গল্প ও গদ্য

নিয়তির অবহেলায়



সুবীর, সেই প্রথম দিন তোকে একটা উড়ো টেক্সট করার সময় সত্যিই ভাবিনি, তুই আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষটা হয়ে থাকবি। আঁচ করতে পারিনি, আমার অনুভূতিরা এত তীব্রভাবে তোকে চেয়ে বসবে।

প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল, ফিরে আসার পর আচমকা এক ভয়ানক শূন্যতা আমার বুকে ভর করে। বার বার মনে হয়েছে, তোকে আমার সব কথা বলতে পারলাম না হয়তো। আমাদের দেখা হয়, কিন্তু দূরত্ব কমে না; এ ব্যবধান যেন কমার নয়। ফেলে-আসা এক সময়ের কথা ভীষণ মনে পড়ছে আজ—তুই তো আমাকে আমার টুকরো অনুভূতিগুলোকে অক্ষরে রূপ দিতে শিখিয়েছিলি প্রথম।

বুঝেছি...এ সবই চরম পাগলামি। তবুও মনের দরজা কি জোর করে বন্ধ করা যায়? নিয়তির অবহেলা কি শত চেষ্টায় সহ্য করা যায়?

যেদিন ভীষণ ক্লান্ত স্বরে...অগোছালো অক্ষরে তোকে লিখেছিলাম “আমার প্রথম চিঠি”, সেদিন থেকে আমার সত্তাজুড়ে শুধু তোকেই রেখেছি। সেই থেকে আজ পর্যন্ত আমাদের দূরত্ব এতটুকুও বাড়েনি, বিশ্বাস কর।

অনুভূতির কি কোনো দূরত্ব হয়, বল? ভালোবাসার মানুষটাকে ভুলে কি কখনো থাকা যায়? আমি তো লেখক নই, তবুও কী করে তোকে এত লিখেছি, বলতে পারিস?

কত বার চোখে জল আসে, নির্ঘুম কত রাত কাটে, বিষাক্ত বিষাদে শরীরটা পুড়ে যায়...কত জ্বর আসে, তবুও তো ভালোবাসি তোকে, বাসি না, বল?

আমি তো কিছুই চাইনি তোর কাছ থেকে, না কি চেয়েছিলাম অনেকটাই? আমি ভুল করি, তুই আমাকে ক্ষমা করিস। নিজেকে ক্ষমা করতে পারলে আজ সব হতো, পারিনি তো। তুই-ই করিস। আমার এক তুই ছাড়া আপন আর কে আছে, বল?

তুই আমার আত্মার খুব কাছের, এটা প্রথম বুঝেছিলাম—যেদিন তুই আমার লেখা অক্ষরগুলোকে তোর বুকের গভীরে অজান্তেই খোদাই করেছিলি; যেদিন থেকে তোর নিঃশব্দ অনুভব আমার প্রার্থনায় স্থান পেয়েছিল; যেদিন প্রথম বারের মতো সারারাত তুই আমাকে তোর শরীরের সঙ্গে মিশিয়ে শান্তিতে ঘুমিয়ে গিয়েছিলি।

সেই রাতে আমি সারাক্ষণ তোর দিকেই তাকিয়ে ছিলাম, কিছুতেই তোর স্পর্শ ছাড়া থাকতে পারিনি। সত্যি বলছি, আমি কোনো মুহূর্তই ভুলিনি। সেই মুহূর্তগুলোর গল্পই আমি তোকে লিখি প্রতিক্ষণে—যা আমাদের স্পর্শ বোঝে, নীরবতা চেনে, যা কারণে-অকারণে মনে করিয়ে দেয়, তুই-ই আমি, আমিই তুই।

আমি সেই সুর বুঝি...যে-সুরে তোর বুকের ভেতরটা তোলপাড় হয়; আমি সেই শব্দের খোঁজ জানি, যে-শব্দের বুননে...তোর ক্ষত সারানো যায়। আমি ভুলি না তোকে, ভুলতে পারি না। ফিরে আসি, থেকে যাই। তবুও জানিস, আমি ক্লান্ত নই—এই একজীবনে আর কত আক্ষেপ নিয়ে বাঁচা যায়? তোকে এতখানি কাছে পেয়েও দূরে সরিয়ে রাখার যন্ত্রণা কত বার সহ্য করা যায়?

আমার স্বপ্নে তোর মুখটা স্পষ্ট দেখলাম যেদিন, সেই কল্পনা আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল। প্রায়ই আমাদের দেখা হতো। স্বপ্নে কারো মুখ এতটা স্পষ্ট করে আমি আগে কখনও দেখিনি, দেখা যায় বলেও বিশ্বাস করিনি।

এ দু-বছরের প্রত্যেকটি ক্ষণে আমি তোকে অনুভব করেছি, ভালোবেসেছি, যত্ন করেছি, আগলে রেখেছি স্মৃতিগুলো, আঁকড়ে ধরেছি তোর স্পর্শটুকু। বিশ্বাস হয়? তোর শরীরের ঘ্রাণটাই আমার সমস্ত অনুভূতিকে মেরামত করেছিল; এই ভয়ংকর সুখ কি ছেড়ে আসা যায়? আমি পারিনি ছাড়তে। হয়তো সম্ভবও হবে না আজীবন।

আমি খুব চেষ্টা করে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি—তোকে জড়িয়ে ধরতে হলেও, একটি বার ফিরব।

এখনও খুব ইচ্ছে করছে...তোর বুকের মধ্যে লুকিয়ে, চোখদুটো ঝাপসা হয়ে যাবার মুহূর্তটা যদি আর একবার ফিরে আসত!

আহ্! তুই মুক্ত। তুই উড়ন্ত পাখির ডানায় ভর করে এই পৃথিবীর সমস্ত অসুখকে সারিয়ে তুলিস। লেখাটা শেষ করতে মন চাইছিল না, তবুও এই কথাটিকেই শেষ বলা যায়।

এ জীবনে আমি বোধ হয় শুধু তোরই হতে পেরেছিলাম, আমৃত্যু থাকব। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কি কখনো কারো ছিল? তুই ভালো থাকিস।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *