বাংলা কবিতা

একধরনের আঁধার



পৃথিবীর সব স্বপ্ন সত্যি হতে থাকবে,
সব আঁধার আলোর দেখা পাবে,
সব গল্প পূর্ণতা পাবে,
সমস্ত মেঘ একটা সময় কেটে গিয়ে
আকাশটা ধবধবে ফরসা হয়ে যাবে।

কোথাও কিচ্ছু থেমে থাকবে না—
পৃথিবীর সব কিছুই আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও গতিশীল হবে।
এত কিছুর পরও কেবল আমারই
কিচ্ছুটি বদলাবে না।

আমার চারপাশটায় আরও আঁধার নেমে আসবে—
সেই আঁধারে, সেই গাঢ় গর্তে…ধীরে ধীরে আরও গভীরে তলিয়ে যেতে থাকব আমি;
পৃথিবীর সব আশা আমার কাছে এসে থেমে যাবে,
সময় আমার সাথে থমকে ঠায় দাঁড়িয়ে থাকবে,
অপেক্ষা আর প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত মাড়িয়ে আমি হুট করে নেই হয়ে যাব।

খুব নিঃশব্দে একটি তারা এই পৃথিবী থেকে
অস্পষ্ট আর আবছা হতে হতে নেই হয়ে যাবে…
কেউ কিছুই জানবে না।

তার চলে যাওয়ায় কারও কোনো স্থান শূন্য হবে না,
কারুরই বেঁচে থাকতে কিংবা ভুলে যেতে কষ্ট হবে না।

এই পৃথিবীতে কিছু তারা এভাবেই
সবার অবহেলা আর অনাদর নিয়ে
ক্ষণিকের জন্য আসে;
এসে খুব সহজেই সব কিছু
নিজের সাথে মানিয়ে আপন করে নেয়,
কিন্তু দিনশেষে কেউ তাকে আপন করে বুকে জড়ায় না।

সে পড়ে থাকে অলক্ষে, পথের ধুলোর মতন,
তারপর একদিন
হুট করেই একটা কোথাও হারিয়ে যায়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *