খুব কাছের মানুষের মৃত্যুটা আজও মেনে নিতে পারিনি—ভোরের আলো ফোটার অপেক্ষাটুক পর্যন্ত সে করেনি, চলে গিয়েছিল কনকনে শীতের রাতে।
এক অপ্রস্তুত রাত। নিস্তব্ধতা বুকের পাঁজরের প্রতিটি হাড় ভেঙে দিচ্ছিল, কুয়াশায় স্মৃতিগুলো ঝাপসা হয়ে যেন চোখেরই সামনে অঝোরে কাঁদতে আরম্ভ করল—শোকের শুরুটা বোধ হয় সেখান থেকেই। আমি চুপ ছিলাম। অনেকক্ষণ, অনেকদিন অবধি, আজও আছি।
অসুস্থতা কাটিয়ে সুস্থ হবার পর বোঝা যায়, সৃষ্টিকর্তা কতখানি আশীর্বাদে পুনরায় জীবনটা দান করলেন। অথচ, জীবনটাকে নিয়ে কতটা হেলা করেছি, এক্সপেরিমেন্ট করেছি। তবুও, সৃষ্টিকর্তার দেওয়া এই সুন্দর জীবনটাকে উপহার হিসেবে গ্রহণ করতে পেরেছিলাম বলেই, এখন নিজের চেতনার ওপর যথেষ্ট বিদ্রুপ বাড়ে। সত্যিই, সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কোনো কারণ ছাড়াই।
গত তিনদিন হঠাৎ করেই ভীষণ অসুস্থ ছিলাম, তেমন কিছু লিখতে পারিনি। আচ্ছা, 'বাতাসে লাশের গন্ধ' কবিতাটা তোমার কেমন লাগে? জানি, তুমি সব কবিতার ভিড়েও এটি ভুলে যাওনি, দুঃসময়ে পাশে-থাকা একটি মাত্র কবিতা কেউ কি কখনো ভোলে? কিছু শব্দে যেমন মানুষ পুরোনো স্মৃতিতে ফেরে অজান্তেই...দমকা হাওয়ার মতো, তেমনি কিছু অনুভূতি জেগে থাকলে চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসে...অবিরত ভাবনার গুঞ্জনে।
আচ্ছা, তোমার কী মনে হয়, মানুষ কাকে বেশি আঁকড়ে ধরে?—দুঃসময়ে থাকা কোনো ক্ষুদ্র অনুভূতি, না কি ক্ষণিকের তীব্র সুর...যা বুকে এসে লাগে।
জানো, তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে। আমার দুঃসময়ে এগুলোই সাথে ছিল, তেমন কোনো মানুষ ছিল না, এখনও নেই—যাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি বলে দাবি করেছিলাম; এমনকি তুমিও নও।
ভাবছি, আজ কিছুটা সুস্থ বোধ না করলে হয়তো এত কথা বলা হত না, ঠিকই হারিয়ে যেত। যেভাবে হারিয়ে যায় না-বলা স্বপ্নরা, অতৃপ্ত অভিমানেরা।
আচ্ছা, ব্যস্ততা শেষে তবেই মানুষ ঘরে ফেরে, তাই না? অবশ্য আমি জানিই না, তুমি ব্যস্ত ছিলে কতটা; আমি যে কক্ষনো তোমার ঘর হতে পারিনি। যদি কখনো ঘরে ফিরে দেখতে, সেই মানুষটাই আর নেই, তখন সেই অনুভূতিটা কতটা নিখুঁতভাবে প্রকাশ করা যেত? সত্যিই কিছু মানুষ চিরকালের জন্য হারিয়ে যায়, কেন যে হারায়, এর সঠিক কারণটা কখনও জানা যায় না।
আচ্ছা, কখনো কখনো, হারিয়ে যাবার জন্য কি অভিমানটুকুই যথেষ্ট নয়? তুমি আমার সামনে এলে এত আবেগহীন হবার বৃথা চেষ্টা কেন করো? আমার যে মনে হয়, তুমি আবেগে মোড়া আস্ত এক উপন্যাসের পাতা। দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে দেখি, মিথ্যে আমার চেতনা—কী করে শিখব ভুল স্বীকার করা? বেদনার অধরা দৈর্ঘ্যরা বরাবরই অসম কিন্তু অনুকরণীয়, অর্থহীন তবু স্মরণীয়।
বেদনার অধরা দৈর্ঘ্য
লেখাটি শেয়ার করুন