রাত বারোটা সেই কখন পেরিয়ে গেল, এখন রাত তিনটে বেজে সতেরো; ডাকবাক্সটার দিকে চেয়ে থেকে থেকে যে বুড়িয়ে গেলাম, নীল!
বাদামি রঙের ফোলা-কেকটার গায়ে এখানে-ওখানে, এবড়োখেবড়ো ক্রিম মাখিয়ে, তুমি যে আজ আমার জন্মতিথিটা পালন করতে এলে না, একটা ছোট্ট চিরকুটও পাঠালে না!
মেরুন রঙের শাড়িটা কোনোমতে পেঁচিয়ে...অমন করে তাকিয়ে লাভ নেই, শাড়ি তুমি কোনোদিনই পরতে পারতে না—এ পাড়ার সবাই সেটা জানে!
যেদিন শাড়ি পেঁচিয়ে দুম করে পড়ে গিয়েছিলে, ডালে-বসা চড়ুইটাও হেসে ফেলেছিল দেখে!
সেদিন চড়ুইবাবু ঘরে ফিরে নির্ঘাত বউয়ের কাছে গল্প ফেঁদে দু-জনে মিলে খুব হেসেছিল। না, না, আমি মোটেও বাড়িয়ে বলছি না, এমনটাই ঘটেছিল।
নীল, আজ তুমি সত্যিই এলেই না! আমার জন্য আজ কবিতার দু-চারটে লাইন লিখলে না...তুমি না লেখো, নীল? একসময় প্রতিটি জন্মদিনে আমায় নিয়ে দু-চার লাইন ঝরেছিল তো কলমে তোমার!
দূরে নাহয় গেলেই তুমি, তা বলে ঝেড়ে-মুছে সব বুঝি নিয়ে যেতে হয়? আমার জন্য শেষপাতের এঁটো ভেবেই কিছু রেখে যেতে নাহয়!
জানো, কেয়াটা ক-দিন ধরে বড্ড জ্বালাচ্ছে, এই যখন-তখন ফুল-পাতা-সিঁদুর...তার সাথে কাগজে লেখা দু-চার লাইন পাঠিয়ে দিচ্ছে। পাগলি বলে, আমায় নাকি ওর ভালো লেগে গেছে! এই পড়ে গেছি, ব্যথা পাচ্ছি…এসব বলে ছুঁতোয়-নাতায় ছুঁয়ে দিতে চাইছে! ওকে কী করে বোঝাই বলো তো, তুমি ছোঁবার পর থেকে অন্য কাউকে ছুঁতে দিতে আমার অরুচি হয় খুব।
জীবনটাকে আজকাল বড্ড বর্ণহীন ঠেকে, অথচ গাছে সবুজ, আকাশে নীল, মেঘের গায়ে সাদা; বিকেলগুলো বাদামি…ওদিকে রোজ ঘটা করে ম্যাগনোলিয়া ফোটে; বাতাসের রং বোধ হয় কিছুটা শীতল, রাতগুলো কেমন অ্যাক্রোলিক ব্ল্যাক, বাগানবিলাসে জলরঙা পিঙ্ক…আহা! শশীধর চা বানিয়ে দিল, কী সুন্দর পাকাখেজুর-রং ওতে!
—এত রং চারদিকে, বর্ণান্ধ হয়ে গেলাম নাকি এবার! বুঝি, আসলে আমার চোখের একটাই রং—নীল। নীল রংটা এমন ভোগাবে সত্যিই বুঝিনি আগে! লোকে বলে, নীল হলো বিষাদের রং। আচ্ছা নীল, তাই বুঝি আকাশটা নিজের গায়ে মাঝে মাঝেই ভুলভাল রঙের মিশেলে ক্যানভাস সাজায়?
তুমি আকাশ দেখতে ভালোবাসতে, একদিন রাতে ভারী পর্দাগুলো সরিয়ে আকাশ দেখছিলে। কেন যেন হঠাৎ মনে হলো, তুমি এত বোকার মতো কাজ করলে! এপাশ-ওপাশের বেগুনি কাচের বারান্দাগুলো থেকে যদি কেউ নামহীন তোমায় দেখে ফেলে, আমাদের অলিখিত সম্পর্কটা তবে আবার আকাশ না ছুঁয়ে ফেলে!
উলটো-পালটা শব্দের জোড়া তোমায় কেমন বিবর্ণ করে দিচ্ছে...তুমি কেমন খুনে আসামির মতন অপরাধী হয়ে গেলে, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে ছিলে। এত সজল-কোমল-অসহায় দৃষ্টি ও-ই প্রথম দেখা আমার—তোমার চোখে।
নীল, আমি সত্যিই পারলাম, তোমার আকাশ-দেখা দু-চোখের দৃষ্টি অমন ছিঁড়ে-ফেঁড়ে, দুমড়ে-মুচড়ে দিতে! এ-ও সম্ভব! তারও বহুকাল পরে, তুমি আপনমনে লিখেছিলে...আমার একটা একান্ত নিজের ঘর হোক, যেখানে আমার আকাশ-দেখা চোখে জলফড়িং খেলবে, যে-ঘরে কোনো ভারী পর্দায় সূর্যের ছায়া থমকে দাঁড়াবে না—অধিকারে তার গৃহপ্রবেশ হবে।
যে-ঘরটা বলবে, তুমি কোনো অলিখিত নাম নও, বেগুনি কাচের ওপাশের মুখগুলো তোমার চেয়ে দামি কেউ নয়।
এ তোমার দু-দিনের পাতা বালুচর নয়, যেখানে ঢেউয়ে নিত্যনতুন গল্প আছড়ে পড়ে। এ তোমার নিজের ঘর, যেখানে তোমার এবং তোমার গল্পগুলোর আজন্ম সংসার।
তুমি ফুল ভালোবাসো, আমি কোনোদিন তোমায় ঘ্রাণ নিতে দিইনি। তুমি গাছ ভালোবাসো, আমি কোনোদিন তোমায় দু-হাত ভরে সবুজ এনে দিইনি। তুমি আকাশ ভালোবাসো, আমি কোনোদিন তোমায় তারা গুনতে দিইনি। তুমি রাত-বিরেতে গান শুনতে চাইতে, আমি কোনোদিন তোমার সুর হতে চাইনি। তুমি অনামিকা ছুঁয়ে পাহাড়ের ঢাল ধরে হাঁটতে চাইতে, আমি কোনোদিন নিস্তব্ধতা ভাঙিনি।
তুমি বেড়ালের পেছনে ভ্রমর হতে ভালোবাসতে, শেষপাতে আমি কখনও তোমায় মাছের কাঁটা বেছে দিইনি। তুমি কালিকলমে লিখতে ভালোবাসতে, আমি কোনোদিন তোমার জন্য চিঠি লিখিনি।
…হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসতে; তবু আমি কোনোদিনই তোমার হৃদয় ঘুরে আসিনি! তুমি কাঁদতে যখন-তখন আড়ালে-গোপনে, আমি কোনোদিন তোমার চোখে জল হয়ে ভাসিনি।
বড্ড দেরি হয়ে গেল, নীল—তুমি বলোনি, আমি বলেছি!
আমি পেপারোমিয়াকে ভালোবেসেছি, কিন্তু ও কোনোদিন আমায় বাবা বলে ডাকেনি!
পেপারোমিয়া-৩
লেখাটি শেয়ার করুন