১. ভালোবাসা কোনো হিসেব বা অঙ্ক বোঝে না; বোঝে না কোনো ভাষাও। ভালোবাসা কেবল ভালোবাসতেই বোঝে!
২. একমাত্র ভালোবাসাই সত্যি!
আর ভালোবাসে যে, সে স্ববিরোধী।
অসীম ভালোবাসা সত্ত্বেও সে ভালোবাসার জন্যই তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে থাকতে বাধ্য হয়।
৩. যে ভালোবাসে, সে বোকা, নির্লজ্জ, বেহায়া, বেপরোয়া। তার কোনো কমনসেন্স থাকে না! এর কারণ, সে তো অলরেডি এ সমস্ত বৈশিষ্ট্য বিসর্জন দিয়েই কাউকে ভালোবেসে ফেলেছে!
৪. ভালোবাসা তো মাদক!
যে একবার সত্যিকার অর্থে আত্মা দিয়ে কাউকে ভালোবেসে ফেলে, সে যে ভালোবাসা নামক মাদকে আসক্ত হয়ে পড়ে!
সে মাতাল, উন্মাদ, নেশাখোর...! সারাক্ষণই কী এক ঘোরের মধ্যেই থাকে—ঠিক-ভুলের পার্থক্যটাই ভুলে যায়!
৫. ভালোবাসা একটা আত্মিক রোগ! চাতক পাখির মতন তার ভালোবাসার মানুষের আত্মার সংস্পর্শ পাবার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
৬. ভালোবাসা হচ্ছে পানির মতো! অবস্থান বুঝে তার স্বচ্ছতা বদলায়। পানি যতই নোংরা হোক, পাথর পানির মাঝে বাস করলে যেমন পানি স্বচ্ছ হয়ে যায়, ঠিক তেমনি সঠিক মানুষের সংস্পর্শে মিথ্যে ভালোবাসাও পবিত্র হয়ে যেতে পারে।
৭. ভালোবাসার কোনো যবনিকা হয় না! যথার্থই, এখানেই “সব শেষ” কথাটা ভিত্তিহীন। ভালোবাসা অসীম… ভালোবাসা মহাকাল...!
৮. ভালোবাসা কেবলই সোনালি চশমার ফ্রেমে অতিসুন্দর যৌনতামাখা প্রেমের নগ্ন দেহের গন্ধের খোঁজ করা নয়। ভালোবাসা হচ্ছে নিরাপত্তার লৌহপ্রাচীর, শান্তির আশ্রয়স্থল—যেখানে দুটো আত্মা সাম্যের মতো বিচরণ করে।
৯. সত্যিকারের ভালোবাসা মরুভূমির তপ্ত বালুতেও বালুজলের উত্তাল তরঙ্গের ফসফসানির আওয়াজ শুনতে পায়! কিন্ত মিথ্যে ভালোবাসা দূর হতে জলের উত্তাল তরঙ্গের শব্দ শুনে তৃষ্ণা মেটাতে গিয়ে খই-ফোটা উত্তপ্ত চিকচিক-করা বালি আর বালি ছাড়া কিচ্ছু দেখতে পায় না!
১০. ভালোবাসাকে বর্ণনা করা যায় না; এটা একটা অনুভূতি! এই কথাটা তারাই বুঝবেন, যারা কখনো কাউকে ভালোবেসেছেন।
ভালোবাসা হচ্ছে উপচে-পড়া পাগলামি, তাই আজ আমি পাগল!
আমার চোখে তাকিয়ে দেখুন, এ চোখে শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা এবং ভালোবাসা না পাবার তীব্র যন্ত্রণা!
ভালোবাসা যা
লেখাটি শেয়ার করুন