পত্রসাহিত্য

আবছা নগরীতে যাত্রা



যাত্রা-১।
আমার পৃথিবী আমার ভাবনাগুলি আটকে দেয় কালো অক্ষরে,
হাতে কলম, মাথায় মগজ, আর চোখে শব্দ নিয়ে আমি সাদা কাগজেই জীবন কাটাই।
কবিতা আমায় ভাসায় যে সুখে, সে সুখ তো আর পাই না কোথাও!
আমি সাদা কাগজে জীবন নামাই, সে জীবন যায় পৌঁছে শুধু তাদের কাছেই, যারা আমায় আপন ভাবে।
আমি লিখে যাই----আমার বন্ধু বাড়ে, সাথে শত্রুও।
আমার লেখায় বন্ধু থাকে, শত্রু থাকে---ওদের আমি আগলে রাখি পাতায়-পাতায়,
আমার লেখার খাতায় বাঁচে ওরা---বড় নির্ভার, বড় সুস্থির, বড় নিশ্চিত।

শব্দ বড় ক্ষমতা রাখে---ওর হাতে হাত রেখে যাই অচিনপুরে,
ওর শরীরে ভর করে কত মানুষ আসে---অন্য দেশের, অন্য জাতির।
কোথায় যাবো, মিশব আমি কাদের সাথে শব্দে আমার---আমিই বাছি!
আমার লেখায় যারা আসে আমার পাশে, ওদের আমি শান্ত রাখি, ইচ্ছে হলেই রাগিয়ে হাসি।
এগোই যত, ততই ওরা মুখর হয়ে আমায় সাধে---আমরা তবে কোথায় যাবো?
আমি আপন মনে হাসতে থাকি, ওদের বলি, গল্প আমার আপনিই চলে, আমিও যে তার পেছন চলি!
তোমরা কবে কোথায় যাবে, গল্পশেষে বাঁচবে কেঁদে, নাকি মরবে হেসে, আমি সেসবের কিছু কি জানি?

আমার লেখা নিজেই যখন শব্দ করে পড়তে থাকি, দারুণ লাগে!
মনে হয় যেন, এ পৃথিবীর সেরা লেখাটি আমিই লিখি! জানিই সেটা ছেলেমানুষি---তবু যে দামি!
হৃদয় আমার উষ্ণ হয়ে নতুন কত শব্দ টানে, আদর করে বসায় কাছে।
দারুণ কোনও শ্রোতা পেলে, কবিতা আমার বলতে থাকি খুব উচ্ছ্বাসে!
যখন ছন্দ আমার ওকেও বাঁধে, কবিতা যত আপন লাগে, ওকেও তত আপন লাগে।
যা কিছু ভেবে লিখি আমি, আমার পাঠক ভাবুক সেটাই---পড়ার সময়---অমরত্ব নয়, এটুকুই চাই!
অনুভবে আমি যতটুকু নিই, পড়বে যারা, ততটুকু নিক দারুণ হেসে---যখন লিখি, তখন ভাবি।

লেখক পাঠক বর্ণমালার বাঁধনে বাঁধা,
একই মর্মে, একই ধর্মে, একই সুরে হাঁটে ওরা একই পথে।
গল্পের সব মানুষ যত, লেখার কিংবা পড়ার সময় ওরা হয়ে যায় নিজেরই মত,
ওরা আমাদের আপন যেন---রাগ অনুরাগ দুইই আসে ওদের দেখে!
লিখলে যেটুক অর্থটুকুও অনর্থতে আড়ালে ভাসে,
লুকোলে যেটুক অনর্থও অর্থ হয়ে সামনে আসে,
নন্দিত কি নিন্দিত হবেন লেখার পরে---লেখক এসব বোঝেন কীসে?
আবেগের যে অংশটুকু লেখায় আসে, ও কি সত্যবচন, নাকি মিথ্যাভাষণ,
পড়লে পাঠক কেমন হবে, করলে শুরু শেষ হবে তো, অনুরক্তি কি বিরক্তি ওতে থাকবে মিশে---
বড় যত্নে এসব ভেবে লেখক লেখেন!
লেখালেখি প্রার্থনা তো! এ প্রার্থনা শক্ত বড়!

যাত্রা-২।
আমার চারিপাশে যে ছায়ারা দল বাঁধে,
অনুভবে আমি ওদের চিনি।
যত আসে ওরা, তত বুঝে যাই,
ওরা এসেছে আমায় ভুলিয়ে দিতে, কেমন আছি।
আমি শান্ত চোখে ওদের দেখি,
দুদিক থেকে নীতির টানে আমি ভেসে যাই দ্বিধার বানে,
কী যেন নেই, ভুল হয়ে গেছে কী---এমন ভাবনা দোলায় আমায়,
সামনে কী হবে, আসবে আঘাত, অকূল সাগরে আকুল হবো---কত কী যে এসে অস্থিরতায় ডোবায় আমায় দিবারাত্রি!

সারাদিন খেটে ঘরে ফিরে যাই,
টিভি দেখি আর হাবিজাবি খাই,
অলস সময় কাটাতে আমার দারুণ লাগে,
গা এলিয়ে সোফায় শুয়ে বসকে বকি সবার আগে---এ কাজে আমার ভুল হয় নাকো।
পরের দিন সকাল-সকাল অফিসে ছুটি!
বাসস্টপে হুড়োহুড়ি করি, নেক্সট বাসের যাত্রী হয়ে ছাউনিতে বসি,
সিগ্রেট ফুঁকি এক নিঃশ্বাসে, আর কিছু নয়, অফিসটাকেই রাতের শেষে আপন ভাবি!

মোবাইল ফোনে নেই কানেকশন---নেটওয়ার্ক বড্ড জ্বালিয়ে মারে,
এদিক ঝুঁকি, ওদিক ঝুঁকি---কেন যে মেসেজ হয় না সেন্ট! দুচ্ছাই সব! ভাল্লাগেনা!
হঠাৎ বুঝি, পেছন থেকে কে যেন এসে ছোঁ মেরে নেয় আমার সাধের হ্যান্ডসেটটা!
ওর ধাক্কায় কুঁকড়ে ব্যথায় ঘুরে পড়ে যাই, গাল কেটে যায় অনেকখানি, রক্ত বেরোয়!
তবু সেদিকে আমার হয় না খেয়াল, মাথায় বাজে.........মেসেজটা আর সেন্ট হল না! নেটওয়ার্কটা......দুত্তরি ছাই!

এ দুচোখের নির্মোচনে আনকোরা সব অনুষঙ্গের সঙ্গ দেখে ভয় পেয়ে যাই,
কী এক ব্যথায় মাথা ছিঁড়ে যায়,
তবু আমার মনে আসে না কিছুতেই হায়, কী হয়েছিল, কেন হয়েছিল! ঘুমালাম কেন!
বিছানা ছেড়ে চেঁচিয়ে উঠি! এসব কী দেখছি আমি! কেন দেখছি! এ কি সত্য? নাকি ভ্রম কেবলই?
হঠাৎ বুঝি, সবটুকুতেই মিথ্যে ছিল! আমার আমি’কে দেয়ালে দেখি, কিংবা আয়নায়!
সব ঠিক হয়ে যাবে! এ পুরনো আশায় চোখ ফিরিয়ে অন্য কাজে নতুন কিছু শুরু করে দিই।

যাত্রা-৩।
আমার শরীর টেনে নিয়ে যায় শক্ত দড়ি, যেমনি টানে অথর্ব ওই জাহাজটাকে।
আমার পাশের রুমে চেয়ার ভাঙে অকারণেই, সে ভয়েতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকি!
কাঠের মেঝে, ভারি পায়ের শব্দ। ঝড় উঠে যায়, অবিরত ভয়টা ছড়ায়।
হঠাৎ হাওয়ায় দরোজা খোলে, আবছা আলোয় কে যেন পালায়!
ওকে আমি দেখিনি আগে। ভাবতে থাকি, কে এ ছায়া! কেন এ ছায়া সব আলোকে আড়াল করে আমায় খোঁজে?
টানা দড়িটা স্থির হয়ে যায়, আমি হঠাৎ উল্টে পড়ি, শরীর কাটে, দগদগে ঘা---কী আশ্চর্য! রক্ত ঝরে না এক ফোঁটাও!
আমি পাথর খুঁজলে রত্ন আসে, রত্ন খুঁজলে আসে না কিছুই!
আমি ছায়ার দেহে বাঁচতে শিখে দেহের ছায়ায় মৃত্যু যাচি।

সে আমার দিকে সরাসরিই তাকাল। ওর চোখে রক্ত---জমাট বেঁধে আছে।
আমার বুকের উপর দুহাত রেখে কাঁপতে-কাঁপতে আমি তার পাশে বসে পড়লাম।
সে ধরেআসা গলায় বরফ ভাঙে---কখনও ভাবিনি এমন হবে! আপনি আরও উপরে উঠে বসুন তো!
তার চাহনির সাথে কণ্ঠ মেলে না। এমন মানুষের সান্নিধ্য সুখের নয়। একবার মনে হল, চলে যাই।
.....................................................................
.....................................................................

সময়ের রঙতুলিতে আবছা হলুদের ক্ষয়েযাওয়া শেষ আভাটুকু মিশিয়ে ছবি আঁকতে চাইলাম,
কাগজ ছিল না সাথে, তাই খবরের কাগজে কলম আঁচড়ে খানিক সময়.........
আচমকাতে মাথা তুলে দেখি, কোমল দৃষ্টি নিক্ষেপ করে-করে সে আসছে! আবারও!
সে দৃষ্টিতে প্রশ্ন নেই, শুধুই উত্তর আছে---দেখে ভয় পেয়ে গেলাম!
কাছে এসে তীক্ষ্ণ স্বরে হুকুম ছুঁড়ল যেন---তুমি লিখ! বসে আছ কেন? আমার জন্য লিখে ফেল কোনও এক মহৎ কবিতা, যা হবে কালোত্তীর্ণ! তুমি লিখ!
বিস্ময়ে দেখি, আলগোছে আমি কলম তুলে লিখতে বসেছি। কাগজ ভরছে, সময় ফুরোচ্ছে---দ্রুত।

সে কেন এসেছে? এমন করছেই বা কেন? এসব কিছু ভাবতে-ভাবতে যখনই আমি প্রায় কেঁদে উঠছি.........
সে ফিসফিস করে বলল, আমি জানি, তোমাকে আজ লিখতেই হবে, নিস্তার নেই কোনও।
তার ভূতুড়ে নীরবতা আর আমার চোখের লোনা অশ্রুর ঘ্রাণে বিহ্বল আমি.........কলম হাঁটালাম কাগজের মাঠে।
আমার লেখায় কষ্ট পেলাম, দুঃখ পেলাম, শেষ রাত্রির কান্না পেলাম।
সে আবারও আমার কাছে এল, ছুঁড়ল প্রশ্ন---আর কত সময়.........?
আমার হাত থেকে সেই অর্ধ-সমাপ্ত কবিতা কেড়ে নিয়ে চোখের দৌড়ে রায় দিয়ে দিল---আমি তো কবিতা চেয়েছিলাম। তুমি যা লিখছ, সেতো কবিতা হচ্ছে না, হচ্ছে জীবন!

“শব্দ করে পড়ো কী লিখেছ!” পড়লাম। “আবারও পড়ো!” চললাম সে রাস্তায়ও।
সে প্রতিদিনই আসত, এসেই বলত, পড়ো, পড়ো, পড়ো! সে কবিতা শুনত আর বলত, এ কবিতায় আর কিছু নয়, আমায় রেখো!
ক্ষুধার্ত নেকড়ের মত একদিন সে হিংস্র ব্যগ্র ব্যাকুল হয়ে আমার হাত চেপে ধরে বলল, অনেক হয়েছে! ব্যস্‌! আর লিখো না! তোমার কবিতা এখানেই শেষ!
সে অসমাপ্ত কবিতা যেন তার বুকে ছোরা চালিয়ে দিল! সে মহত্ত্ব চেয়েছিল, এর বিনিময়ে মৃত্যু পেল!

আমি যেন মুক্ত হলাম তার নিরন্তর চাহিদার কবল থেকে!
আমার সকল ঐশ্বর্যকে বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে সে চলে গেল।
এখন আমার কবিতারা যন্ত্রণা আর আশার.........
আমি অতল কষ্টের নীলে ডুবে আকাশের নীলে কবিতা ওঠাই!
আমার শব্দরা তীব্র যন্ত্রণায় কাৎরাতে থাকে, কাৎরাতে থাকে.........তবু কিছুতেই নোয়ায় না মাথা, হাঁটে না কখনও শেকল পায়ে।
কোনও এক অন্ধকার সময়ে সে আমার কবিতায় পরাতে চেয়েছে যথেচ্ছ ছদ্মবেশ---বারেবারে!
আমি ওতেই বরং হয়েছি মুক্ত!
হে আমার পরিত্রাতা ঈশ্বর! তোমায় প্রণতি জানাই!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *