হুঁ, মানছি নাহয়, আপনিই ঠিক! এবার তবে ঝগড়া থামাই, কেমন?
আমিও তো বলছি সেটাই! তুমিই তো কোনও শুনছ না কথা!
ঠিক আছে, বয়সে তো আপনিই বড়ো, শুনিই নাহয়…আপনার কথাই শুনি!
উত্তম কন্যা! উত্তম উত্তম!
তবে আপনি মধ্যম পুরুষ!
উঁহু উঁহু, তা হবে না! তুমি যদি হও উত্তম, আমি তো তবে অধমই হই! রবীন্দ্রনাথ তা-ই তো বলেন!
বলেছেন ভাল! তারপর বলুন, খবর বলুন! আছেন কেমন?...চুপ করে কেন? বলছেন না যে? বলুন বলুন!
…দেখেও দেখি বলেন না কিছুই! সিন করেও ফেলে রাখছেন! হয়েছেটা কী?
ভাল নেই আমি! ইচ্ছে নেই, তবু মালা হাতে নেব! তারপর, তুমি আছ কেমন?
এর মানে কী?...ব্যস্ত আছেন? একটু কথা ছিল যে…আজকে যদি ব্যস্ত থাকেন, কালকে বলি?
না না, বলো, অতো ব্যস্ততা নেই।
বিয়ে করছেন? কবে করছেন? সত্যি…করছেন? সত্যিটাই কি শুনছি আমি?
ভুল বলছি না। এই তো…ঠিক হল কালই! লাগছে না ভাল কোনও কিছুই!
একটু ফোন করা যাবে? যদি কিছু না ভাবেন, মানে অন্য কিছু…ফোনে একটু কথা বলা যায়?
এখানেই বলো, শুনছি আমি!
কিছু মনে করবেন না, ফোনে বলব! বেশি সময় নেব না, একটুখানি…দিই না ফোন?
কী নিয়ে কথা? চাইছ এখুনিই? আসলে কী, জানো…ঘুমুতে এলাম এইমাত্রই! কালকে একটু সকালে উঠব।
আপনার অসুবিধে না হয় যদি…আর যদি খুব অসুবিধে হয়, তবে থাক…ঘুমিয়ে পড়ুন! শুভ রাত্রি!
কী নিয়ে কথা? কালকে বললে খুব দেরি হয়ে যাবে?
চাইছি তো এখন…পারবেন না…না?
তোমার নাম্বারটা তো…
তবে এই নিন…দেখছেন না তো? ঘুমিয়ে গেলেন? না বলেই চলে গেলেন? আমি কিন্তু এইখানে আছি…ঠায় দাঁড়িয়ে! আমার টেক্সট পড়ছেন না তো! দেখছেনও না…ঘুমের ব্যাঘাত…খুব জ্বালাবে? তবে…শুভকামনাই রইল তবে!
আছ এখন? শুভ সকাল!
আপনার কখন সময় হবে? কথা ছিল তো!...এভাবে ফোন রাখলে কথা বলা যায়? কথাটা একটু শেষ করতে দিন না আমায়! খুব জরুরি!...এত ব্যস্ত কেন? আমার জন্য একটু করে সময় হবে?...যাতে দুঃস্বপ্নেও আমার ছায়া আপনার গোছানো জীবনে ঘেঁষতেও না পারে, ভিড়তেই না পারে আপনার ঘরে…ভাববেন না, সে প্রস্তুতিই নিয়ে নেব! বিশ্বাস রেখেছিলাম, এ জীবনে আপনি আসবেন…যে করেই হোক! আসলেন না তো? ফিরিয়ে দিলেন? সত্যি বলছি, হিসেব কিছু মেলানো বাকি…মিলেই যাবে! একাএকাই মিলিয়ে নেব! মিলে যায় তো…নতুন জীবন, নতুন মানুষ! ভাল থাকবেন!
আমায় ক্ষমা করে দিয়ো! এই দেখো না…হিরে-বসানো সোনার লকেট…তোমার জন্যই এনেছিলাম, দুবাই থেকে। ব্যাগে রেখেছিও, তবু…হল না কিছু…হয়তো কিছু ছিল না হবার!
কবে নিয়েছিলে? সত্যি নিয়েছ…আমাকে ভেবেই? ভাল লাগল! বাইরে আছি, একটু ব্যাংকে গেছি। ওখানে গিয়ে চেক-বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম…হঠাৎ দেখি, তোমায় ভেবে চোখ ঝরছে…কী বিচ্ছিরি, তাই না, বলো? এদিকে চোখ বেয়ে টপটপ করে জল গড়াচ্ছে, ওদিকে তুমি তৈরি হচ্ছ…বিয়ে করবে! আজ এসব হচ্ছে কী যে…আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে…কাছ থেকে একটু দেখব, নাহয় দূর থেকেই…মন টানছে…কষ্ট পাচ্ছি…খুব বেশিই কান্না পাচ্ছে…
আসব তো আমি…কথা দিয়েছি না? আমার বউকে দেখবে…অভিশাপ দিতে হলেও…দেখবে?
কাল থেকে কাঁদছিই শুধু…দেখব না ওঁকে…আমায় এসব বলবেন না, প্লিজ!
তোমাকে আমি ক্ষমা করতে পারবই না…কখনওই না…জেনে রেখো! কেন আন্টিকে ফোনটা করতে বারণ করলে? উনি তো কত আগেই চেয়েছিলেন, কথা বলবেন মায়ের সাথে…তবুও কেন…আমি তোমাকে ছবি পাঠাব…বউয়ের ছবি…তোমাকে ওকে দেখতেই হবে…এই শাস্তি তো তুমি ডিজার্ভ করই!
ভাল…দেখতেই হল আমায়? কষ্টটা আরও একটু বাড়াতেই হল? দিদিটা ভীষণ মিষ্টি দেখতে…দেখবেন, খুব ভালোবাসবে আপনাকে…ভীষণ ভাল থাকবেন আপনি…জানি, দিদিটা আপনার সময়ও পাবে ইচ্ছে হলেই…আমার বেলাতেই তো খুব ব্যস্ততা আপনার!
সবাইকে ফোন করছি, বিয়েতে আসতে বলছি…এ সবই তো দোষ তোমারই…আচ্ছা, তুমি এমন কেন? আমার উচিত তোমার সাথে সত্যিসত্যি রাতদিনই ঝগড়া করা!
পৃথিবীতে এলে সবাইকে বোধহয় দুঃখই পেতে হয়…তাই না, বলুন? আচ্ছা, শুনুন বলি, এই যে আমি দুঃখ পেলাম, এখন যদি কোনও ভুল করে ফেলি খুব ঠাণ্ডা মাথায় কিংবা রাগের চোটে…তবে লোকে বলবে, মেয়েটা কেন এমন করল? পাগল নাকি? আজ বলবে, কাল বলবে…বড়োজোর পরশুও বলবে অমন করে…এরপর কী আর? ভুলেই যাবে! এদিকে আমার মা’টা কষ্ট পাবে! এমনই তো হয়!...জানেন, আপনার বউটা ভারি সুন্দর…ঠিক যেন সরস্বতী প্রতিমাটি!…তাই তো বলি, আমার কোনও কিছুই আপনার মন টানল না কেন…ঠিক ততটা, যতটা টানলে বসে থাকা যায় না, চলে আসতেই হয়!...এখন ঠিক যেখানে বসে কাঁদছি এমন বোকার মতন, এই তো…সেদিনই তো, খুব ঝগড়া করেছি দুজন মিলে…মনে পড়ছে! একদিন আমি হারিয়েই যাব…আপনার শত কাজের ভিড়ে…সেদিন আমি মিশব ধুলোয়!
…কেউ বেঁচে আছে…কোনও নেই আফসোস…আর আমাকে দেখুন…এক আফসোস ছাড়া আর কিছুই তো নেই…বেড়েই চলেছে লাগামছাড়া…হারানোর তালিকাই হচ্ছে বড়ো, হচ্ছে ভারি!
…মা আমায় খুব বোঝাতেন…পরের জন্য চাইলে অনিষ্ট নিজের যত মঙ্গল আছে, ওরা সবাই দূরে সরে যায়…আজ প্রার্থনায় বসে মনে এটাই এল…তখন মনকে ধরে বুঝিয়ে বলি…মানুষটা ভাল থাকুক বউকে নিয়ে…ঠাকুরের পা চোখের জলে ধুয়ে দিয়ে বলি…মনটাকে আরও শান্ত করে দাও, আরও বড়ো করে দাও…ঠাকুর, যেন পরের মেয়ে খুব ভাল থাকে সেই ঘরেতে, একটা সময়…যে ঘরটা ভেবেছি নিজের! ভাল থাকুক, মানুষটা আমার ভাল থাকুক…খুব ভাল থাকুক…
…জানেন, কষ্টটা শুধু বেড়েই চলে…গেল রাত্রির প্রতিটি কথাই কানে বাজছে…কত আদর করে ডাকলেন আমায়…সে কণ্ঠটা খুব মিস করছি! আপনাকে তো চাইবই আমি…এই জন্মে, আরেক জন্ম যদি সত্যি আসে, সে জন্মেও চাইব তোমাকেই! আহা, এই নিষ্ঠুর সময় কেমন অসহায় করে কাঁদিয়েই ছাড়ে…
এইক্ষণে
মোর হৃদয়ের প্রান্তে আমার নয়ন-বাতায়নে
যে-তুমি রয়েছ চেয়ে প্রভাত-আলোতে
সে-তোমার দৃষ্টি যেন নানা দিন নানা রাত্রি হতে
রহিয়া রহিয়া
চিত্তে মোর আনিছে বহিয়া
নীলিমার অপার সংগীত,
নিঃশব্দের উদার ইঙ্গিত।
আজি মনে হয় বারে বারে
যে মোর স্মরণের দূর পরপারে
দেখিয়াছ কত দেখা
কত যুগে, কত লোকে, কত জনতায়, কত একা।
সেই-সব দেখা আজি শিহরিছে দিকে দিকে
ঘাসে ঘাসে নিমিখে নিমিখে,
বেণুবনে ঝিলিমিলি পাতার ঝলক-ঝিকিমিকে।
কত নব নব অবগুণ্ঠনের তলে
দেখিয়াছ কত ছলে
চুপে চুপে
এক প্রেয়সীর মুখ কত রূপে রূপে
জন্মে জন্মে, নামহারা নক্ষত্রের গোধূলি-লগনে।
তাই আজি নিখিল গগনে
অনাদি মিলন তব অনন্ত বিরহ
এক পূর্ণ বেদনায় ঝংকারি উঠিছে অহরহ।
তাই যা দেখিছ তারে ঘিরেছে নিবিড়
যাহা দেখিছ না তারি ভিড়।
তাই আজি দক্ষিণ পবনে
ফাল্গুনের ফুলগন্ধে ভরিয়া উঠিছে বনে বনে
ব্যাপ্ত ব্যাকুলতা,
বহুশত জনমের চোখে-চোখে কানে-কানে কথা।
………………………………………………………………
………………………………………………………………
যে-কথা বলিতে চাই,
বলা হয় নাই,
সে কেবল এই--
চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই
দেখিনু সহস্রবার
দুয়ারে আমার।
অপরিচিতের এই চির পরিচয়
এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয়
সে-কথা বলিতে পারি এমন সরল বাণী
আমি নাহি জানি।
………………………………………………………………
………………………………………………………………
যখন আমায় হাতে ধরে
আদর করে
ডাকলে তুমি আপন পাশে,
রাত্রিদিবস ছিলেম ত্রাসে
পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই,
চলতে গিয়ে নিজের পথে
যদি আপন ইচ্ছামতে
কোনো দিকে এক পা বাড়াই,
পাছে বিরাগ-কুশাঙ্কুরের একটি কাঁটা একটু মাড়াই।
মুক্তি, এবার মুক্তি আজি
উঠল বাজি
অনাদরের কঠিন ঘায়ে,
অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গাঁয়ে।
…………………………………………………………………………
…ভয় পাচ্ছ? ভাবছ, এবার সত্যি পাগলই হলাম? তুমি তো আমায় রাখনি, প্রিয়…তাই আঁকড়ে ধরি রবীন্দ্রনাথ!
…বলবে না কথা? একটুখানিও?
ফোন তো দিলাম, ধরলে না তো!
এখানেই বলো! তুমিও তো ফোন ধর না আমার!
এখানে না, ফোনে বলি…একটু বলি?
বুঝেছি আমি! থাক, বাদ দাও…খেয়েছ দুপুরে?
খাইনি এখনও। তুমি খেয়েছ?
অনেক খেয়েছি…আজকে খেয়েছি একটু বেশিই!
মিথ্যে বলছ?
মিথ্যে নয় গো…আজ খেয়েছি অনেকখানিই…স্নান করেছি কত-কতবার! গায়ে কয়েক সমুদ্র জল ঢেলেছি, শান্তিতে একটু ঘুমোবো বলে…
তোমার কী হয়েছে, বলো তো? প্লিজ, ঘুমিয়ে পড়ো, আর জেগো না…শান্তি লাগবে…আমি আর জ্বালাব না, হ্যাঁ? শুভ রাত্রি!
না, যেয়ো না…একটু থাকো! থাকো একটু…এই, শুনছ?
ফোন করব?
জানো, আজ খুব ইচ্ছে করছিল…তোমায় বলি…প্রতিদিন সকাল হলে স্নানটা সেরে, আটপৌরে শাড়িটা পরে, কপালে লাল সিঁদুর পরে, চুমু খেয়ে গালে ঘুম ভাঙাব…তখন তুমি মুগ্ধ চোখে…সে ঘুমঘুম চোখ…মায়াভরা হাসি…ঠোঁটের কোণে একটু হাসি…হত না, বলো? তোমাকে পেলে অমন করে পেতাম না, বলো?
সত্যিটা বলি…শুনবে তুমি? আমার যত ভাবনা খেলে…বিয়ের পরে এ-ই করব, সে-ই করব…সত্যি এটাও সেখানে আছে!
আছে হয়তো…কী এসে যায়! আমায় নিয়ে ভাবনি তো অমন, তাই না, বলো? তোমার পাশে সত্যি করে থাকতে দেবে, ভেবেছ যাকে, জানিই, সে তো অন্য কেউ, নই আমি তো!
…আমি নাহয় আমারই মনে…তোমায় ঘুম পাড়াব আদর করে, আলতো ছোঁয়ায় ঘুম ভাঙাব…বৃষ্টি নামলে ছাদে উঠব…এই দুচোখে বৃষ্টি ছোঁব…দেখব তোমায়…তুমি তখন অন্য ছাদে! সে ছাদে আমার ওঠা বারণ!
আমার পাশে থাকলে তুমি…অনেক অনেক আদর দিতাম…নাইয়ে দিতাম, খাইয়ে দিতাম, সোহাগ করে ঘুম পাড়াতাম…
ছাড়ো তো ওসব! তুমি যখন ওসব বল, আমার খুব কান্না আসে, বুকটা কেমন খাঁখাঁ করে…তারচে’ বরং দূরে থেকেই দেখব তোমায়…সারাটি জীবন! কখনও ভুলেও যাব না কাছে!
…প্রেম…সে তো নয় শুধু শরীরের টান, মাংসের স্রোত, কামের তুফান…প্রেমকে আমি জেনেছি যত, বুঝেছি ততই, সে তো আসে হৃদয় থেকে; যেখানেই যাক, ফেরে সেখানেই…গভীর সে টান, যায় না ছোঁয়া, যায় না বাঁধা…অনুভবেই শুধু দেয় ধরা সে!
ভালোবাসি…ভালো…বাসব…সারাজীবনই!
তোমায় পেলে রবিঠাকুরের গান শোনাতাম…কবিতা বলতাম চাঁদনি রাতে…জানো, রবিঠাকুরের সব কিছু পড়ি...সকাল-সন্ধে শুনিয়ে যেতাম…গান শোনাতাম…কিংবা কবিতা…ভাস্করের গদ্য শোনাতাম…রৌদ্র হলে বৃষ্টি নামাতাম…আমি রূপে তোমায় ভোলাতাম না, ভালোবাসায় ভোলাতাম।
তুমি গাইতে পার? আমি কিন্তু সত্যি পারি…
পারি…কত কিছুই তো পেরেছি জীবনে…তোমায় কিছুই বলা হল না…কত কথাই জমানো ছিল…কত সুর, গান…কিছুই তো তার দিইনি তোমায়…তার বদলে এক জীবনে কাঁদলামই খুব…কেঁদেছি আজও…বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে…একটি কোনায় গুটিয়ে থেকে…বাচ্চারাও অতো কাঁদে না বুঝি!
জানো, আবৃত্তিটা আমিও পারি…শোনাব তোমায়…
শুনিয়ো সে’খন…মনে করে ঠিক ভোরেই এসো, কেমন?
ঠিক আসব!
এই রাত ফুরোলে, কাল ভোরবেলাতে আমি ঠিক আসব…তোমায় প্রথম দেখায়ই বিদায় দিতে…একজন্মের মতো! তোমায় পাওয়ার আগেই হারিয়ে ফেলব…এই জন্মের মতো…তোমার যে রং ভাল লাগে খুব, পরব সেটাই…এই, তুমি কোথায় গেলে? কী গো…তুমি কোথায় হারাও? সময় কি তবে হয়েই গেল?
একটু বোসো, খেয়ে আসছি…
খাওয়া হল? কিছু ছবি দিচ্ছি, দেখো…দেখো তো কাঁদলে আমায় কেমন লাগে? জানো, এত ক্লান্ত হয়েছি…একটা সময়, চোখ থেকে শুধু জল ঝরেছে…শব্দ করে আর কাঁদিনি…এতটা করে কাঁদলে, বলো, কতই-বা আর শব্দ বেরোয়…কয়েক ঘণ্টা পেরিয়েছে অমন…আচ্ছা, খেয়েছিলে তো ঠিক করে?
কী সুন্দর মানুষ! বড়ো সুন্দর…এমন মানুষ…কাঁদলে মানায়? আর কখনও কেঁদো না এমন…কাঁদলে চেহারা পচা হয় খুব…মনে থাকবে?
ঠিক বলেছ…দেখতে খুব পচাই হয়েছি…এই দেখো না, এটা বাবা, পাশে আছে মা, তার পাশে মামি…আর ওইটা আমি!
হ্যাঁ, দেখলাম তো…একটা বাবু উঁকি দিচ্ছে ওই ওখানে!
আর দেখো, এটা হল বৌদিমণি…
তোমার পাশে দাঁড়িয়ে আছে…সত্যি বৌদির সাহস আছে! তুমি পাশে দাঁড়ালে, সে যে পড়ে না চোখেই!
দেখো না, এই ঘরটা আমার…আমি এইখানে থাকি…দেয়ালে যেসব ছবি দেখছ…সবকটাই আমি এঁকেছি…
সত্যি ভারি সুন্দর গো…
তোমায় আর কী যে দেখাই…বলো তো এবার…কত কিছুই তো দেখাব বলে ইচ্ছে ছিল…ঠিকও করে রেখেছিলাম…তার কিছুই তো আর আসছে না মনে…
দেখাও সবই…আমাদের মাঝে আড়াল না থাক…দেখাও সবই!
এই যে দেখো, আমার ঠাকুর…কৃষ্ণ-ঠাকুর…বলো, সুন্দর না? আমি ওকে আদর করে গোপাল ডাকি…
আহা, কী যে ভাল…কী সুন্দর…কী শিল্পীর মন!
জানো, আমি গোপাল গড়ি…তোমায় একটা গড়ে দেব…গোপালকে খুব যত্নে রেখো, কেমন? জানো, মা বিনুকে বোঝাচ্ছে খুউব…আর বিনুও আমায় খুব বকছে!
না গো…গোপাল আমার লাগবে না আর…জীবনে তোমায় পেলাম না তো…যে ঘরে তুমি আর এলে না, সে ঘরে তোমার গোপাল এসে করবেটা কী?
কী কাণ্ড দেখো না, বিনুটাও আজ খুব ক্ষেপেছে…আমায় ধরে শুধু বকছে…আমি কেন করছি এমন…তুমি নাকি ইচ্ছে করেই আমার সাথে…আরও কী কী যেন বলছে ওরা! ওসব শুনতে ভাল লাগছে না!
বিনু অমন বকছে কেন? ওকে বলে দাও না…
আর বোলো না, বকছে তো খুব!
বলেছি তো…বলো না ওকে…তোমার কোনও দোষ নেই গো…যা হয়েছে, যা হচ্ছে…তার জন্য আমিই দায়ী…যেন বকতে হলে আমায় বকে…তোমায় কিছুই বলে না যেন!
আমাকে ছেড়ে চলেই যাবে…আচ্ছা, থাকা যায় না কোনওভাবেই? থেকে গেলে খুব ক্ষতি হয়? থাকো না তুমি…আমার সাথে…আমি খুব ভালোবাসবো, অনেক অনেক যত্নে রাখব…দেখো, তুমি পাশে থাকলে সব কিছু ঠিক সামলে নেব…আমি পারব, দেখো! এত বলছি, তবু থাকবে না? চলেই যাবে, না? আমার সাথে থাকা যায় না? আমি খুব খারাপ নই তো…সত্যি বলছি! দেখো, তোমায় কখনও কষ্ট দেব না…যা চাইবে, তা-ই করব…কোনও বায়না ধরব না…থাকবে না কোনও চাওয়া কি দাবি…আমি ভীষণ লক্ষ্মী হব…আমায় একটু রাখা যায় না? তোমার ঘরে রাখা যায় না? কত মানুষের জায়গা হয়ে যায় ছোট্ট ঘরেও…তোমার ঘর তো বড়োই আছে…সেখানে আমায় রাখবে না, না? আর একটা দিনই তো…তারপর শেষ! আমার কিছু ভাল লাগছে না, আমি কিছু ভাবতে পারছি না…একটা ছবি আঁকছি…রাধাকৃষ্ণের…আমি রাধা, তুমি…আচ্ছা, আমায় কোনওভাবেই কি রাখা যায় না? একটু ভেবে দেখোই না!
তোমার আঁকার হাতটা বড্ড ভাল…সেই হাতটা যত্নে রেখো, কেমন?
তুমি আমার কৃষ্ণ দেখবে? পুরোটা যদিও আঁকা হয়নি…এই দেখো না…
আমি তোমার কৃষ্ণ হলে দারুণ হত…আসলে তুমি আমার ভাগ্যেই নেই…সবাই কি আর সব কিছু পায়?
থেকে-থেকে খুব কান্না পাচ্ছে…পুরোটা আঁকা শেষ হয়ে গেলে…তোমায় দেখাব তখন কেমন করে? তুমি তো তখন…আমাদের সব এমনই থাকবে…অসমাপ্তই…জানো, তোমার কথা মা এখনও বলছে…
…কোথায় তুমি? এই মুহূর্তেই চলে গেলে…আমাকে একা ফেলে…বুঝি সময় হয়েই গেছে, না…একা ফেলে যাবার? বোধহয় ফোন এসেছে…তোমার বউয়ের, তাই না, বলো? এদিকে মা বলছে, আমি নাকি ইচ্ছে করেই নিজেকে এমন শেষ করছি…বিনু বলল, আমি নাকি খুব সস্তা হয়েছি তোমার কাছে…ওরা কিছুই বোঝে না কেন? নাকি ওরা ঠিকই বলছে? শুভ রাত্রি…তবে কথা বলো দিদির সাথে…
এই, আছ?
আমার যে যাবার জায়গা নেই তোমার মতো…আমি আর কোথায় যাব, বলো?...আছি। কেন?
…সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছ? আমি এখনও কার্ড পাইনি তো…তোমার বিয়েতে আমার…আসতে বারণ? বাজার সব গুছিয়েছ তো? সব ঠিকঠাক কোরো…পাছে ভুল হয়ে যায়, তাই বলছি এসব! তোমার বাড়িতে বুঝি আজ অনেক মানুষ? খুব হৈচৈ? বাজি পুড়িয়েছ…আতশবাজি? অতো রান্না কে করছে? মা-ই বুঝি?
রেস্তরাঁতে অর্ডার হয়েছে…খাবারদাবার ওখান থেকেই!
ফোন করেছিলাম…দেখনি তো? সত্যিই তো, কত ব্যস্ত তুমি…কালকে তো ওর হাত ধরবে…ভাবতেই খুব ভাল লাগছে, না? জানেন, দুজনকে কত সুন্দর দেখাবে…কালকের পর মনে করে মিলিয়ে নেবেন…বিয়ে ঠিক হয়ে গেলে সবাইকেই দেখতে কীরকম যেন দারুণ লাগে!
ও তো সুন্দরী না…দেখতে কালো।
কালোই ভাল! জিতছে তো কালোই শেষে! দেখতে ওঁকে ভালই লাগে, দেখেছি তো আমি! সুন্দরী আর লক্ষ্মীও বটে!
আমি যে আগে দর্শনধারী…পরে গুণবিচারী!
ওসব এখন বাদ দাও তো! আমি আজ ভীষণ খুশি!
অথচ আমি ঠকেই গেলাম!
মনে হচ্ছে, যেন আনন্দ সবই আমার ঘরে…হাসি আছে, খুশি আছে…ওরা সবাই এসে ভিড় করছে!
আংটিবদল হয়ে যেতে দাও…এরপর দেখো, বিয়েটা আমি করবই না আর…ঠিক ভেঙে দেব, দেখো!
ওমা কেন? কী হয়েছে? মেয়েটার কোনও দোষ নেই তো! আর আপনি পারবেনও না, কোনও দিনই না…পারে যারা, বোঝা যায়…পারলে আরও আগেই পারতেন…সময় তো ছিলই হাতে…যথেষ্টই ছিল!
তোমার ভুল হচ্ছে…সময় হাতে ছিল না অতো!
আমি তো জানি, সময় ছিল…তর্কে যাব না…বাদ দিন না! হার তো আমি মেনেই নিয়েছি!
যা বলছি, করবই তা…দেখে নিয়ো!
দেখব তবে…আপনি তা করবেন না, আমি জানি! করবেনই না, আমি সত্যিই জানি! ওরকম করা সম্ভবই না…মানুষটা আপনি বলে!
দেখই না কী হয়!
আমি কথা বলব। আমার কিছু কথা ছিল আপনার সাথে। আপনি যা হবে বলছেন, তেমন করে হবে না কিছুই!
…যা হবার ছিল, হয়েই গেল শেষ পর্যন্ত! ভালই হল…তুমি আরও বেশি করেই আমার হলে! পেয়ে গেলেই বরং সরতে দূরে! পেয়ে যায় যারা, হারিয়ে ফেলে! ভালোবাসাটা…না পেলেই বরং শক্ত থাকে! জেনে রেখো, এখন থেকে তুমি শুধু আমারই হলে…এই জন্মে, আরেক জন্মেও…সব জন্মেই শুধুই আমার!
…কী করছেন? ব্যস্ত বেশি? আশেপাশে অনেক মানুষের ভিড়…ব্যস্ত তো খুউব!
আসছে পরশু যদি দেখা করি, কোনও কাউকে না জানিয়েই…করবে দেখা? সম্ভব হবে? আমি কেবল তোমাকে দেখতেই এতটা পথ আসব দূরে!
আপনি অতো ভাবছেন কেন? ভাববেন না তো! আমি তো এখন বড়ো হয়েছি! কাকে বলব? লোকে কাকেই-বা এসব বলে? আসুন আপনি…নিশ্চিন্তে!
…জানি না রে তুই জানিস কি না, আমি এখন শেষ রে, শেষ! কী হল আর কী হওয়ার কথা ছিল…কেন আমার সাথেই? তুই বাসা থেকে চলে গেলি, আর এদিকে আমি একা হলাম! আজ চার দিন হল…কোনও ঘুম নেই, খাওয়া নেই, কারও সাথে কথা নেই…মা তো ওদিকে চিন্তায় শেষ…কাঁদছে সমানে! আমায় কিছু একটা বল না রে তুই! অমন চুপ করে থাকিস না আর! বল না রে, প্লিজ!
…এত ব্যস্ত কেন? বারেবারে চাই…বিশ্বাস করো…বারবারই চাইছি তোমায় এই দূর থেকেও…লজ্জা কি দ্বিধা, কোনও বোধই কাজ করছে না আর! এতটা জল হয়ে গেলাম একটা মানুষের কাছে!
…কী হল? ফোনটা তুমি ধরছ না কেন? বলবে একটু, কেন ধরছ না? আমার তো খুব চিন্তা হচ্ছে। তুমি কি বুঝতে পারছ? তুমি ঠিক আছ তো? এই…তুমি কি শুনছ? তুমি ফোন ধরছ না কেন? বলবে, প্লিজ…কী হয়েছে? আমি যে অস্থির হয়ে আছি, তুমি কি বুঝতে পারছ? তুমি কী গো? একবারও কি ধরবে না ফোন? একবারও কি পাব না তোমায়? ধুর্ ছাতা! ভাল লাগছে না কিছু!
…এই আছ?
হ্যাঁ, বলো!
কী গো, কোথায় ছিলে? এতক্ষণ পর অনলাইনে! শুনো…সিঁদুরটা সাথে করে নিয়ে এসো, কেমন?
সিঁদুর আমি কোথায় পাব?
তুমি পাবে না খুঁজে? তবে বলেছিলে যে…আর শুনো…
শুনছি, বলো!
সত্যি তুমি আসবে তো? সিঁদুরটা আনবে না…না? ভয় পেয়েছ…সিঁদুর আনতে বলেছি বলে?
না না, সে হবে কেন? আচ্ছা, বের হচ্ছি, দেখছি কোথাও পাই কি না!
আর যদি নাও পার, তবুও এসো…আমি জানি, তুমি আসবে! আমার মন বলছে, তুমি আসবে…আমি তোমায় দেখব! খোলা আকাশের নিচে দেখব তোমায় মন ভরে!
বের হয়েছ? টিকেটের ব্যবস্থা হয়েছে? একটা কথা বলি তোমায়…শরীরটাকে না ভেবে মনের টানেই যদি আসতে পার, তবেই এসো। ভালোবাসি তোমায়!
ঠিক আছে গো!
প্রেমে শরীর আসবে না, তা নয়। আসবে, তবে সেটা নিজ থেকে…আপনাআপনিই…জোর করে নয়, প্ল্যান করে নয়।
আমি মনের টানেই কাছে আসছি…তুমি নিশ্চিন্ত থাকো!
বলেকয়ে, পরামর্শ করে যে প্রেমে শরীর আসে, সে প্রেম আদৌ কতটুকু প্রেম…আমি সত্যি জানি না!
আমি জানি তো সবই! তখন ফোনে একটু মজা করেছি, আর কিছু নয়!
তোমায় আজ হঠাৎ করেই অচেনা লাগছিল…মনে হল, এই মানুষটাকে আমি চিনি না। জানি না, কেন।
আমার কথায় কিছু মনে কোরো না!
আমি খুব সহজ, বুঝলে…কিন্তু কেন, জানি না, এ ব্যাপারগুলিতে অনেক গুটিয়ে থাকি!
ঠিক আছে, মনে থাকবে!
যখন বিকেলবেলা ফোন করে ওসব বলছিলে, তোমায় খুব অচেনা লাগছিল। এমন হয়ে যেয়ো না কখনও, দোহাই লাগে! তাহলে আমি হারিয়ে যাব!
তুমি না চাইলে সত্যি ওসব হবে না কিছুই। বিশ্বাস রেখো!
সে কথা আমি বলছিও না! তোমায় যেমন করে চিনি, যতটা জেনেছি, সম্মান করি যতটুকু, যেমন চোখে দেবতার আসনে বসিয়ে দেখি…নিজেকে তেমন করেই রেখো…তোমায় বিশ্বাস করি…সে বিশ্বাসের মর্যাদাটুকু রেখো!
জানি তো আমি! এসব আর বলতে হবে না। তোমায় ঘরে আনলে এ পৃথিবীতে আমার চাইতে বেশি সুখী হত না কেউই! হায়, হল না কিছুই! হয়তো তুমি আমার ভাগ্যেই নেই! কোথাকার এক ভুল মানুষের সাথেই কাটবে জীবন! আমার বুঝি নিয়তি এটাই! আর ভাল কথা…টিকেট হয়েছে!
তবে সাবধানে আসুন! গাড়ি ছাড়লে ফোন করবেন, ওঠার আগে মনে করে খেয়ে নেবেন।…আর ওসব বলছই-বা কেন? তুমি তো ঠিক করেই রেখেছ, ভুল মানুষটাকেই ঘরে তুলবে…আমাকে নয়! তার হাত ধরেই পথে হাঁটবে, আমার হাত ধরে নয়! ঠিক আছে, এসো তবে!
…আছেন আপনি? আমি বুঝতে পারছি না আপনি ওখানে আছেন কি না।
এখন এলাম। বলো…কী বলবে বলো!
তুমি যা বলছ, তা-ই হবে ঠিক…তুমি শুধু দেখা করো! তোমার সাথে দেখা করাটা খুব জরুরি…আমি যে দেখব তোমায়!
কী হবে দেখে? আমি কি দেখার কিছু?
কী আর হবে? জানো, আজ বিকেল থেকেই তোমাকে ভেবে হঠাৎ করেই খুব ভাল লাগছিল! মনে হচ্ছিল, আমি নাহয় এই জীবনটাকে ব্যথার মালাতেই করে নেব বরণ!
…তুমি পারবে? পারবে চলে যেতে? আমাকে ছেড়ে পারবে বাঁচতে সারাজীবনই? একটুও কষ্ট হবে না আমাকে ছেড়ে থাকতে? সব ভুলে যাবে? পারবে সত্যি? মনে পড়বে না একটু করেও?
…তুমি পারতে…চাইলেই পারতে সারাজীবনের জন্য আমাকে তোমার করে নিতে!
আমি চেষ্টারই-বা কী বাকি রেখেছি, বলো? এখন এসব বলেই কষ্ট দেবে? যদি আমি কষ্ট পেলেই তোমার ভাল লাগে, তা-ই হোক তবে…তুমি বলই ওসব!
ঘুম আসছে চোখে…ঘুমোবো।
ঘুমাও তবে…শুভ রাত্রি!
না, যেয়ো না। থাকো।
তোমায় কালকে সকালে উঠতে হবে যে…
না, থাকো একটু। এমনিতেও আর ঘুম হবে না। একটু নাহয় পরেই শুই!
কালকে বাসায় কী বলবে…বের হচ্ছ কেন, জিজ্ঞেস করে যদি?
জানি না কিছু…বলব শুধু, কাজ আছে। আমি কিছুই জানি না সত্যি, তবে ঠিক আসব…এর বাইরে আমি জানি না কিছুই! মিথ্যে কিছু আসবে না মুখে। গুছিয়ে মিথ্যে বলার বিদ্যে আমার পেটে নেই যে! কথা বলতে ইচ্ছে করছে…ফোন করি?
না। ঘুম আসছে…শুভ রাত্রি! জেগে থাকলে ফোন দেব’খন!
আছ ওখানে? কী করছ? আমি খুব কাঁদছি সেই কখন থেকেই! খুব কষ্ট হচ্ছে। বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে! আমার বুঝি শান্তিতে আর বাঁচতে নেই?
কাঁদবে না তো! কখনও এমন করে কাঁদতে নেই। খেয়েছ রাতে?
সত্যি ভীষণ মিস করছি…অসহ্য লাগছে সব কিছুকেই!
একটুখানি শান্ত হও…সব ঠিক হবে তো, সময় দাও!
বাবু রে, তোকে মিস করছি! বুঝিস না তুই? এত ভালোবাস, এত আদর কর, তবুও কেন কর না গ্রহণ? তুমি এখানে কবে আসবে? জলদি আসো না! মুহূর্তগুলি হচ্ছে কেন দীর্ঘ এত? চলে এসো না আমার কাছে…এত কেন দেরি হচ্ছে? আমায় তোমার ভাল লাগে না? একটুও আমায় দেখবে না তুমি?
…আমার প্রতিটি মুহূর্তের সবকটা রং বিষিয়ে যাচ্ছে ক্রমেই শুধু…তুমি চাইলেই পার…তোমার একটা সিদ্ধান্ত সব পাল্টে দিতে পারে…আমি যে আর পারছি না, শরীর কি মন…একের পর এক আঘাতে সবই যেন নষ্ট হচ্ছে! আর কত নষ্ট হলে তোমায় পাব? তুমি আসবে কাছে? এমন তো হবার কথা ছিল না…আর একটু চেষ্টা করা যায় না কি…আমার জন্য? আমাদের জন্য? আমাদের ভবিষ্যতটার জন্য? এখনও সময় আছে…অনেক সময়! মনে আছে, তুমি এটাও বলেছিলে…বিয়েটা আসলে তুমি করবেই না? মনে আছে? সেই রাতের কথা…এখনও সত্যি সময় আছে। সারাটা জীবনের আফসোস, অপ্রাপ্তি…তুমি, আমি আর তোমার বউ…পাব তিনজনই! পারবে না তুমি করতে এটুকও? তোমার জন্য, আমার জন্য, তার জন্য…একটুখানিও পারবে না? কারও প্রতি কখনও এতটা দুর্বল হব, সত্যি ভাবিনি! এমন করেই চাইছি তোমায়…সমস্তটুকু সমর্পণ করে! তুমি দেখে নিয়ো, আমি ঠিক সব গুছিয়ে নেব…গুছিয়ে রাখব…তোমার ঘর, তোমার সংসার…তুমি যেমন করে চাইবে, সব তেমনই হবে! তোমায় পেলে আমি ভীষণ ভাল থাকব…তুমি ভীষণ ভাল থাকবে…আমরা ভীষণ ভাল থাকব!
…তুমি না করলে কারও সাধ্য তো নেই তোমায় জোর করে কিছু করাবে…এই বাবুটা, একটু বোঝো, সময় সুযোগ, এখনও তো দুইই আছে…তোমারই হাতে! বাবু…আমায় আর পাও না শুনতে, তাই না, বলো?
…কিছু ভাল লাগছে না, কেমন অস্থির হয়ে আছি…তুমি কিছু বুঝতে পারছ না? সত্যি তুমি বুঝতে পারছ না? আমি কি সত্যি অবোধ্যই হলাম শেষ পর্যন্ত?
ফিরে গেছে কত, বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে।
সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছ সেই সুরে
তার রঙ লেগে আছে,
অবুঝের পেন্সিল।
ভালোবাসা বাকি আছে, তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারি না।
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এল না।
যদি কোনও দিন তুমি, দুহাত দিয়ে ঝিনুক কুড়াও,
নেই আমি, সেই অল্প ভাঙা গল্পগুলোয়,
কার সাথে আমি শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি,
মাঝরাতে আমি তোমার কথা বলব কাকে?
হেঁটে গেছি আমি, আয়ুরেখা ধরে সাড়া দিতে এত
দেরি হয়ে গেল বলে।
জন্মমৃত্যু ভেঙে, ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো
আমি জেগে আছি এসো,
প্রতি চুম্বনে স্থির।
কীভাবে নাগরদোলা, উলটেপালটে সবই,
আমাদের ছিঁড়ে খেল জোনাকি।
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এল না।
…অনুপমটা সত্যি দারুণ…আমার কথাগুলি জেনে বসে আছে অনেক আগেই! এটারও বুঝি দরকার ছিল…আমার জীবনেই এমন ঘটতে হল? কত কথা লিখছি তোমায়…কত অনুরাগে ভাবছি তোমায়…কত অনুরোধের সুর তুলছি, কতই না আজ বকে যাচ্ছি। তোমার কাছে ভিড়তে কত প্রার্থনা আজ, কিন্তু একবারও কি ভেবে দেখেছি, ঠিক কতটা প্রার্থনা তোমার ভিড়তে শুধুই আমার কাছে…ওই প্রার্থনা কি আছে আদৌ? নাহ্, একবারও ভাবিনি তো! ভালোবাসি যে! জানো, আঘাতে আঘাতে মুহূর্তের কাছেও আজ পরাজিতা আমি! এমনই হওয়ার কথা ছিল তো, তাই না, বলো? তুমি যদি আসার হতে, আমার কি এত বলতে হত…তুমি তো এমনিই কবে চলে আসতে!
…জানি না…খেলেছ, নাকি গভীর অতলে ভালোবেসেছ বলেই এমন হচ্ছে! চাইছি দূরে সরতে যত, ততই কাছে ভিড়ছি তোমার! আজ তোমার দূরত্ব আমায় বুঝিয়ে দিচ্ছে, সেদিন কতটা কাছে ছিলে! সেদিনের সকাল মেঘলা ছিল, তাই ছিল তো, তাই না, বলো? যখন বৃষ্টি এল, তোমার হাত দুটো ধরে ভিজলাম খুব, যখন কিছুটা প্রতিশ্রুতির দোলা দিয়ে আশ্বস্তটা করেছিলে আমায়…তার আগে তো কোনও বাতাস হয়নি, একটি কণাও ওড়েনি ধুলো, যা কিনা এসে আমার চোখে পড়েছে, যে বাতাসের শরীর কিনা আমার চোখে ধুলো মাখিয়ে দিয়েছিল বলে…তোমায় সর্বস্ব দেব, তাই অতো সহজে সরল বিশ্বাসটা ফেললাম করেই! সত্যি জানো, সত্যি ভেবেছি…তুমি আমারই!
…কোনও অস্বচ্ছতা নেই তাতে…যদি সেদিন জানতাম একটুও, তুমি আর ফিরবে না তো, আরও একটু দেখে নিতাম তোমায়। তুমি আর কখনও ফিরবে না তা জানলে তখন, আরও কিছুক্ষণ তোমায় রাখতাম ধরে শক্ত করে! চলেই গেলে…যা দিয়েছ, সে মুহূর্তগুলো খুব যত্ন করে রাখব আমি, বুঝলে…খুব যত্ন করেই বুকে আগলে রাখব আমি!
…জীবনে বুঝি ঝড় এসেছিল…নাহ্…ঝড় তো নয়…প্রেম এসেছিল…ধরা পড়েছি তাতে…ভীষণ ফাঁদে, এবার নিজের সাথে একা নিজেই ঘরটা আমি বাঁধব নাহয়! সেই ঘরে তুমি শ্রোতা কেবলই, হবে নীরব শ্রোতা…আমি তখন খুব বকব…নিজের মনেই…শুনবে তুমি!
…দুটো গান শুনবে অন্বেষার কণ্ঠে? শুনে দেখো, ভাল লাগবে…দুজনে দেখা হল মধুযামিনী রে--…আরেকটা শুনো, আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে--
…জীবনের কিছু ব্যর্থতা আর অপ্রাপ্তিও মানুষের মনকে জরাজীর্ণ করে দিতে পারে এতটাই, ভাবিনি কখনও। হয়তো তুমি ভুলে যাবে তেমনি করেই…যেমনি করে অন্য কাউকেও ভুলেইছিলে একটা সময়। ভুলেই যেয়ো! পুরাতনকে মনের মধ্যে রাখে না তো কেউ! তোমায় ভালোবাসি তো, তাই যাতে তোমার ভাল হয়, তা-ই তবে হোক!
…কিছু কথা, কিছু দৃষ্টি, আর ছুঁয়ে দেওয়ার অনুভূতিটুকু যেন আমায় বৃদ্ধা হতে সাহায্য করে, আমার পাশে থাকে…সে সময় পর্যন্তও যেন তোমায় ভালোবাসতে পারি, মৃত্যুর আগ মুহূর্তেও যেন তোমারই চোখ আমার দিকে তাকিয়ে থাকে…এখন শুধু সেই প্রার্থনাই রাখি! ঈশ্বর তোমায় আরও বড়ো করে দিক, ভুলে যেয়ো আমায়…ভুলে যেয়ো। সুন্দর একটা আগামী রয়েছে অপেক্ষায় তোমার। প্রতিদিন নাহয় সকালবেলার তোমার সেই প্রতিমূর্তিটাকেই শক্তি ভেবে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে যাব! ভাল থেকো, ফুল…ভাল থেকো।…সব মিলিয়ে ভাল থাকবেন দুজন। দিদিকে আমার ভালোবাসা পৌঁছে দেবেন…দিদি যেন আমার মানুষটিকে খুব যত্নে রাখে!
মৃত্যুর যে ছবি নিজের হাতে আঁকা
লেখাটি শেয়ার করুন