ভাবনা: এক হাজার সাঁইত্রিশ
………………………………………………………………
এক। এগারো বছর বয়সি এক শিশুকে জিজ্ঞেস করেছিলাম, "তুমি কি স্বর্গে যেতে চাও?"
"যেতে হবেই, এমন কিছু নয়। তবে হ্যাঁ, যদি যাই কখনো, তখন খুব ভালো লাগবে। এই যে এত এত সুন্দর ফুল, পাখি, গাছ, তারা, আকাশ এবং আরও কত-কী ঈশ্বর আমাদের জন্য সৃষ্টি করেছেন, ভাবো তো, স্বর্গের জন্য এর চাইতে অনেক বেশি সুন্দর কী কী সৃষ্টি করে রেখেছেন তিনি!"
"আমি চাই, স্বর্গে অনেক প্রজাপতি থাকুক। এর চাইতে সুন্দর সৃষ্টি আর হয় না! রংবেরঙের ডানা, অমন দুলে দুলে হাওয়ায় ওড়াউড়ি... আহা আহা! বৃদ্ধরা কেন ওভাবে কুঁকড়ে যায়, জানো? ওরা আসলে তখন কোকুনের মতো গুটিয়ে আসে। পরের ধাপেই প্রজাপতি হয়ে রঙিন ডানা মেলে স্বর্গের দিকে উড়ে চলে যায়। কেন এরকম হয়, জানো? কেননা ঈশ্বর তাঁদের ভালোবাসেন।"
আমি শুধু ভাবছিলাম শিশুটির মায়ের কথা। কত সুন্দর একটা মন নিয়ে সন্তানকে বড়ো করছেন তিনি! সন্তানের জন্মের আগেই স্বামীকে হারিয়েছেন যে নারী, কতটা ধৈর্য আর সহনশীলতা থাকলে সন্তানের মধ্যে এমন আলো ছড়িয়ে দেওয়া যায়, তা ভেবে প্রার্থনায় ও শ্রদ্ধায় মাথা নুয়ে এল।
দুই। আমেরিকার একটি স্থানীয় পত্রিকার সম্পাদকের কাছে একদিন একটা চিঠি এল। এক ভদ্রলোক লিখেছেন, আমার ছোটো ভাই ৩০ বছর আগে আমার সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর সে আর কখনোই আমাদের কারও সাথে কোনও যোগাযোগ করেনি। আমার মা শয্যাশায়ী; তাঁর শেষ ইচ্ছে, ছোটো ছেলেকে একটু দেখবেন। আমার ভাইকে খুঁজে পেতে আপনার সাহায্য চাইছি।
পত্রিকায় সেই নিখোঁজ ব্যক্তির নাম উল্লেখ করে একটি হৃদয়স্পর্শী খবর ছাপানো হলো। লোকটির খোঁজ পাওয়াও গেল। বড়ো ভাইয়ের অনুরোধে সম্পাদক সাহেব একজন রিপোর্টারকে পাঠালেন তাঁর কাছে। কিন্তু তিনি ফিরতে রাজি হলেন না।
"তিনি এলেন না কেন?"
"তাঁকে খুঁজতে আমরা যে এত কষ্ট করলাম, তার জন্য তিনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন।"
"ঠিক আছে, কিন্তু এলেন না কেন?"
"উনি ফিরতে চাইছেন না, তাই।"
"অসুবিধে নেই। তো এই কথাটিই তাঁর বড়ো ভাইয়ের কাছে লিখে পাঠালেই তো পারতেন!"
"লিখতে বলেছিলাম। কিন্তু উনি বললেন, আমাকে ফিরিয়ে নিতে ভাইয়া তো নিজে আসতে পারতেন, তাই না? আসেননি যখন, তখন আপনাকে দিয়ে আমার কাছে একটা চিঠি তো অন্তত লিখতে পারতেন! ভুল তো আমার ছিল না!"
আমাদের ইগো ঠিক এমনি করেই আমাদের হৃদয়কে দমিয়ে রাখে। আমাদের যা করা উচিত কিংবা যা করতে আমাদের খুব ইচ্ছে করছে, তার চাইতে অনেক বড়ো হয়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের জেদ, রাগ, ইগো। ইগোর লড়াইয়ে জিততে গিয়ে মানুষ নিজের সন্তান এবং পিতা-মাতা'কেও দূরে সরিয়ে দেয় কখনো কখনো!
তিন। আমাদের গ্রামের কৃষ্ণমন্দিরে বছর তিরিশেক আগে এক পুরোহিত খুব চমৎকার একটা রীতি চালু করেছিলেন। গ্রামবাসীদের তিনি বলেছিলেন, প্রতিটি পরিবারই যেন প্রতিবেলায় ভাত রান্না করার সময় একমুঠ চাল একটি পাত্রে রেখে দেয়। এভাবে এক সপ্তাহে যা চাল জমে, তার অর্ধেক ওই পরিবারের, বাকি অর্ধেক মন্দিরের। পুরোহিতের সেই কথা সবাই মেনে নিয়েছিল।
দেখা গেল, প্রতিসপ্তাহে মন্দিরে যা চাল জমা হতো, তা দিয়ে অনেক দরিদ্র নিরন্ন মানুষের অন্নসংস্থান করে ফেলা যেত খুব সহজেই। দৃশ্যমান বাড়তি কোনও চাপ সৃষ্টি না করেই গ্রামবাসীর সহযোগিতায় জনসেবার ব্যবস্থা হয়ে গিয়েছিল। এই ক্ষুদ্র দানকর্ম গ্রামের মানুষের মধ্যে একধরনের আত্মতৃপ্তির জন্ম দিয়েছিল। চালের পরিমাণ যখন বাড়তে থাকল, তখন চালবিক্রির টাকা দিয়ে গরিব ও অনাথ শিশুদের জন্য বই-খাতা কিনে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হলো। সেই পুরোহিত প্রায়ই বলতেন, আপনাদের সন্তানের মন্দিরে আসার চাইতে স্কুলে যাওয়া বেশি জরুরি। ধনীদের প্রতি তাঁর আহ্বান ছিল: গড়তেই যদি চান, তবে মন্দির নয়, ওই টাকায় একটি স্কুল গড়ে দিন।
সুন্দর মানুষের হাত ধরে এমনি করেই ধর্মবিশ্বাসের সৌন্দর্য প্রকাশিত হয়।
চার। কোনও মেয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার সময় এক ঘণ্টা নিজের অবস্থান ব্যাখ্যা করা আর এক মিনিট কিছুই না বলে তাকে যা খুশি বলতে দেওয়া, এই দুই কাজের ফলাফল একই; বরং দ্বিতীয় কাজটিই অধিক ফলপ্রসূ হবার সম্ভাবনা বেশি।
মেয়েরা বলতে (পড়ুন, কথা শোনাতে) পারলেই জিতে যায়।
পাঁচ। সাড়ে তিন বছরের নাতিকে নিয়ে সেলিম সাহেব গেছেন চিড়িয়াখানায়। প্রায় দুই ঘণ্টা ঘোরাঘুরি শেষে পাশের এক রেস্টুরেন্টে গেলেন লাঞ্চ করতে। মেন্যু পড়ার জন্য চশমা বের করতে গিয়ে দেখলেন, পকেটে চশমা নেই।
দাদুকে চশমা খুঁজতে দেখে নাতি বলল, "আমি জানি, তোমার চশমা কোথায়।"
"কোথায়, দাদুভাই?"
"ওটা তো চিড়িয়াখানায়।"
"ওখানে কোথায়?"
"ভাল্লুকের খাঁচার সামনে।"
"কীভাবে জানলে?"
"তুমি যখন আমাকে ভাল্লুক দেখানোর জন্য কাঁধে তুললে, তখন তোমার পকেট থেকে চশমাটা নিচে পড়ে গিয়েছিল।"
"তাহলে তুমি আমাকে তখন বললে না কেন?"
"ওমা, আমি দেখলাম, চশমাটা পড়ে গেল আর আমাকে নিয়ে পাশ ফেরার সময় তুমি ওটার উপর দাঁড়িয়ে গেলে। আমি তো ভেবেছি, তোমার চশমাটা আর লাগবে না, তাই তুমি ওটা পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলেছ।"
ছয়। স্কুলে পড়ার সময়, যাদের আমার ভালো লাগে, তাদের কাছ থেকে অটোগ্রাফ নিতাম। ভালো লাগলেই হলো, তার বুদ্ধি বা জ্ঞান যেমনই হোক না কেন। কেউ আমাকে খুব সস্তা একটা ক্যান্ডি কিনে দিল, আমি খুশি হয়ে তাকে হয়তো অনুরোধ করতাম: আমার খাতায় ভালো কিছু লিখে দেবে?
অটোগ্রাফের অসংখ্য খাতার মধ্য থেকে মাত্র তিনটি আজও টিকে আছে। সেদিন একটা অটোগ্রাফ চোখে পড়ল:
থিংক অ্যান্ড থ্যাংক!
নিচে তারিখ-সহ স্বাক্ষর দেওয়া: সৈকত ঘোষ।
আজও মনে আছে, তখন খুব বিরক্ত হয়েছিলাম এটা ভেবে যে, এত ছোটো কথা কেউ লেখে! এত আগ্রহভরে খাতা নিয়ে এলাম, আর পেলাম কিনা মাত্র এইটুকু! কী হাড়কিপটে মানুষটা!
ওই লেখাটি তাঁর মৌলিক বাক্য না হলেও আমার কাছে খুব দামি। অত ছোটো আমি'কে সৈকত কাকু যে ওই কথাটি উপহার হিসেবে দিয়েছিলেন, তা নিশ্চয়ই প্রমাণ করে, তিনি সেই ছোট্ট ছেলেটিকে যথেষ্ট গুরুত্ব দিতেন এবং অত ভারী কথা গ্রহণ করার মতো যোগ্য ভাবতেন।
মাত্র তিনটি শব্দ, অথচ ভারে তিনটি মহাসমুদ্রের সমান! আমাদের পরিবার, বন্ধুবান্ধব, কাছের লোকজন, সহকর্মী, পোষা প্রাণী, বই-মিউজিক-মুভি, আকাশ-মাটি, আলো-হাওয়া-অন্ধকার এবং এরকম হাজারো অনুষঙ্গ আমাদের আয়ুকে প্রতিনিয়তই সুন্দর থেকে সুন্দরতর করে দিচ্ছে। এই সহজ ব্যাপারটা মাথায় এলেই তো এইসব চমৎকার উপহারের প্রতি কৃতজ্ঞতায় মাথা আপনাআপনিই নুয়ে আসে। কৃতজ্ঞতাই শান্তি!
ভাবনা: এক হাজার আটত্রিশ
………………………………………………………………
এক। স্কুল থেকে টিচাররা যে রিপোর্ট দেন, তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও বিশ্বাস দুই-ই কাজ করে। এই রিপোর্ট নিয়ে অভিভাবকেরা যে কতটা আগ্রহ নিয়ে ভাবেন এবং রীতিমতো গবেষণা করতে বসেন, তা চোখে পড়ার মতন। যত দিন যাচ্ছে, এই চিত্রটি ততই স্পষ্ট হচ্ছে।
কিছু শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে বেশ চমৎকার সব মন্তব্য লেখেন, যা অভিভাবককে একইসাথে খুশি ও উৎসাহিত করে। এমনও হতে দেখেছি, শিক্ষকের দয়ার্দ্র এবং অনুপ্রেরণাদায়ী কথামালার জোরে অভিভাবক তাঁর সন্তানের মধ্যে নতুন নতুন সম্ভাবনার জন্ম দিতে সক্ষম হয়েছেন। শিক্ষকের ভালো ভালো মন্তব্য শিক্ষার্থীর জীবনে ম্যাজিকের মতো কাজ করে। রিপোর্টকার্ডে মন্তব্যপ্রদানের সময় বিবেচনাপ্রসূত কঠোরতাও অনেকসময় অভিভাবকদের সচেতন ও তৎপর করে গড়ে তোলে। শুধু খেয়াল রাখতে হবে, অমন কঠোরতা অবলম্বন যেন ধ্বংস নয়, সৃষ্টি করে।
নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ডের সবচাইতে পুরোনো গ্রামার স্কুলগুলির একটির দ্বিতীয় প্রধান শিক্ষক ছিলেন জন টেইট। তিনি এক খ্রিস্টান পাদ্রীর পুত্রের রিপোর্টকার্ডে লিখেছিলেন:
বলতে দ্বিধা নেই, অন্যান্য অসাধারণ ক্ষমতার সাথে আপনার ছেলের আরেকটি দিক আমি লক্ষ করেছি, যা আর কারও মধ্যেই নেই, আর তা হলো অসীম প্রতিভা।
তিনি আরও লিখেছেন:
এই সত্যটা আপনি খুব সাবধানে আপনার সন্তানের কাছ থেকে গোপন রাখবেন। তার যেন কখনোই এটা মাথায় না আসে, সে অন্যদের চাইতে বড়ো কিংবা সে-ই সবচাইতে এগিয়ে। তাকে তার মতো করে বিকশিত হতে দিন, একসময় সে নিজেই সবকিছু টের পাবে...
হ্যাঁ, সেই ছোট্ট ছেলেটি পরবর্তীতে সত্যি সত্যি বিখ্যাত হয়েছিল। তাঁর পরিচয় একটি নয়, তিনটি। তিনি হয়ে উঠেছিলেন সেই সময়কার নামকরা একজন ধর্মযাজক। গণিতশাস্ত্রের অনেক প্রসিদ্ধ পুস্তকের জন্ম হয়েছিল তাঁর কলম থেকেই। আর আমরা তাঁকে যে পরিচয়ে চিনি, তা হলো: লুইস ক্যারল ছদ্মনামে তিনি সৃষ্টি করেছেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং অ্যালিস থ্রু দ্য লুকিং-গ্লাস'য়ের মতো শিশুতোষ ওয়ার্ল্ডক্লাসিক।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের বিখ্যাত অধ্যাপক চার্লস লুটউইজ ডজসনের সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তাঁর শ্রদ্ধেয় স্কুল শিক্ষক, তা যে এমন অক্ষরে অক্ষরে ফলবে, তা হয়তো তিনি নিজেও জানতেন না, কিন্তু একজন লুইস ক্যারল তৈরি হবার জন্য সেই পাদ্রী অভিভাবকের কাছে তা ছিল বাইবেলের বাণীর মতো পালনীয়। শিক্ষক চাইলেই একজন শিক্ষার্থীকে শূন্য থেকে শীর্ষে নিয়ে যেতে পারেন। শিক্ষকের উদার ও বিচক্ষণ দূরদৃষ্টি একজন শিক্ষার্থীকে এভাবেই এগিয়ে নিয়ে যায় বহুদূর... এতটাই, যা হয়তো সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। শিক্ষকই এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর।
দুই। আত্মবিশ্বাস হারিয়ে গেলে বেঁচে থাকা খুব কঠিন। তখন আর কোনও কাজই ঠিকভাবে শুরু করা যায় না। মনের শক্তি বাড়ানোর যে কয়েকটি জাদু আছে, সেগুলির মধ্যে আত্মবিশ্বাসের স্থান সবার উপরে। কেউ যখন বিভিন্ন কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন কীভাবে সে তা ফিরে পেতে পারে?
খুব সহজ একটা পথ হচ্ছে, একটা ব্যালেন্সশিট মেইনটেইন করা। কীরকম? অতীতের যা-কিছু সাফল্য, সেগুলির একটা তালিকা করুন। লিখতে থাকুন; নিজেই অবাক হয়ে দেখবেন, গর্বে খুশি হয়ে ওঠার মতো অনেককিছুই আপনি এ জীবনে করতে পেরেছেন। ছোটোবেলায় কোথাও কোনও পুরস্কার পেলে তা-ও লিখুন। কখনো খুব চমৎকারভাবে কোনও গান গেয়ে কারও হাততালি পেলে, সেটিও যেন বাদ না পড়ে। যা যা ভালো কাজ করেছেন এ জীবনে, সেগুলি নিয়েও দু-লাইন লিখুন।
আরেকটি কাগজে লিখতে থাকুন আপনার এমন কী কী আছে, যা অন্য অনেকেরই নেই। আপনি আঁকতে পারেন, গাইতে পারেন, লিখতে পারেন, নাচতে পারেন, শিসের সাহায্যে গানের সুর তুলতে পারেন, টেবিল বাজিয়ে গানের তাল তুলতে পারেন, রসবোধ ভালো হওয়ায় আড্ডা জমিয়ে দিতে পারেন, সুস্বাস্থ্যের অধিকারী হবার সুবাদে আধা ঘণ্টা দৌড়াতে পারেন, মজার মজার সব রান্না করতে পারেন... এমন যা-কিছুই মাথায় আসে নিজের সম্পর্কে, ওই কাগজে লিখুন।
প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে ওই দুইটি তালিকায় চোখ বোলান। নতুন কিছু মনে পড়লে সেটিও লিখুন। নতুন কোনও কাজ করে ফেলতে পারলে কিংবা কঠিন ও ক্লান্তিকর কোনও দায়িত্ব শেষ করে ফেলতে পারলে ওসবও লিখুন। নিজেকে ছোটোখাটো কিছু উপহার দিন। আপনার ভেতরের মানুষটির সবচাইতে বেশি প্রয়োজন আপনার আন্তরিক ভালোবাসা। আপনার সবল দিকগুলি নিয়ে ভাবুন, দুর্বল দিকগুলি দূর করার জন্য কাজ করুন। পুরো ব্যাপারটা একটা ওয়ার্কশপের মতন। এভাবে ধৈর্য ধরে পনেরো দিন চালিয়ে যান না থেমে। আপনি কোথায় ছিলেন বা আছেন, তার চাইতে জরুরি, আপনি কোথায় যাচ্ছেন।
পনেরো দিনের এই জার্নিতে আপনি টের পাবেন, আপনি অনেককিছুই করতে পারেন, যেগুলি চর্চার অভাবে ও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলার কারণে আর আগের মতো করতে পারছেন না। তবে শুরু করলে সেই আগের জায়গায় নিজেকে নিয়ে যাওয়া আপনার জন্য কঠিন হবে না, কেননা আপনি মানুষটা তো আর অন্য মানুষ হয়ে যাননি। বিশ্বাস ও মানসিকতা হয়তো বদলেছে, কিন্তু মানুষটা একই আছে বলেই এই বদলের উলটোপিঠে ফিরে যাওয়া সম্ভব। এই পনেরো দিনে আপনার ভেতরে বাস-করা অনেক নেতিবাচক চিন্তাভাবনার মৃত্যু ঘটবে, যা আপনি নিজেই অনুভব করতে পারবেন।
তিন। নিজেকে নিয়ে ভাববার সময় যার যত অল্প, তার কষ্টের অনুভূতি তত সুপ্ত। সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে এটা সবচাইতে বেশি হয়। পেশা, সংসার, পরিচিত বলয় ইত্যাদি সামলানোর পর, এমনকী এসবের কিছু কিছুকে সুযোগ ও সুবিধা অনুযায়ী জীবন থেকে বাদ দেবার পর সৃষ্টির জন্য খরচ করার মতো যে সময়টুকু তাঁর হাতে থাকে, সেই সময়ে অন্যকিছু নিয়ে ভাববার অবকাশ তাঁর কখনোই হয় না।
এই যে ব্যস্ততা, নিজেকে নিজের পৃথিবীতে ব্যস্ত করে রাখা, এটিই মানুষকে নিজের জীবন নিয়ে ভাবতে দেয় না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, নিজেকে নিয়ে ভাবতে গেলেই সে নিজের দুঃখময় অতীত কিংবা বেদনার স্মৃতি নিয়ে বিভোর হয়ে পড়ে। তাই নিজেকে নিয়ে ভাববার সময় না পেলেই বরং ভালো, ওতে মানুষ ভালো থাকে। যার হাতে কাজ যত কম, তার মনে দুঃখবোধ তত বেশি।
চার। চোখ দিয়ে দেখলে অনেক খুঁত চোখে পড়ে। হৃদয় দিয়ে দেখলে কেবল মানুষটাকেই দেখা যায়। বন্ধুত্ব এবং অন্যান্য সম্পর্ককে টিকিয়ে রাখার মূলমন্ত্র হচ্ছে: চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে জানা।
দু-জন মানুষ একসঙ্গে থাকতে গেলে মতের ও পথের অমিল হবেই। পরস্পরের কাজ, চলাফেরা, কথাবার্তা দূরত্ব তৈরি করতে চাইবেই। একই কাজ দুইটি মানুষ দুইভাবে করে; এটিও হতে পারে মতানৈক্যের উৎস। বাসন বা কাপড় কীভাবে পরিষ্কার করতে হয়, তা নিয়ে ভাবনা না-ই মিলতে পারে; এমনকী তা মিলে গেলেও পরিষ্কার করার পর সেগুলি কীভাবে সাজিয়ে রাখা উচিত, তা নিয়েও দু-জন দু-রকমের রায় দিতে পারে।
কেউ কী করল বা করল না, তা দেখে তাকে বিচার করতে গেলে কখনোই তার সাথে থাকা সম্ভব নয়। বরং কাজটি করার বা না করার বেলায় তার হৃদয়ের অবস্থান ঠিক কোথায় বা কেমন ছিল, তা নিয়ে ভাবলে আর দূরত্ব তৈরি হয় না। সম্পর্ক ধরে রাখতে চোখ নয় হৃদয় লাগে; তাই পাশের মানুষটিকে সত্যিকার অর্থে দেখতে চাইলে চোখের দৃষ্টি নয়, হৃদয়ের অনুভূতি লাগে।
চোখের চাইতে হৃদয়ের ব্যবহার বেশি করতে না জানলে কাচের চুড়ির মতোই সম্পর্ক ভেঙে যায়।
ভাবনা: এক হাজার উনচল্লিশ
………………………………………………………………
এক। আমাদের এক সহকর্মী মিথিলা খুব চমৎকার আঁকেন। তাঁর ঘরের দেয়াল, ফেইসবুক আর ইনস্টাগ্রামের ওয়াল, মোবাইলের গ্যালারি ভর্তি হয়ে থাকে নিজের সৃষ্টিতে। মাঝে মাঝে তাঁর আর্ট এক্জিবিশনও হয়; ছোটো পরিসরে হলেও হয়। তিনি কী চাকরি করেন, তা না জানলেও অনেকেই তাঁকে চেনেন একজন আর্টিস্ট হিসেবে। শিল্পমূল্যের বিচারে তাঁর সৃষ্টিকর্মের দাম আছে। তাঁর ছবি তাঁকে অমর করে রাখবে কি না জানি না, তবে আমাদের ধারণা, এই কাজটিই তাঁকে বাঁচিয়ে রেখেছে।
তাঁর এই ব্যাপারটি নিয়ে আমরা মুগ্ধ এবং ঈর্ষান্বিত। অফিসের কোনও কাজে তাঁর বিন্দুমাত্রও গাফিলতি নেই, ঘরও সামলে যাচ্ছেন ভালোভাবেই, তার পরেও অত অপূর্ব সব ছবি আঁকার সময় তিনি কোথায় পান, আমরা ভেবে পাই না। ভেবে না পেয়ে থেমে গিয়ে নিজের কাজে মন দিই, তা-ও নয় অবশ্য! আমরা অফিস করেই যেন সমস্ত প্রাণশক্তি ফুরিয়ে বসে থাকি। বাড়তি কিছু করার সময় কোথায়? মিথিলার মতো অমন সৃষ্টিশীল একটা জীবন আমরাও চাই, একটু চেষ্টা করলে হয়তো পেয়েও যাব, কিন্তু অত সময় কোথায়?
কথা সেটা নয়। কথা হচ্ছে, অফিস করে এবং ঘর সামলেও ছবি আঁকার সময় মিথিলা বের করে কীভাবে? এ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। একদিন এক কফি-আড্ডায় তিনি নিজেই নিজের কাজ ও জীবন নিয়ে কিছু কথা বললেন। "ছবি আঁকতে না পারলে খুব সম্ভবত আমি মরেই যাব। আমার মাথায় সারাক্ষণই নানান সাবজেক্ট ঘুরতে থাকে, ছবি আঁকার রসদ আমি চারপাশ থেকেই খুঁজে নিই। আমার যা যাপন, তা-ই আমার সৃষ্টি। জীবনের জন্য জীবিকা লাগেই, তাই অফিসের কাজে আমি শতভাগ আন্তরিক ও আত্মবিশ্বাসী। বিয়ে করেছি, ঘরসংসারও সামলাতে হয়। আমি সাধারণত খুব দ্রুত কাজ করি, কখনোই অহেতুক সময় নষ্ট করি না। আপনারা আমাকে কখনও আড্ডা দিতে কিংবা ঘুরে বেড়াতে দেখেন না। অফিসশেষে আমি একমিনিটও অফিসে বসে কারও সাথে গল্প করি না, এমনকী ছুটির দিনগুলিতেও পারতপক্ষে ঘোরাঘুরি করি না। জীবনের অনেক ধরনের বিনোদন থেকে স্বেচ্ছায় নিজেকে বঞ্চিত রেখে দিই এবং সেই সময়টা আমি সৃষ্টির পেছনে খরচ করি। আমি কখনোই ফার্স্টক্লাস চাকুরে কিংবা ঘরনি নই, এবং এ নিয়ে আমার কোনও দুঃখ নেই।"
তিনি বলে চললেন, "আমার নিজের একটা পৃথিবী আছে। সেখানে থাকতে আমার ভালো লাগে। সেখানে ঢুকে পড়ার জন্য আমি সারাক্ষণই অপেক্ষায় থাকি। এটা ঠিক, এই নির্বাসিত জীবন খুব একটা সুখের নয়। মন ও শরীরের উপর ভীষণ চাপ পড়ে। কখনো কখনো পালাতেও ইচ্ছে করে। আপনাদের মতন বাসায় ফিরে টিভি দেখতে কিংবা বাসায় না ফিরে ঘুরে বেড়াতে ইচ্ছে করে। ছুটির দিনে দীর্ঘসময় ধরে ঘুমোতে ইচ্ছে করে। ফেইসবুকে পড়ে থাকতে ইচ্ছে করে, হ্যান্ডসাম কাউকে দেখলে তার সাথে ফ্লার্ট করতে ইচ্ছে করে। আমিও তো মানুষ! হা হা হা... কিন্তু দেখুন, এসবের কিছুই না করে নিজেকে ফিরিয়ে নিই এবং আটকে রাখি তুলিতে-কাগজে। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে যাই কিছু আঁকতে, পিঠ ব্যথা করে, মাঝে মাঝে পাগল পাগল লাগে। কিছুই আঁকতে না পেরে মাঝে মাঝে দিনের পর দিন নিভৃতে কাঁদি। এই জার্নিটা সহজ নয়। পূর্ণকে শূন্য করে ফেলা সহজ, কিন্তু শূন্যকে পূর্ণ করতে অনেক সাধনার দরকার হয়। যে পথে হাঁটার নিয়ম জানি না, অথচ সেখান থেকে বের হতেও পারি না, সে পথে হাঁটি। হাঁটার জন্য আরও সহজ পথ আছে, কিন্তু আমার পথ একটাই। আমি প্রায়ই ভাবি, আমার কী এমন আছে, যা আর কারুরই নেই? এর উত্তরটা অনুভব করতে ভালো লাগে, বেঁচে থাকাটা সুন্দর মনে হয়।"
সেদিনের পর থেকে আর কখনও আমরা মিথিলাকে নিয়ে জাজ করিনি। মিথিলা যে পৃথিবীতে বাস করেন, তা যে আমরা চিনিই না! যা চিনিই না, তা নিয়েও এতদিন বোকার মতন রায় দিয়ে এসেছি। তিনি আমাদের সহকর্মী, মানুষ হিসেবে নিরীহ ও ভালো, কেবল এটুক পরিচয়েই সন্তুষ্ট থাকার চর্চাটা শুরু করেছিলাম পরদিন থেকেই। আমরা যে সময়ে তাঁকে নিয়ে গবেষণা করছি, ঠিক সেই সময়েই হয়তো তিনি সৃষ্টিতে ডুবে আছেন। আমরা এমন কারও পেছনে লেগে আছি, যাঁর ভাবনার কোথাও আমরা নেই। কী বাজে রকমের বিষণ্ন একটা জীবন আমাদের! অবসর কারুরই থাকে না, অবসর বের করে নিতে জানতে হয়। বের করে আমরা সবাই-ই নিই; তারপর সেই অবসরে আমরা যা করি, আমরা মূলত তা-ই। না, আমরা চাইলেই মিথিলা হতে পারব না। মিথিলাও চাইলে আমরা হতে পারবেন না। একেক জীবন, একেক যাপন।
দুই। যার চাকরিও নাই, বউও নাই, সে জীবনের অনেককিছু থেকে বঞ্চিত। আর যার চাকরি ও বউ দুই-ই আছে, সে জীবনের সবকিছু থেকেই বঞ্চিত।
(প্রিয় নারীকূল, আসুন, ঝগড়া করি।)
পুনশ্চ। আর যার বউ আছে, কিন্তু চাকরি নাই,
তার খালি লুঙ্গির গিঁট আছে, লুঙ্গিটাই নাই।
তিন। আমাদের এক বান্ধবী একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করে। ওখানে ক্লাসগুলি হয় সন্ধ্যায়। তাঁর সাথে কথা বললে আমরা বুঝতে পারি, কাজটা সে বেশ উপভোগ করে।
কিন্তু শুরু থেকেই কি সে এমন আত্মবিশ্বাস নিয়ে বয়স্ক মানুষদের ক্লাস নিতে পারত? তাঁর মুখেই এর উত্তরটা শোনা যাক। "প্রথম দিন যখন ক্লাস নিতে যাচ্ছিলাম, তখন মাথায় বার বার আসছিল, আমার চেয়ে বয়সে অত বড়ো, যাঁদের কেউ কেউ আমার বাবা-মা'য়ের বয়সি, তাঁদের আমি পড়াব কীভাবে? আমার কথা তাঁরা শুনবেন আদৌ? যা পড়াতে চাই, তা ওঁদের বোঝাব কী করে? ভয়ে হাত-পা কাঁপে যদি? এরকম হাজারো দ্বিধা। ক্লাসে গিয়ে দেখি, আমার জন্য অনেক বয়স্ক লোকজন অপেক্ষা করে আছেন খাতা-কলম নিয়ে। দেখে দারুণ লাগল। মনে হলো, আমাদের কাছে ওঁরা কত আশা নিয়ে শিখতে এসেছেন! আমাকে পারতেই হবে! সে এক অভূতপূর্ব অনুভূতি!"
সেদিন ওর ক্লাসে এক বয়স্ক দম্পতি ছিলেন। তাঁরা ছিলেন তার ক্লাসের সবচাইতে মনোযোগী শ্রোতা। বান্ধবী পরে ওঁদের সাথে গল্প করতে গিয়ে জানতে পেরেছিল, ওঁরা নিঃসন্তান। পঁচিশ বছর আগে ওঁদের একটি মেয়ে হয়েছিল, যে জন্মের পরপরই মারা যায়। তার পরে ওঁদের আর সন্তান হয়নি। ওঁরা আমাদের বান্ধবীকে বলেছিলেন, "মা গো, আমাদের মেয়েটা বেঁচে থাকলে তোমার মতোই হতো। আজ আমাদের মনে হচ্ছে, সে বেঁচে থাকলে আমরা তাকে শিক্ষকতা করতেই বলতাম।" ওঁদের অশ্রু তাকে সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল।
আমাদের অবচেতন মন কোথা থেকে কখন কীভাবে যে বেঁচে থাকার এবং কাজ করার অর্থবহ কারণ খুঁজে পায়, তা বলা মুশকিল। এমনকী সঠিক সময়ে সঠিক মানুষের ছোট্ট একটা হাসিও আমাদের চলার পথে উৎসাহ জোগাতে পারে।
ভাবনা: এক হাজার চল্লিশ
………………………………………………………………
এক। আমাদের বিল্ডিংয়ের একতলায় যিনি থাকেন, তাঁকে আমরা কখনোই কারও সাথে কথা বলতে দেখিনি। তিনি কারও সাথেই মেশেন না, এবং তাঁর বাসায় কখনও কাউকে আসতেও দেখিনি। তিনি কী করেন, কখন কোথায় যান বা কোথা থেকে কখন ফেরেন, এসবের কিছুই আমরা কেউ জানি না। আমরা ধরেই নিয়েছি, তিনি একজন অসামাজিক এবং আত্মকেন্দ্রিক মানুষ। যাকে চিনিই না, যার সাথে কখনও কথাই হয়নি, তাকে নিয়ে বলতে আমাদের খুব ভালো লাগে। আমরা এই রায়টাও প্রায় সময়ই দিয়ে দিই: এই স্বার্থপর লোকটার লোকালয় ছেড়ে বনে-জঙ্গলে থাকা উচিত।
একদিন আমাদের গলির সামনের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। একজন ষাটোর্দ্ধ ভদ্রমহিলা হাঁটার সময় হঠাৎ পা মচকে ফুটপাত থেকে পাশের ড্রেনে পড়ে গেলেন। সবাই ওখানটায় ভিড় জমিয়ে নানান রকমের দুঃখ ও সমবেদনা প্রকাশ করলেও কোনও কথা না বলে আসল কাজটি করেছিলেন ওই অসামাজিক লোকটি। তিনি ওই ভদ্রমহিলাকে ড্রেন থেকে তুলে অতিদ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। মহিলাটির স্বামী নেই; একমাত্র ছেলে ইংল্যান্ডে থাকে, (মহিলার ভাষ্যমতে) স্ত্রীর প্ররোচনায় দীর্ঘদিন ধরেই মায়ের কোনও খোঁজখবর রাখে না। না, তিনি একা থাকেন না, বাড়িতে সঙ্গে তাঁর পোষা কুকুরটি থাকে।
সেই খতরনাক অসামাজিক আত্মকেন্দ্রিক মানুষটি হাসপাতালে তাঁর যাবতীয় সেবাশুশ্রূষা করা থেকে শুরু করে তাঁর অসহায় কুকুরটির দেখাশোনা করা এবং হাসপাতাল থেকে রিলিজ পাবার পরও তিনি পুরোপুরি সুস্থ হওয়া অবধি তাঁর সেবাযত্ন করেছিলেন। সেইসময় আমাদের বদ্ধমূল ধারণা ও বিশ্বাস জন্মেছিল, নিশ্চয়ই বিধবার সম্পত্তির দিকে এই উটকো লোকটির চোখ আছে! এর বাইরে আর কোনও গ্রহণযোগ্য যুক্তি আমরা মাথায় আনতে পারিনি। আমাদের কাছে জীবনের মানেই যে: দুইয়ে দুইয়ে চার!
মজার ব্যাপার, মহিলাটি সুস্থ হবার পর এই গল্পের নায়ক তাঁর সাথে আর কোনও ধরনের যোগাযোগ রাখেননি। এর কারণ ছিল: মহিলাটি বলেছিলেন, "বাবা, তুমি আমার ছেলের মতো। আমি তো নিজের বাড়িতে একাই থাকি; তুমি আমার বাড়ির সামনে পড়ে থাকা খালি জায়গাটিতে ঘর বানিয়ে তোমার পরিবার-সহ থাকলে আমি খুব খুশি হব।" আমরা অবশ্য আবারও রায় দিয়ে ফেলেছিলাম, লোকটা মতলববাজ না হলেও প্রকৃত অর্থেই অসামাজিক।
আমরা যা দেখি ও যতটুকু ভাবি, তার বাইরেও পৃথিবী আছে। আমাদের চিন্তাশক্তি ও ভাবনাপরিধির বাইরে যারা বাস করে, তাদের অস্তিত্ব সম্পর্কে নিজের মনগড়া ও বানোয়াট ব্যাখ্যা দাঁড় করিয়ে আমরা তৃপ্তির ঢেকুর তুলি। কুয়াশায় কিছু দেখা যায় না বলে আমরা যারা কুয়াশা পছন্দ করি না, তারা ধরেই নিই, এ পৃথিবীর কেউই কুয়াশা পছন্দ করে না। অথচ আমাদের মাথায়ই আসে না যে, আমরা যা দেখি না, কেউ কেউ তা-ই সবচাইতে ভালো দেখে। আমাদের দৃষ্টিসীমার সমাপ্তি যেখানে, কারও কারও দেখার শুরু ঠিক সেখান থেকেই।
দুই। টিভি দেখছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যায় না। চেয়ার ছেড়ে পাশের রুমে যাবার সময় টেবিলের পায়ায় আটকে ডানপায়ের কনিষ্ঠায় ব্যথা পেলাম। দরজাটা আধখোলা ছিল, সেখানেও ধাক্কা খেলাম, বাঁ-হাঁটুতে আঘাত পেলাম।
ভাবলাম, আমি চোখে দেখতে পাই, তা-ও অন্ধকারে চলতে এত সমস্যা হচ্ছে! আর যারা অন্ধ, ওরা বাঁচে কী করে? ওদের তো দিন কি রাত, দুই-ই সমান। অন্ধ হবার যন্ত্রণা দু-চোখ খোলা রেখেও নিকষকালো আঁধারে চলতে গেলে কিছুটা আঁচ করা যায়। নিজের সন্তানের অমন অপূর্ব মুখ না দেখেই গোটা জীবন কাটিয়ে দেবার নামই অন্ধত্ব! ভাবা যায়? ওরা কখনও দেখেইনি, প্রকৃতি কতটা সুন্দর! পাহাড়ে বা সমুদ্রের তীরে সূর্য-ডোবা দেখতে ওদের অপেক্ষা করতে হয় না। ভালোবাসার মানুষটিকে না দেখেই ওদের আয়ু ক্ষয়ে যাবে একদিন! কী কষ্ট! কী অসহায়ত্ব!
হঠাৎ মনে হলো, অন্ধের চোখে পৃথিবী কেমন, যদি জানতে পারতাম! অন্ধ কারও বন্ধু হওয়া গেলে, চাওয়া-পাওয়া'র হিসেব ভুলে গল্প করা গেলে ভালো লাগত। কিংবা অন্ধ মানুষের চোখের আলো যদি হতে পারতাম, নিদেনপক্ষে কখনো কখনো... একটি দিনের জন্য হলেও! অন্ধদের নিয়ে (আন্তরিকভাবে) কাজ করে, এমন সংগঠন বা প্রতিষ্ঠান খুঁজে পেলে আমাকে জানাবেন অনুগ্রহ করে। আমি ক্ষুদ্র মানুষ, নাহয় ক্ষুদ্রত্ব নিয়েই ওদের পাশে দাঁড়াব।
চাঁদ দেখতে পাহাড়ি রাত্রির নেশায় এ জীবনে বহুবার পাহাড়ে উঠেছি জোৎস্নাযাপন করতে। যে কখনোই পৃথিবী দেখতে পাবে না, তার পাশে দাঁড়াবার ইচ্ছেটুকু জিইয়ে রাখলে দূর থেকে হলেও তাকে একটু ভালোভাবে বাঁচতে দেখতে পারব, তাই না? ওদের হাত ধরতে না পারি, হাত ধরার মানুষগুলোর কাজ তো একটু সহজ করতে পারি! আপনার প্রতিও রইল এই উদাত্ত আহ্বান।
তিন। হোয়াটসঅ্যাপে কীভাবে লাইভ লোকেশন সেন্ড করতে হয় শখ করে গার্লফ্রেন্ডকে শিখাইসিলাম। এখন সে আমাকে নক দিয়ে প্রায় সময়ই আবদার করে, "জানু জানু, তোমার লাইভ লোকেশনটা একটু সেন্ড করবা? এইট আওয়ারস সেট করে দিয়ো, হুঁ?"
খাল কেটে কুমির এনেছ ভেবে ভেবে তোমরা আফসোস করো। আর আমি যে আস্ত কুমির কাঁধে চাপিয়ে লাফাতে লাফাতে ঘরে নিয়ে এলাম, তো আমি এখন কী করব?!
ফুটনোট। ইহা কোনোভাবেই উস্কানিমূলক পোস্ট নয়। এই পোস্টের বদৌলতে কেউ প্যারা খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়।
চার। হয় স্পষ্টভাষীদের সহজভাবে নিতে শেখো,
নয় ভণ্ডদের নিজের সর্বস্ব দিতে থাকো।
পাঁচ। যেখানে ঠকে,
সেখানে শেখে।
ছয়। The capacity of your subordinates depends on your capacity to use their capacity.
সাত। খুলনায় এসে এবার খুব জ্যাম দেখলাম। আমি যখন এখানে চাকরি করতাম (৭-৮ বছর আগে), তখন এত জ্যাম দেখিনি। হঠাৎ করেই এমন জ্যাম বেড়ে গেছে?
আট। কেউ ভালোবাসাপ্রিয়,
কেউবা শান্তিপ্রিয়।
আমি দ্বিতীয় দলের মানুষ।
আপনি?
নয়। গতকালের পরীক্ষায় যাঁরা ১১২-১১৫ রেঞ্জের মধ্যে পাবেন, তাঁরা সত্যিই কঠোর পরিশ্রম করে রিটেনের জন্য পড়াশোনা শুরু করে দিন। আপনি বেশি মেধাবী বা কম মেধাবী যা-ই হোন না কেন, পরিশ্রম না করলে অবশ্যই ধরা খাবেন। এই কথাটা মাথায় রেখে দিন।
আর যাঁরা এর কম পাবেন, তাঁরাও সত্যিই কঠোর পরিশ্রম করে পড়াশোনা শুরু করে দিন। ভালো একটা চাকরি পেতে চাইলে পড়াশোনার তো কোনও বিকল্প নেই, তাই না? ধরা খাওয়া কঠিন কিছু নয়, পড়াশোনা কম করলেই হয়ে যায়।
ভাবনা: এক হাজার একচল্লিশ
………………………………………………………………
এক। মেয়েদের মন সন্দেহর খনি।
দুই। Better to claim time from a stranger than to request for it.
তিন। দুঃখ কোনও পাহাড় কিংবা পর্বত নয় যে
পেরিয়ে যাওয়া যাবে।
দুঃখ কোনও স্মৃতি নয় যে
ভুলে যাওয়া যাবে।
দুঃখ কোনও দেয়াল নয় যে
টপকে যাওয়া যাবে।
দুঃখ এমনই এক যাত্রা,
যার কোনও গন্তব্য নেই।
দুঃখ এমনই এক গল্প,
যার কোনও শেষ নেই।
দুঃখ কেবলই এক রূপান্তর,
যা শূন্যতা থেকে পূর্ণতা
এবং পূর্ণতা থেকে শূন্যতার
পথে চলতেই থাকে নিরবধি...
চার। Why other people should help you?
You should earn the right to be helped.
~~ Jack Ma
পাঁচ। পেয়ে যাবার আগে:
তুমিই তো সবকিছু!
পেয়ে যাবার পরে:
তুমিই কি সবকিছু?
ছয়। এসো, বুকে জমানো অভিমান সব ভেঙে দিয়ে আজ নতুন করে ভালোবাসি।
এসো, আজকের দিনটাকেই পৃথিবীর সেরা দিনের খেতাব দিয়ে দিই।
চলো, চুঁইয়ে-পড়া জোছনাবিলাসে সারারাত কাটিয়ে দিই,
শুধু আজকের জন্য বাচ্চাদের সঙ্গে কাদামাটি দিয়ে খেলতে খেলতে নিজেদের বয়স ভুলে যাই,
আজকে নাহয় একটুখানি পাগলামো করি বাড়িভর্তি মুরুব্বিদের সামনে।
আজই সব অন্ধকারে আলো এনে ফেলি,
চলো, এই একটি মুহূর্তে খুব করে বাঁচি,
শুধু আজকের জন্যই খুব করে ভালোবাসি।
সাত। কিছুই পেতে আসেনি যে,
তার হারাবার কিছুই নেই।
প্রার্থনা করার এবং করানোর জন্য তোমার হাতে কী অফুরন্ত সময়!
অথচ দ্যাখো,
প্রিয় পাপগুলিকে একটু গুছিয়ে করার সময়টুকুও আমি পাচ্ছি না!
আট। বুকে নিয়ে কাঁটা,
পিষেছি জুতোয় গোলাপ!
নয়। জন্মদিনের উইশ করতে প্রিয় বন্ধু শোয়েব ফোন করল।
: আমি চাই, আজকের দিনটাতে যেন তোর মুখ গোমড়া না হয়। অন্তত আজকের দিনে তুই ভালো থাক।
: ও আচ্ছা…এই কথা! ওটা তো শিখে গেছি, মুখ কী করে গোমড়া না রাখতে হয়। ‘আজকের দিন’ বলে কোনও ব্যাপার নেই, সব দিনই ওটা পারি। কায়দা করে দাঁতগুলি বের করে রাখলে মুখটা আর গোমড়া লাগে না। এটা সহজ তো, কঠিন নয়।
: হা হা হা…তুই কি জানিস, তুই কী বললি?!
: না না, আমি আসলে জানি না। এমনিই বলে ফেললাম আর কি যা মাথায় এসেছে!
: তুই এমন একটা লাইন বললি, তুই এমন একটা কথা বললি…যা নিজেই একটা বড়ো গল্প! আমি তোকে একটা সিকোয়েন্সের কথা বলি, একটু সময় দে। আমি জানি, তুই এখন অফিসের কাজে বিজি, তবু এক মিনিট শোন। একটা সিনেমা দেখেছিলাম শৈশবে। সেই সিনেমায় দেখানো হয়েছিল, খুব উঠে-যাওয়া, খুব উড়তে-থাকা, স্বনির্মিত পরিশ্রমী সফল একজন মানুষ হঠাৎ করেই জীবনের সবকটা অর্জন একটা একটা করে হারিয়ে ফেলতে থাকেন। তো তাঁর সব কিছুই যখন খসে যাচ্ছে, সব কিছুই যখন ধ্বসে পড়ছে, তখন সেই মানুষটাকে এক এক করে সবাই ছেড়ে চলে যাচ্ছিল। এমনকী তাঁকে তাঁর ভাইয়েরাও ছেড়ে চলে গিয়েছিল। আর বন্ধুবান্ধবরা তো থাকেইনি! তাঁর পাশে সেদিন আপন বলতে কেউই ছিল না। যাদের তিনি আগলে রেখেছিলেন পরম যত্নে, তাদের কাউকেই তিনি তাঁর সেই বিপদের দিনে পাশে পাননি। সেই সময়ে একটা মেয়ে তাঁর পাশে ছিল। ঘটনাচক্রে মেয়েটি ছিল তাঁর প্রাইভেট সেক্রেটারি। একদিন ছেলেটি বিছানায় বসে ছিল, দু-হাঁটুর উপর হাতদুটোকে ভাঁজ করে রেখে মুখ নিচু করে থুতনিটিকে হাতজোড়ায় ঠেকিয়ে। ঠিক ওই সময়ে মেয়েটি সামনে এসে ছেলেটির কপালের দিকটায় চুলে হাত দিতে যাবে, এমন সময় ছেলেটি মেয়েটির হাতের কবজিটা ধরে ফেলল। ধরে সরাসরি মেয়েটির চোখের দিকে তাকিয়ে ছেলেটি বলল, ‘সবাই তো চলে গেছে। তুমি এখানে কেন?’ তখন সেই মেয়ে একটা কথা বলে। কথাটা হচ্ছে, ‘এই প্রশ্নটা করার জন্যও একটা কারণ থাকা উচিত ছিল। আমি সেই কারণটা হবার জন্যই এখানে রয়ে গেছি।’
আমরা সবাই, সবাই না হলেও, অনেকেই, এই কারণটা আজও খুঁজে চলেছি। হন্যে হয়ে খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। একবার খুঁজে পেলে জীবনটা সত্যিই হয়তো অন্যরকম হয়ে যেত!
দশ। তুমি এটা করলে আমার অসুবিধা নাই, ঠিক আছে; কিন্তু সুবিধাও তো নাই, তাই না? তাহলে তোমার কাজ বা উদ্দেশ্য নিয়ে আগ্রহী আমি কেন হব? তোমার কোনও কিছু নিয়েই আমার আগ্রহও নাই, অনাগ্রহও নাই, যদি না সেটা আমার জন্য জরুরি, আনন্দময় কিংবা বিরক্তিকর হয়।
এগারো। চেয়েছিলাম ভালোবাসা,
পেলাম সংসার!
('বড়ো প্রাণ, ছোটো কথা: আট' থেকে নেওয়া)
বারো। ওরা দু-জনই,
দু-হাত মেলে
পরস্পরের দিকে ছুটে গেল!
'আহা! অবশেষে!
এতদিন পর!'
আমরা দেখলাম,
ওদের দু-জনেরই
গায়ে লেদারের জ্যাকেট,
মাথায় বড়ো টুপি,
পায়ে কেডস-মোজা,
পরনে জিনসের প্যান্ট।
এসব পোশাক শুধুই
আমাদের চোখে!
ওদের চোখে,
ওরা দু-জনই নগ্ন।
তেরো। আমায় পেয়ে হাসছই যদি,
তবে কেন আমায় জানছ না?
জানাতে চাইছি, কেন তবু শুনছ না?
আমায় না-জানাটা কি জরুরি খুবই?
চৌদ্দ। তুমি আমাকে---
যে কবিতার কথা বলছ,
তা মনে পড়ছে না।
যে গানের কথা বলছ,
তার জন্মই এখনও হয়নি।
যে জায়গার কথা বলছ,
সেখানে আমি
গেলামই-বা আর কবে!
তুমি তো মাত্রই এলে!
পনেরো। ছুটি ফুরোল,
ফিরতে হবে।
না ফিরি যদি?
চাকরি যাবে?
যায়ও যদি,
এই পাহাড়ও কি
সঙ্গে যাবে?
গেলই নাহয়!
যদি থাকো পাশে
একটা পাহাড় নাহয়
বানিয়ে নেব!
সমুদ্রও থাকবে নিচে
সেই পাহাড়ের!
সাগর সেচে,
পাহাড় বেচে,
আলোয় নেচে,
থাকব বেঁচে।
ষোলো। যাকে ভালোবাসায় বাঁধি,
আবার তাকেই ঘৃণায় রাখি।
এমন কেন করছি আমি?
জানি না, সত্যিই জানি না!
আমি প্রেমে পড়েছিলাম,
তারপর আর মনে নেই।
সতেরো। আমার লেখা 'জীবনের প্রথম টিউশনির গল্প' যাঁরা পড়েছেন, তাঁরা জানেন, এই জীবনের প্রথম টিউশনির বেতন আমি পাইনি, টাকাটা ওরা নির্লজ্জের মতো মেরে দিয়েছিল। সেই ছাত্রীর নাম ছিল আফিফা। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন।
আফিফা, তোমাকে ক্ষমা করে দিলাম। আফিফের প্রতি চিরকৃতজ্ঞ থেকো!
বন্ধুরা, কী আর বলব, দেখলেনই তো সব! হ্যাঁ, এভাবেই খেলতে হয়!
হেসে-খেলে নয়, খেলে-খেলেই জিতেছি!
ভাবনা: এক হাজার বিয়াল্লিশ
………………………………………………………………
এক। কালকে থেকে যাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তাদের প্রতি:
১. আজকে রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো। ঘুমাতে যাওয়ার আগে কালকের জন্য প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রেখো।
২. পরীক্ষা চলাকালীন ১ মিনিটও ফেসবুকে কাটিয়ো না। তোমার ফেসবুক পারফরম্যান্সের উপর পরীক্ষায় কোনো মার্কস বরাদ্দ নেই।
৩. তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন, তোমার চাইতে ভাল পরীক্ষা কেউই দেবে না।---এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবে। সবসময়ই মনে রেখো, ভাল প্রস্তুতি নিলেই যেমনি ভাল পরীক্ষা দেয়া যায় না, তেমনি খারাপ প্রস্তুতি নিলেই খারাপ পরীক্ষা দেয়া যায় না।
৪. পরীক্ষায় ভাল করতে প্রস্তুতির চাইতে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে। পরীক্ষার হলে শেষ ঘণ্টা পড়া পর্যন্ত I'm the best!---এটা মাথায় রেখে লিখে যেয়ো। পরীক্ষার হলটা কলম চালানোর জন্য, থামিয়ে রাখার জন্য নয়। লুজশিটটা হলে সবার আগে তুমিই নিয়ো! দেহে প্রাণ থাকলে, হাতব্যথা করুক, আর যা-ই ব্যথা করুক, যে করেই হোক, লিখে যেতে হবে, ০.৫ মার্কস্ও ছেড়ে আসা যাবে না। পরীক্ষা চলাকালে উচ্চশিক্ষার্থে বাথরুমে যাওয়ার প্রবণতা পরিহার কর। পরীক্ষা শুরু হওয়ার আগেই ছোট-বড়-মাঝারি সব ধরনের বাথরুম সেরে নিয়ো। পরীক্ষা ভাল হলে সারাজীবন আরাম করে বাথরুম করতে পারবে।
৫. তোমার মোবাইল ফোনটা বন্ধ করে তোমার গার্ডিয়ানের কাছে জমা দাও। এই জিনিসটা পরীক্ষাশেষে উনার কাছ থেকে ফেরৎ নিয়ো। জরুরি প্রয়োজনে উনার ফোনটা ব্যবহার কোরো। তুমি এখনো এমন বিশেষ কেউ হয়ে যাওনি যে, পরীক্ষার সময়েও তোমার কাছে মোবাইল ফোন রাখতে হবে।
৬. তোমার বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড, যার সাথে তোমার ব্রেকাপ না হওয়ার সম্ভাবনা মাত্র ৫%, তার সাথে এই সময়টাতে যোগাযোগ রাখার অর্থ হলো, ৫% সম্ভাবনাকে টিকিয়ে রাখার লোভে তোমার জীবনটাকে নিজের হাতে ধ্বংস করে দেয়া। এইচএসসি'র প্রেম জীবনকে যতোটা সাজায়, তার চাইতে বেশি নষ্ট করে। পেছনে মেরুদণ্ড আর মনে বিন্দুমাত্রও লজ্জা থাকলে বাবা-মায়ের অন্নধ্বংস করে এই সময়টাতেও আর উনাদের ঠকিয়ো না। তোমার বাবা-মা তোমাকে অনেক বিশ্বাস করেন, সে বিশ্বাসের মর্যাদা রেখো।
৭. পরীক্ষার ঠিক আগের রাতটা ঘুমানোর জন্য, জাগতে চাইলে অন্য রাতগুলো জেগো। ভাল পরীক্ষা দেয়ার জন্য ভাল ঘুম দরকার।
৮. এই পরীক্ষার রেজাল্টই ঠিক করে দেবে, তুমি কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর কোথায় দিতে পারবে না। এইচএসসি'তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে গড়ে ০.০৬ মার্কস কম পেয়েছিলাম বলে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারিনি। আমি জানি, ০.৫ মার্কসের অভাব একজন ক্যান্ডিডেটকে কতটা কাঁদাতে পারে! তাই অনুরোধ করছি, নিজের প্রতি না হোক, অন্তত তোমার বাবা-মায়ের প্রতি সুবিচার করতে হলেও পরীক্ষাটা ভাল করে দিয়ো। যদি তোমার কারণে তোমার বাবা-মায়ের মাথা হেঁট হয়ে যায়, তবে নিজেকে ক্ষমা করবে কীভাবে?
৯. প্রশ্ন সহজ হবে, নাকি কঠিন হবে, এটা নিয়ে মাথা খারাপ করার কোনো মানেই হয় না। সহজ হলে সবার জন্য সহজ, আর কঠিন হলে তো সবার জন্যই কঠিন। অসুবিধা কী?
১০. একটা পরীক্ষা শেষ করার পর সে পরীক্ষাটা ভাল কিংবা খারাপ, যেমনই হোক না কেন, এটা নিয়ে এক সেকেন্ডও সময় নষ্ট করবে না। পরের পরীক্ষার কথা ভাবো। যা গেছে, গেছে। পেছনে ফিরে সামনের দিকে হাঁটলে আবারো হোঁচট খাবে।
টেনশন হচ্ছে, না? ব্যাপার না! ওটা হবেই! পরীক্ষার সময় টেনশন হওয়াটা একটা সাধারণ ভদ্রতা। তুমি কি অভদ্র, বলো?
পরীক্ষার সময় সুস্থ থেকো, ঠাণ্ডা মাথায় পরীক্ষা দিয়ো। পরীক্ষা ভাল হোক। তোমাদের জন্য শুভকামনা রইলো।
(পোস্টটা যতো খুশি, বন্ধুদের সাথে শেয়ার কর।)
দুই। I'm not a BCS-hen that always lays a BCS-egg.
তিন। মানুষ আসলে কারো ভালোবাসার ফাঁদে পড়ে না, মানুষ নিজেই নিজের ভালোবাসার ফাঁদে পড়ে।
চার। একসময়, আমরা সবাইই, জীবনের একেবারে ছোটো-ছোটো জিনিসগুলিতে যে কত সুন্দর লুকিয়ে আছে, তা বুঝতে পারি...............কিন্তু হায়! ততদিনে অনেক দেরি হয়ে যায়!
পাঁচ। .......just watched Bajirao Mastani........deeply fallen in love with Mastani! I am greatly moved by her unconditional love (for another man, though); what moves me even more is, she is ready to accept Bajirao exactly as he is, Bajirao does not need to change himself or his surroundings for Mastani---a very rare female psychological structure. Mastani! You remind me of the song......Agar tum mil jao zamana chod denge hum............(I know I sound dramatic, sorry, if it disturbs!)
No matter you accept the theme of this movie or not, such type of love existed, exists and will exist on earth. It is not merely sex in the name of love. It is purely unconditional love. Respect! Without the presence of love, sex must be in the name of sex only (not in the name of love). Now what about Bajirao's family's stand? My personal opinion is, a strong man must be allowed to make or unmake his own rules, for done otherwise, it would surely fade his power. Power is something gifted, spontaneous, and any external intrusive force will vanish it. People who do not have or gifted with that power will never have the least idea about how it comes in like a magic and how it goes away like a disaster. Bajirao's family could have not been able to retain that mighty stand if there had not been Bajirao. The best explanation in its support came out from Kashi's realization: I cannot see a man who has not been defeated in any battle in his entire life, accept defeat from his own family. Dear Kashi! I respect your love for Bajirao and his mastery!
Hats off to Sanjay Leela Bhansali for the tremendous making of Bajirao Mastani! My heartiest love for the choreography, music and making of this film! Bhansali is one piece! Salute boss!!
ছয়। 'ক্ষত' দেখলাম। এমন অনেস্ট মুভি অনেকদিন পর দেখলাম।
দুটো ব্যাপারে বিরক্ত হয়েছি: অন্তুকে অন্তরার ছেলে বানাতেই কেন হলো? এন্ডিংটা এমন সস্তা না করলেই কি হচ্ছিলো না?
আরেকটা কথা। নির্বেদারা কি সত্যিই অন্তরাদের প্রেমে পড়ে?
মুভির ডায়লগগুলি জোস্! বাইশে শ্রাবণ এর পর এমন দারুণ ডায়লগের বাংলা মুভি খুব একটা হয়নি।
সাত। তারপর বলো, শেষ কবে টিভির সামনে এরকম বোকার মতন বসে ছিলে, মনে পড়ে?
আট। একসময় তোমার প্রেমিকা ছিল, আমার বই ছিল।
আজ তোমার কিছুই নেই, আমার সবই আছে।
ভাবনা: এক হাজার তেতাল্লিশ
………………………………………………………………
এক। মেয়েরা পিঁপড়ার ডিম ভাইংগা গেলেও কাইন্দা ফেলে, ছেলেরা কইলজা ভাইংগা গেলেও কাঁদে না।
দুই। বিভিন্ন উৎস থেকে দুর্গোৎসব নিয়ে প্রচুর পড়াশোনা করে গত চারদিন ধরে একটা লেখা তৈরি করছি। প্রায় নয় হাজার শব্দের লেখা। লেখার বিষয়: এ বাঙালি উৎসবের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। কাজটা শ্রমসাধ্য, ধৈর্যসাধ্য। গত দুইরাত ঘুমিয়েছি ৩টার পর। লেখালেখি ব্যাপারটা স্বেচ্ছায় কারাবাসের মতো। একেকটা লেখা অসীম কষ্ট ও ত্যাগের ফল। যাঁরা লেখেন না, তাঁদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। লিখছি, বিরতি নিচ্ছি আর বারবারই মনে আসছে আমার কোনো একটি পোস্টে এক বন্ধুর (?) কমেন্ট:
"এরকম ফালতু কাজে সময় নষ্ট না করে রাস্তায় একটা টাইপরাইটার নিয়ে বসে গেলেও তো কিছু ইনকাম হতো।"
এবং, জেদ চেপে যাচ্ছে। আমি যাতে একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি, তার জন্য বন্ধুর কত দয়া, উদ্বেগ। জানি, মূর্খদের কথায় কিছু এসে যায় না, তবু অবহেলা তো অবহেলাই। মানুষের অবহেলা আমাকে শক্তি দেয়।
লেখাটা দেবো ঘণ্টাখানেকের মধ্যে, ধৈর্য এবং ইচ্ছে না থাকলে পড়বেন না, মন্তব্য করবেন না।
তিন। কিছু মুভি অনেকদিন ধরে দেখবো দেখবো করেও দেখা হয় না, হার্ডডিস্কে পড়ে থাকে আর কী এক অপরাধবোধে ভোগায়। সেই বাকেট লিস্টে পড়ে ছিল দ্য বার্মিজ হার্প (১৯৫৬)। কোন ইচিকাওয়ার।
এই মুভিটা মিউজিকে শুরু, মিউজিকেই শেষ। প্লট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের। মিজুশিমা একটা জাপানিজ প্লাটুনে কাজ করেন যেখানে সৈনিকরা ক্লান্তি দূর করতে, নিজেদের উজ্জীবিত করতে সবাই মিলে গান গায়, আনন্দ করে। তিনি হার্প বাজান। কখনো নানান ধরনের কৌশলে সংকেত দিতে, কখনোবা গানের সুর তৈরিতে। ওরা যখন ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করল, তখন ওরা সবাই মিলে গাইছিল 'হোম সুইট হোম'। ওদিকে ব্রিটিশরাও গানের মধ্য দিয়ে ওদের সাথে একাত্মতা প্রকাশ করছিল। রক্তক্ষয়ী যুদ্ধের শেষে সৈনিকরা বাড়ি ফিরে যাচ্ছিল। সে সময় সুরই ওদের সকল ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে সাহায্য করছিল। যে মুহূর্তে ওদের যুদ্ধ-উদ্ভূত গ্লানিতে ডুবে থাকার কথা, সে মুহূর্তে গান ওদের মাঝে প্রশান্তি আর সম্প্রীতি ছড়িয়ে দিয়েছিল। ফেলেআসা অসীম দুঃখ আর নির্বোধ হত্যাযজ্ঞের সাক্ষীরা যন্ত্রণা ভুলে, যা হয়েছে, তা মেনে নিয়ে শান্তির বারতা বহন করে দেশে ফিরে যাচ্ছিল। যেখান থেকে ওরা ফিরে যাচ্ছে, সে দেশের নাম বার্মা।
'দ্য বার্মিজ হার্প' মুভির পটভূমি যুদ্ধের নারকীয়তার বিরুদ্ধে। যুদ্ধ মানুষকে কতটা অনন্ত হতাশা আর দুর্ভোগের দিকে ঠেলে দেয়, মুভিটি তার কথা বলে। জাপানিজ প্লাটুনটি আত্মসমর্পণ করার পর সৈনিকদের ব্রিটিশরা যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যায়। সে সময় মিজুশিমা তাঁর প্লাটুন থেকে আলাদা হয়ে যান, বৌদ্ধ সন্ন্যাসীর বেশ ধারণ করে বার্মার পথেপথে ঘুরতে থাকেন। নানান জায়গায় ছড়িয়েছিটিয়ে থাকা সৈন্যদের মৃতদেহগুলি তাঁকে বিহ্বল করে তুলে, যুদ্ধের অহেতুকতা সম্পর্কে ভাবায়। এক দীর্ঘ ও কঠোর যাত্রা তাঁকে জীবনের বিভিন্ন রহস্য শেখায়, এবং তিনি জাগতিক বিষয়ের উপর ক্রমেই বীতশ্রদ্ধ হয়ে পড়েন। যখন তিনি নিজ হাতে মৃত সৈনিকদের সমাহিত করছিলেন, তখন প্রচণ্ড মানসিক পীড়নে তিনি অস্তিত্বের সংকট অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন, বাকি জীবনটা তিনি এ পৃথিবীর কষ্ট দূর করার কাজে কাটিয়ে দেবেন। তাঁর সহ-সৈনিকদের প্রতি লেখা বিদায়ী চিঠিতে আমরা পড়ি:
"এ পৃথিবী কেন এতটা দুর্দশাভোগ করছে? এই যে যন্ত্রণা, কেন তা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে?........আমি বুঝলাম, উত্তরগুলি আমাদের জানার কথা নয়, আমাদের দায়িত্ব কেবল পৃথিবীর যন্ত্রণা কমাতে কাজ করে যাওয়া। সকল কষ্ট, নিরর্থক কর্মকাণ্ড, অযৌক্তিক ভাবনা-র মুখোমুখি দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে হবে, নিজের কাজকে শান্তি প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে।"
মিজুশিমার ব্যক্তিত্বে আমরা দেখি নীরব বুদ্ধের ধীরতা, একাকীত্ব। তিনি নিজের আলোয় আলোকিত। এই আলো তাঁকে নিজের হৃদয়ের পথে চালনা করে, সে যাত্রা নিঃশব্দ, নিভৃত। ইচিকাওয়ার নায়ক একজন একাকী পথিক, যিনি যুদ্ধের উন্মাদনা সহ্য করে বেঁচে আছেন, মৃত্যুর গভীর ও অপূরণীয় ক্ষত সারিয়ে সবাইকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখেন। এ যেন প্রকৃতির অন্ধকার সরিয়ে আলোর ঝর্ণাধারায় অবগাহনের আমন্ত্রণ। ইচিকাওয়ার নিপুণ তুলির আঁচড়ে আমরা মিজুশিমাকে দেখেছি সুউচ্চ মহিমায় দাঁড়িয়ে থাকতে---কি পর্বতশিখরে, কি সমুদ্রতীরে, কি অনুর্বর ভূমিতে---তাঁর আধ্যাত্মিক স্পর্শে সবকিছুতেই যেন প্রাণ সঞ্চার হয়েছে। মুভিতে, তিনি তাঁর বন্ধুদের শত অনুরোধ উপেক্ষা করে বলছেন, তিনি জাপানে ফিরে যাবেন না, বার্মার শান্ত-সমাহিত ভূমিতে মানুষের আত্মার মুক্তির জন্য তিনি নিজেকে নিবেদন করে দিয়েছেন। প্রকৃতির সাথে মিশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। এ বোধ সকল জাগতিক বোধের ঊর্দ্ধে। এ সংকল্প সম্পূর্ণই আত্ম-প্রভাবিত। ঘরের নিরাপত্তা, প্রমোদ কিংবা পরিজন, কিছুই তাঁকে বাঁধতে পারেনি।
ইচিকাওয়া এ মুভির মাধ্যমেই প্রথম আন্তর্জাতিক খ্যাতিলাভ করেন। মুক্তির বছরে জাপানে সর্বাধিক আয়করা মুভির তালিকায় এ মুভি ছিল শীর্ষে। এ মুভিতে সুরকে দেখানো হয়েছে রণভূমিকে ঘরের নস্টালজিয়ায় আক্রান্ত করার অব্যর্থ অস্ত্র হিসেবে, সে নস্টালজিয়া সৈনিকদের নৃশংসতা ভুলতে সাহায্য করেছে। এ ফিল্ম যতটা না যুদ্ধের প্লট নিয়ে গল্প বলেছে, তার চাইতে অনেক বেশি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিশ্ববিবেকের কাছে: এই যে এত যন্ত্রণা, ধ্বংস আর মৃত্যুর মিছিল, এর শেষ কোথায়?
চার। দুপুরে 'উমা' দেখেছিলাম। ভালই লেগেছে, তবে দারুণ লাগেনি। কোথাও কোথাও খাপছাড়া ঠেকেছে। পুরোপুরি ওরকম হয় নাকি!
এখন দেখছি 'মাছের ঝোল'। গল্পটা যেন অনুভব করতে পারছি! খুব সুন্দর। ঋত্বিক সত্যিই খুব বড়ো আর্টিস্ট। ডায়লগ, মেকিং, প্লট---খুব চমৎকার!
পাঁচ। আপনারা, কেউ কেউ, বিসিএস বিসিএস করে আমাকে যে লেভেলের বিরক্তটা করেন, সে লেভেলের পড়াশোনা করলে চাকরিটা আপনার সহজেই হয়ে যেত। সালাম দিয়েই বলেন, ভাইয়া, বিসিএস ব্লা ব্লা ব্লা! এ ভয়ে আমি সালাম গ্রহণ করাও ছেড়ে দিয়েছি অনেক দিন আগে। তা-ও এমন সব বিষয় নিয়ে জিজ্ঞেস করেন, যা আমার লেখা পড়ে ও বক্তৃতা শুনে জানা যায় খুব সহজেই। আমার চাইতে বেশি আর কোনও বিসিএস ক্যাডার কখনও আপনাদের জন্য লিখেছেন বা বলেছেন বলে আমার জানা নাই। আর ওই সময়টুকুও আপনার হাতে না থাকলে আপনাকে আমার কিছুই বলার নাই! চাকরি পাবার আগে এরকম করে কাউকে বিরক্ত করেছি, এটা কেউ বলতে পারবেন না। (সরাসরিই বললাম। এমন একজনও যদি থাকেন, যাকে আমি বিরক্ত করেছি একসেকেন্ডের জন্যও, কমেন্টে জানান। একজনের সাথে একবার কথাবলার চেষ্টা করেছিলাম, তাঁর ভাব দেখে এতটাই বিরক্ত হয়েছি যে, সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলাম, ক্যাডার হলে ক্যাডারের সাথে আলাপ না করেই হব।)
আমি আপনাদের নক দেখলেই পালাই, যেমনি করে একসময় পালাতাম ডেসটিনি কোম্পানির কোট-টাইপরা ভদ্রলোকদের দেখলে!
ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৩
লেখাটি শেয়ার করুন