একটা চরম সত্য কী, জানেন?
আপনি আপনার জীবনে যাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ কিংবা খুব আপন মানুষ বলে জানেন, তাদের বেশিরভাগ মানুষই আপনার গোটা জীবনে কোনও প্রয়োজনেই কখনও কাজে আসবে না।
মানুষ সবার আগে যে ভুলটা করে, সেটা হলো, সে ভেবে নেয়, পাশাপাশি থাকা মানে কাছের মানুষ হওয়া। কখনও কখনও, একসাথে একই ছাদের নিচে সারাজীবন কাটিয়েও দু-জন মানুষের মাঝে দূরত্ব কমে না। ভাবছেন, তবে দূরত্ব রেখেও ওরা পাশাপাশি থাকে কীভাবে? উত্তর সহজ... অভ্যস্ততায়, অসহায়ত্বে, কোনোমতে মেনে ও মানিয়ে নেওয়ায়, এবং প্রায় সময়ই নিছক অভিনয়ে।
তাই যদি আপনিও ভাবেন ওরকম করে, তবে শুনুন, পাশাপাশি থাকা মানে যদি কাছাকাছি থাকা হতো, তাহলে আপনার মাথার উকুনই হতো আপনার সবচেয়ে কাছের জন।
আপনার কাছের মানুষ হলো সেইজন, যে দূরে থেকেও আপনার মনের খবরাখবর জানে, আপনার বিপদের সময়ে কোত্থেকে যেন এসে হাত ধরে বলে, ভয় পাসনে, আমি আছি। যে আপনাকে আপনার মতো করে অনুভব করতে পারে না, সে নিশ্চয়ই আপনার দূরের মানুষ।
মানুষের আরও একটি ভুল হয় আপনজন চেনার বেলায়। রক্ত মানেই যে সবসময় আপন হয়, এমনটা সত্য নয়। আপনার জীবনে যে সুন্দর মুহূর্তরা তৈরি হয়, তার বেশিরভাগই হয় এমন কারও সাথে, যারা আপনার আপনজন নয়। সুস্থ আয়ুর জন্য খুব যত্ন করে মুহূর্ত জমাতে হয়। সুখ নয়, দুঃখও নয়, কেবল মুহূর্তই আমাদের বাঁচিয়ে রাখে।
আপনি যখনই বড়ো বড়ো সমস্যার মুখোমুখি হবেন, দেখবেন, অমন বিপদে আপনার আপনজনের তালিকায় থাকা তেমন কেউই এগিয়ে আসছে না। বরং এমন কেউই আসবে, যাকে আপনি কখনও আপনই ভাবেননি। বিপদের সময় আমরা এমন মানুষকেই পাশে আবিষ্কার করি, যার কথা আমরা তেমন করে ভাবিইনি কোনোদিন।
এই যে আপন-পরের অদৃশ্য একটা ক্যাটালগ আমরা তৈরি করে ফেলি, জীবনের স্তরে স্তরে গিয়ে বুঝতে পারবেন, বেশিরভাগ আপনজন, প্রিয়জন কিংবা কাছের জন আসলে আপনার কেউই হয় না।
পথ চলতে কখনও হোঁচট খেয়ে পড়ে গেলে যে-জন হাত ধরে টেনে তোলে, সে-জনই মূলত আমাদের আপনজন। আপনার অনুভূতির মূল্য যে দেয় না, সে আপনার ঘরের মানুষ হতে পারে, কিন্তু আপনজন কিছুতেই নয়।
মনটা প্রচণ্ড খারাপ, ঠিক সে-সময় কিংবা ভয়ানক অবসাদের মুহূর্তে যে-জন আপনার মনখারাপের কারণ খুঁজে নেয়, যার বুকে মাথা গুঁজে দিয়ে হু হু করে কেঁদে ফেলতে পারেন নির্ভয়ে, সে-জনই আপনার প্রিয়জন। যার সামনে বিনা দ্বিধায় কেঁদে কেঁদে নিজের ভারী হৃদয়কে হালকা করে নেওয়া যায় না, সে আবার আপনজন হয় কী করে?
আপনার তীব্র যন্ত্রণায় যে মানুষটি কাতর হয়ে যায়, আপনার যন্ত্রণা লাঘবে যে-জন মরিয়া হয়ে ওঠে, মূলত সে-জনই আপনার কাছের মানুষ। সুখ নেবার মানুষ তো অনেকেই হয়, কষ্ট নেবার মানুষ কোথায়, বলুন? যে-জন আপনার কষ্ট শুধু মুখেই নয়, হৃদয়েও ধারণ করে, কাজের মাধ্যমে তার সুস্পষ্ট প্রমাণ দেয়, এক সে-ই আপনার কাছের মানুষ।
বিশ্বাস করুন, বাকিরা আপনার কেউই হয় না, একদম কেউই না... হোক না সে রক্তের কেউ কিংবা এক যুগেরও বেশি পুরোনো কোনও বন্ধু।
অনুভবের মানুষ
লেখাটি শেয়ার করুন