আমি বুঝতে পারছি, তুমি আর আমার নও;
আমিও তোমার কাছে আর নেই আগের মতো।
আগের মতো জলের গ্লাসে
জলের দাগ হয়ে ঘাপটি মেরে থাকি না আর।
অ্যাশট্রের তলানির শেষ ছাইটুকু ঝেড়ে ফেলার মতোই
আমায় তুমি ঝেড়ে ফেলেছ।
তেলের শিশির মোড়কটা এবার হয়তো
তেল চিটচিটে ঠেকছে তোমার কাছে।
টেবিল রানারের উপর চায়ের কাপের দাগটুকু তো অন্তত
ছেড়ে দেওয়া যেত, বলো!
আমি এতটা অপ্রয়োজনীয়
কবে হয়ে গেলাম তোমার কাছে!
তোমার ঘর নয়, সংসার নয়,
বুকপকেটের ওই যৎকিঞ্চিৎ জায়গাটুকুই তো নিয়েছিলাম কেবল,
তা-ও খুব গোপনে।
সব অমন ঝেড়েমুছে ফেলার কীসের তাড়া তোমার?
এতকাল তো তোমার ওসিডি ধরা পড়েনি!
ওসিডি
লেখাটি শেয়ার করুন