বাংলা কবিতা

লোনা জলের শহরে



আজ কি তোমার শহরে খুব বৃষ্টি?
আমার শহরটা অন্ধকারে ডুবে আছে।

কাছে আসবে, ভীষণ কাছে...?
তোমার অস্থিরতাটুকু আমাকে দেবে?
সত্যি, তোমার স্পর্শ পেতে খুব ইচ্ছে করে।

শুনেছি, আজ তুমি সেই ক্ষতের যত্ন করেছ—যেখানে আমার আসা-যাওয়া হতো রোজ।

তুমি যখন আমাকে তোমার বড্ড বেশি কাছে চেয়ে বসো...
আমার ভীষণ দুর্বল লাগে, তৃষ্ণা বাড়ে। নিস্তব্ধতায় এক বিক্ষিপ্ত প্রহর কাটে,
সুখের গুঞ্জন ভাসে নিঃশ্বাসে...
কষ্টের ফাঁকে।

কেন আমার সব অসুখ সারিয়ে নিতে
আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে যাই?
সত্যি, তোমাকে ছুঁয়ে দেখতে বড়ো ইচ্ছে করে।

ভেজা শরীরে আমাকে ছোঁবে?
তোমায় নিয়ে কবিতা লিখব।
যে-কবিতার ছন্দে লোনা জলের যাতায়াত—
সেই চোখের গভীরেই তোমার বসবাস।

তোমার চোখের মায়ায় পড়েছিলাম,
দম আটকে ক্ষতবিক্ষত হলাম,
নিঃশব্দে কাঁদতে চাইলাম,
তবুও শেষ আশ্রয়টুকু তোমাতেই খুঁজেছিলাম।

তুমি জানো, এই অদ্ভুত শহরটায় “তুমি ছাড়া”
আমার খোঁজ আর কেউ করে না।
তুমি ভালো আছ তো,
আমার ভালোবাসা?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *