কিছু গান আছে, কিছু সুর আছে, যেগুলি আমাদের একদম অন্য কোথাও নিয়ে ছেড়ে দেয়। সেখানেই থেকে যাই। সেখানে থেকে যেতে বড়ো ভাল লাগে। ফিরে আসতে ইচ্ছে করে না। মনে হয়, এখানেই থেকে যেতে পারলে জীবনটা কাটাতে অনেক ভাল লাগত। গানের কথা ও সুর, এই দুই নিয়ে থাকতে খুব আরাম লাগে। গানের মধ্যে যে দর্শন আছে, জীবনের যে গল্পটা আছে, তা নিয়ে ভাবতে ভাল লাগে, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে ক্লান্তি আসে না এতটুকও।
‘মেমোরিজ ইন মার্চ’ মুভিতে এমন দুটো গান আছে। একটি সখি হাম মোহন অভিসারে জাউঁ, আরেকটি ক্যায়সি আজিব দাওয়াত হ্যায় ইয়ে। এই দুইটি গান শুনতে পেরেছি, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার মনে হয়। এমনও তো হতে পারত, এই দুইটি গানের জন্মের আগেই আমি মরে গেছি! বেঁচে থাকলে কিছু সুন্দর সুর, কিছু সুন্দর কথা প্রাণে ছোঁয়ানো যায়। সেগুলিকে চোখে ও মনে ছুঁইয়ে দিতে খুব দারুণ লাগে, এক ধরনের সুখ অনুভব করা যায়। কখনও টুক্ করে কোনও এক ঘিঞ্জি ঘুপচিতে মটকা মেরে পড়ে থাকা---বেঁচেথাকার মানেই তো এটা! সত্যিই, কিছু জিনিয়াস মানুষের জন্যই আমাদের বেঁচেথাকাটা আরও সুন্দর হয়েছে, দিনযাপনের কিছু বিষাদ আর আফসোস থেকে কিছু সময়ের জন্য হলেও সহজ মুক্তি মিলেছে। ঋতুপর্ণের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা।
যে দুইটি গানের কথা বলেছি, সেগুলির মধ্যে দ্বিতীয়টিকে নিজের মতো করে অনুবাদ করার চেষ্টা করলাম। এ গানের কথাগুলি ভাবলে রীতিমতো তব্দা খেয়ে বসে থাকি! একেক দিন রাত্রে ঘুম ভেঙে এ গানটা শুনি। তখন বাঁচতে বড়ো আরাম লাগে। মনে হতে থাকে, এ গান আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমি পালকের মতো হাল্কা শরীরে ভেসে যাচ্ছি। ভেসে যাচ্ছি এমন কোথাও, যেখানে আমি কখনও যাইনি, যেখানে যাওয়া যায় না। সেখানে গেছে, এমন কারুর সাথে আমার কখনও দেখা হয়নি। জায়গাটা একান্তই ব্যক্তিগত ও নির্জন। এমন আন্তরিক পর্যটনে সঙ্গী হয়ে ওঠে সুর, তার সাথে থাকে গানের সহজিয়া প্যাথোস।
পড়ুন, ভাবুন। ভুল হলে মার্জনা করবেন।
…………………………………………………………………………………………
এ কেমন আশ্চর্য নিমন্ত্রণ!
কেউ আমাকে আসতে বলেনি।
এসে দেখি, কেউ নেই এখানে।
ঘর খালি, ঘরের মালিক অন্য কোথাও।
এ কেমন আশ্চর্য নিমন্ত্রণ………
এ নিমন্ত্রণ সত্যি আশ্চর্য!
কার অপেক্ষাটা কে করে আছে!
যে ঘরের অতিথি ছিলাম,
সে ঘরটাই দেখি কাঁধের উপর!
এ নিমন্ত্রণ সত্যি আশ্চর্য………
ভোজটা বুঝি শেষ হয়ে গেছে;
দেখি, ঘরে ফিরছে সবাই……
আমিই একা দাঁড়িয়ে আছি, অনাহূত হয়ে।
আহা, ফিরে আসত যদি ঘরের মালিক!
…………………………………………………………………………………………
আশ্চর্য নিমন্ত্রণ
লেখাটি শেয়ার করুন