কী করছেন, বন্ধু?
ব্যস্ত? মনটা অশান্ত হয়ে আছে?
একটা মেন্টাল থেরাপির কথা বলি? নিয়ে দেখতে পারেন। ........... কাজ করে।
মনোযোগ নষ্ট করে, এমন সবকিছুকে দূরে সরিয়ে রাখুন কিছু সময়ের জন্য। সত্যিই রাখুন; ‘এমনকি’ ফেসবুককেও।
ইউটিউবে যান। সতীনাথ ছেড়ে দিন। শুনতে থাকুন.........শুনতে থাকুন। এরপর একে-একে জগন্ময় মিত্র, অনুপ ঘোষাল, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, তালাত মাহমুদ, অখিলবন্ধু ঘোষ, সন্তোষ সেনগুপ্ত, সুধীরলাল চক্রবর্তী, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার ............... চলতে থাকুক!
আপনি এখন আর............. যেখানে আছেন, সেখানে নেই ............ নিজের সব নিরর্থক অহংকার নিজের সামনে এসে হাহাহা শব্দে হাসতে-হাসতে বলতে থাকবে, তুমিও.......???
সুরের ছোঁয়ায় শরীর দুলে-দুলে জানিয়ে দেবে, হঠাৎ করেই ভাল আছেন! ......... মুখে হাসি লেগে থাকবে; স্নিগ্ধ, ভেতর থেকে আসে, এমন হাসি। খুব কান্না পাবে, কিন্তু চোখের জলটাকে ফেলে দিতে ইচ্ছে করবে না। বিশ্বাস করতে ইচ্ছে করবে, ওটা বড় দামি। একটা পুরনো প্রশ্ন সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকবে............আমার চোখের জলের দাবি আর কারই বা?
যে মানুষটাকে ভালোবাসেন, কিন্তু কাছে নেই, ওর কথা মনে করে দেখুন। মনে হতে থাকবে, কী যেন নেই, কী যেন নেই। কী যেন হারিয়ে গেছে, সবকিছুকে ফাঁকি দিয়ে চলে গেছে। ওকে বড্ডো ভাল মনে হবে। ............ একটা পৃথিবীতে হারিয়ে যাবেন, যে পৃথিবীতে সব দোষ আপনার নিজের ভাবতে বড় ভাল লাগবে। যে পৃথিবীতে নিজের কদর্য রূপগুলির কথা ভেবে অন্যের যেকোনও রূপকেই হাসিমুখে ক্ষমা করে দেয়া যায়। কারোরই খারাপ কিছু চোখে বড় হয়ে উঠবে না। আপনি নিজে অতো ভালই বা কীসে?
যে ভালোবাসাটা কখনওই বাসা হয়নি, সে ভালোবাসাটাই বাসতে ইচ্ছে করবে। চারপাশে যেন কোত্থেকে আসা এক ঠাণ্ডা হাওয়া আপনার চোখেমুখে চুমু খেয়েখেয়ে পিছলে যাবে একটু পরপরই। মনটা শান্ত স্তব্ধ হয়ে একটা সরলরেখায় চলে যাবে..............সেখানে, যেখানে গেলে ফিরে আসতে বড় আফসোস হয়।
প্রতিটি কথা আর সুরের ওঠানামায় হৃদয়ে একেকটা মৃদুমধুর ধাক্কা এসেএসে লাগবে। গানটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে ভীষণভাবে। ছোটবেলার মুগ্ধতায় ফিরে একটা মিষ্টি শৈশবে আবারও বাঁচতে ইচ্ছে করবে। মাথা নত করে প্রণাম করতে ইচ্ছে করবে সলিল, গৌরিপ্রসন্ন, পুলক, সুবল, জটিলেশ্বর, সুধীন, রবীন, প্রণব, পঞ্চকবি, বর্মণদ্বয়দেরকে! এঁদের কাছে যে সারাজীবন হেরে যাওয়াতেই বড্ড সুখ!
একটা প্রিয়মুখের হাসির জন্যও তো বেঁচে থাকা যায়! যাকে ভালোবাসি, তার একটু সুখের জন্যও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতীক্ষা করে থাকা যায়! মায়ের দিকে তাকিয়ে আন্তরিকভাবে হেসে মাকে খুশি করে দিতে বড্ড ইচ্ছে করবে.............. ছোটভাইকে ডেকে বলে দিতে ইচ্ছে করবে, "তুই বড় ভাল রে!" বাবাকে জড়িয়ে ধরে "বাবা, অনেক ভাল থেকো!" বলে দেয়ার সাহস কোত্থেকে যেন হয়ে যাবে! .................... প্রিয়াকে নাকের, গালের, থুতনির ওপরে আলতোভাবে টোকা দিতেদিতে নিজেকে শূন্য করে ওকে পূর্ণতায় ভরে দিতে ইচ্ছে করবে।
যারা আপনাকে ভালোবাসে বলে বিরক্ত হয়ে আছেন অনেকদিন ধরেই, তাদের ভালোবাসতে না পারার জন্য নিজের স্বতঃস্ফূর্ত কিংবা আরোপিত অক্ষমতাকে আরও একবার তাচ্ছিল্যভরে ক্ষমা করে দিয়ে তাদেরকে বড় করে দেয়ার সুখ পেতে ইচ্ছে করবে। হৃদয় থেকে দুটো কথা বের হয়ে আসতে চাইবে........তবুও, ভাল থেকো.........
ভালমানুষকে ভালমানুষ ভাবতে পারার মত বড় হয়ে যাবেন হুট করেই কীভাবে যেন! সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করবে, "ভাল হয়ে থাকা আর ভালথাকা, দুটোই কী ভীষণ দারুণ অনুভূতি!!" জীবনটাকে যেভাবে করে কখনওই চেনা হয়নি, সেভাবে করে চিনতে ইচ্ছে করবে। সুন্দর ভাবনাগুলিতে ডুবে যাওয়ার যাদুতে ভেসে যেতে ইচ্ছে করবে সেই ওইখানে, ওই দূরে...................যেখানে পৌঁছে গেলে সবাইকেই ক্ষমা করে দেয়া যায়! আর বলে ফেলতে ইচ্ছে করবে..................ক্ষমা করে দিয়ো, বন্ধু!!!!
আহা! শুধু একটা গানের জন্যও তো বেঁচে থাকা যায়!!
মিউজিক থেরাপি
লেখাটি শেয়ার করুন