অ্যাকাডেমিক

ইংরেজির মজা (১)



মজার কিছু বাক্য নিয়ে বলছি:

এক। A ship shipping ship ships shipping ships.
উপরের বাক্যটা কি ঠিক আছে?

দেখা যাক। ship মানে কী? noun হলে ‘জাহাজ’, verb হলে ‘সমুদ্রপথে পাঠানো’। তাহলে বাক্যটিকে একটু ঠিক করে লিখলেই হয়ে যায়। কীরকম? ship-shipping ship মানে ‘সমুদ্রপথে কোথাও জাহাজ পাঠানোর জাহাজ’। shipping-ship মানে ‘এমন জাহাজ, যার মাধ্যমে সমুদ্রপথে কোথাও কিছু পাঠানো যায়’। ব্যস্‌ হয়ে গেল! সঠিক বাক্যটি হলো:

A ship-shipping ship ships shipping-ships. (সমুদ্রপথে কোথাও জাহাজ পাঠানোর একটা জাহাজ সমুদ্রপথে এমন জাহাজ পাঠায় বা বহন করে, যে-সব জাহাজে সমুদ্রপথে কোথাও কিছু পাঠানো যায়।)

বোঝার সুবিধার্থে বাক্যটি boat দিয়ে লিখি:
A boat-shipping boat ships shipping-boats. (সমুদ্রপথে কোথাও নৌকা পাঠানোর একটা নৌকা সমুদ্রপথে এমন নৌকা পাঠায় বা বহন করে, যে-সব নৌকায় সমুদ্রপথে কোথাও কিছু পাঠানো যায়।)

দুই।
১) Buffalo buffalo Buffalo buffalo buffalo buffalo Buffalo buffalo.
উপরের বাক্যটা কি ঠিক আছে?

দেখা যাক। Buffalo হচ্ছে ‘নিউইয়র্কের একটি শহর’, যা যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। noun অর্থে buffalo হচ্ছে ‘মহিষ’, যার plural form হচ্ছে buffalo কিংবা buffaloes। আবার verb অর্থে buffalo হচ্ছে bully: ‘ভয় দেখিয়ে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা’ ('ভয় দেখানো': বিব্রত, অপদস্থ, অপ্রস্তুত বা বিরক্ত করা অর্থে)।

এখন উপরের বাক্যটিকে এভাবে সাজাই:
Buffalo (শহর, adjective-এর কাজ করছে) buffalo (মহিষগুলি বা কিছু মহিষ, noun-এর কাজ করছে) [that: যেগুলিকে] [other: অন্য কিছু] Buffalo (শহর…) buffalo (মহিষগুলি…) buffalo (verb অর্থে) (also: সেগুলিও) buffalo (verb…) [some other: আরও কিছু] Buffalo (শহর…) buffalo (মহিষগুলিকে বা কিছু মহিষকে...)।

বাক্যটির অর্থ দাঁড়াল: বাফেলো শহরের কিছু মহিষ, যেগুলিকে বাফেলো শহরের অন্য কিছু মহিষ ভয় দেখায় (bullying করা অর্থে), সেগুলিও (প্রথম মহিষগুলি) বাফেলো শহরের আরও কিছু মহিষকে ভয় দেখায়।

বোঝার সুবিধার্থে বাক্যটির দু-একটি শব্দ বদলে দিয়ে ভেঙে লিখি: Bison from the city of Buffalo [that] [other] bison from the city of Buffalo bully [also] bully [some other] bison from the city of Buffalo. কিংবা Buffalo from the city of Buffalo [that] [other] buffalo from the city of Buffalo bully [also] bully [some other] buffalo from the city of Buffalo. (উল্লেখ্য, bison শব্দের অর্থ ‘এক ধরনের বন্য ষাঁড় বা মহিষ’ এবং এর plural form হচ্ছে bison কিংবা bisons।)

২) একই ধরনের আরেকটি উদাহরণ: Police police Police police police police Police police.

পোল্যান্ডের একটি ছোট্ট শহরের নাম Police। noun অর্থে police হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সরকারি সংস্থা বা বাহিনি (police শব্দটি সবসময়ই plural, তাই এর verb form-ও plural), আর verb অর্থে police হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চারিদিকে ‘টহল দেওয়া’। এখন বাক্যটিকে অর্থ ঠিক রেখে অন্যভাবে সাজিয়ে লিখি:

Police from Police [that] [other] police from Police patrol [also] patrol [some other] police from Police.
অর্থ: পুলিশ শহরের কিছু পুলিশ, যাদের কাজকর্ম পুলিশ শহরের অন্য কিছু পুলিশ নজরদারিতে রাখে, ওরাও (প্রথম পুলিশরা) পুলিশ শহরের আরও কিছু পুলিশের কাজকর্ম নজরদারিতে রাখে।

৩) এখন আরেকটি!
Can can can can can can can can can can.

can মানে কোনো কিছু করতে পারা। এর আর কী ধরনের অর্থ হয়, দেখা যাক। can মানে কোনো কিছুকে (উৎকর্ষে) ছাড়িয়ে যাওয়া (outperform করা)। can-can হচ্ছে মেয়েদের বিশেষ একধরনের জনপ্রিয় নৃত্য, যা ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্সে (সাধারণত দলবদ্ধভাবে) পরিবেশিত হতো (এবং এখনও হয়); এর plural number-ও can-can।

ব্যস্‌ হয়ে গেল! এখন দেখি, অর্থটা কী দাঁড়াল। তার আগে বাক্যটিকে একটু ঠিকভাবে লিখি যাতে অর্থবোধক হয়।

Can-can can-can can can can can can-can.
More clearly: Can-can (the dances) [that other] can-can ([the] dances) can (are able to) can (outperform) can (are [also] able to) can (outperform) [other examples of] can-can ([the] dances).

কিছু নাচ, যেগুলিকে একই ধরনের অন্য কিছু নাচ (উৎকর্ষে) ছাড়িয়ে যেতে পারে, সেগুলিও (প্রথম নাচগুলি) একই ধরনের আরও কিছু নাচকে (উৎকর্ষে) ছাড়িয়ে যেতে পারে।

(বোঝার সুবিধের জন্য অনুরূপ উদাহরণ: ক্লাসের কিছু স্টুডেন্ট একই ক্লাসের অন্য কিছু স্টুডেন্টদের চাইতে ভালো। আবার দ্বিতীয় ধরনের স্টুডেন্টরাও একই ক্লাসের আরও কিছু স্টুডেন্টের চাইতে ভালো। এখানে প্রথম ধরনের স্টুডেন্ট সবচাইতে ভালো, দ্বিতীয় ধরনের স্টুডেন্ট প্রথম ধরনের স্টুডেন্টদের চাইতে কম ভালো এবং তৃতীয় ধরনের স্টুডেন্ট সবচাইতে কম ভালো। আমাদের উদাহরণে, নাচের সবচাইতে ভালো পরিবেশনা হচ্ছে দ্বিতীয়টি, তার চেয়ে কম ভালো প্রথমটি এবং সবচাইতে কম ভালো হচ্ছে তৃতীয়টি।)

এ ধরনের আরও কিছু মজার উদাহরণ নিয়ে ‘আবার আসিব ফিরে’।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *