আমি অভি, অভিজিৎ সান্যাল। একটা নোংরা, ব্যর্থ, বিরক্তিকর জীবন কাটিয়ে আজ পা রাখলাম বিয়াল্লিশে। হ্যাঁ, আজ আমার জন্মদিন। এই দিনটাকে সামনে রেখে কিছু কথা বলে ফেলতে খুব ইচ্ছে করছে।
আমি পুরো ছাত্রজীবনে খুব আদর্শ ধরনের ভালো ছাত্র ছিলাম। যা হয় আর কি, সে কারণে সহ্য করতে হয়েছে বন্ধুবান্ধবের চরম ঘৃণা। ভালো ফলাফল করার চাইতে বড়ো পাপ পৃথিবীতে খুব কমই আছে। গ্র্যাজুয়েশন শেষ হতে না হতেই একলাফে অন্য অনেককে পেছনে ফেলে ভালো একটা চাকরি জুটিয়ে ভেবেছিলাম, আমি বুঝি বিশাল কিছু একটা ঘটিয়ে ফেলেছি! অথচ, কিছু দিন বাদেই খেয়াল করলাম, চাকরি করতে গিয়ে নিজের স্বাধীনতাটুকু বিকিয়ে দিয়ে এক গাধার খাটুনি মাথা পেতে নেওয়া ছাড়া আমি আসলে আর কিছুই করতে পারিনি। চাকরিতে ঢুকে যাওয়ার একটাই অর্থ আছে, তা হলো, একেবারে গ্রেফতার হয়ে যাওয়া! কলিগদের অহেতুক ঈর্ষার ঘায়ে আহত রক্তাক্ত হওয়াটা চাকরিতে নিত্যনৈমিত্তিক ঘটনা। অথর্ব বসের ক্রোধের শিকার হয়ে হয়ে ক্রমাগত নিজেকে পরাজিত হতে দেখবার নামই চাকরি। নানান ধরনের অসংগত আচরণকে অসহায়ত্ব নিয়ে চুপচাপ মেনে নিতে পারে না যে, তার পক্ষে চাকরি করে যাওয়াটা রীতিমতো অসম্ভব!
সহ্য করতে না পেরে বছর সাতেক পর বিরাট সাহস দেখিয়ে সেই চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলাম, এখনও যা করে যাচ্ছি আর কি!
এই ব্যবসাটারও তো বছর দশেক পেরিয়ে গেল। টাকা আগেও কামিয়েছি, এখনও কামাচ্ছি। কই, তবুও কি কাউকে সুখী করতে পেরেছি? না, পারিনি। নিজেকে সুখী করার কথাও ভাবা যায়, এটা আমার মাথায় অনেক বছর ধরেই আর আসে না, কেননা আমি পরিবারের কর্তা। কিন্তু যাদের সুখী দেখতে কাজ করছি, তারাও তো দেখি সুখী নয়!
যখন চাকরি করতাম, তখন সবাই বোঝাত, ব্যবসা করলে ভালো থাকা যায়। আর যখন থেকে ব্যবসা ধরেছি, মানুষ রোজই বোঝাচ্ছে, শুধু চাকরিজীবীরাই বড়ো সুখে আছে।
আমার প্রেয়সী ছিল মনামী, মনামী রাহা। রূপে-গুণে, ব্যবহারে, পড়াশোনায় যাকে বলে একদম দশে দশ! ওরকম একটি মেয়েকে ভালোবাসার মানুষ হিসেবে পেয়েও জীবনসঙ্গিনী করতে পারিনি। মনামীর শুধু বাইরেরটা নয়, ভেতরটাও ছিল ঠিক আমার মনের মতন। তবুও ওকে ধরে রাখতে পারিনি। মানুষ যাকে চায়, তাকে শেষপর্যন্ত ধরে রাখতে পারে না। এর নামই নিয়তি।
‘ভালোবাসার মানুষকে না পেলে কিছুই হয় না।’ এই একটা বাজে কথায় ভর করে আর অদৃশ্য এক দম্ভকে মনে পুষে রেখে বিয়ে করে ফেললাম কঙ্গনাকে। ভরটা করলাম কেন? দম্ভটাই-বা কীসের ছিল? থাক সে প্রসঙ্গ! এতগুলি বছর পর এসে আজ হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে কী লাভ!
হ্যাঁ, কঙ্গনাই সে-ই মানুষটা, যাকে বিয়ে করার পরদিন থেকে আমার মনে শুধু একটা প্রশ্নই ঘুরতে থাকে, ভালোবাসার মানুষকে না পেলেও চলে, এমন ধরনের অলিখিত রীতিটা চালু করেছেন যাঁরা, তাঁরা কোথায়? আমি তাঁদের মুখোমুখি দাঁড়াতে চাই। তাঁরা তো আরও বলেন, প্রেয়সীকে বিয়ে করলে সেই প্রেয়সী চোখের সামনে একদিন গৃহিণী হবে, সন্তানের মা হবে। চোখের সামনে নিজের অপরূপা প্রেয়সীকে বুড়িয়ে যেতে দেখলে নাকি পুরুষমানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়ে! ওঁদের আমি বলি, তা মশাই, আমার প্রেয়সী আমার সাথে বুড়ি না হয়ে অন্য কারুর সাথে বুড়ি হচ্ছে, এই ব্যাপারটা আপনাদের কাছে ভারি স্বস্তিদায়ক ঠেকে, তা-ই তো বলতে চাইছেন, না? একটু হেসে নিই তাহলে, কেমন? মানুষের কথায় চলে আজ একটা অমানুষের জীবন কাটাতে হচ্ছে আমাকে।
আমার মতো পৃথিবীর অধিকাংশ পুরুষই, যার সাথে ঘর করে যাচ্ছে, যাকে সে ভালোবাসেই না, তার রূপ, লাবণ্য, অন্তত যৌবন কিংবা বুড়িয়ে-যাওয়া নিয়ে মাথা ঘামায় না কখনও। ঘামানোটা কি উচিত আদৌ? না কি মাথা ঘামানোর রুচিটাও জাগে এমন ক্ষেত্রে?
আমার তো জাগে না! আমি রুচিহীন, কপট আর সময়-নষ্ট-করা টাইপের ভদ্রলোক নই।
কঙ্গনা চায় ওর জীবনের সব কিছুর সাথে আমাকে জড়িয়ে ফেলতে, আর আমি চাই সবসময়ই ওকে এড়িয়ে চলতে। ওকে আমার ভালো লাগে না, কিছুতেই ভালো লাগে না। ও যে এসব বোঝে না, তা নয়। তবু ওকে দেখি, আর দশজন বাঙালি নারীর মতন মহিলামহলে নিজেকে স্বামীসোহাগি টাইপের এক জন নারী হিসেবে প্রমাণ করার জন্য ও যে-কোনও কিছুই করতে পারে এবং করেও। ওসব মিথ্যে-নাটক দেখলে আমার মন থেকে থুতু আসে। কিন্তু সে থুতুটা আর দেওয়া যায় না। নিজের স্ত্রীকে থুতু দেওয়া যায় না, অন্যের স্ত্রীকে গোলাপ দেওয়া যায় না। হা হা হা…
প্রথম ছ-বছরে যখন আমাদের সন্তান হলো না, তখন কঙ্গনা এবং বাড়ির সবাই মিলে রোজ রোজই কান্নাকাটি আর দুশ্চিন্তা করত। আমি অশান্তি এড়ানোর জন্য মাঝেমধ্যে দুঃখী হওয়ার অভিনয় করলেও মনে মনে ছিলাম ভীষণ সুখী একজন মানুষ। পুরুষমানুষের জীবনের প্রথম শেকল হচ্ছে চাকরি আর দ্বিতীয় শেকল হচ্ছে সন্তান। বউকে তো যে-কোনও সময়, যে-কোনও বয়সেই জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু ঘরে একবার সন্তান এসে গেলে তখন না বাদ দেওয়া যায় সন্তানের মাকে, আর না বাদ দেওয়া যায় চাকরি-বাকরি। সন্তান একটা সেতুর মতো। সে সেতু দিয়ে এ-পার থেকে ও-পারে যাওয়া যায়, সেখান থেকে ফিরেও আসা যায়, কিন্তু সেতুটা ভেঙে ফেলা যায় না কিছুতেই! বড্ড মায়ার, বড্ড জাদুর সেতু এ সেতু!
অর্কাভর জন্মের আগে আমি রোজই ভাবতাম, আজ না হোক, কালই আমি কঙ্গনাকে ডিভোর্স দিয়ে দেবো, তার পরে মনামীর কাছে চলে যাব। সে আমায় ফিরিয়ে নিলে তার কাছেই থেকে যাব জীবনের শেষদিনটা অবধি। আর না নেয় যদি, তবে গয়া-কাশী-বৃন্দাবন তো আছেই; তবুও কঙ্গনার সাথে একছাদের নিচে আর না না না! কী কুৎসিত রকমের ব্যর্থ একটা জীবন…না না করতে করতেই কেটে যায়!
যেই সন্তানের মুখের দিকে চেয়ে নরকবাস করাটাকেই পরিণতি হিসেবে মেনে নিলাম, সেই সন্তানের কাছেও আমি ভালো পিতা হতে পারিনি। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের চোখে ভালো পিতা হওয়ার একটাই মাত্র রাস্তা, তা হচ্ছে সন্তানের মায়ের যোগ্য স্বামী হওয়া। ওই বয়সের সন্তানের চোখে সেই প্রত্যেকটা মানুষই খারাপ, ওর মায়ের সাথে যাদের সম্পর্কটা খারাপ। মানুষটা যদি ওর নিজের বাবাও হয়, তবুও এই নিয়মটাই খাটে!
অর্কাভও এখন সেই বয়েসি। ও ভালো-মন্দের সঠিক বিচার করা শিখতে শিখতে হয়তো আমি বেঁচেই থাকব না। ফলে আমার ভালো বাবা হওয়াটাও আর হবে না।
এই মাঝবয়সে এসে আমি দায়সারাভাবে জীবনটাকে বয়ে নিয়ে চলেছি। প্রায়ই মনে হয়, মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাই যে ঢের বেশি কঠিন! বিয়াল্লিশটা বছর কাটিয়ে দিলাম বেঁচে থাকবার উপযুক্ত কোনও কারণ ছাড়াই কিংবা বলা যায়, কোনও-না-কোনও অজুহাতে। আমার মাথায় যে কখনও মৃত্যুচিন্তা আসে না, তা নয়। তবু রোজই নিজের অমন সব চিন্তাকে থামিয়ে দিয়ে বলি, আচ্ছা, মৃত্যু নিয়ে পরে একসময় ভাবব নাহয়, আজকে একটুখানি বেঁচে থেকে দেখিই না! অবশ্য ওই বলা অবধিই! বাঁচতে কি পারি নাকি? একেও বাঁচা বলে! আমার খুব জানতে ইচ্ছে করে, আসলে কয়টা মানুষ ঠিক করে বাঁচার মতন বাঁচে? কেউ বেঁচে আছে সন্তানের অজুহাতে, কেউবা প্রেয়সীর অজুহাতে, আবার কেউ বাঁচে, তার মৃত্যু ঘটলে সংসার কে চালাবে, সেই অজুহাতে। ইস্! কী দারুণ নিদারুণ একেকটা অজুহাত!
আহা, যেন রোজগেরে লোকটা মরে গেলে সংসারের সবাই না খেয়ে মরবে, এই ব্যাপারটা নিয়ে সে শতভাগ নিশ্চিত! কিংবা, সে মরে গেলে তার সন্তানও কাঁদতে কাঁদতে মরেই যাবে, এমন টাইপের চিন্তাভাবনা করে মানুষ বেঁচে থাকে! আসলে কী জানেন, সে মরে গেলে তার সন্তানটি হয়তো আগের চেয়ে একটু খারাপ থাকবে নতুন বাবার কাছে, ব্যস্, অতটুকুই; তার চেয়ে খারাপ কিছুই ঘটবে না! ‘তার সন্তানটি’ বলাটা ঠিক হলো না। মরে যাওয়ার পর সন্তানও আর নিজের থাকে না।
আমার মনে হয়, মানুষ সব বুঝেও এসব ছোট্ট ছোট্ট অজুহাতে তার মনকে বোকা বানিয়ে হলেও বেঁচে থাকে। মুখে যা-ই বলুক, মনের খুব গভীর থেকে মানুষ আসলে বেঁচে থাকতে চায়। যে পিতার তিনটি সন্তান তার চোখের সামনেই এক এক করে মরে গেল, সে পিতাও বেঁচে থাকতে পারে! বেঁচে থাকতে চাওয়ার মোহ এক অদ্ভুত মোহ! তাই স্বেচ্ছামৃত্যুর চিন্তাভাবনা একধরনের কালক্ষয়ী বিলাসিতা ছাড়া আর কিছু নয়। মানুষ চায়, তাকে পৃথিবীর অন্তত একটা হলেও মানুষ ভালোবাসুক, ঠিক করে বুঝুক। সে মানুষটা তার পরিশ্রম আর ত্যাগস্বীকারগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করুক। অন্তত একটা মানুষের সামনে হলেও যেন সে মুখোশটাকে ছুড়ে ফেলে দিয়ে নিজের সবকটা সত্তা নিয়ে নিজেকে হাসতে হাসতে মেলে ধরতে পারে। সেরকম একজনকে মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ অবধি খুঁজতেই থাকে আর খুঁজতেই থাকে, কিন্তু প্রায়ই, শেষমেশ খোঁজটা আর পায় না।
বেশিরভাগ মানুষই তার জীবনের ‘বেটার-হাফ’কে কখনও খুঁজে পায় না। বলাই বাহুল্য, নিজের ভেতরের সমস্ত ভালোর অর্ধেককে খুঁজে না পেলে, নিজের ভেতরের সমস্ত খারাপের অর্ধেককেও কখনও আবিষ্কার করা যায় না। আবিষ্কারই করা যায় না যাকে, তাকে মানুষ নিজের ভেতর থেকে বের করে দেয় কী করে! ফলে মানুষ আজীবনই পালিয়ে পালিয়ে বাঁচে। এমন এক ধ্রুব পলায়নপরতা মানুষকে তার অভ্যন্তরীণ ভালোর কিংবা খারাপের মুখোমুখি দাঁড়িয়ে নিরাবেগ বোঝাপড়াটা আর করতেই দেয় না।
বেঁচে থাকতে চাওয়ার মোহ
লেখাটি শেয়ার করুন