বাংলা কবিতা

নির্লিপ্ততা



তোমরা বেছে নাও,
ভালো যা-কিছু পাও…
নিজেরা করে ভাগ;
আছে যা পরিতাপ,
যত কিছু অভিশাপ…
আমাকেই দিক দাগ।

দখিনা ঠান্ডা বাতাস,
গড়ে যাতে নিঃশ্বাস…
রাখো বুকে হয়ে হন্যে;
তপ্ত হাওয়া সাহারার,
পরান পোড়ায় সবার…
রেখো তা আমার জন্যে।

নক্ষত্রখচিত আকাশে,
অপূর্ব চাঁদ হাসে—
তোমরাই দেখো চেয়ে;
অমাবস্যা অন্ধকার,
মেঘে ঢাকা চারিধার—
আসুক এদিকে ধেয়ে।

খাদ্য উপাদেয় যা-কিছু,
থাকুক তোমাদেরই পিছু,
থেকো শুয়ে সোনার খাটে;
পরিত্যক্ত ধুলোবালিছাই,
যা পেয়ে কোনো লাভ নাই---
যেন আমার ঘরেই আঁটে।

শান্তি সুখ ভালোবাসা,
নিত্যনতুন নানা আশা,
তোমরাই নিয়ে থেকো;
ঘৃণা কষ্ট অনাদর,
দুঃখ যাতে নিরন্তর,
আমাকে ওসবেই রেখো।

প্রশংসা আছে যত,
তোমরা নাও তত,
রেখো তা আগলে বুকে;
লোকনিন্দা গঞ্জনা,
কেউই যা চায় না,
যাক এইদিকে ঝুঁকে।

অনাঘ্রাত ফুলের মালা,
সুবাসে সাজিয়ে ডালা,
নিয়ো সবই সবার আগে;
নিদারুণ অসহ্য কষ্ট,
যাতে হয় জীবন নষ্ট,
রেখো তা-ই আমার ভাগে।

যেন না লাগে আঁচড়ে ঘা,
যেন কাঁটায় না বিঁধে পা…
থাকো সুখে সারাআয়ু ভরে;
আসে দুঃখ আসুক আরও,
ক্ষতি তো নেই তাতে কারও…
যাইও যদি আড়ালেই মরে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *