চল, দেখা করি। পুরোনো স্মৃতিগুলো আজ আমার কাছে যন্ত্রণার মতো লাগে, ফিরে দেখতে হাঁসফাঁস লাগে। চল, কিছু সুন্দর মুহূর্ত কাটাই। এরপর ভালো থাকতে না পারলে, কিছু-একটা অন্য কাজ বেছে নেব। জীবনটাকে তো আর শেষ করে দিতে পারি না। শালার এত সাহসও বুকে ধরে না! ধারালো ছুরি দিয়ে বুকের একপাশটা ক্ষতবিক্ষত করা এত সহজ নয়। আমি তো আর সাইকোপ্যাথ নই রে। বুকের একপাশ থেকে রক্ত চুইয়ে পড়বে, হাতের শিরা কেটে আমি এতটুকুও বিস্মিত হব না—এমনটা হতেই পারে না।
ওসব দুঃস্বপ্ন দেখতেও ভারি ক্লান্ত লাগে। আমি এই মুহূর্তে আবেগে ডুবে আছি, জানিস। শুধু তোকে বিশ্বাস করে আমার বাঁচতে ইচ্ছে করছে, তা-ও খুব বেশি সময়ের জন্য নয়। জানিস তো, আকস্মিক নীরবতা মানে শান্তি নয়; বরং লুকিয়ে-রাখা গভীর কোনো হতাশা। গভীর রাতে আমি তোকে নিয়ে খুব বেশি চিন্তা করি, দীর্ঘশ্বাসে বুকটা ভারী হয়ে আসে—যুক্তিরা ঘুমিয়ে গেলেই শুরু হয় আমার কবিতায় তোর আনাগোনা। তোকে নিয়ে লিখে যাই শ্রেষ্ঠ অনুভূতির গল্পকথা। মস্তিষ্ক মানসিকভাবে নিরাপদ বোধের জায়গা খুঁজছে, তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে আমার পর্যাপ্ত আবেগটুকু প্রকাশ করতে পারছি না বলেই আমাকে ঘিরে ধরে অতিভাবনা।
আমার দূরে কোথাও যেতে ইচ্ছে হয় তোর সঙ্গে। খোলা আকাশের নিচে; পাহাড়ের পাশে কোনো এক ছোট্ট ঘরে; তোর দৃষ্টির সীমানার গভীরে। কিংবা সমুদ্রের কিনারে ঝড়ো বাতাসে তুই আমাকে খুব শক্ত করে জড়িয়ে রাখবি; আর নয়তো এক্ষুনি আমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে হবে। এত কিছুর কোনো একটিও চাওয়া কি তুই রাখতে পারবি না? চল, দেখা করি; অথবা ফিরে যাই অবাধ্য কোনো সুরে। চল, মিশে থাকি বিরামহীন অনুভূতিতে—কোনো আঘাত যেখানে স্পর্শ করে না।
আমি হারিয়ে যাবার আগমুহূর্তেও কি আমাদের শেষদেখাটা হবে না? তোকে ছাড়াই কি দিব্যি কাটিয়ে দেওয়া যাবে বহু বহু বছর? এ-ও কি সম্ভব? হয়তো সম্ভব। তোর সঙ্গে সম্পর্কে থেকেছে, এমন মানুষের পক্ষেই সম্ভব। কিন্তু যে তোকে একবার ভালোবেসেছে, তার পক্ষে কি কখনো সম্ভব? নয় রে। মিলিয়ে নিস।
চল, দেখা করি। আমার কি অধিকার নেই, তোকে নিয়ে হারিয়ে যাবার? তোর হাতটা স্পর্শ করার? পাশাপাশি কিছুক্ষণ...অনেকক্ষণ নিঃশ্বাস নেবার? আমি জানি না, এসবের জন্য কতখানি ঘনিষ্ঠতা লাগে, কতটা ভারসাম্য বজায় রাখা উচিত। আমি বুঝি না, এসবের অনুকরণ আমার ধরাছোঁয়ার বাইরেই যদি হবে, তবে তুই কীভাবে আমার অনুভবে মিশে গিয়েছিস?
চল, শেষবারের মতো দেখা করি। কিছু না...শুধু তোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকব, তোকে একবার খুব করে বুকে আগলে রাখব, জোরপূর্বক তোর সময়টুকুতে আমি একাকিত্ব যাপন করব।
চল, দেখা করি।
অবাধ্য কোনো সুরে
লেখাটি শেয়ার করুন