পত্রসাহিত্য

টুপটাপ টুংটাং ভালোবাসা



অ্যাই ভালমানুষ! অ্যাই! শুনছো?
সবাই কি আর তোমার মতন, বলো? হুঁ?
কেউ-কেউ তো টুপটাপ প্রেমে পড়ে! আমার মতন।
টুপটাপ প্রেমে পড়ে আর টুংটাং হৃদয় ভাঙে! টুপটাপ টুংটাং! টুংটাং টুপটাপ! মজার না?
বোঝো কিছু? প্রেমে পড়ে গেলে কেমন লাগে?
এই যে শেয়ালপণ্ডিত! বাব্বাহ! সাইকোলজি বোঝো, মন বোঝো না! এটা হলো কিছু? হুঁ?
কাঠের ভালমানুষ একটা!
সব তোমার দোষ!
তুমি অতো ভাল নাহলে কি অতোটা ভালোবেসে ফেলতাম কখনো?
বলো, তুমিই বলো!
তাই, সব দোষ তোমারই! একদম সঅঅঅঅব্!!
একটুখানি কম ভাল হয়েও তো মানুষ বাঁচে। কী? বাঁচে না, বলো?
অতো ভাল হওয়াটা ছাড়বে কবে, সেটা আগে বল, এরপর বলছি, কবে থেকে ভালোবাসাবাসি ছেড়ে দেবো! একদম পাক্কা!

জানি, তুমি ভাল হয়েই থাকবে! হায়! কী অসহ্য তোমার এই ভাল হয়ে থাকা!
কী আর করা! ভালোবেসেই যাবো!
আর যা-ই কর, ভালোবেসেটেসে ফেলো না যেন আবার! ফেললে জিতে যাবে যে! নাহ্! তোমায় জেতাবো না! কিছুতেই না!
ভয় পেলে বুঝি? পেলেই নাহয়! আমি তো মরেই গেছি, মরেই আছি; তুমি নাহয় একটুখানি ভয়ই বা পেলে! কী হয় ওতে?
হ্যাঁ! ফিরিয়েই দিয়ো বরাবরের মতো। না ফেরালে ভালোবাসা যায় কি অতো? ফেরানোর ভালোবাসাগুলিই যে তীব্র বেশি! তাইতো খাঁটি!
বোঝো কিছু? হুঁ? অতো বুদ্ধি মাথায় বোঝা! রকেট বানাও আর মনকে ভাঙ! হলো কিছু? বলো?

আমার এই ভালোবাসার যন্ত্রণায় ঘেন্না ধরে গেছে তোমার ভালমানুষির ওপর!
ভালোবাসতে পারো না, শুধু ভালোবাসাতে পারো, না? শালার ভালমানুষ!
হায়! পৃথিবীর ভালমানুষগুলি একটুও ভালোবাসতে শিখলো না আজও!
সব ভালোবাসা আজ নষ্টদের অধিকারে! সব ভালোবাসাই আজ নষ্ট ভালোবাসা!
কী যন্ত্রণা! কী যে ভীষণ যন্ত্রণা! কেউ আমায় একটু মন্দবাসা দাও না এনে!
তোমরা সবাই ভালোবেসো, কেমন? আমি নাহয় মন্দই বাসলাম!

এই যে ভালমানুষ! শুনছো?
আচ্ছা, সব ভালমানুষই কি কানে খাটো? তোমার মতন?
উফফ্!! দেখো না, মানুষটা একটুও শোনে না! এতো ডাকছি, তবুও কেউ একটুও সাড়া দেয় না!
কী হলো? আমি এই......এইদিকে! তাকাও না একটু! সাড়া না দাও, নিঃশব্দ চাহনিটুকুতেও অতো অরুচি তোমার?
তুমি এমন কেন? আচ্ছা, আমি তোমার মতন হলে তুমি কি আমার মতন হতে? এইইই শোনো না......!!
না শুনলে নাই! আমার কী? আমি আমার কথা বলেই যাবো! বকেই যাবো আর বকেই যাবো! হুহ্.....ঢং...!!!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *