আজ বৃষ্টিতে ভিজতেই তোর কথা খুব মনে পড়ল। আমাদের সেই প্রথম দেখা করার দিনে, কল্পনায় একপশলা বৃষ্টির কথা মনে আছে তোর?
কী এত ভাবছিস বল তো সবসময়? ভাবছিস, তোকে কাছে পাবার সর্বোচ্চ সুযোগ থাকা সত্ত্বেও কেন আমার এই নির্লিপ্ততা!
না কি তুইও আর সবার মতোই বলবি, আমার ভালোবাসায় কমতি আছে!
মিছে মিছে ভালো যে কেন বাসতে গিয়েছিলি আমাকে, তা-ই ভেবে কি আফসোস করবি?
না, না, তুই আর সবার মতো না!
তুই হয়তো ভেবেই নিয়েছিস, আমার কোনো একটা অসুখ হয়েছে।
আরেহ্ ধুর বোকা! আমার যে পালানোর রোগ আছে...তুই যে তা বুঝতেই পারলি না!
শোন! কেমন করে তুই আমার এলোমেলো হৃদয়টাকে সারিয়ে তুলিস বল তো!
তোর আমার প্রতি এত নির্ভরতায়, মাঝে মাঝে মনে হয়, আমি আগের জন্মে নিশ্চয়ই তোর পোষা কুকুরটা ছিলাম, যার সাথে তোর সম্পর্কটা ছিল বিশ্বস্ততার।
হা হা হা…বিশ্বস্ততার সম্পর্কে অবশ্য আমি মানুষের চেয়ে কুকুরকেই বেশি এগিয়ে রাখব।
অনেকদূর থেকে কান্নার একটা শব্দ শুনতে পাচ্ছি।
ওহ্! আমার ভেতরটা হয়তো কাঁদছে, বুঝলি! ওকে ফেলে এসেছিলাম তোর কাছে।
ভালো করে খুঁজে বল তো, তোর ডাইনিংরুমের ওই আয়নাটাতে…চোখে, মুখে জল-দেওয়া ওই মেয়েটির জন্য মায়ায় পড়ে তোর মধ্যে যে-অস্থিরতা কাজ করছিল, তা কি এখনও আছে?
জানি, তোর কাছে আমি ছিলাম খুব মায়াবী। তোর আবার লেখকের চাহনি তো—এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন দু-চোখে এসে ভর করে…ভালোবাসার মানুষটা তোর সামনে থাকলে!
আমার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? আমার দিকে এমন অপলক দৃষ্টিতে আগে কেউ কখনও তাকিয়ে থাকেনি।
সত্যি বলব? তোর চোখে অনেক কথা লুকোনো আছে।
আমি কিন্তু মানুষের দৃষ্টি পড়তে পারি; তোকে বলিনি, কারণ আমি চাই, তুই নির্ভয়ে আমার চোখে চোখ রেখে অনন্তকাল তাকিয়ে থাক।
তোকে রোজ নিয়ম করে মেসেজ পাঠাই, এতে তুই বিরক্ত হোস কি না জানি না!
বিরক্তিহীন আর আবেগহীন একটা জীবন আমিও একদিন চেয়েছিলাম।
জানিস তো, ভালোবাসার মানুষের বেশি কাছে আসতে নেই; প্রিয় মানুষের সংস্পর্শে না আসাই বোধ করি ভালো। তার ওপর তুই আবার অত বড়ো একটা মানুষ! কোন পরিচয়ে যে তোর সামনে গিয়ে দাঁড়াই!
ওসব জেনে আমার কী লাভ হয়েছে বল? আমি কতই-না সাহস করে তোর সামনে গিয়েছিলাম ভাবলেই এখন আমার ভয়ে কেমন জানি লাগে। ধবধবে সাদা শার্টে তোকে বেশ চমৎকার লাগছিল; তোর পাশে বসে বেশ কয়েক বার লুকিয়ে লুকিয়ে তোকে দেখছিলাম আমি।
আমাদের গন্তব্যে পৌঁছে গেছি।
নির্জন সেই জনমানবহীন রাস্তায় পাখিদের কোলাহলে যখন বৃষ্টি নামল, তুই আমাকে জড়িয়ে ধরলি তোর সবটুকু ভালোবাসা দিয়ে; তখন মনে হচ্ছিল, সময়টা যদি এখানেই থেমে যেত অনন্তকালের জন্য!
চোখদুটো বন্ধ করলাম। শক্ত করে জড়িয়ে ধরতে চেষ্টা করছি, আরও জোরে বৃষ্টি নামছে আকাশজুড়ে…
আরও কিছুক্ষণ থাকবি এভাবে? বেশ লাগছে!
তুই আর আমি
লেখাটি শেয়ার করুন