রাস্তা পিছলে এগোয় আলো---নেই বাতিখুঁটি, মুখ্যআলোর!
গাছের সারি সুবোধ শান্ত, দেখতে ভাল---শীত জানত।
আবছা আলোয় ছায়া সরে যায়, মেঘকুয়াশার টিলায় কাঁপে,
হাওয়ায় ছড়ায় বুনো উদ্দাম, প্রকৃতির উদোম গায়ে দেখি কেমন মাটির বুনন,
পাহাড়ি মায়ায় সুরের কায়ায় রাত জেগে রয় প্রাণের ছায়ায়,
পথ যেন নয়, সাপের শরীর---এঁকেবেঁকে ওঠে, অচেনায় ছোটে!
আকাশ ফুঁড়ে তারার প্রভা পউষী রাতের হিমকে তাতায়, ভয়কে নামায়,
গাছের পাতায়, খড়ের ছাতায় আলোর নাচন পাহাড় মাতায়,
আগুনেপোকা কুয়াশা ঠেলে, দূরের আলো স্বপ্নে মেলে,
এ সাদা রাত, নীলসাদা ছাদ, ধূসর পিচের থেবড়ো বাহার---বড় প্রিয় লাগে।
দিনের সবুজ, রাতের সবুজ---দুইই অবুঝ---মন কেড়ে নেয়,
বাস ছুটে যায়, শোধ করে দেয় প্রাণের যে দায়, জন্মের 'হায়',
কুটিরবাসীর ক্রোধটা দেখে ঈর্ষা জাগে, রাত ভেজাতে আগুন লাগে---পোড়াতে হৃদয় হৃদয় খুঁজি!
এলে জনপদ বুঝি অরণ্য, জনান্তিকে অন্ধকারের চাদর়ই মানায়,
রাস্তা ফুরোয়, দৃষ্টি জুড়োয়, রাত্রি বুড়োয়, আগুন কুড়োই।
হঠাৎই দেখি, ঐ লালসবুজের আলো বলে দেয়, ঐ মাঠের দৃষ্টিপ্রদীপ পেরুলেই দেখো---খাগড়াছড়ি!
আছে দারিদ্র্য, পড়াশোনা নেই, চিত্ত আছে, নেই বিত্ত, ব্যাধি আছে তবু পথ্য তো নেই, বোধ আছে শুধু বুদ্ধিটা নেই,
ওরা পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকে, হাত নাড়িয়ে জানায় বিদায় কিংবা অভিবাদন, ওই রাস্তায় গাড়ি ছোটে যেই!
চকচকে পিচ---রোদ পিছলে তাড়ায় ছায়া, সারিসারি গাছ পথের ধারে কাঁদে কাঠ হয়ে সূর্যে ভিজে,
কাশবনটা হঠাৎ এদিক তাকিয়ে দেখে রৌদ্রের শিশির মেখে গোলাপি আভায় হাসছে কেমন ঝলমলিয়ে!
অরণ্যের বহর আর বাহার ভেঙে বাজার জাগে, আসে লোকালয় মুহুর্মুহু,
তীব্র প্রখর শ্বেত আগুনে পাহাড় পোড়ে, তীক্ষ্ম তীরের ফলার মতন ফুলকি ছোটে বাতাস ফুঁড়ে,
অচেনা ওই কুকুরগুলি নেকড়েমুখো---গায়ে ডোরা দাগ, ওরা রৌদ্র পোহায় কী নির্ভয়ে!
আকাশের সোনালি আগুন দগ্ধ করে শুকনো হলুদ পাহাড়ি মাটি,
লতা, ঘাস আর পাতা পিছলে সবুজ আসে রৌদ্রে ভেসে দৃষ্টিদেশে,
কত রঙের সবুজ হাসে রোদ নামিয়ে, নীলের স্রোতটা যায় হারিয়ে সবুজ খামে,
পাহাড়-আকাশ এক হয়ে যায়, তাইতো পাহাড় আকাশ নামায়, বয়স লুকায়---পুরনো পাহাড় যায় না দেখা।
কলার বনে টিয়ের বিয়ে। কলার ভেলায় খাল পেরুবে, নায়র যাবে---ভাবছে ফিঙে। ছাগলও লাফায় সে খুশিতে।
পাকা পেঁপের সওদা আছে ছড়িয়ে এখানে পথের বাঁকে, ওখানে দেখি কলাও বেচে,
রৌদ্রে জ্বলে। পুড়ছে হেসে গালিচা---ঘাসের। ওরা সোনালি সবুজ, পথের অবুঝ, প্রাণটা নরোম।
পাহাড়প্রহরী সৈন্য, পুলিশ, আর বিজিবি। আমরা পেরোই পাহাড়, ওরা খবর রাখে।
নানান ভাষার সংহতিতে পাহাড় মাতে, জীবন হাঁটে মতের হাটে।
শুকনো গাছের শুকনো বনে, শুকনো পাতার শুকনো মনে---বর্ষাক্ষুধা,
পাহাড়টিলায় হিমরোদ্দুরে আগুন জ্বলে, আগুন জ্বলে এই পাহাড়ের ক্ষুব্ধ মনে,
ওরা অবরোধ দেয়, ক্রুদ্ধ হাতে আটক জীবন জীবন খোঁজে,
ওদের কথা---কাঁদলে পাহাড় কেউ বোঝে না, হাসলে পাহাড় সবাই হাসে---এমন কেন?
মাথা যতটা, মত ততটা, কেউ বোঝে না কারও কথা---ঝামেলা এটা!
একই ফসল---জুমেও ফলে, একাও ফলে---দুইই দারুণ মেটায় ক্ষুধা,
বলো তবে, ভিন্ন পথে ঠিক রাস্তায় ভুলটা কীসে?
কেউ মেনে নেয়, কেউবা বাছে; সত্য হল, সবারই কিছু বলার আছে,
কিছু না শুনে শোনালে কেবল, শান্তি সরে দ্বন্দ্ব আসে, এটাই নিয়ম।
একেক মতের একেক পথে যাত্রা তবু স্বপ্ন একই---ভাল বাঁচা, ভালই মরা।
আমরা যারা পাহাড়কে চাই, এ হৃদয়ে পাহাড় বাঁচাই, চাওয়া একটাই---পাহাড় তবু পাহাড়ই থাকুক!
সাজেকের রূপ কী অপরূপ! আহা, মরি মরি!
সে রূপের কথা লিখব পরে সময় করে। এলেম ফিরে সাজেক ঘুরে খাগড়াছড়ি।
সাজেক-যাত্রা
লেখাটি শেয়ার করুন