বরাবরের মতোই, বিনা সম্মানীতে মন ভালো করার একটা বুদ্ধি দিই।
কখনও বৃষ্টির দিনে পাহাড়ের কাছাকাছি কোথাও ঘুরতে যান। ধরি, দুপুরের তেজ যখন ক্ষয়ে স্তিমিত হয়ে আসে, তখন থেকে শুরু করে গোধূলির আগমুহূর্ত অবধি ঝুমবৃষ্টি। তার অবসানে যখন সূর্যাস্ত হয়, অবাক হয়ে দেখবেন, পশ্চিমের আকাশে লাল-সোনালি-কমলা রঙের জ্যামিতিতে কী এক আশ্চর্য খেলা চলছে! মেঘের কিনারে কিনারে নানান রঙের অপূর্ব বিচ্ছুরণ, তা মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে পুরো আকাশজুড়ে! সবুজের সাথে সেই আলোর ঝরনা মিলেমিশে পৃথিবীর রূপ-রং-রস বদলে দিচ্ছে ক্ষণে ক্ষণে! পাহাড়ের গায়ে গায়ে ভেজা আলোর সে স্রোত বয়ে চলেছে, তার উৎস যেন এই পৃথিবীতেই নয়!
ঠিক ওই সময়ে চারিদিকে টের পাবেন শব্দহীনতার সুতীব্র চিৎকার, যা আপনাকে পাগল-মাতাল করে দেবে, আপনার আত্মাকে ছুটিয়ে নিয়ে যাবে দূরে... আরও দূরে... যেখানে দিগন্ত গিয়ে মেশে ধীরে ধীরে। নীরবতার এই সিক্ত অনুরণন আপনার মনে গেঁথে থাকবে বহুদিন।
সবচাইতে সুখের ঘটনাটি কী ঘটবে, বলি। অনেক দিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজে চলছেন, অনেক রাত জেগে যে স্বস্তি পাবার জন্য কেঁদে ভাসছেন... তার সবই এক এক করে এসে দাঁড়াবে আপনার চোখের সীমানায়, মনের ঝুলবারান্দায়।
মনের মতো একটা গোধূলিযাপন আপনার শরীর ও মন অসীম শান্তিতে ভরিয়ে দিতে পারে।
ভালো কথা, সমুদ্রের তীরেও কিন্তু এমন শান্তি মেলে। অভিজ্ঞতা আছে কারুর?
ভেজা আলোর ঝরনা
লেখাটি শেয়ার করুন