বাংলা কবিতা

দ্বন্দ্বের দ্যুতি



এমন দ্বিধায় ভালোবাসাও অস্পষ্ট।
কিছু কথা অজানাতেই ভালো।

সামান্য অশ্রু দেখেও
যে-তুমি হও বিব্রত,
গভীর আলিঙ্গনে কী করে থাকো এত মগ্ন?

স্বল্প নিঃশ্বাস ভারী হলে—
যে-তুমি অশান্ত হও,
শান্তির পিপাসায় সেই তুমিই
কী করে মিনতি বাড়াও?

আবেগের নীড়ে ফিরতে যার এত বিরোধ,
তার হৃদয় কী করে এত উদাস থাকে দীর্ঘক্ষণ?
সময়ের স্রোতে টিকে থাকতে যে এত ব্যস্ত,
সে কী করে লিখছে ভালোবাসার কাব্য?

অযথা বাড়িয়েছে যারা প্রতিযোগিতা,
তারা কি বুঝবে তোমার আত্মকথা?
ভালোবাসার মানুষকে ধরে রাখতে যে
এতখানি ইতস্তত...
সেই তুমিই কী করে শেখাও বেঁচে থাকার শিল্প?

যে-তুমি উপেক্ষা করো শুভ্রতার সম্বন্ধ,
সেই তুমিই কী করে বোঝো আত্মার সূক্ষ্মতর স্পর্শ?
নীরবতাই যার অস্তিত্বের একমাত্র অংশ,
সে কী করে হয় এতখানি ক্লান্ত?

যার বুকের পাঁজরে এত গভীর ক্ষত...
সে কী করে হয়ে ওঠে এত নিখুঁত ভালোথাকায় অভ্যস্ত?

সে যেন এক নীলকণ্ঠ দেবতার রূপে এই পৃথিবীতে এসেছিল—
মায়া, আবেগ, ভালোবাসা, যন্ত্রণা…
এর সবই তাকে গভীরভাবে ছুঁয়েছিল।

অসম্ভব সুন্দর এই পৃথিবীতে
তার যাত্রা হোক
আরও দীর্ঘতর।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *