নিষ্প্রাণ মন, তবুও কেন বারে বারে আঘাত করে পুরোনো স্মৃতিগুলো, বলতে পারিস?
আর কত বার নিজেকে সারিয়ে তুলতে হবে!
আর কত…!
বুকের ভেতরটা এত অগোছালো কেন থাকে, জানি না। সব অনুভূতি মেরে ফেলেছি, বিশ্বাস কর!
আজও কেন তবু বুকের ভেতর থেকে মোচড় দিয়ে দিয়ে কান্না আসে?
ইচ্ছে করেই নিজেকে রক্তাক্ত করতে হয় বেশ কিছুক্ষণ!
কারও অনুপস্থিতি কেন আমার আত্মার মৃত্যু আনছে এভাবে? হেরে যেতে যে আর পারছি না রে!
আমার মনের ক্ষতগুলো ছুঁয়ে দেখতেই মৃত্যুর খুব কাছাকাছি চলে এলাম!
এবার বুঝি শেষমেশ হেরেই গেলাম!
এ অসহ্য এক অনুভূতি! নিজের জন্য বড্ড করুণা হলো আজ…
নিজেকে শূন্য করে ফেললাম—পূর্ণ হতে হবে যে!
জরুরি নয় আজ আর কোনো কিছুই।
অতঃপর…দেখি,
অপেক্ষাহীন এই নিশ্চুপ জীবনের সব কোলাহল থেমে গেছে।
- কে আপনি?
- তোমার শূন্যতা।
- চলে যান!
……………………………………………………………
- ভালোবাসো?
- এর উত্তর আমার জানা নেই। আপনি আবার এলেন যে?
……………………………………………………………
- তোর মায়ায় পড়ে গেছি! যাস না রে! থাকিস…হুঁ?
- হ্যাঁ, থেকেই যাব এবার! যাকে জড়িয়ে ধরে রাখলে মনে এত শান্তি ভর করে, এমন একটা মানুষ রেখে যাই কী করে?
- স্মৃতিহীন আলাপ নিয়ে তোর সাথে এই জীবনটায় থাকতে দিবি আমায়? আমি বাঁচতে চেয়েছি শুধুই তোর জন্য।
স্মৃতিহীন বিস্রস্ত আলাপ
লেখাটি শেয়ার করুন