যে-মানুষটার সঙ্গ পেলে একাকিত্ব বলে আর কিছু থাকার কথা ছিল না, আজ সেই মানুষটার পাশাপাশি থেকেও নিঃসঙ্গতায় ভুগছি। অন্ধকার আমার ভীষণ পছন্দ ছিল একসময়—অন্ধকার ঘর, আলোহীন বারান্দা। এক অদ্ভুত ঘোরে তোমার ছোঁয়া পাবো জেনেই এই অন্ধকারকে আপন করে নিয়েছিলাম। কিন্তু এখন আর আমি অন্ধকার ভালোবাসি না।
আমি ভয় পাই, দেখেও যারা না দেখার ভান করে বাঁচে, তাদের ভেতরকার অন্ধকার দেখে। সব অন্ধকার সুন্দর অনুভূতি জাগায় না; কিছু অন্ধকার একদম দমবন্ধ করে ফেলে।
তোমার স্পর্শে যে এত নির্ভরতা—তা আমি অন্ধকারেই প্রথম চিনেছিলাম। আমার আত্মা যে তোমার স্পন্দনে বাঁধা, তা-ও জেনেছিলাম; তুমি কি বুঝতে পারো না?
সেই তুমিই যখন আমাকে গ্রহণ করতে পারলে না—এই জীবনের নিভু আলোটুকু আর রাখতে চাই না। জীবনটা যে কত বার থমকে গিয়েছে...তুমি জানো না, জানতে চাইলেও না। তোমার জন্য ঠিক কত বার নিজেকে বাঁচিয়ে রাখতে চেয়েছি, অন্তত চেষ্টাটুকু করেছিলাম—তার খোঁজ আর তোমাকে দিতে চাই না।
তাই তোমার কাছে রোজ একটু করে কৃতজ্ঞতা স্বীকার করেছি, যাতে তুমি আমাকে ক্ষমা করতে পারো। আমার ওপর রাগ রেখো না। রেখেই-বা কী করবে বলো, আমি যে আর আসতে পারব না। তোমার গালটা ছুঁয়ে বলতে পারব না কখনও, তোমাকে ভালোবাসতে আমার কক্ষনো ক্লান্ত লাগে না।
অগ্রহণের আঁধার
লেখাটি শেয়ার করুন