর থাকতেই যদি হয়, তবে নিজের একটা পৃথিবী তৈরি করে নিন যাতে অন্তত সেখানে হলেও বাঁচতে পারেন।

চার। গাইতেই যদি চাও, নিখুঁতভাবে গাও।
আঁকতেই যদি চাও, নিখুঁতভাবে আঁকো।
লিখতেই যদি চাও, নিখুঁতভাবে লিখো।
রাঁধতেই যদি চাও, নিখুঁতভাবে রাঁধো।
নাচতেই যদি চাও, নিখুঁতভাবে নাচো।

এবং এরকম আরও যা যা আছে করার মতো, সেসব করার সময় নিখুঁত হ‌ওয়াটা খুব জরুরি।

এক ভদ্রলোক ছিলেন, ভীষণ রকমের পারফেকশনিস্ট; তাঁর নাম জোসিয়াহ ওয়েজ‌উড, ব্রিটেনে মৃৎশিল্প এবং সিরামিকশিল্পের অন্যতম পথিকৃৎ। কারখানার ফ্লোরে যখন তিনি হেঁটে যেতেন, তখন যা যা তাঁর কাছে নিখুঁত মনে হতো না, সেগুলি সঙ্গে সঙ্গে বাতিল করে দিতেন। তিনি বলতেন, ওয়েজ‌উড কোম্পানির সাথে এমন জিনিস যায় না।

চমৎকার ফিলসফি! যা-কিছু নিখুঁত নয়, তা-কিছু আমার নয়! ক-জন পারে এভাবে ভাবতে!

এর মানে কী দাঁড়াল? তা-কিছু তবে অন্য কারুর। সেই অন্য কেউ কি তবে শিল্পী নন? নন নিশ্চয়ই!

যা শিল্প হয়ে উঠতে পারল না, তার কি তবে কোন‌ও মূল্য‌ই নেই? একটু ভাবা যাক।

ওয়েজ‌উড কোম্পানির রিজেক্টেড পণ্যগুলি বাজারে বিক্রি হতো অপেক্ষাকৃত কম দামে। এবং সেগুলি কিনে অনেকেই খুশিমনে বাড়ি ফিরত। হয়তো ওদের আর্থিক সামর্থ্য অল্প, কিন্তু ওদের‌ও ইচ্ছে করে অমন পণ্য কিনতে। ওদের এই খুশি এবং পণ্যের দাম, এই দুই মিলে সেই পণ্যটির মূল্য বেড়ে যায় অনেকখানি।

ইতিহাস বলে, শিল্পীর ডাস্টবিনেও অনেক রত্ন অযত্নে লুকিয়ে থাকে। গুলজারের বাতিল লেখার ঝুড়ি থেকেও কিছু অমর সংগীতের জন্ম হয়েছে।

আমরা যেন ভুলে না যাই, যা শিল্প হয়ে উঠতে পারল না, তা-ও কিন্তু একটি সৃষ্টি। যিনি শিল্পী হতে পারলেন না, তিনিও কিন্তু একজন স্রষ্টা।

সাকিব আল হাসানের মতো করে খেলতে না জানলে কি খেলাই যাবে না?
রবীন্দ্রনাথের মতো করে লিখতে না জানলে কি লেখাই যাবে না?
লতাজির মতো করে গাইতে না জানলে কি গাওয়াই যাবে না?
পিকাসোর মতো করে আঁকতে না জানলে কি আঁকাই যাবে না?
মায়ের মতো করে রাঁধতে না জানলে কি মেয়ে রান্নাঘরে ঢুকবেই না?

পায়ে এত শেকল পরালে মানুষ চলবে কী করে?

যে সৃষ্টি শিল্প নয়, দিনশেষে তা-ও কিন্তু সৃষ্টি। শিল্পের আনন্দ যেমনি শিল্পীকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি সৃষ্টির আনন্দ‌ও স্রষ্টাকে বাঁচিয়ে রাখে।

এ জগত এক বৃহৎ আনন্দকানন। যে যা করে আনন্দে বাঁচে, তা-ই তার কাছে বাঁচার অবলম্বন।

যা-কিছু করার মতো, তা-কিছু ভালোভাবেও করার মতো; আবার মাঝারি, এমনকী খারাপভাবেও করার মতো। অত বিধিনিষেধের ঘেরাটোপে সৃষ্টিকে আটকে ফেললে মানুষ বাঁচবে কী নিয়ে?

যে সৃষ্টি দেখতে ভালো লাগে না, তার দিকে না তাকালেই তো হয়, তাই না? তাকানোর দিকের অভাব এ জগতে কোনোকালেই হয়নি। আপনি শুধু তাকানোর ইচ্ছেটুকু তৈরি করতে শিখুন, তাহলেই হবে। বাজে সৃষ্টির বা স্রষ্টার পেছনে পড়ে থেকে কেউ কোনোদিন স্বর্গে যায়নি।

যদি কারও সৃষ্টি অখাদ্য মনে হয়, তবে আমরা যেন তার পেছনে না লেগে খাদ্যের পেছনে ছুটি। শিল্পী না খুঁজে যে ব্যক্তি (তাঁর দৃষ্টিতে) অশিল্পীর খুঁত খোঁজেন, তিনি আর যা-ই হন, শিল্পের পথিক কিছুতেই নন। প্রকৃত পথিকের হাতে কখনও অত সময়‌ই তো থাকে না!


ভাবনা: এক হাজার পঞ্চাশ
………………………………………………………………


এক। ছোটোবেলা থেকেই গায়ত্রীর স্বপ্ন ছিল, তার নিজের একটা রুম থাকবে। দরিদ্র পরিবারে জন্ম তার, তাই কখনও একা একটা রুমে থাকা তার হয়ে ওঠেনি। সবসময়ই রুম শেয়ার করে তাকে চলতে হয়েছে। বিয়ের পরেও এক‌ই ব্যাপার। দরিদ্র স্বামীর ঘরে থাকার রুম‌ই ছিল একটা, অন্য রুমটা ছিল রান্নাঘর। স্বামীর মৃত্যুর পর মনে মনে নিজের একটি রুমের স্বপ্নকে বাঁচিয়ে রাখলেও একমাত্র ছেলেকে কখনও তা প্রকাশ করার সুযোগ‌ই হয়নি তাঁর।

বৃদ্ধবয়স কাটিয়েছেন নাতির সেবাযত্ন করে; থাকতেন‌ও নাতির সঙ্গে। নাতি বড়ো হয়ে গেলে সেই রুমটিও তাঁকে ছাড়তে হলো। বৃদ্ধা গায়ত্রীর নতুন ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। ওখানে যাবার সময় আদরের নাতিকে বার বার বলে গেলেন, দাদুভাই, সময় করে আমাকে দেখতে যাস; মাঝে মাঝে ফোন করিস, হুঁ?

ছেলে, ছেলেব‌উ কিংবা নাতি তাঁকে ফোন করার কিংবা দেখতে যাবার আগেই বৃদ্ধাশ্রমে নিজের একটি রুম পাবার অসীম সুখ সহ্য করতে না পেরে আশি বছরের বৃদ্ধা গায়ত্রী স্বামীর কাছে ফিরে গিয়েছিলেন মাত্র এক সপ্তাহের মধ্যেই। স্বপ্নপূরণের তীব্র যন্ত্রণা উপভোগ করার সৌভাগ্য সবার হয় না।

দুই। Habit-কে জয় করা সহজ নয়। কীরকম?
শব্দটি থেকে প্রথম বর্ণটি বাদ দিই। কী থাকে? 'a bit', মানে মাত্র একটুখানি সরল, প্রায় পুরোটাই রয়ে গেল।
দ্বিতীয় বর্ণ বাদ দিই। র‌ইল কী? 'bit', মানে তবু কিছুটা রয়েই গেল।
এবার তৃতীয় বর্ণটিও সরিয়ে নিই। এখন আছে 'it', মানে ওটাই রয়ে গেল।
চতুর্থটি বাদ দিলে থেকে যায় 't', যাকে দেখে বোঝাই যায় না, শুরুতে কী ছিল; মানে Habit-কে জয় করা হয়ে গেল।

ব্যাপারটা এরকমই। কোনও Habit-কে দূর করতে চাইলে একটু একটু করে দূর করলে চলবে না, পুরোটাই একসাথে পুরোপুরি বাদ দিতে হবে। আজ একটু, কাল আরেকটু, এভাবে করলে হবে না, কোনো-না-কোনো উপায়ে অভ্যেসটা থেকেই যাবে, এমনকী যতটুকু বাদ দেওয়া হলো, তা-ও আবার ফিরে আসতে পারে। বাদ মানে পুরোটাই বাদ‌, ছেড়ে দেওয়া বলতে একেবারেই ছেড়ে দেওয়া; এখানে একটু বা আধটু'র হিসেব চলে না।

তিন। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর গির্জার ফাদার এখন সুস্থ হবার পথে। তিনি তাঁর সহকারীকে ডেকে বললেন, ঈশ্বরের অনুগ্রহে আমি আগের চাইতে অনেক ভালো আছি। সবাই আমার কথা ভেবে উদ্‌বিগ্ন হয়ে আছেন। আগামীকাল তো রোববার, গ্রামের লোকজন প্রার্থনা করতে গির্জায় আসবেন। ঈশ্বরের অনুগ্রহে আমি যে আগের চেয়ে ভালো আছি, তা তুমি খুব অল্প কথায় একটা কাগজে বড়ো করে লিখে নোটিশবোর্ডে সেঁটে দিয়ো, কেমন?

চার দিন পর হাসপাতাল থেকে গির্জায় ফিরে ফাদার দেখলেন, নোটিশবোর্ডে লেখা আছে:

God is good. The father is better.

ফাদার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করলেন।

চার। বৃদ্ধাশ্রমে মেয়েটি নতুন চাকরি নিয়ে এসেছে। তার কাজ, ওঁদের মানসিক স্বাস্থ্যের দেখাশোনা করা। শুরু থেকেই বেশ আন্তরিকতা ও উৎসাহের সাথে জয়ন্তী সবার খোঁজখবর নেওয়া আরম্ভ করল। কার কী দরকার, কে কী বলতে চাইছেন, এসব সে খুব খেয়াল করে শুনত।

একটা ব্যাপার সে হঠাৎ খেয়াল করল। এই বয়স্ক মানুষগুলি নিজেদের মধ্যে কীরকম জানি আলাদা আলাদা দল তৈরি করে থাকেন। এক দলের লোকেরা বাকি দলগুলিতে তেমন একটা মেশেন না। এই বিষয়টি জয়ন্তীর ঠিক পছন্দ হলো না। সে ভাবল, এমন কেন হবে? কেন এই মানুষগুলির মধ্যে দলাদলি থাকবে? এক বার্ধক্য বাদে বৃদ্ধদের আবার ধর্ম কীসের?

একদিন দুপুরে সবাই যখন খেতে বসলেন, তখন জয়ন্তী হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে বলল, ক্ষমা করবেন, দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই যে আপনাদের মধ্যে এত চমৎকার পারস্পরিক সম্পর্ক, তবুও আপনারা একেকটা দলে ভাগ হয়ে চলাফেরা করেন। ব্যাপারটা কি ভালো দেখায়? আপনাদের কি মনে হয় না, একেক দিন একেকটা টেবিলে একেক মানুষের সাথে খেতে বসলে আপনাদের মানসিক স্বাস্থ্য আরও ভালো থাকত? নির্দিষ্ট একটা কমফোর্ট জোনে থেকে যাওয়া কি স্থবিরতা নয়?

জয়ন্তীর কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। নাশিদা হোসাইন নামের এক বৃদ্ধা নীরবতা ভেঙে বললেন, মা, তোমার কথাগুলি ঠিক। তোমার জায়গায় দাঁড়িয়ে থাকলে আমিও ওরকম করেই ভাবতাম। একটা ব্যাপার কী জানো, আমরা সবাই এখানে এসেছি নিজেদের সবচাইতে প্রিয় মানুষদের ছেড়ে। এই বয়সে প্রিয় মানুষদের ছেড়ে থাকতে বাধ্য হচ্ছি। এই যে আমরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে চলাফেরা করছি, যেটাকে তুমি গ্রুপিং ভাবছ, সেই দলগুলি আসলে একেকটা ছোটো ছোটো পরিবার। এরকম কয়েকটি পরিবার মিলে আমরা এখানে থাকছি। পরিবারগুলির মধ্যকার সম্পর্ক বেশ মধুর, কেননা এই বয়সে আমাদের আর হারানোর কিছুই নেই। এক ঘর ছেড়ে আরেক ঘর পেলাম; এখন তুমি যদি বলো, নতুন ঘরটিও ছেড়ে দিতে হবে, আরেক ঘরে গিয়ে থাকা শিখতে হবে, তাহলে আমরা বড্ড মুশকিলে পড়ে যাব। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দাও। এতেই আমরা ভালো থাকব। তুমি যেটাকে স্থবিরতা ভাবছ, আমাদের কাছে সেটা মূলত শান্তি। এই বয়সে এক শান্তি বাদে আর কী-ইবা চাওয়ার আছে আমাদের?

জয়ন্তী সেদিন বুঝেছিল, যাঁকে তাঁর পরিবার‌ই রাখতে চাইল না, তিনি যখন কাউকে কিংবা কাউকে কাউকে তাঁর জীবনে রাখতে চান, তখন তাঁকে বাধা দেওয়া যায় না। ডাইনিং-হলের দুইটি টেবিলের দূরত্ব কেবলই টেবিলের দূরত্ব, মনের দূরত্ব নয়। ওঁদের মধ্যে এই যে নিরাবেগ বোঝাপড়া, তা কোনোভাবেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান। পরিবার‌ই যার পাশে নেই, তাকে ঠিক তার মতো করেই পরিবার গড়তে ও ভাঙতে দিতে হয়। যুবকদের ব্যাকরণে বৃদ্ধরা কখনও বাঁচেন না।

পাঁচ। অক্সফোর্ডশায়ার সীমান্তের কাছে বাকিংহামশায়ারের মেঠোপথের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ চলে গেছে। ১৯৮৭ সালে নির্মিত এই সুড়ঙ্গ নির্মাণের কারণটি বেশ চমকপ্রদ।

শীতের শেষে বসন্তের শুরুতে হাজার হাজার ব্যাং শীতনিদ্রা ভেঙে জঙ্গল থেকে উঠে আসত এবং রাস্তার ওপারে থাকা পুকুরগুলির দিকে ছুটত। স্বাভাবিক জীবনে ফিরে যাবার সময় অসংখ্য ব্যাং গাড়ি বা পায়ের নিচে চাপা পড়ে কিংবা পাথরের আঘাতে মারা পড়ত। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে যাচ্ছিল।

ব্যাঙেদের বাঁচাতে দ্য ফনা অ্যান্ড ফ্লোরা প্রিজারভেশন সোসাইটি সেই সুড়ঙ্গ তৈরির কাজ হাতে নিল। রাস্তার উপর না উঠে যাতে জঙ্গল থেকে পুকুরে যাবার কাজটি মাটির ভেতর দিয়েই ব্যাঙেরা করতে পারে, তা নিয়ে কিছু প্রকৌশলী কাজ শুরু করেন এবং সুড়ঙ্গটি নির্মিত হয়। তাঁরা গর্ব করে বলতেন, ওই সুড়ঙ্গটি কেবল সুড়ঙ্গ‌ই নয়, জীবন বাঁচানোর এক মহৎ শিল্প। সভ্যতা নিশ্চয়ই এমন মানবীয় মূল্যবোধসম্পন্ন কিছু মানুষের হাতে তৈরি।

সেটি ছিল যুক্তরাজ্যের প্রথম দিককার টোড-টানেল। বলা হয়, সুড়ঙ্গটি ওই এলাকার শতকরা নব্বই ভাগেরও বেশি ব্যাঙের জীবন বাঁচিয়ে দিয়েছিল। জীববৈচিত্র্য রক্ষায় এভাবে এগিয়ে না এলে অচিরেই আমাদের অস্তিত্ব‌ই বিপন্ন হতে আরম্ভ করবে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *